Home
সরল সত্য

সরল সত্য

সুনীল গঙ্গোপাধ্যায়

সরল সত্য

সুনীল গঙ্গোপাধ্যায়
novel

Posted byপাঠক সমাজ22-Jul-2026

Change color

১১ই ফেব্রুয়ারি, ১৯৬৬ ডাক্তারের ধারণা, আমি একজন বুদ্ধিজীবী। হাসতে হাসতে তিনি বললেন, আজকালকার বুদ্ধিজীবীদের অনেকেরই এই আতঙ্ক...। ডাক্তার নিজেও সিগারেট খাচ্ছিলেন। ডাক্তারটির বয়স বেশি না, আমার থেকে বয়সে ছোটই হবে বোধহয়, চল্লিশ পেরোয়নি। বেশ সুশ্রী। বিলেত-ফেরত ডাক্তারদের প্রায় সবারই চেহারা সুন্দর। বিলেতের গুণ না, সাধারণত বড়লোকের ছেলেরাই তো বিদেশে যায়। ডাক্তার আমার সঙ্গে আগামী মঙ্গলবার চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে একটা অ্যাপয়েন্টমেন্ট করলেন বটে, কিন্তু ওঁর দৃঢ় ধারণা আমার কিছুই হয়নি। ওরকম ঘুসঘুসে সর্দি আর গলাভাঙা কিছু অস্বাভাবিক না। ঋতু পরিবর্তনের সময় অনেকেরই হয়। কিন্তু আমার যে প্রায়ই হয়! মিথ্যেমিথ্যি ভয় পাচ্ছি? ডাঃ চ্যাটার্জি হেসে বললেন, এদেশে ক্যানসারে এত লোক মরে, কিন্তু ওঁর কাছে সত্যিকারের ক্যানসার রোগী প্রাথমিক স্টেজে আসে খুব কমই। অধিকাংশই ক্যানসারের মরার বেশি ভয়। আমার চেহারা দেখেই উনি আমাকে বুদ্ধিজীবী কী করে ভাবলেন, কে জানে! আমি প্রতিবাদ করিনি। ডাক্তারটি বেশ স্মার্ট এবং কাণ্ডজ্ঞান আছে। মাঝে মাঝে আমার গলায় ব্যথা হয়, কাশি হয়, রক্ত পড়ে, গলা বসে যায়—এর আগে যতবারই কোনও ডাক্তারের কাছে গেছি সবাই জিজ্ঞেস করেছে, ক'টা সিগারেট খান? দিনে পঞ্চাশ-ষাটটা? সর্বনাশ! সিগারেট একদম ছাড়তে হবে। যত সব বুদ্ধুর দল! ডাক্তারের উপদেশে কেউ সিগারেট ছাড়ে! ছেলেবেলার স্বাস্থ্য বইতে যত উপদেশ পড়েছি—সব মেনে চললে যে স্বাস্থ্য বইয়ের ছবির মতনই চেহারা হত তা কে না জানে? ডাঃ চ্যাটার্জি কিন্তু নির্লিপ্তভাবে বললেন, পাঁচ-ছ প্যাকেট সিগারেট খান আপনি? একটু কমাতে পারলে গলাটাকে রিলিফ দেওয়া হয়—এই ধরুন দিনে এক প্যাকেট, বড় জোর দেড় প্যাকেট—আজকাল দামও এত বেশি—অবশ্য সিগারেটের সঙ্গে যে ক্যানসারের প্রত্যক্ষ সম্পর্ক আছে, সে কথা বলা যায় না। তবে কিডনিতে যে ক্যানসার হয়, তার সঙ্গে সিগারেটের...। প্রথম আমাকে সিগারেট ধরিয়েছিল মিহির। তখন ক্লাস এইটে পড়ি, তার মানে নাইনটিন থারটি নাইন, হ্যাঁ, সেই বছরই যুদ্ধ লাগল মনে আছে। তখন এলাহাবাদে থাকতাম। বাবা রেলে কাজ করতেন। মিহির ছেলেবেলায় খুব অসৎ ছিল। প্রত্যেক বার পরীক্ষায় ফেল করত, গুন্ডামি করত, ক্লাসের ছেলেদের বই চুরি করে নৌসের আলির দোকানে বিক্রি করে আসত—তবু ওর খাতির ছিল ফুটবল টিমে ভালো ফরোয়ার্ড খেলত বলে। মিহিরের পকেটে সবসময় নাবিকের