
হীরক দীপ্তি
সুনীল গঙ্গোপাধ্যায়
হীরক দীপ্তি
পৃথিবীতে সব কিছুই নিয়মে চলে। ফুল ফোটে, গাছের পাতা ঝরে যায়, খেতে না পেয়ে মানুষ কষ্ট পায়, ভালোবাসায় স্বর্গ নেমে আসে, শরীরে আঘাত পেলে ব্যথা লাগে, মানুষ জন্মায় ও মরে—এই সব।
মাঝে মাঝে এই নিয়মেরও ব্যতিক্রম ঘটে যায়। যেমন ঘটে গেল দীপ্তিময়ীর ক্ষেত্রে।
দীপ্তিময়ী তার বাবা—মায়ের সাত পুত্র—কন্যার মধ্যে সবচেয়ে ছোট। পর পর তিন বোনের পর দুটি ভাই, তারপর আবার দুটি বোন। দীপ্তিময়ীর বাবা রেল কোম্পানিতে ছোট চাকরি করতেন, শেষ জীবনে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার হয়েছিলেন বিহারের একটি ছোট জায়গায়। মাইনে সামান্য, তবে উপরি ছিল মন্দ না। সেই সব টাকা মেয়েদের বিয়ে দিতে দিতেই শেষ হয়েছে।
বড় মেয়ের বিয়ে দিয়েছিলেন বেশ ধুমধাম করেই—কিন্তু বছর তিনেক পরেই সে মেয়ে বিধবা হয়ে বাপের সংসারে ফিরে আসে। পরের দু' মেয়ের বিয়ে দিতে হয়েছে বেশ কষ্ট করে। ছেলে দুটি সে রকম মানুষ হয়নি—এক ছেলে কোনওক্রমে আই.এ. পাশ করে রেল কোম্পানিতে ঢুকলেও আর এক ছেলে গুন্ডামি—বখামি করে বেড়ায়।
এই সব পরিবারের জীবনযাত্রার মধ্যে একটা একঘেয়েমি আছে। প্রতিদিনের ছোটখাটো হাসি—কান্না যে নেই, তা নয়। কিন্তু সব মিলিয়ে একটাই সুর ধ্বনিত হয়, টাকা নেই, টাকা নেই! টাকা কোথা থেকে আসবে!
মধ্যবিত্ত পরিবারগুলিতেই টাকার চিন্তা সবচেয়ে বেশি। বাড়ির বাইরে বেরোবার সময় তাদের ফরসা জামাকাপড় পরতে হয়। বাড়িতে চাল বাড়ন্ত হলেও পেটে খিদের চেয়ে বাইরের লোকের কাছে সেটা গোপন করাই প্রধান চিন্তা হয়ে ওঠে। অথচ, কাছেই যে মেথরদের বস্তি, তাদের দু' বেলা পুরোপুরি খাওয়া জোটে না প্রায় কোনও দিনই, গায়ে একটি গেঞ্জি পর্যন্ত নেই—তবু অনেক রাত পর্যন্ত তারা ঢোল বাজিয়ে হইচই করে গান করে।
দীপ্তিময়ীদের সংসারটা খুবই মধ্যবিত্ত। শুধু টাকাপয়সার জন্য নয়, চিন্তার দিক থেকেও। জীবন সম্পর্কে কারওর কোনও উচ্চাশা নেই, শুধু খেয়ে—পরে চাকরিবাকরি নিয়ে বেঁচে থাকা। এবং বাড়িতে সোমত্থ মেয়ে থাকলে তার বিয়ে দেওয়ার চিন্তা জীবন—মরণ সমস্যার চেয়েও বেশি।
শেষ দুটি মেয়ের বিয়ের চিন্তায় বাবা—মায়ের পাগল হবার অবস্থা। এমন সময় হঠাৎ সাত দিনের অসুখে দীপ্তিময়ীর ঠিক আগের বোন মারা গেল। যেন আকাশ থেকে একটা বজ্র নেমে এসে মেয়েটিকে কেড়ে নিয়ে গেল। সাত দিন আগেও মেয়ে রান্না করেছে, ঝগড়া করেছে, বকুনি খেয়ে কেঁদেছে, সে আজ নেই? এ কি সহজে বিশ্বাস করা যায়? কত লোকেরই তো জ্বর হয়। ছোটখাটো জ্বরে—সব বাড়িতে ডাক্তারও ডাকা হয় না—মেয়েটির জ্বর হঠাৎ এক লাফে একশো পাঁচ উঠে গেল, তখন এল ডাক্তার এবং ডাক্তারের ওষুধ মুখে নিয়েই সে মরল।
