Home
পঞ্চনদের তীরে

পঞ্চনদের তীরে

হেমেন্দ্রকুমার রায়

পঞ্চনদের তীরে

হেমেন্দ্রকুমার রায়
novel

Change color

প্রাচীন ঐতিহাসিক ভারতের সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ স্বদেশভক্ত বীর ও সম্রাট চন্দ্রগুপ্ত সম্বন্ধে ভারতীয় জনসাধারণের পরিষ্কার ধারণা নেই৷ ভারতব্যাপী দেশাত্মবোধের এই নবজাগরণের যুগেও দেশীয় বিদ্যামন্দিরের পাঠ্য ইতিহাসে এখনকার ছেলেমেয়েদের এ-সম্বন্ধে সচেতন করবার চেষ্টা দেখা যায় না৷ আমাদের সত্যিকার জাতীয় জীবনের এই অসাড়তা লক্ষ করলে হতাশ হতে হয়৷


‘পঞ্চনদের তীরে’ উপন্যাস বটে, কিন্তু এর আখ্যানবস্তু কোথাও ঐতিহাসিক ভিত্তি ছেড়ে অগ্রসর হবার চেষ্টা করেনি৷ যে-সময়ের কথা আমি বলতে বসেছি, সে-সময়কার ঐতিহাসিক সূত্র এখনও নানা স্থানে বিচ্ছিন্ন হয়ে আছে, সেই কারণে স্থলবিশেষে উপন্যাসের মর্যাদা ও ধারাবাহিকতা রক্ষা করবার জন্যে কিছু-কিছু কল্পনার আশ্রয় নিতে বাধ্য হয়েছি, কিন্তু সে-কল্পনাও কোথাও ঐতিহাসিক সত্যকে বাধা দেয়নি৷


ধরুন, শশীগুপ্তের কথা৷ ওই দেশদ্রোহীর শেষ জীবন অতীতের অন্ধকারের মধ্যে চিরদিনের জন্যে লুপ্ত হয়ে গেছে, ইতিহাসও তার সম্বন্ধে নীরব৷ কিন্তু তার একটা পরিণাম না দেখালে উপন্যাস হয় অসম্পূর্ণ৷ অতএব ওখানে কল্পনা ব্যবহার করা ছাড়া উপায়ান্তর নেই এবং গোঁড়া ঐতিহাসিকরাও সেইজন্যে আপত্তি প্রকাশ করবেন বলে মনে হয় না৷ তারপর ধরুন, সুবন্ধু প্রভৃতি সম্পর্কীয় ঘটনাবলি৷ প্রাচীন ইতিহাসকে ভালো করে গল্পের ভিতর দিয়ে দেখাবার জন্যেই ওদের অবতারণা করা হয়েছে৷ সুবন্ধু প্রভৃতি ভাগ্যান্বেষী সৈনিক বটে, কিন্তু সেকালকার ভারতে ওদের মতন লোকের ভিতরেও যে অতুলনীয় বীরত্ব ও স্বদেশভক্তির অভাব ছিল না, Massaga নামক স্থানে আলেকজান্ডারের দ্বারা সাত হাজার ভারতীয় ভৃতক-সৈন্যের (mercenaries) হত্যাকাণ্ডেই তার জ্বলন্ত প্রমাণ পাওয়া যায়৷ তারা প্রত্যেকে সপরিবারে প্রাণ দিল, তবু বিদেশি শত্রুর অধীনে চাকরি স্বীকার করল না! অতএব কাল্পনিক হলেও সুবন্ধু প্রভৃতিকে আমরা ঐতিহাসিক ভারতীয় চরিত্র বলে গ্রহণ করতে পারি অনায়াসেই৷


পঞ্চনদের তীরে স্বাধীন ভারতের পুনঃ দেখানোই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য৷ সেই কারণে, সম্রাট চন্দ্রগুপ্তের পরবর্তী জীবন দেখাবার প্রয়োজন বোধ করিনি, প্রসঙ্গক্রমে সর্বশেষে দু-চারটি ইঙ্গিত দিয়েছি মাত্র৷


