Home
হৃদয়ে প্রবাস

হৃদয়ে প্রবাস

সুনীল গঙ্গোপাধ্যায়

হৃদয়ে প্রবাস

সুনীল গঙ্গোপাধ্যায়
novel

Posted byশেষ নগরী19-May-2025

Change color

০১-২. ওই ছবিটা কার

ওই ছবিটা কার?

আমার বাবার।

না, ওই পাশে দাঁড়ানো লোকটি?

দ্যাট জেন্টলম্যান কিল্ড মাই ফাদার—

তপন চুপ করে ছবিটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। যেন ঘরের আলো কম, তপন এগিয়ে এল ছবিটার আরও কাছে। অনেক কালের পুরোনো ছবি, রং জ্বলে লালচে হয়ে এসেছে, তবু স্পষ্ট চেনা যায়। কত দূরে, এই পৃথিবীর কোথায় যেন বাংলাদেশ বলে এই ভূখন্ড আছে, তার একটা ছোট্ট গ্রাম, সেই গ্রামের স্কুল বাড়ির সামনে একজন বিশাল চেহারার ইংরেজ, তার মুখোমুখি দাঁড়িয়ে একজন রোগা ছোটোখাটো চেহারার বাঙালি যুবা। ইংরেজটির হাতে লাল রিবন বাঁধা কয়েকটি বই ও মুখে বদান্যতার হাসি, বাঙালি যুবকটি হাতজোড় করে নমস্কার করে আছে। অন্তত তিরিশ বছর আগে তোলা ছবি, তবু স্পষ্ট এখনও, এখনও দু-জনের মুখের হাসি সম্পূর্ণ ম্লান হয়নি।



তপন দীর্ঘশ্বাস ফেলল না, কিন্তু পা দুটো ভারী হয়ে এল। এক ধরনের বিশ্রী পেট ব্যথা শুরু হল। কখনো বেশি মন খারাপ হলেই তপনের এইরকম চিনচিনে পেট ব্যথা আরম্ভ হয়, বোধ হয় আলসারের সূত্রপাত। প্রথমবার ব্যথার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে রক্ত উঠেছিল, নিউইয়র্কে থাকবার সময়। ডাক্তার বলেছিল, কখনো পেট খালি রাখবে না, পকেটে বিস্কিট রাখবে সবসময়–মাঝে মাঝে একটা-দুটো খাবে। আর, কখনো বুক খালি করে মনখারাপের দীর্ঘশ্বাস ফেলবে না। মন খারাপ থেকেই পেট খারাপ শুরু হয়।


তপন তো মন খারাপ করতে চায়নি, যেন ডাক্তারের নির্দেশেই সে সবসময় আনন্দ-ফুর্তির মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছে। আজ সন্ধ্যেটাও তো হইহল্লার মধ্যে কাটাবে বলেই সে সেজেগুজে এসেছিল। কিন্তু লণ্ডনের এই স্যাঁৎসেঁতে আবহাওয়া আর বিশ্রী কুয়াশা–তার ওপর, উৎসবের ঠিক আগের মুহূর্তে এইরকম অকল্পনীয় ছবির মুখোমুখি হলে কার-না মন খারাপ হয়!


তপন পকেট থেকে হাত বার করে ছবিটার ফ্রেমে আলতোভাবে আঙুল বোলাতে লাগল। কালো রঙের ভারী কাঠের ফ্রেম। ফ্রেমের গায়ে সোনার জলে কী যেন লেখা ছিল, এখন আর পড়া যায় না। তপনের মনে হল, এ ছবিটা যেন তার দেখার জন্যই এতকাল এখানে আছে। তপন ছাড়া এ ছবি আর কেই-বা দেখবে!



অ্যালিস বলল, তুমি ওভার কোটটা খুললে না? ইস, জুতোও তো একদম ভিজে গেছে। তুমি হিটারে পা সেঁকে নাও বরং


তপন আস্তে আস্তে কোট খুলল, জুতো খুলল, ডিভানের ওপর বসে মোজাপরা পা-দুটো তুলে দিল হিটারের পাশে। তারপর ধীর গলায় জিজ্ঞাসা করল, অ্যালিস, তোমার বাবা বাংলাদেশে ছিলেন? তুমি আগে বলোনি তো!


অ্যালিস টেবিল গোছাতে ভারি ব্যস্ত। বলল, বলিনি বুঝি? হ্যাঁ, আমার বাবা বাংলাদেশে ছিলেন। লং লং টাইম এগো–


উপহারের মোড়কটা তপন আগেই টেবিলের ওপর রেখেছিল। সেটা খুলে শ্যাম্পেনের বোতলটা দেখতে পেয়ে অ্যালিসের চোখ খুশিতে ঝিলমিল করে উঠল। কলস্বরে বলল, শ্যাম্পেন? গস, দিস ইজ ড্যাম এক্সপেন্সিভ! আর য়ু আ মহারাজ অর সামথিং?


