Home
অনাদৃত

অনাদৃত

রবীন্দ্রনাথ ঠাকুর

অনাদৃত

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


তখন তরুণ রবি প্রভাতকালে

আনিছে উষার পূজা সোনার থালে ।

সীমাহীন নীল জল

করিতেছে থলথল্‌ ,

রাঙা রেখা জ্বলজ্বল্‌

কিরণমালে ।

তখন উঠিছে রবি গগনভালে ।

গাঁথিতেছিলাম জাল বসিয়া তীরে ।

বারেক অতল-পানে চাহিনু ধীরে —

শুনিনু কাহার বাণী

পরান লইল টানি ,

যতনে সে জালখানি

তুলিয়া শিরে

ঘুরায়ে ফেলিয়া দিনু সুদূর নীরে ।

নাহি জানি কত কী যে উঠিল জালে ।

কোনোটা হাসির মতো কিরণ ঢালে ,

কোনোটা বা টলটল্‌

কঠিন নয়নজল ,

কোনোটা শরম-ছল

বধূর গালে —

সেদিন সাগরতীরে প্রভাতকালে ।

বেলা বেড়ে ওঠে , রবি ছাড়ি পুরবে

গগনের মাঝখানে ওঠে গরবে ।

ক্ষুধাতৃষ্ণা সব ভুলি

জাল ফেলে টেনে তুলি —

উঠিল গোধূলি-ধূলি

ধূসর নভে ,

গাভীগণ গৃহে ধায় হরষ-রবে ।


লয়ে দিবসের ভার ফিরিনু ঘরে ,

তখন উঠিছে চাঁদ আকাশ- ' পরে ।

গ্রামপথে নাহি লোক ,

পড়ে আছে ছায়ালোক ,

মুদে আসে দুটি চোখ

স্বপনভরে ;

ডাকিছে বিরহী পাখি কাতর স্বরে ।

সে তখন গৃহকাজ সমাধা করি

কাননে বসিয়া ছিল মালাটি পরি ।

কুসুম একটি দুটি

তরু হতে পড়ে টুটি ,

সে করিছে কুটিকুটি

নখেতে ধরি ;

আলসে আপন মনে সময় হরি ।

বারেক আগিয়ে যাই , বারেক পিছু ।

কাছে গিয়ে দাঁড়ালেম , নয়ন নিচু ।

যা ছিল চরণে রেখে

ভূমিতল দিনু ঢেকে ,

সে কহিল দেখে দেখে ,

‘ চিনি নে কিছু । ' —

শুনি রহিলাম শির করিয়া নিচু ।

ভাবিলাম , সারাদিন সারাটি বেলা

বসে বসে করিয়াছি কী ছেলেখেলা!

না জানি কী মোহে ভুলে

গেনু অকূলের কূলে ,

ঝাঁপ দিনু কুতূহলে —

আনিনু মেলা

অজানা সাগর হতে অজানা ঢেলা ।

যুঝি নাই , খুঁজি নাই হাটের মাঝে —

এমন হেলার ধন দেওয়া কি সাজে!

কোনো দুখ নাহি যার

কোনো তৃষা বাসনার

এ-সব লাগিবে তার

কিসের কাজে!

কুড়ায়ে লইনু পুন মনের লাজে ।

সারাটি রজনী বসি দুয়ারদেশে

একে একে ফেলে দিনু পথের শেষে ।

সুখহীন ধনহীন

চলে গেনু উদাসীন —

প্রভাতে পরের দিন

পথিকে এসে

সব তুলে নিয়ে গেল আপন দেশে ।

**********
No Review
Related Books
Loading books…