এই বইখানি কেবল যারা বয়সে বালক তাদের জন্যই লেখা হল না৷ পরীক্ষা করে দেখেছি, প্রাচীন ভারতের ইতিহাস সম্বন্ধে এদেশের বয়স্ক পাঠকরাও বালকদের চেয়ে কম অজ্ঞ নন৷ বইখানি লেখবার সময়ে তাঁদের কথাও বার বার মনে হয়েছে৷ ইতি-


‘পঞ্চনদের তীরে,

বেণী পাকাইয়া শিরে

দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে জাগিয়া উঠিল শিখ-

নির্মম, নির্ভীক৷’


রবীন্দ্রনাথের অপূর্ব গাথার কথা তোমরা সকলে নিশ্চয়ই জান৷


কিন্তু পঞ্চনদের তীরে শিখরাই কেবল জেগে ওঠেনি, এখানেই সর্বপ্রথমে জাগ্রত হয়েছিল আর্য ভারতবর্ষের বিরাট আত্মা৷


পঞ্চনদের তীরেই হয়েছে বারে বারে ভারতবর্ষের উত্থান এবং পতন৷ কত কত বার ভারত উঠেছে পড়বার জন্যে এবং পড়েছে ওঠবার জন্যে৷ আহত হয়েছে, নিহত হয়নি৷


এই পঞ্চনদের তীরে কোন স্মরণাতীত কালে অনার্য জনপদের উপরে বন্যাপ্রবাহের মতো ভেঙে পড়েছিল আর্য অভিযানের পর অভিযান৷ এবং তারপর এই পঞ্চনদের তীরেই দেখা গেল যুগে যুগে কত জাতির পর জাতির মিছিল-পার্সি, গ্রিক, শক, হুন, তাতার, মোগল ও পাঠান৷ যে-পথে তারা মহাভারতকে সম্ভাষণ করতে বেরিয়েছিল, সেই চিরবিখ্যাত খাইবার গিরিসংকট আজও অটল হয়ে দাঁড়িয়ে আছে তেমনি উদ্ধত ভ্রূকুটিভঙ্গে! কত মহাকাব্য আবৃত্তি করতে পারে ওখানকার প্রতি ধূলিকণা!


কেবল ব্রিটিশসিংহের গর্জন ভেসে এসেছে ভারত সাগরের ওপার হতে৷ কিন্তু মহাসাগরকে সেকালের ভারতবর্ষ এক হিসাবে কখনো খুব বড়ো করে দেখেনি-কারণ সমুদ্রপথ ছিল তারই নিজস্ব দিগ্বিজয়ের পথ৷ ওপথে বেরিয়েছে সে নিজে দেশে দেশে বাণিজ্য করতে, ধর্মপ্রচার করতে, রাজ্যজয় করতে, উপনিবেশ স্থাপন করতে-কাম্বোডিয়ায়, জাভায় এবং মিশরে৷ এবং মিশরের আলেকজান্দ্রিয়া থেকে গ্রিসে ও রোমে৷ ও পথে তাকে জয় করবার জন্যে আর কেউ যে আসতে পারে, প্রাচীন ভারতবর্ষের স্বপ্নে এ কাহিনি ছিল না৷


তোমরা কী ভাবছ? আমি গল্প বলছি, না ইতিহাসের পুনরাবৃত্তি করছি? কিন্তু একটু ধৈর্য ধরো৷ তোমরা ‘অ্যাডভেঞ্চারে’র কথা শুনতে ভালোবাসো৷ এবারে যে বিচিত্র ‘অ্যাডভেঞ্চারে’র কথা বলব, তা হচ্ছে মহাভারতের ও মহাগ্রিসের মহাঅ্যাডভেঞ্চার!