ছবিওয়ালা সিগারেটের প্যাকেট। বেপরোয়া। সেই বয়সেই মাঝে মাঝে দাড়ি কামাত মিহির। চোয়াড়ে ধরনের মুখ, ব্রণ ভর্তি, কালচে ঠোঁট। আমি খেলাধুলোয় কোনওদিনই তেমন ভালো ছিলাম না। গায়ের জোর ছিল না বেশি। তাই নিয়ে আমার খুব দুঃখ ছিল। ফুটবল খেলায় বিরুদ্ধ পক্ষের ল্যাং খেয়ে আমি আছাড় খেয়ে পড়ে যেতাম, কোনওদিন উলটে ল্যাং মারতে পারিনি। স্কুল টিমে কোনওদিন চানস পাইনি সেজন্য। মাঝে মাঝে অন্য টিমের সঙ্গে খেলা থাকলে—আমার স্কুল টিমে যারা খেলে, তারা ফোর্থ পিরিয়াডে কিংবা ফিফথ পিরিয়াডে ছুটি পেয়ে যেত। আমারও খুব ইচ্ছে হত ওদের সঙ্গে যেতে। সে ব্যবস্থা অবশ্য হয়ে গিয়েছিল ক্লাস এইট-এ উঠে। মিহির ছিল বরাবর স্কুল টিমের ক্যাপ্টেন। সে আমাকে টুয়েলফথ ম্যান করে ওদের সঙ্গে নিয়ে যেত। নিজে খেলতে পারতাম না, কিন্তু মনে মনে আমি খেলোয়াড়দের খুব শ্রদ্ধা করতাম। বাথরুমে ঢুকলেই, নানারকম অ্যাডভেঞ্চারের কথা ভাবতে আমার ভালো লাগত খুব। আমি যেন একটা অভিযাত্রী দলের নেতা হয়ে এভারেস্ট উঠছি—চূড়ায় উঠে প্রথম আমি পতাকা উড়িয়ে দিলাম, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল আমার নাম, অংশুমান দত্ত বললেই যেকোনও লোক চিনতে পারবে—তখনও তেনজিং-হিলারি ওঠেনি তো...। কিংবা, জাহাজে করে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে যাচ্ছি, একটা বাচ্চা মেয়ে হঠাৎ রেলিং থেকে পড়ে গেল জলে, সবাই হায় হায় করছে, মেয়েটা হাবুডুবু খাচ্ছে বিষম ঢেউয়ের মধ্যে, তখন আমি, এই অংশু দত্ত ডাইভ দিয়ে পড়লাম জলে, সাঁতার দিয়ে অনায়াসে বাচ্চা মেয়েটাকে উদ্ধার করে আনলাম! সবাই তখন আমাকে নিয়ে...বাথরুমে বসে এইসব ভাবতে ভাবতে আমার রোমাঞ্চ হত! যদিও, মনে মনে খুব সূক্ষ্মভাবে জানতুম, এসব আমার দ্বারা কোনওদিনই করা সম্ভব হবে না। সাঁতার কাটতে গেলে একটুতেই আমি হাঁপিয়ে পড়ি, বেশিক্ষণ ফুটবল খেলতে গেলে দম ফুরিয়ে যায়। অ্যাথলিটদের মতন শরীরের গড়ন নয় আমার। সেইজন্যই যারা ভালো অ্যাথলিট তাদের প্রতি আমার খুব শ্রদ্ধা ছিল। আমার মনে হত, তারা আমার চেয়ে অনেক উঁচু জাতের মানুষ। মিহির ছিল সত্যিকারের ভালো খেলোয়াড়। আমাদের নর্থ পয়েন্ট স্কুলের ফুটবল টিম কখনও হারত না। মিহিরের ড্রিবলিং, পাসিং ছিল সত্যিই দেখবার মতন, হাফ-গ্রাউন্ডের এপাশ থেকে সট মেরে ও গোল করে দিতে পারত। অথচ মিহিরকে শ্রদ্ধা করা সম্ভব ছিল না। মিহির সবসময় অসভ্য কথা বলত, মাস্টারমশাইদের নামে আড়ালে এমন সব গালাগালি দিত, যা আমরা কল্পনাই করতে পারতুম না। আমাদের ক্লাসের অনেক ছেলেকে মিহির সিগারেট ধরিয়েছে। আমি কিছুতেই সিগারেট