অ্যালিস, তোমার বাবা বাংলাদেশে কোন স্থানে ছিলেন? পূর্ববঙ্গে?


ইয়েস, ডাক্কা, তুমি শ্যাম্পেনের বোতল খুলতে জানো তো?


শ্যাম্পেনের বোতল খোলা আর শক্ত কী?



তুমি জান কি না বলো না! আগে খুলেছ কখনো?


এসব ব্যাপারে তপন একটুতেই চটে যায়। নারী-পুরুষ গ্রাহ্য করে না। বলল, অ্যালিস, তুমি জীবনে ক-টা শ্যাম্পেনের বোতল দেখেছ? এই পাঁচ বছরে তার চেয়ে ঢের বেশি শ্যাম্পেন আমি খেয়েছি। আই হোপ য়ু হ্যাভ প্রপার গ্লাসেস?


ডোন্ট বি ফাসি, টপন। ওপন ইট।


তপন এক হাতে শ্যাম্পেনের বোতলটা নিয়ে অন্য হাতের বুড়ো আঙুলে নিপুণভাবে কর্কের ওপর চাপ দিল। একটুক্ষণের মধ্যেই পম করে শব্দ হয়ে হু-স-করে ফেনা বেরিয়ে এল, তপন তার এক ফোঁটাও মাটিতে পড়তে না দিয়ে বোতলটা ঠক করে টেবিলে রাখল। টক-মিষ্টি গন্ধে ভরে গেল ঘর। তপন আবার জিজ্ঞেস করল, তোমার বাবা কোন সময়ে বাংলাদেশে ছিলেন?


অ্যালিস চঞ্চলা গতিতে কাবার্ড থেকে গ্লাস আনতে গেছে, দু-এক মুহূর্তের মধ্যে গ্লাস হাতে ফিরে এসে বলল, আজ আমরা ফিলম দেখতে যাব না, বাইরে বেরোব না, শুধু তুমি আর আমি এখানে


অ্যালিস, তুমি কথার উত্তর দিচ্ছ না কেন?



অ্যালিস চমকে উঠল, তার উচ্ছল ভঙ্গিমা হঠাৎ আহত হল। বিমূঢ়ভাবে ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কী কথা, টপন?


এই-যে আমি জিজ্ঞেস করছি, তোমার বাবা কোন সময়ে বাংলাদেশে ছিলেন? বললে তোমার বয়স বুঝে ফেলব ভাবছ? কিন্তু আমি তো জানিই তোমার বয়েস তিরিশের কম নয়।


অ্যালিস তপনের স্বভাব এই ক-দিনেই খানিকটা জেনে গেছে। তবু বয়েসের খোঁটা শুনে অপমানিত না হয়ে পারল না। অভিমানী শিশুর মতন বলল, বয়েস লুকোব কেন? আমার বয়েস তো সত্যই তিরিশ, তোমাকে আগেই বলেছি। তুমি এত রুড হচ্ছো কেন টপন? আমি ভেবেছিলাম, আজ সন্ধ্যে বেলাটা বয়েস কিংবা পুরোনো ইতিহাস নিয়ে আলোচনা করার বদলে আরও অন্য ভালো ভালো বিষয় পাওয়া যাবে। আমার বাবা বাংলাদেশে ছিলেন নাইনটিন থারটি সেভেন, থারটি এইট-এ-জাস্ট বিফোর দা সেকেণ্ড ওয়ার্ল্ড ওয়র স্টার্টেড, আমার তখন চার-পাঁচ বছর বয়স।


তুমি তখন কোথায় ছিলে? এখানে না বাংলাদেশে?


আমি বাবার কাছেই থাকতুম, মা তখনও



তোমার বাংলাদেশের কথা মনে আছে একটুও?


স্বপ্নের মতন একটু-একটু, চারদিকে কী গাঢ় সবুজ, কী বিশাল সেখানকার নদীগুলো, পডমা


অ্যালিস, তুমি জানো, আমিও বাঙালি?


অব কোর্স আই নিউ–তুমিই তো বলেছ


বাংলাদেশের লোক দেখলে কিংবা বাংলাদেশের কথা শুনলে তোমার রাগ হয় না?


কেন, রাগ হবে কেন? অমন সুন্দর দেশ


কারণ, বাংলাদেশের লোকই তো তোমার বাবাকে খুন করেছিল।


অ্যালিস হঠাৎ একটু অস্বাভাবিক ভাবে চেঁচিয়ে উঠল, প্লিজ, প্লিজ, ডোন্ট– তপন দ্রুত উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কী, কী হল?



