
স্বপ্ন লজ্জাহীন
সুনীল গঙ্গোপাধ্যায়
স্বপ্ন লজ্জাহীন
মনীষা সম্পর্কে আমি প্রথম ভুল করি এক মেঘলা সন্ধ্যাবেলায়। বিকেল থেকেই একটু একটু বৃষ্টি পড়ছিল। তারিখটা মনে আছে, ১৯৬৬ সালের ১৭ই জুলাই।
ছবিটা মনে পড়ে স্পষ্ট, যদিও বছর পাঁচেক আগের কথা। শিয়ালদার দিক থেকে ট্যাক্সিতে আসছিলাম। ট্যাক্সিতে আমি আর হেমন্ত। বউবাজারের মোড়ের কাছে ট্র্যাফিকের লাল আলো, হেমন্ত পকেট থেকে সিগারেট বার করল, আমি দেশলাই জ্বেলে প্রথমে হেমন্তকে ধরাতে গিয়ে নিভে গেল। দ্বিতীয় কাঠিতে দু'জনেই ধরালাম, ধোঁয়া ছেড়ে ডান পাশে তাকাতেই চোখ পড়ল রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে মনীষা। সঙ্গে সঙ্গে আমি চোখ ফিরিয়ে নিলাম।.....
এই পর্যন্ত লিখে আমি কিছুক্ষণ বসে রইলাম চুপ করে। সিগারেট শব্দটা ব্যবহার করার জন্যই এখন আমার সিগারেট টানার কথা মনে আসে। ড্রয়ার খুলে সিগারেট বার করে ধরালাম, প্যাকেটে আর মাত্র তিনটে সিগারেট, চকিতে আপশোস হয়, কাল রাতে বাড়ি ফেরার সময় আর একটা প্যাকেট কিনে আনলেই হত। এই রোদ্দুরের মধ্যে এক ঘণ্টা বাদেই আবার সিগারেট কিনতে বেরোতে হবে। বড্ড গরম আজ, পাখাটা সম্পূর্ণ জোর করাই আছে, তুলে দিলাম জানলার সবগুলো পরদা, আসুক একটু হাওয়া।
নতুন উপন্যাস শুরু করতে হবে। দিন দশেক ধরেই ভাবছি, এবার কী নিয়ে লেখা যায়। আমি সম্পূর্ণ কাহিনী কিংবা পুরো বিষয়বস্তু আগে ভেবে ঠিক করে নিতে পারি না। একটা কোনও দৃশ্য চোখে ভাসে অথবা মনে পড়ে কোনও একটা চরিত্র—সেখান থেকে শুরু করি, তারপর দুপুরবেলার আকাশে ভাসমান চিলের মতন গল্প যেখানে খুশি যায়।
এবার প্রথমে ভেবেছিলাম বাংলাদেশের সাম্প্রতিক এই মর্মান্তিক ঘটনা, মুক্তিফৌজের নৈতিক সাহস ও শরণার্থী শিবিরের লক্ষ লক্ষ মানুষের অবস্থা সম্পর্কে একটা কিছু লিখব। লেখা উচিত। কিন্তু দু'-তিন দিন বাংলাদেশের রণপ্রাঙ্গণে ঘুরে এবং শরণার্থী শিবির দেখে আমি নির্বোধ হয়ে যাই। আমি বুঝতে পারি, লক্ষ লক্ষ মানুষের এই বিশাল দুঃখের কথা লেখার মতন ক্ষমতা আমার নেই। সে রকম ভাষা আমি এখনও শিখিনি। তা ছাড়া ও সব দেখলে লিখতে ইচ্ছে করে না, প্রচণ্ড রাগ হয়। মনে হয়, সমস্ত পৃথিবীর দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাই। কিন্তু ঘৃণা বা ক্রোধ থেকে সাহিত্য হয় না। ভালোবাসা ও করুণাই সাহিত্যের অবলম্বন। আমি একটা ক্লিশে ব্যবহার করলাম। উপায় নেই।
