Home
আগমন

আগমন

রবীন্দ্রনাথ ঠাকুর

আগমন

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


তখন রাত্রি আঁধার হল ,

সাঙ্গ হল কাজ—

আমরা মনে ভেবেছিলেম

আসবে না কেউ আজ ।

মোদের গ্রামে দুয়ার যত

রুদ্ধ হল রাতের মতো ,

দু - এক জনে বলেছিল ,

‘ আসবে মহারাজ । '

আমরা হেসে বলেছিলেম ,

‘ আসবে না কেউ আজ । '

দ্বারে যেন আঘাত হল

শুনেছিলেম সবে ,

আমরা তখন বলেছিলেম ,

‘ বাতাস বুঝি হবে । '

নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে

শুয়েছিলেম আলসভরে ,

দু - এক জনে বলেছিল ,

‘ দূত এল - বা তবে । '

আমরা হেসে বলেছিলেম ,

‘ বাতাস বুঝি হবে । '

নিশীথরাতে শোনা গেল

কিসের যেন ধ্বনি ।

ঘুমের ঘোরে ভেবেছিলেম

মেঘের গরজনি ।

ক্ষণে ক্ষণে চেতন করি

কাঁপল ধরা থরহরি ,

দু - এক জনে বলেছিল ,

‘ চাকার ঝনঝনি । '

ঘুমের ঘোরে কহি মোরা ,

‘ মেঘের গরজনি । '

তখনো রাত আঁধার আছে ,

বেজে উঠল ভেরী ,

কে ফুকারে , ‘ জাগো সবাই ,

আর কোরো না দেরি । '

বক্ষ ' পরে দু হাত চেপে

আমরা ভয়ে উঠি কেঁপে ,

দু - এক জনে কহে কানে ,

‘ রাজার ধ্বজা হেরি । '

আমরা জেগে উঠে বলি ,

‘ আর তবে নয় দেরি । '

কোথায় আলো , কোথায় মাল্য

কোথায় আয়োজন ।

রাজা আমার দেশে এল

কোথায় সিংহাসন ।

হায় রে ভাগ্য , হায় রে লজ্জা ,

কোথায় সভা , কোথায় সজ্জা ।

দু - এক জনে কহে কানে ,

‘ বৃথা এ ক্রন্দন—

রিক্তকরে শূন্যঘরে

করো অভ্যর্থন । '

ওরে , দুয়ার খুলে দে রে ,

বাজা , শঙ্খ বাজা !

গভীর রাতে এসেছে আজ

আঁধার ঘরের রাজা ।

বজ্র ডাকে শূন্যতলে ,

বিদ্যুতেরই ঝিলিক ঝলে ,

ছিন্ন শয়ন টেনে এনে

আঙিনা তোর সাজা ।

ঝড়ের সাথে হঠাৎ এল

দু:খরাতের রাজা ।


**********
No Review
Related Books
Loading books…