প্লিজ টপন, ওসব কথা তুলো না। আমি ওসব কথা একদম ভাবতে চাই না কখনো। আমরা দুজনে বন্ধু! তুমি আজ আমাকে এখনও একবারও আদর করোনি। কাম


তপন অ্যালিসের চোখের দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে তারপর নিরাসক্তের মতন এগিয়ে এল। সম্পূর্ণ শরীর না-স্পর্শ করে শুধু মুখ এগিয়ে আলতোভাবে অ্যালিসের ওষ্ঠে একটা চুম্বন দিল। অ্যালিস নিজেই ওর উত্তাপময় শরীরটা চেপে ধরল তপনের গায়ে, দু হাতে গলা জড়িয়ে একটা প্রগাঢ় চুমুতে আবদ্ধ হয়ে রইল কয়েক মিনিট। শেষ হলে, তপন রুমাল দিয়ে ঠোঁট থেকে লিপস্টিকের দাগ ও গন্ধ মুছে ফেলার চেষ্টা করল।


গ্লাসে শ্যাম্পেন ঢালার জন্য টেবিলের কাছে সরে গিয়ে অ্যালিস বলল, কুয়াশা সরে গেছে, দেখো এখন কী সুন্দর, ইটস বিউটিফুল আউটসাইড। টপন, এসো জানলার কাছে


গ্লাস হাতে তপন জানলার কাছে এসে দাঁড়াল। অ্যালিস ওর দেহে ঠেস দিয়ে নিজেকে আলগা করে দিল। প্রায় নিজের অজান্তেই তপন একটা হাত রাখল অ্যালিসের কাঁধে, তার নাকের কাছেই অ্যালিসের সোনালি চুল, আনমনে তার মিষ্টি গন্ধ নিয়ে তপন উদাসীনভাবে তাকাল বাইরে। কুয়াশা কেটে গেছে কিন্তু ঝিরঝিরে বৃষ্টি নেমেছে। পথে মানুষ দেখা যায় না, শুধু চলন্ত ছাতা-টুপি আর ওভারকোট। হ্যাম্পস্টেড-এর এ অঞ্চলটা ঘিঞ্জি ধরনের। রাস্তায় মেয়ের থেকে বুড়ি বেশি, প্যারামবুলেটর ঠেলছে ন্যানিরা, নোংরা লণ্ডন, বিষণ্ণ লণ্ডন। পুরুষদের অধিকাংশই কালো সুট পরা, যেন সবাই কোনো শোক মিছিলে চলেছে।



সময় এবং আয়ু কীরকম লুকোচুরি খেলে! লণ্ডনের বান্ধবীর ঘরের জানলা দিয়ে তাকিয়ে তপনের অকস্মাৎ মনে পড়ল তার ষোলো বছর বয়সের একটা দিনের কথা। সিউড়িতে, কাকার বাড়িতে–এইরকমই শুয়ে জানলা দিয়ে তাকিয়েছিল। তখন তার বিষম অসুখ, ডান পায়ের হাঁটুর কাছটা অনেকখানি ফুলে বিষম যন্ত্রণা। কাকা নিজে ডাক্তার তবু অসুখ ধরতে পারেননি, দিন-রাত ব্যথায় চেঁচাত তপন, ঘুমের ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে রাখা হত তাকে। এরই মধ্যে কোনো-এক আচ্ছন্ন অবস্থায় তপন অস্পষ্টভাবে শুনেছিল- কাকা আর একজন ডাক্তারের সঙ্গে তার সম্বন্ধে আলোচনা করছে। সেই ডাক্তারটি সন্দেহ প্রকাশ করছেন, তপনের ক্যানসার হয়েছে, তপনকে কলকাতায় নিয়ে যাওয়া উচিত। তপন জানত, ক্যানসার হলে মানুষ আর বাঁচে না। সেইদিন বিকেলে ঘুম ভাঙার পর, তপন আর পায়ের যন্ত্রণায় চেঁচায়নি। জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল, কাছেই একটা ছোটো ডোবাপুকুর একদল লোক সেখানে নেমে কচুরিপানা পরিষ্কার করছে, চেঁচামেচি করছে দু-তিনটে ছেলে, একটা কুকুর চুপচাপ বসে, পাকুড়গাছের ছায়ায় দাঁড়িয়ে মা কথা বলছেন রামকৃষ্ণ আশ্রমের মহারাজের সঙ্গে–যেন সব মিলিয়ে একটা আঁকা দৃশ্য। নীরব তপনের চোখে জল এসে গিয়েছিল–সে আর বাঁচবে না, এইসব কিছু ছেড়ে যেতে হবে? সব? সেদিন তপনের ক্ষীণতম কল্পনাতেও ছিল না–একদিন সে সত্যিই এসব জায়গা ছেড়ে যাবে, দাঁড়াবে পৃথিবীর নানান দেশের জানলায়, প্যারিস, নিউইয়র্ক, শিকাগো, রোম, এমনকী বিলেতেও বিলেতের জানলায় কোনো জলজ্যান্ত ইংরেজ ললনার গায়ে ঠেস দিয়ে দাঁড়াবে।