বিনা চিকিৎসায় সে মরেনি। সুতরাং নিয়তির ওপরেই বরাত দিতে হবে। আর, সত্যি কথা বলতে কী, মরে গিয়ে সে অনেককে নিষ্কৃতি দিয়ে গেল। বাবা—মা ডাক ছেড়ে কাঁদলেন বটে কিন্তু ভেতরে ভেতরে কিছুটা হাঁপ ছেড়েও বাঁচলেন বোধহয়। সেই মেয়েটির শরীরে রূপ ছিল না, গুণও ছিল না তেমন—বিয়ের বাজারে ও মেয়ে একেবারে অচল টাকা।
দীপ্তিময়ীর শরীরে রূপ ছিল। ছেলেবেলা থেকেই তার স্বাস্থ্য ভালো, বারো—তেরো বছরেই সে ধাঁ ধাঁ করে লম্বা হয়ে গেল। মাথা ভরতি কোঁকড়া কোঁকড়া চুল, টানা টানা চোখ, টিকলো নাক। গায়ের রংও বেশ ভরসা। এ—মেয়ে রাস্তায় বেরোলে সবাই তাকিয়ে দেখে, ছোকরারা মন্তব্য করে, বয়স্ক লোকেরা তার পিঠে হাত দিয়ে কথা বলতে চায়।
দীপ্তিময়ীর চেহারাটা যেমন তার অনেক ভাই—বোনের থেকে আলাদা, তার স্বভাবটাও তেমনই আলাদা। সাত ভাই—বোনের সকলের চেহারায় কোনও মিল নেই—তবে, দীপ্তিময়ীর বড় দাদার সঙ্গে তার মুখের যেমন মিল আছে—গায়ের রংও এই দু'জনেরই একটু ফরসা। অথচ, তার দাদা অত্যন্ত নিরীহ, সাধারণ মানুষ। অল্প বয়সেই বুড়োটে হয়ে গেছে—পাঁজি মানে, ঠাকুরদেবতা মানে। বৃহস্পতিবারে চুল কাটে না, নখ কাটে না। দীপ্তিময়ী কিন্তু কখনও ব্রত করেনি, ঠাকুর পুজো করেনি, পুতুল খেলেনি। অল্প বয়স থেকেই তার বই পড়ার শখ। এই ছোট জায়গায় কোনও লাইব্রেরি নেই, বই কেনারও সাধ্য নেই। তাই এবাড়ি ওবাড়ি থেকে যে বই—ই পায় নিয়ে আসে। এমনকী অল্প বয়স থেকেই বড়দের নভেল পড়তে শুরু করে দাদা—দিদির কাছে মার খেয়েছে। তবে তার স্বাস্থ্য ভালো, মার খেলেও কাঁদে না।
দীপ্তিময়ীর কৈশোর থেকেই তাকে নিয়ে তার বাবা—মায়ের দুশ্চিন্তা। এ—মেয়েকে বেশিদিন ঘরে রাখা যায় না। মধ্যবিত্ত পরিবারে ভাত—কাপড়ের সমস্যার চেয়েও বড় সমস্যা, মেয়েদের সতীত্ব। দীপ্তিময়ী ষোলো বছরে পা দেবার সঙ্গে সঙ্গেই বাপ—মা বিয়ের সম্বন্ধ খুঁজতে লাগলেন।
দীপ্তিময়ীর পড়াশুনোতেও বেশ মাথা। বাড়ির কারওর কাছ থেকে সে কোনও সাহায্য পায় না, তবু সে ইস্কুলের শেষ পরীক্ষায় বেশ ভালো ভাবে পাশ করে গেল। তারপর সে বায়না ধরল কলেজে পড়ার।
এ—বাড়িতে স্ত্রী—শিক্ষা বিষয়ে কোনও আগ্রহ থাকার কথা নয়। মফসসলের মধ্যবিত্ত পরিবার এখনও বাড়ির মেয়েদের চাকরি করতে পাঠাবার কথা ভাবে না। আর চাকরি করতে না হলে লেখাপড়া শেখার দরকার কী? কোনওক্রমে চিঠি লিখতে পারলেই হল।
বাড়ির আর কোনও মেয়ে ক্লাস থ্রি—ফোরের বেশি পড়েনি। যে ছেলে দু'জন লেখাপড়া শিখে চাকরি করে বাবা—মায়ের দুঃখ ঘোচাবে—তাদেরই বিশেষ কিছু লেখাপড়া হল না। দীপ্তিময়ী বাড়ির একেবারে ছোট মেয়ে। সে কী লেখাপড়া করছে না করছে বাবা—মা খেয়ালই করেননি। সে—ও কোনও দিন কিছু চায়নি। হঠাৎ যেদিন সে স্কুল ফাইন্যাল পরীক্ষায় বসল, সবাই একেবারে অবাক। তারপর যখন সে পাশও করল—তখন সবাই একটু খুশি না হয়েও পারল না। বাবা আপশোস করে বললেন, ইস, আমার এই মেয়েটা মেয়ে না হয়ে যদি ছেলে হত!