মধ্য-এশিয়া থেকে দক্ষিণ দিকে যখন আর্য অভিযান শুরু হয়, তখন তাদের একদল আসে ভারতবর্ষে, আর একদল যায় পারস্যে৷ অর্থাৎ ভারতবাসী আর্য আর পারস্যবাসী আর্যরা ছিলেন মূলত একই জাতি৷ প্রাচীন ভারতের ও প্রাচীন পারস্যের ধর্মের মধ্যেও এই একত্বের যথেষ্ট প্রভাব আবিষ্কার করা যায়৷ কিন্তু বহু শতাব্দী বিভিন্ন দেশে বাস করে ভারতবাসীরা ও পারসিরা নিজেদের একজাতীয়তার কথা সম্পূর্ণরূপে ভুলে গেল৷


আর্য হিন্দুরা বাস করতেন উত্তর-ভারতে৷ এবং ভারতের দক্ষিণ প্রদেশকে তাঁরা অনার্যভূমি বলে অত্যন্ত ঘৃণা করতেন৷ এমনকী অঙ্গ বঙ্গ কলিঙ্গকেও তাঁরা আমলে আনতেন না, কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণ এ-অঞ্চলে এলে তাঁকে পতিত বলে মনে করা হত৷ সেই পুরোনো মনোভাব আজও একেবারে লুপ্ত হয়নি৷ আজও উত্তর-ভারতের ব্রাহ্মণরা বাঙালি ব্রাহ্মণদের শ্রদ্ধার চোখে দেখেন না৷


কিন্তু এই ঘৃণিত অনার্যভূমি বা পূর্ব-ভারতের বর্ণসংকর ক্ষত্রিয়রাই পরে ধর্মে আর বীরত্বে সারা ভারতের মধ্যে অগ্রগণ্য হয়ে উঠলেন-অদৃষ্টের এমন পরিহাস! বাংলাদেশের আশেপাশেই মাথা তুলে দাঁড়াল শিশুনাগবংশ, নন্দবংশ, মৌর্যবংশ (যে-বংশে জন্মান চন্দ্রগুপ্ত ও অশোক), ও গুপ্তবংশ প্রভৃতি, খাঁটি আর্য না হয়েও এইসব বংশের বীরবৃন্দ ক্রমে সমগ্র ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করে ফেললেন৷


ধর্মেও দেখি এই অঞ্চলে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে বৌদ্ধমতের আবির্ভাব এবং বুদ্ধদেবও সৎক্ষত্রিয় ছিলেন না৷


এই সময়েই ভারতীয় হিন্দুদের করতলগত পঞ্চনদের তীরে প্রথম বিদেশি শত্রু-অর্থাৎ পারস্যের রাজা প্রথম দরায়ুস মুক্ত তরবারি হাতে করে দেখা দেন৷ প্রাচীন ভারতের ইতিহাস ছিল না৷ সুতরাং আসল ব্যাপারটা কী হয়েছিল জানা যায় না৷ কিন্তু পারসিরা বলে, তারা ভারতবর্ষ জয় করেছিল৷ তবে ঐতিহাসিকদের মত হচ্ছে, পারসিরা সিন্ধুনদের তীরবর্তী দেশগুলি ছাড়িয়ে বেশিদূর এগোতে পারেনি৷ তার বাইরে গোটা ভারতবর্ষের অধিকাংশ প্রদেশে তখন যে-সব পরাক্রান্ত রাজারাজড়া বাস করতেন, তাঁদের স্বাধীনতা ও শক্তি ছিল অক্ষুণ্ণ৷


পারসিদের অধীনে যে জনকয়েক করদ ভারতীয় রাজা ছিলেন, এ-বিষয়ে সন্দেহ নেই৷ কারণ গ্রিসের সঙ্গে যখন পারস্যের শক্তি-পরীক্ষা হয় বারংবার, তখন পরবর্তী যুগেও সিন্ধুতটবাসী কয়েকজন ভারতীয় রাজা পারসিদের সাহায্য করবার জন্যে সৈন্য পাঠাতে বাধ্য হয়েছিলেন৷