খেতে রাজি হতুম না। মিহির যখন-তখন আমার গাল টিপে দিয়ে বলত, মানচু, মানচু, তুই মেয়ে হলি না কেন রে? সবাই বলে, ছেলেবেলায় আমি দেখতে বেশ ভালো ছিলাম। আমাদের রেলওয়ে কোয়ার্টারসের পেছনে মেথরদের ওঠার যে ঘোরানো সিঁড়ি, সেইখান দিয়ে মিহির তিনতলায় আমার ঘরে উঠে আসত দুপুরবেলা। মা ওকে দু'চক্ষে দেখতে পারতেন না। পড়াশুনোয় আমি মোটামুটি ভালোই ছিলাম। বাবা ছিলেন বিষম বদরাগী। ছুটির দিনে প্রত্যেক দিন দুপুরে দশটা অঙ্ক আর পাঁচটা জ্যামিতির একস্ট্রা না করলে বাবা ভয়ংকর রাগ করতেন। মারতেনও মাঝে মাঝে। একবার বাবার হাতের প্রচণ্ড একটা থাপ্পড় খেয়ে নাক দিয়ে এমন রক্ত পড়তে শুরু করেছিল যে, মা কেঁদে ভাসিয়েছিলেন। মিহির আসত আমার কাছে অঙ্ক বুঝে নিতে। মিহির বলত, খা না, খেয়ে দ্যাখ না একটা। সিগারেট না খেলে মুখ থেকে দুধের গন্ধ ছাড়ে না! আমি কিছুতেই রাজি হতুম না। আমার ধারণা ছিল, খারাপ ছেলেরাই সিগারেট খায়। আমি খারাপ ছেলে হতে চাইনি। আমি ভালো হব, বড় হব, সুভাষ বোসের মতন হব, দেশের জন্যে প্রাণ দেব, এইসব ভাবতাম। মাঝে মাঝে মাথায় গান্ধী টুপি পরতাম। প্রত্যেকদিন সকালে উঠে ওঁ জবাকুসুম সঙ্কাশং শ্লোক আবৃত্তি না করে কিছু খেতামও না। সে সময় আমাদের ধারণা ছিল, দ্বিতীয় মহাযুদ্ধ বহুদিন ধরে চলবে। আমার বাসনা ছিল, খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠে, আমি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করব। সাধারণ মানুষের মতন চাকরিবাকরি করব না, বিয়ে করব না। কিন্তু মিহির এসে জুটেছিল কুগ্রহের মতন। আমাকে লালটু, রাঙামুলো এইসব বলে রাগাত—আমি ওর সঙ্গে কথা বলতে চাইতাম না—তবু জোর করে দুপুরবেলা আসত। একদিন কতকগুলো ছবি দেখিয়েছিল আমায়—সেই ছবি দেখে ভয়ে আমার রক্ত হিম হয়ে এসেছিল। ছেলেবেলায়, সেই তেরো বছর বয়সে মনে হয়েছিল, কী খারাপ ওইসব ছবি—কী ভয়ংকর পাপের দৃশ্য! এলাহাবাদে ওই ধরনের খারাপ জিনিস ছিল বইয়ের দোকানে—কখনও আমি তাকিয়ে দেখিনি। ছেলেবেলায় সবচেয়ে আঁতে ঘা লাগে, যদি কেউ কাপুরুষ বলে। মিহির একদিন আমাকে তাই বলেছিল। আমি ভয়ংকর রেগে উঠে বলেছিলাম, যা, যাঃ—তোর বীরত্ব ঢের জানা আছে। আমি সিগারেট খেতে চাই না—তা বলে পারি না ভেবেছিস? দে দেখাচ্ছি! ওর হাত থেকে জ্বলন্ত সিগারেট নিয়ে হুস করে একটা টান দিয়ে বলেছিলাম, এই তো খেলুম, কী আছে এর মধ্যে? সেই প্রথম, উনিশশো ঊনচল্লিশে জুন মাসের এক দুপুরে, তখন আমার বয়স তেরো। আজ একচল্লিশ বছর বয়সে পাঁচ প্যাকেটের কম সিগারেটে আমার চলে না। মিহির হাসতে হাসতে বলল, পুরোটা খা, তবে তো বুঝব! একটানে আর কী হয়? আমার