দীপ্তিময়ী জেদ ধরল সে কলেজে পড়বে।
এ—আবদার রক্ষা করা বাবা—মায়ের পক্ষে অসম্ভব। প্রথম কথা যে ছোট শহরে তাদের বাস—তার ধারে—কাছে পনেরো—কুড়ি মাইলের মধ্যে মেয়েদের পড়ার উপযোগী কোনও কলেজ নেই। পাঠাতে হবে পাটনায় কিংবা রাঁচিতে। সেখানে কলেজ ও হোস্টেলে রাখার খরচ টানা অসম্ভব। তা ছাড়া, মেয়ে একটু ডানপিটে ধরনের, হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এখনও সে গাছে উঠে পেয়ারা পাড়ে, পুকুরে সাঁতার কাটতে নামলে এক ঘণ্টার আগে উঠতে চায় না। লজ্জাসরম একটু কম, মার খেলেও কাঁদে না। মেয়েকে চোখের আড়ালে রাখাও বিপদ।
দীপ্তিময়ী কলেজে পড়ার জন্য রীতিমতো কান্নাকাটি করতে লাগল। মফসসলের ছোট জায়গায় আটকে থাকতে তার মন চায় না। কিন্তু টাকাপয়সার ব্যাপারটাও বোঝে না সে। তাকে হোস্টেলে রেখে পড়াতে গেলে যে সংসার খরচে দারুণ টান পড়বে, বাড়ির সকলের অসুবিধে হবে—এ কথা বললেও সে শোনে না। কলকাতায় ওদের দু'—একজন দূর সম্পর্কের আত্মীয় আছে—তাদের বাড়িতে রেখে পড়ানো যায় কিনা—এ রকম একটা ক্ষীণ চেষ্টা করা হল। তাতে কাজ হল না কিছুই। আজকালকার দিনে কেউ ঘাড় পেতে ও রকম দায়িত্ব নিতে চায় না।
বাবা—মা উঠে পড়ে দীপ্তিময়ীর বিয়ের চেষ্টা করতে লাগলেন। একেবারে কনিষ্ঠ সন্তান—মনের কোণে এর জন্যে একটু অতিরিক্ত স্নেহ জমা হয়ে থাকেই—সুতরাং তাড়াহুড়ো করে যা—তা কোনও জায়গায় বিয়ে দেওয়া যায় না! দীপ্তিময়ীর বাবার রিটায়ার করার সময় এসে গেছে—সব সময় সেই দুশ্চিন্তা!