বাংলাদেশ বিষয়ে বেশ কয়েক দিন মুহ্যমান কিংবা মোহ্যমান থেকে তারপর মনে হয়, নিজের জীবন ছাড়া আর কিছুই লেখার নেই। নিজের জীবনের কোনও খণ্ড; তৎক্ষণাৎ চোখে একটা দৃশ্য ভাসে। একজন দরিদ্র স্কুলমাস্টারের ছেলে; ধুতির ওপর শার্ট পরা, একুশ-বাইশ বছর বয়স, সাধারণ চেহারা, মাথায় অনেক চুল, শার্টে একটা বোতাম নেই—সে একটা বাগানওয়ালা বাড়ির লোহার গেট ঠেলে ঢুকল। বাড়িটা উত্তর কলকাতায়। বাগানের এখানে সেখানে পাথরের জলপরি, পাশ দিয়ে লাল কাঁকর-বিছানো পথ। ছেলেটি খানিকটা হেঁটে একটা দরজার কাছে দাঁড়াল। একজন বুড়ো চাকর তাকে দেখেই বলল, আসুন। ছেলেটি চাকরটির সঙ্গে গিয়ে একটা বিশাল হলঘরের মধ্যে বসল। এই হলঘরেও অনেক পাথরের মূর্তি, দেয়ালে ইউরোপীয় শিল্পীদের আঁকা ছবি এবং দশ-এগারোটা বিভিন্ন রকমের ঘড়ি। এইসব ঘড়ি সময়ের জন্য নয়। শিল্প সংগ্রহ। বুড়ো চাকরটি ভেতর মহলে গিয়ে ডাকল, খোকাবাবু, দিদিমণি, মাস্টারবাবু এসেছে। ছেলেটি সোফার উপর আড়ষ্ট হয়ে বসে আছে। সে এ বাড়ির দুটি ছোট ছেলেমেয়েকে পড়ায়। কিন্তু অত্যন্ত সংকুচিত, অপরাধীর মতন তার ভঙ্গি। যেন একটা কিছু বিরাট অন্যায় করেছে সে। আগের দিন তার হাতের ধাক্কা লেগে চায়ের কাপ উলটে কার্পেটে পড়েছিল। কাপটা ভাঙেনি, কিন্তু কার্পেটে চায়ের দাগ....অবশ্য এজন্য কেউ কোনও কিছু বলেনি তাকে, শুধু বুড়ো চাকরটি অদ্ভুত ভাবে তাকিয়ে ছিল, ছাত্র-ছাত্রীর মা আড়াল থেকে.....
এই দৃশ্যটি দিয়ে অনায়াসে উপন্যাস শুরু করা যায়, আমারই জীবনের ঘটনা। প্লট চিন্তা করারও প্রয়োজন নেই। তবু ঠিক পছন্দ হয় না। দু'-তিন দিন ধরে মনের মধ্যে দৃশ্যটাকে নিয়ে নাড়াচাড়া করি। বার বার মনে হয়, কী যেন দু'-একটা ছোটখাটো বিবরণ বাদ থেকে যাচ্ছে। ছেলেটির চটিজুতোয় কি পেরেক ওঠা ছিল? ছেলেটির, অর্থাৎ আমার? সেই বাগানবাড়িতে কি চাঁপা ফুলের গাছ ছিল? এখন মনে পড়ছে না, কোনও-না-কোনও দিন ঠিক মনে পড়বেই।
আমি অন্য কোনও দৃশ্য ভাববার চেষ্টা করি। বাংলাদেশের যুদ্ধের ঘটনাই বেশি করে মনে পড়ে। সাধ হয়, কলম ছেড়ে দিয়ে রাইফেল হাতে তুলে নিয়ে মুক্তিবাহিনীর দুর্ধর্ষ ছেলেদের সঙ্গী হই। একদিন গিয়েও ছিলাম একটি ক্যাম্পে, বলেছিলাম, আমাকেও দলে নিন। আমারও তো জন্ম পূর্ববাংলায়। উত্তর পেয়েছিলাম, কিন্তু আপনি তো ভারতীয় নাগরিক। আমাদের লড়াইটা আমাদেরই লড়তে হবে—শেষ পর্যন্ত দরকার হলে নিশ্চয়ই আপনাদের কাছে সাহায্য চাইব।