অ্যালিস বলল, দেখো, আজ আমাদের জন্যই আবহাওয়াটা এমন সুন্দর হয়ে গেল। কুয়াশা কেটে গেছে।


তপন বলল, কোথায় সুন্দর? বিচ্ছিরি তোমাদের লণ্ডন। কুয়াশা কাটতে-না-কাটতেই বৃষ্টি! এ-সময় নিউইয়র্ক কিংবা বোস্টনে–মেপলগাছের পাতাগুলো টুকটুকে লাল হয়ে এসেছে, ফল এখন, গ্লোরিয়াস ফল, সবার মনে ফুর্তি, আর তোমাদের


অ্যালিস সদ্য শ্যাম্পেনে চুমুক দিয়েছে, মুখভরা সেই অবস্থায় হাসি চাপার চেষ্টা করে বলল, ইস, খুব আমেরিকান হয়ে গেছো! ক-বছর তো মোটে ছিলে!


পাঁচ বছর তিন মাস! একটা দেশকে ভালো লাগবার পক্ষে যথেষ্ট।


তা হোক, নিজের দেশের আবহাওয়াই সবার ভালো লাগে। তোমার বাংলাদেশের– বলতে বলতে অ্যালিস থেমে গেল। আবার বাংলাদেশের প্রসঙ্গ যেন সে তুলতে চায়নি। তপনের মুখটা অন্য দিকে ফেরানো ছিল, বাংলাদেশের কথা শুনেই চোখের পলক ফেরাবার আগে দু-এক মুহূর্ত বাংলাদেশে ঘুরে এল। সাড়ে পাঁচ বছর সে দেশ দেখিনি, তবু কিছুই বদলায়নি, আমি জানি, মনে হল তপনের, আমি বদলে গেছি, তা বলে দেশ বদলাবে?



তপন বলল, বাংলাদেশের আবহাওয়াও তোমাদের লণ্ডনের চেয়ে ঢের ভালো। সেখানকার রোদ-বৃষ্টি-শীত সবগুলোই আলাদা আর স্পষ্ট, তোমাদের মতন এমন জড়াজড়ি করে নেই!


অ্যালিস তর্কে যেতে চায় না। সে স্মৃতিমন্থনের সুরে বলল, বাংলাদেশ–আমার একটু একটু মনে আছে–ব্রাইট সান, আমাদের বাংলোর পাশে একটা পুকুর ছিল, হঠাৎ হঠাৎ বৃষ্টি, টরেনশিয়াল রেইন–


অ্যালিস, তোমার বাবা কেন খুন হয়েছিলেন?


প্লিজ টপন আজ ওকথা থাক। আজকের চমৎকার সন্ধ্যে বেলাটা ওসব পুরোনো কথা মনে করে নষ্ট করতে চাই না।


বলো না, আমার শুনতে ইচ্ছে করছে।


কী আর শুনবে বল? নতুনত্ব কিছু নেই, পলিটিক্যাল মার্ডার। তোমাদের দেশ তখন পরাধীন ছিল–আমার বাবা ব্রিটিশ–এ-রকম তো সব দেশেই হয়



অ্যালিস, তুমি এত শান্তভাবে কী করে কথা বলতে পারছ? তোমার নিজের বাবা খুন হয়েছিলেন একজন ভারতীয়ের হাতে–আমাকে ভারতীয় জেনেও তুমি কী করে সহ্য করছ?


অ্যালিস অপলকভাবে তপনের দিকে কয়েক মুহূর্ত চেয়ে রইল। তারপর আস্তে আস্তে বলল, আমি ভারতীয় কিংবা ব্রিটিশ কিংবা আমেরিকান–এইভাবে মানুষকে দেখি না। আমি মানুষকে মানুষ হিসেবেই শুধু দেখি!


তপন অ্যালিসের কথায় খুব গুরুত্ব দিল না। হালকাভাবে বলল, বাঃ, আমি একটা কালো রঙের লোক–আমার সঙ্গে তুমি এত মিশছ–তোমার নিন্দে হয়ে যাবে।


অ্যালিস ছোট্ট মুঠো তুলে তপনকে একটা কিল মেরে বলল, আবার বাজে বকছ! তা ছাড়া তুমি মোটেই কালো নও, তোমার গায়ের রং ব্রাউন–ঠিক পাকা জলপাইয়ের মতন–এই রংটাই আমি সবচেয়ে ভালোবাসি।


ঠিক আছে, ঠিক আছে, এবার বলো।


কী বলব?



ত

**********
No Review
Related Books
Loading books…