পরিস্থিতি আরও ঘোরালো হয়ে দাঁড়াল—যখন দীপ্তিময়ী একদিন বাড়ি থেকে পালাবার একটা এলোপাথাড়ি চেষ্টা করল। ধরাও পড়ল—কেননা ট্রেন ছাড়া যাবার আর কোনও উপায় নেই। এবং অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের ছোট মেয়েকে কে না চেনে—যার রূপ সবার চোখ টানে।
অল্পবয়সি ছেলেরা মাঝে মাঝে রাগ করে বাড়ি থেকে পালায় বটে, কিন্তু বাঙালি মেয়েদের মধ্যে এ—রেওয়াজ নেই তেমন। সুতরাং তারা পালাবার নিয়মকানুন ঠিক জানে না। হুট করে পালাব বললেই কি আর পালানো যায়? বাড়ি থেকে পালানো জেল থেকে পালানোর চেয়েও কম শক্ত নয়।
তা ছাড়া সুশ্রী কুমারী মেয়েরা বাড়ি থেকে পালাবার চেষ্টা করলেই সকলে ধরে নেয় সে অন্য কোনও ছেলের সঙ্গে পালাচ্ছে কিংবা মেয়েটির পালাবার ইচ্ছে ছিল না, দুষ্ট প্রকৃতির কোনও লোক তাকে ফুসলে বাড়ির বার করছে। দীপ্তির ক্ষেত্রেও সবাই তাই ভাবল, কিন্তু ছেলেটিকে পাওয়া গেল না। তাকে মারধর করে হাতের সুখ করা থেকে বঞ্চিত হল অনেকে।
দীপ্তিময়ী পালাবার চেষ্টা করেছিল একা। ওই বয়সি মেয়ের প্রতি আকৃষ্ট হওয়ার মতন ছেলের অভাব ছিল না—কিন্তু দীপ্তিময়ী সেই সব ছেলেদের কখনও পাত্তা দেয়নি। আড়ালে আবডালে চুমো খাওয়া কিংবা জড়াজড়ি করার দিকেও তার মন ছিল না। সে বাড়ি থেকে পালাতে চেয়েছিল শারীরিক উন্মাদনায় কিংবা রোমান্টিক প্রেমের আকর্ষণে নয়—বৃহত্তর জীবনের স্বাদ পাওয়ার জন্য। তার স্বপ্ন ছিল, সে আরও পড়াশুনো করবে, ডাক্তার হবে। সারা জীবনে বিয়ে না করে সে ডাক্তার হয়ে রোগীর সেবা করবে, দেশ—বিদেশে যাবে—যুদ্ধের সময় আহত সৈনিকদের ব্যান্ডেজ বেঁধে দেবে। তার বয়স তখন সদ্য ষোলো পেরিয়েছে—সে একজন স্বপ্ন—মশগুল নিষ্পাপ কিশোরী।
ধরা পড়ার পর দীপ্তিময়ীর বাবা অতবড় মেয়ের গায়ে হাত তুলতেও দ্বিধা করলেন না। তার বিধবা দিদি চেঁচিয়ে গলা ফাটাতে লাগল। মা কাঁদতে থাকলেন সারা দিন। তারপর বাড়িতে একটা থমথমে অবস্থা।
দীপ্তিময়ীকে হাজার বার জেরা করেও তার মুখ দিয়ে একবারও বার করা যায়নি, কেন সে পালাতে চেয়েছিল। কোনও রকম সঙ্গতি নেই, ব্যবস্থা নেই, অথচ শুধু পড়াশুনো করার লোভেই একটা মেয়ে বাড়ি থেকে পালাতে গিয়েছিল—এই অবাস্তব ব্যাপারটা অন্যরা বিশ্বাস করবেই বা কী করে? সে যে মার খেয়েও কাঁদে না, মুখ দিয়ে একটাও কথা উচ্চারণ করে না—এইটাই সব চেয়ে ভয়ের ব্যাপার। এ—মেয়েকে তো আর বিশ্বাস করা যায় না। এ যদি সুযোগ পেলেই আবার পালাবার চেষ্টা করে।
কুমারী মেয়ে বাড়ি থেকে চলে গেলে চতুর্দিকে কলঙ্ক রটে যায়। বরং একবার নমো নমো করে বিয়ে দিলে—তারপর আপদ বালাই যেখানে ইচ্ছে হয় যাক।
তখন যে—পাত্রটিকে মোটামুটি পছন্দ করা হয়েছিল তার সঙ্গেই দ্রুত ব্যবস্থা করে বিয়ে ঠিক হয়ে গেল।