তখনও রাগ, আমি সিগারেটটাকে মুঠো করে ধরে বিষম জোরে তিন-চারটে টান দিতেই—আমার অসম্ভব চোখ জ্বালা করে উঠল, দম আটকে গেল, কাশতে কাশতে আমি নুয়ে পড়লুম। মিহির আমাকে জড়িয়ে ধরে মাথায় ফুঁ দিতে দিতে বলল, ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। পিঠটা সোজা কর— একটু বাদে যখন আমার কাশি কমল, তখন আমার চোখে জল, মুখখানা লাল—মিহির আমার মুখটা তুলে বলল, ইস তোর খুব কষ্ট হয়েছে, না রে? তখন কিন্তু মিহিরের গলায় আর ঠাট্টার সুর নেই। যেন ও খানিকটা অনুতপ্ত, সত্যিই আমার জন্য দুঃখ পাচ্ছে। তারপর, মিহির একটা অবিশ্বাস্য (সেই কৈশোর-জীবনের পক্ষে) কাণ্ড করল। টপ করে ও আমার ঠোঁটে একটা চুমু খেল। আমি বিস্ময়ে ঘৃণায় শিউরে ওর দিকে তাকিয়ে রইলাম। মিহিরের মুখখানা কীরকম বদলে গেছে। মুখে খানিকটা লজ্জা লজ্জা ভাব, অথচ চোখদুটো নেশাখোরের মতন ঘোলাটে। মিহির ফিসফিস করে বলল, অংশু, তুই আমার রানি হবি? আমি তখনও ঘোর বিস্ময়ে; জিজ্ঞেস করলাম, রানি হব? তার মানে কী? আমি কী করে রানি হব? মিহির অদ্ভুতভাবে হেসে বলল, মনে কর, আমি রাজা, তুই আমার রানি! আর কেউ এ কথা জানতে পারবে না! কথা বলতে বলতে মিহির আমার কাঁধে হাত রেখে আমার ঠোঁটের কাছে ওর মুখ নিয়ে এল। আমি তাড়াতাড়ি আমার হাত বাড়িয়ে ওকে আটকাবার চেষ্টা করলাম—ও তবু জোর করে আবার ঠোঁট ছুঁইয়েছে—আমি কনুই দিয়ে ওর মুখ ফাটিয়ে দেবার চেষ্টা করছি। ঘেন্নায় আমার গা রি রি করছে তখন। মিহির উন্মত্তের মতন আমাকে জড়িয়ে ধরে বলল, অংশু, আমি তোকে ভালোবাসি, মাইরি—। আমি মিহিরকে ধাক্কা দিয়ে ফেলে দেবার চেষ্টা করলাম। মিহিরের গায়ের জোর ঢের বেশি ছিল, কিছুক্ষণ ধস্তাধস্তির পর—টেবিলের ওপর জিয়োমেট্রি বক্স খোলা ছিল—তার থেকে কম্পাসটা তুলে দুটো কাঁটাই আমি মিহিরের পিঠে গেঁথে দিলাম। যন্ত্রণায় কুঁকড়ে উঠে মিহির ছিটকে খাট থেকে পড়ে গেল, আমি ছুটে গেলাম বাথরুমে। বার বার মুখ ধুলাম, সাবান দিয়ে ঠোঁটদুটো ঘষতে লাগলাম, তবু মুখ থেকে সেই বিশ্রী স্বাদ গেল না। শুধু মনে হতে লাগল, আমার ঠোঁটে মিহিরের থুতু লেগে আছে। ওই ঘটনার জন্যই প্রথম সিগারেট খাওয়ার দিনটার কথা আমার মনে আছে। মিহিরের প্রতি রাগ থেকেই আমি তারপর বেশ কিছুদিন সিগারেটের ওপর তীব্র ঘৃণা বুকে পুষে রেখেছিলুম। আজ একচল্লিশ বছর বয়সেই, অতিরিক্ত সিগারেট খাওয়ার দোষে আমার ক্যানসার হওয়ার ভয় জন্মেছে। ক্যানসারই হয়েছে আমার, আর বেশিদিন আয়ু নেই। ১৪ই ফেব্রুয়ারি, ১৯৬৬ সকালবেলা রতন এসেছিল। রতনও আমার সেই ছেলেবেলাকার এলাহাবাদের বন্ধু। রতনকে আজ একটা মিথ্যে কথা বললাম। রতন বহুদিন এদেশে ছিল