দু'-তিন দিন সময় কেটে যায়। সারা দিন কত লোকের সঙ্গে মিশছি, কথা বলছি, রাস্তা দিয়ে ঘুরছি, অফিসে কাজ ও সন্ধ্যার পর আড্ডা—কিন্তু কেউ জানে না, আমি সর্বক্ষণ আমার নতুন উপন্যাসের কথা ভেবে যাচ্ছি। একটা দ্বীপের দৃশ্য। ফ্রেজারগঞ্জ, বকখালি বা কাকদ্বীপের কাছ থেকে যে রকম ছোটখাটো দ্বীপ দেখা যায়। ওই রকম একটা দ্বীপে আমি একবার গিয়েছিলাম ভরা বর্ষায় নৌকা চেপে। নিবিড় গাছপালা, খুব সাপের ভয়। গিয়েছিলাম সাত-আট বছর আগে। কেন সেই দ্বীপের কথা এখন মনে পড়ল কে জানে! এবং মনশ্চক্ষে দেখতে পেলাম, সেই দ্বীপে একটা সিমেন্টের বেদিতে সমুদ্রের দিকে মুখ করে বসে আছে একজন রমণী। রমণীটির স্বামী দু'মাস আগে খুন হয়েছে দুর্বৃত্তদের হাতে। রমণীটি কাঁদে না, কিন্তু তার চোখমুখে শান্ত কঠিন শোক। বিশাল সমুদ্রের সামনে মনে হয় তার শোক আরও বিশাল। রমণীটির মুখ অবিকল আমার চেনা একজন মহিলার মতন। যদিও আমার সেই চেনা মহিলা বিধবা নন এবং জীবনে যথেষ্ট সুখী, তবু আমার প্রায়ই মনে হয়েছে, তীব্র দুঃখের দৃশ্যে তাঁকে খুব মানাবে। সমুদ্রের সামনে সেই শোকাভিভূতা মূর্তি অসম্ভব সুন্দর দেখায়। সেই রমণীর থেকে সম্মানজনক দূরত্বে দাঁড়িয়ে একজন মানুষ। তার মুখখানা অনেকটা আমার মতন। অনেকটা, কিন্তু আমি নয়, অন্য লোক। অর্থাৎ এই উপন্যাস থার্ড পার্সনে লেখা হবে।
দৃশ্যটা আমার বেশ পছন্দ হয়। দু'-তিন দিন ধরে মাথার মধ্যে নাড়াচাড়া করি। খুঁটিনাটি যোগ হয়। দ্বীপের এক প্রান্তে সিমেন্টের বেদির উপর বসা সমুদ্রের দিকে মুখ-করা বিষণ্ণ রমণী, একটু দূরে দাঁড়ানো একজন তরুণ ওভারসিয়ার—এই দৃশ্যে সংলাপ যোগ করলেই হয়। সেই সংলাপ শুরু করা আমার পক্ষে শক্ত নয়। কিন্তু একটা ব্যাপারে খটকা থেকে যায়। একটা দ্বীপে শুধু তো একজন নারী, একজন ওভারসিয়ার এবং ওদের মতন আর দু'-চার জন মানুষ থাকবে না। ওখানকার চাষি, মজুর, জেলেদের কথা না বললে সম্পূর্ণ হবে না দ্বীপের কথা। কিন্তু কী করে বলব? ওই সব মানুষের সমস্যা আমি কিছুটা বুঝি, জীবনযাত্রা কিছুটা দেখেছি, কিন্তু ওদের ভাষা আমি জানি না। এজ্ঞে, গেইছিনু, খেইছিনু—ইত্যাদি দু'-একটা শব্দ লাগিয়ে অনেকে চাষি-মজুরদের সংলাপ ফোটায়, ও সব আমার ক্ষমতার বাইরে। ওদের কথা ভালো করে না জানলে আমি লিখতে পারব না। মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছে থাকে বটে, একদিন সবকিছু ছেড়েছুড়ে দিয়ে ওদের সঙ্গে মিশব, ওদের জীবনকে নিজের জীবনের মতন জানব—তারপর লিখব ওদের কথা—কিন্তু কবে তা হবে, জানি না। অনেক ইচ্ছেই জীবনে পূর্ণ হয় না।
দ্বীপের দৃশ্যটাও খারিজ করে দেবার পর আর কোনও নতুন দৃশ্য মনে পড়ে না। তা হলে কী নিয়ে লিখব উপন্যাস? সকালবেলা চা-টা খেয়ে সাদা কাগজ সামনে নিয়ে বসে থাকি। হাতে খোলা কলম।
