Home
অমর কানন

অমর কানন

কাজী নজরুল ইসলাম

অমর কানন

কাজী নজরুল ইসলাম
poetry

Posted byশেষ পৃষ্ঠা19-Apr-2025

Change color

অমর কানন

মোদের অমর-কানন!

বন কে বলে রে ভাই, আমাদের তপোবন,

আমাদের তপোবন।


এর দক্ষিণে ‘শালী’ নদী কুলুকুলু বয়,

তার কূলে কূলে শালবীথি ফুলে ফুলময়,

হেথা ভেসে আসে জলে-ভেজা দখিনা মলয়,

হেথা মহুয়ার মউ খেয়ে মন উচাটন।


দূর প্রান্তর-ঘেরা আমাদের বাস,

দুধহাসি হাসে হেথা কচি দুব-ঘাস,

উপরে মায়ের মতো চাহিয়া আকাশ,

বেণু-বাজা মাঠে হেথা চরে ধেনুগণ


মোরা নিজ হাতে মাটি কাটি, নিজে ধরি হাল,

সদা খুশিভরা বুক হেথা হাসিভরা গাল,

মোরা বাতাস করি গো ভেঙে হরিতকি-ডাল,

হেথা শাখায় শাখায় শাখী, গানের মাতন।

প্রহরী মোদের ভাই ‘পুরবি’ পাহাড়,

‘শুশুনিয়া’ আগুলিয়া পশ্চিমি দ্বার,

ওড়ে উত্তরে উত্তরি কাননবিথার,

দূরে ক্ষণে ক্ষণে হাতছানি দেয় তালী-বন।


হেথা খেত-ভরা ধান নিয়ে আসে অঘ্রান,

হেথা প্রাণে ফোটে ফুল, হেথা ফুলে ফোটে প্রাণ,

ও রে রাখাল সাজিয়া হেথা আসে ভগবান,

মোরা নারায়ণ-সাথে খেলা খেলি অনুখন।


মোরা বটের ছায়ায় বসি করি গীতাপাঠ,

আমাদের পাঠশালা চাষি-ভরা মাঠ,

গাঁয়ে গাঁয়ে আমাদের মায়েদের হাট,

ঘরে ঘরে ভাইবোন বন্ধুস্বজন।

**********
No Review
Related Books
Loading books…