না। ফরেন সার্ভিস নিয়ে বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসে ঘুরেছে। শেষবার ক্যানাডায়, আবার বদলি হবার আগে দু'মাসের ছুটি পেয়ে দেশে ফিরেছে। বেশ উন্নতি করেছে রতন, চেহারাও ফিরেছে, আমারই বয়সি—অথচ দেখলে ছোকরা বলে মনে হয়। জীবন কত অদ্ভুতভাবে বদলায়! ছেলেবেলায়, সেই এলাহাবাদে, কেউ স্বপ্নেও কি ভেবেছিল, রতন কোনওদিনও এমন উন্নতি করবে, এমন স্মার্ট ব্যবহার, সুন্দর চেহারা হবে তার! আজ চেয়ারে বসবার সময় রতন খুব কায়দার সঙ্গে দু'হাঁটুর সামনে প্যান্ট চেপে ধরে একটু টেনে নেয়। বিস্ময় প্রকাশ করতে গিয়ে, 'তাই নাকি?' বলার সময় এমন সুন্দর ভাবে ভুরুদুটো কোঁচকায়, ঠিক সাহেবদের মতন! রতনকে আমরা সবাই ইস্কুলে পড়ার সময় ল্যাবা বলে খেপাতুম। মিহির ওকে বলত লেধরুস! টেস্ট পরীক্ষায় রতন দু' সাবজেক্টে ফেল করেছিল, আমার স্পষ্ট মনে আছে। রতনের বাবা ছিলেন এলাহাবাদের খুব নামকরা উকিল, তিনি অনেক চেষ্টা করে রতনকে অ্যালাউ করিয়েছিলেন। সেই পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছিলাম। মাস্টারমশাইরা বলেছিলেন, আমিই সেবার স্কুলের মুখ উজ্জ্বল করব! রতন ছিল নেহাত করুণার পাত্র। আজ আমি সরকারি অফিসে সামান্য জুনিয়ার অফিসার হয়েছি! আর রতন ফরেন সার্ভিসে যেরকম উন্নতি করছে—শিগগিরই ভাইস কনসাল হয়ে যাবে! কলেজে এসে অবশ্য রতন পড়াশুনোয় উন্নতি করেছিল, তাও এমন কিছু না, কোনওদিনই ও চালাকচতুর চটপটে ছেলে ছিল না। আমরা কখনও কোথাও পিকনিকে গেলে কিংবা বেড়াতে গেলে, রতন প্রথমেই বাথরুমের খোঁজ করত। ওইটি ছিল ওর প্রধান দুর্বলতা। কখন যে রতনের ওইটি পাবে ঠিক ছিল না, দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে মগ হাতে নিয়ে ছুটত। রতনের বাবার ক্ষমতা ছিল বাড়িতে প্রফেসার রেখে রতনকে পড়াবার। আর কলেজে পড়তে পড়তেই আমার বাবা যদি মারা না যেতেন...থাক ওসব কথা। রতনের উন্নতিতে আমি সত্যিই খুব খুশি হয়েছি। জীবনের অনেক কিছুই এমন আকস্মিকভাবে বদলায়। আমিও তো আগে খুব লাজুক ছিলাম, এখন তা একটুও বোঝা যায়! রতন সব পুরনো বন্ধুদের কথা জিজ্ঞেস করছিল। এলাহাবাদের সেই বাল্যকালের স্মৃতি নিয়ে খেলা করতে ওর ভালো লাগছিল। কথায় কথায় রতনই জিজ্ঞেস করল—মিহির কোথায় আছে আমি জানি কিনা। মিহিরকে ওর বেশ মনে আছে। আমি মিথ্যে কথা বললাম। এমন ভাব দেখালাম, যেন সেই মিহিরের কথা আমার মনে নেই। অনেকক্ষণ পর অতিকষ্টে মনে পড়ার ভান করে বললাম, নাঃ, তার সঙ্গে আজ কুড়ি-পঁচিশ বছর আর দেখা হয়নি। এখন রাস্তায় দেখা হলে হয়তো চিনতেই পারব না। রত
No Review
Related Books
Loading books…