কলমটা প্যাডের প্রথম পাতার ওপর আঁকিবুকি কাটতে থাকে। আমি একটুও ছবি আঁকতে জানি না, মানুষের মুখ আঁকতে গেলে খোক্কসের মতন দেখায়—এলোমেলো রেখায় পাতা ভরে যায়। সে পাতাটা ছিঁড়ে ফেলে দিই। পরের পাতায়, আচম্বিতে বিনা নোটিশে আমার কলম কিছু লিখতে শুরু করে। আমি হলফ করে বলতে পারি, ও কথাগুলো আমি লিখিনি, আমার কলমই লিখেছিল, কারণ ও কথাগুলো আমি এক মুহূর্ত আগেও ভাবিনি।
মনীষা সম্পর্কে আমি ভুল করি এক মেঘলা সন্ধ্যাবেলায়। বিকেল থেকেই একটু একটু বৃষ্টি পড়ছিল। মনে আছে, ১৯৬৬ সালের ১৭ই জুলাই।
একটা উপন্যাস কোন জায়গা থেকে শুরু হবে এবং কোথায় শেষ হবে তা আমি আজও জানি না। যেখানে শেষ হয়, তারপর কি আর কিছু নেই? যেখানে আরম্ভ—তার আগেও কি জীবনের অনেক কথা বাকি থাকে না? সে দিন বউবাজারের মোড়ে হঠাৎ দেখা হওয়ার কথা দিয়েই বা কেন শুরু হল? তার বহু আগে থেকে আমি মনীষাকে চিনি। সে দিনই যে মনীষা সম্পর্কে আমি প্রথম ভুল করি, তাও নয়। তার আগে এবং পরে মনীষা সম্পর্কে অনেক ভুল করেছি। স্বপ্নে মানুষের যেমন অনেক ভুল হয়ে যায়।
আরম্ভের ওই কথাগুলো লেখার পরই সেদিনকার সন্ধ্যাবেলায় সবক'টি মুহূর্তের দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। এমনকী, সিগারেট ধরিয়ে প্রথমবার ধোঁয়া ছেড়ে তাকানো পর্যন্ত। ট্যাক্সির জানলা দিয়ে বাইরে তাকিয়ে আমি চোখ ফিরিয়ে নিয়েছিলাম। কেন? যে মেয়েটিকে আমি এত ভালোবাসি, যার কথা আমি সব সময় ধ্যান করি, তাকে হঠাৎ রাস্তায় দেখতে পাওয়ামাত্র কেন আমি চোখ ফিরিয়ে নিয়েছিলাম? স্বাভাবিক ছিল না কি, 'আরে মনীষা' বলে চেঁচিয়ে ওঠা? সঙ্গে সঙ্গে ট্যাক্সি থেকে নেমে পড়া?
কিন্তু আমি চোখ ফিরিয়ে নিয়েছিলাম।
মনীষার সঙ্গে আমার চোখাচোখি হয়েছিল, সে তার গভীর কালো চোখ মেলে তাকিয়ে ছিল আমাদেরই ট্যাক্সির দিকে। অর্থাৎ ও আমাকে আগেই দেখেছে। মনীষা চোখ ফেরায়নি। আমি ফিরিয়ে নিয়েছি।
চোখ ফিরিয়েই আমি দেখলাম হেমন্তকে। হেমন্ত মনীষাকে দেখেনি। ট্যাক্সির দু'দিকের জানলা আমাদের দু'জনের। ট্র্যাফিকের লাল আলো জ্বলছে, এক্ষুনি সবুজ হবে। আমি আবার তাকালাম মনীষার দিকে, রাস্তার ও দিকে। মনীষা তখনও চেয়ে আছে ট্যাক্সির দিকে। ঠোঁটে সামান্য হাসি, চোখে কৌতুক—সাধারণ যে ভঙ্গিতে তাকায় আামার দিকে।
আবার চোখাচোখি হল, আবার আমি চোখ ফিরিয়ে নিলাম।
অপরাধ করে শিশু অনেক সময় চোখের দিকে তাকাতে পারে না। পড়া না পারলে কিংবা মিথ্যে কথা বললে ছাত্র মাস্টারমশায়ের চোখ থেকে চোখ সরিয়ে নেয়। আমি কেন? মনীষার চেয়ে আমি বয়সে পাঁচ বছরের বড়, আমি যে কোনও সময়ে ওর চুলে হাত দিয়ে চুল এলোমেলো করে দিতে পারি, কথা বলতে বলতে ওর পিঠে হাত রাখতে, 'এই দুষ্টু মেয়ে' বলে গালে টোকা দিয়েছি সব মিলিয়ে তিন বার, আমি কেন ওর দিকে চোখ পড়লে চোখ সরিয়ে নেব?