ছেলেটির নাম রাজেন। বি.এ. পাশ, বয়স আঠাশ—উনত্রিশের মতন, কলকাতায় একটি মার্চেন্ট অফিসে চাকরি করে। চাকরিটা এখন এমন কিছু না—কিন্তু পরে উন্নতির আশা আছে। বেশ শান্ত শিষ্ট ভদ্র ধরনের ছেলে। একটাই তার খুঁত, ছেলেটির তিন কুলে কেউ নেই। মেসে—হোস্টেলে মানুষ, বার বার ঠাকুরের হাতে রান্না খেয়ে খেয়ে পেটের রোগ বাধিয়েছে—এখন তাই বিয়ে করে সংসারী হতে চায়। তার এক দূর সম্পর্কের কাকা থাকেন বরাকরে—সেই সূত্রেই যোগাযোগ। দীপ্তিময়ীর বাবা দু'—তিনবার কলকাতায় গিয়ে ছেলেটির সম্পর্কে খোঁজখবর নিলেন। ছেলেটির অফিসের সহকর্মীদের কাছেও জিজ্ঞেসবাদ করে মোটামুটি নিশ্চিন্ত হলেন। ছেলেরও দাবিদাওয়া বিশেষ কিছু নেই, মেয়ে দেখতেও এল না—ছবি দেখেই পছন্দ হয়ে গেল।
যখন স্কুল থেকে পাশ করে অন্য অনেক মেয়ে কলেজে ফার্স্ট ইয়ারে ভরতি হয়ে সারা শরীরে আনন্দ—হিল্লোল ছড়িয়ে ঘুরে বেড়াচ্ছে কিংবা কোমরে আঁচল গুঁজে কলেজ কম্পাউন্ডে ব্যাডমিন্টন খেলছে—সেই বয়সে বিয়ে হয়ে গেল দীপ্তিময়ীর। মফসসল ছেড়ে সে কলকাতায় চলে এল।
রাজেন ঘর ভাড়া নিয়েছে মানিকতলার কাছে। একটি বড় ঘর, এক চিলতে বারান্দা ও রান্নাঘর, ভাড়া পঁচাশি টাকা। এই ঘটনা ঘটছে উনিশশো পঞ্চান্ন সালে। তখন রাজেন তার মাইনের থেকে সব কিছু কেটেকুটে হাতে পায় দুশো দশ টাকা। টানাটানি করে সংসার চালাতে হয়। অবিবাহিত জীবনে রাজেন বারো শো টাকার মতন জমিয়েছিল—সে—টাকাও আস্তে আস্তে খরচ হয়ে গেল নতুন সংসার পাতার জন্য প্রয়োজনীয় জিনিসপত্তর কিনতে। চাকরি ছাড়া আলাদা কিছু টাকা উপার্জনের উৎসাহও নেই রাজেনের—সে একটু অলস স্বভাবের, অফিস থেকে বাড়িতে ফিরে এসেই শুয়ে থাকে। বার বার চা খায় ও বাথরুমে যায়। তবে রাজেন সত্যিই ভালোমানুষ—স্ত্রীকে সে কষ্ট দেয় না।
কলকাতা শহরটা দীপ্তিময়ীর পক্ষে নতুন জগৎ। তবে কলকাতার বিশেষ কিছু এখনও দেখেনি সে। রাজেন তাকে মাসে দু'—এক বার নাইট শো—তে সিনেমায় নিয়ে যায়—তা ছাড়া আর কোথাও বেড়াতে যাওয়া হয় না। শোবার ঘর, এক চিলতে বারান্দা আর রান্নাঘরেই দীপ্তিময়ীর অধিকাংশ সময় কাটে। ঠিক কাটতে চায় না, ছটফটে স্বভাবের মেয়ে সে, কোনওক্রমে দিন চলে যায়। বাথরুমটা একতলার জন্য ভাড়াটেদের সঙ্গে এক—সেখানে দেখতে পায় বাড়ির অন্য বাসিন্দাদের। বাড়িটা বেশ বড়, সব মিলিয়ে সাত ঘর ভাড়াটে—সব সময় ভিড় লেগেই আছে। আস্তে আস্তে দু'—এক জনের সঙ্গে ভাব হল দীপ্তিময়ীর, কেউ কেউ তাকে হিংসে করে—কোনও কোনও পুরুষ তার রূপের জন্য আড়চোখে চায়। রাজেন অবশ্য অন্যদের সঙ্গে বেশি মেলামেশা পছন্দ করে না।
এর আগে দীপ্তিময়ী ঘর সংসারের কাজ কিছুই শেখেনি। বাড়ির সবচেয়ে ছোট মেয়ে ছিল বলে কোনও দিন রান্নাঘরেও ঢুকতে হয়নি তাকে। হঠাৎ এই অচেনা জায়গায়, অচেনা পরিবেশে একটা নতুন সংসারের সে কর্ত্রী হয়ে গেল। কিন্তু নতুন কিছু চট করে শিখে নেওয়ার একটা সহজাত গুণ আছে তার মধ্যে। সে ঘাবড়ে গেল না।
টুকিটাকি জিনিসপত্র কিনে সে নিজের মনে
No Review
Related Books
Loading books…