এবারও আমি তাকালাম হেমন্তর দিকে। ও এখনও দেখতে পায়নি।
বউবাজারের মোড়ে ভিড়ে, গাড়িঘোড়ার জটলায়—সন্ধ্যা সাড়ে ছ'টায় মনীষাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাব, এবং একা—এ রকম তো কখনও ভাবিনি। তাই আমার সিদ্ধান্ত নিতে দেরি হয়ে যায়।
লাল থেকে সবুজ। ট্যাক্সি চলন্ত। এবার বেপরোয়া হয়ে আমি আবার তাকালাম মনীষার দিকে। একটা ট্রাম আড়াল করল মনীষাকে।
রাস্তার ও পারে এসে হেমন্ত বলল, এখন কোন দিকে যাওয়া যায়? এত তাড়াতাড়ি বাড়ি ফেরার কোনও মানে হয় না।
আমি শুকনো গলায় বললাম, কোথায় যাওয়া যায়, বল তা হলে?
পার্ক স্ট্রিটের দিকে যাবি?
গেলে হয়।
অবিনাশকে ডাকলে হয় না?
হেমন্ত, শোন।
কী?
চিত্তরঞ্জন এভিনিউয়ের সামনে আবার ট্রাফিকের লাল আলোয় ট্যাক্সি থেমেছে। হেমন্ত মুখ ফিরিয়েছে আমার দিকে, আমি চুপ করে আছি। হেমন্তর চশমার পুরু কাচের আড়ালে ওর উদ্বেগহীন চোখ।
মনে হল মনীষাকে দেখলাম। বউবাজারের কাছে দাঁড়িয়ে আছে।
চশমার আড়ালে হেমন্তর চোখে বিস্ময় ফুটে উঠল। ব্যস্ত হয়ে বলল, কোথায়?
বউবাজারের কাছটায়। ঠিক মনীষা কিনা জানি না, মনে হল অনেকটা ওর মতন।
একা?
তাই তো মনে হল।
ডাকলি না? আমাকে বললি না কেন?
ভালো করে দেখার আগেই ট্যাক্সি ছেড়ে দিল।
সর্দারজি, ট্যাক্সি ঘুমা লিজিয়ে।
হেমন্ত সিদ্ধান্ত নিতে দেরি হয় না। মনীষাকে কেউ কোনও দিন কখনও কোনও রাস্তায় একা দেখেনি। হঠাৎ একদিন দেখলে কি কেউ তাকে ফেলে চলে যেতে পারে?
হেমন্ত উত্তেজিত হয়ে উঠল। ট্যাক্সি ড্রাইভার একটু বিরক্ত। এইসব ভিড়ের রাস্তায় ট্যাক্সি ঘোরানো সহজ নয়। হেমন্ত অনবরত তাকে তাড়া দিচ্ছে। গাড়ি ঘোরানো হল, হেমন্ত আমাকে বলল, কোথায়? কোন জায়গাটায়?
মনীষা সেখানে নেই।
একটু আগে এই জায়গাটাকে যে রকম দেখে গিয়েছিলাম, এখনও অবিকল সেই রকম আছে। পানের দোকানে পারাচটা আয়না, কবিরাজি ওষুধের দোকানের বেঞ্চের ওপর বসা দুই বৃদ্ধ, ফুটপাতে আড্ডায় বিভোর পাঁচ যুবক, রিকশাওয়ালা এখনও খইনি ডলছে, পাঁচটি শিশু নিয়ে একজোড়া স্বামী স্ত্রী—সবাই আছে, শুধু মনীষা সেখানে নেই।
ট্যাক্সি দাঁড় করিয়ে আমি আর হেমন্ত সেখানে নেমে পড়লাম। খুনের তদন্তের মতন জায়গাটাকে খুঁজতে লাগলাম তন্ন তন্ন করে। মনীষা যেখানে দাঁড়িয়ে ছিল ঠিক সেই জায়গাটা এখনও খালি, আর কেউ দাঁড়ায়নি। আতস কাচ দিয়ে পরীক্ষা করলে মনীষার পায়ের ছাপও দেখা যাবে।
তুই ঠিক দেখেছিলি? এ
No Review
Related Books
Loading books…