পট পরিবর্তন করলেই দেখি, এর পরের দৃশ্য হচ্ছে একেবারে খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে৷ ভারতবর্ষে তখন বৈদিক হিন্দুধর্মের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে বৌদ্ধধর্ম৷ পঞ্জাবে তখন বীর ও সৎক্ষত্রিয় বলে মহারাজা পুরুর বিশেষ খ্যাতি৷ পূর্ব-ভারতে অর্ধ-আর্য নন্দবংশ রাজত্ব করছে৷ চন্দ্রগুপ্ত তখন যুবক, প্রাচ্য ও পাশ্চাত্যের যুদ্ধবিদ্যা শিখে তিনি শক্তি সঞ্চয় করছেন- ভারতবর্ষের সিংহাসনের দিকে তাঁর লোলুপ দৃষ্টি৷


প্রতীচ্যের প্রধান নাট্যশালা তখন গ্রিসে৷ এই গ্রিকরাও ছিলেন উত্তর-ভারতীয় হিন্দু ও পারসিদের মতো আর্য, তাঁদেরও পূর্বপুরুষরা এসেছিলেন স্মরণাতীতকাল পূর্বে মধ্যএশিয়ার আদি আর্যস্থান থেকে৷ অধিকাংশ ইউরোপে তখন অসভ্য বর্বরদের বাস এবং রোম হচ্ছে শিশু,- মহা গ্রিসের শৌর্য-বীর্য ও সভ্যতার যবনিকা সরিয়ে তার দৃষ্টি ভবিষ্যতের বিরাট অপূর্বতা তখনও দেখতে পায়নি৷


গ্রিসে তখন নূতন নাটক রচনার চেষ্টা করছে মাসিডনিয়া-আর্যাবর্তে অর্ধ-আর্য পূর্ব-ভারতের চন্দ্রগুপ্তের মতো৷ এবং মাসিডনিয়ার বাসিন্দাদেরও কুলীন গ্রিকরা মনে করতেন অর্ধ-গ্রিক ও অর্ধ-বর্বরের মতো৷


মাসিডনিয়ার অধিপতি ফিলিপ নিজের বাহুবলে গ্রিকজগতে কৌলীন্য অর্জন করেছিলেন৷ অকালে শত্রু-কবলে ফিলিপ যখন অপঘাতে মারা পড়লেন, তখন তাঁর পুত্র আলেকজান্ডার পেলেন সিংহাসনের সঙ্গে পিতার স্বহস্তে শিক্ষিত দুর্ধর্ষ, বিপুল সৈন্যবাহিনী৷ তাঁর বয়স তখন বিশ বৎসর মাত্র৷ কিন্তু এই বয়সেই তিনি লাভ করেছিলেন পিতার রাজনৈতিক বুদ্ধি ও যুদ্ধপ্রতিভা এবং মাতা ওলিম্পিয়াসের ধর্মোন্মাদ, আবেগ-বিহ্বলতা ও কল্পনাশক্তি৷


কৌলীন্য-গর্বিত গ্রিকরা অর্ধ-সভ্য বালক রাজার বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করল৷ কিন্তু আলেকজান্ডার তখনই খাপ থেকে তরবারি খুলে সৈন্যদের নিয়ে বেরিয়ে পড়লেন মূর্তিমান ঝড়ের মতো এবং অত্যন্ত অনায়াসে সমস্ত বিদ্রোহ দমন করে দেখিয়ে দিলেন, তিনি বালক বটে, কিন্তু দুর্বলও নন, নির্বোধও নন! যার বাহুবল ও বীরত্ব আছে, পৃথিবীতে তার চেয়ে বড়ো ক্ষত্রিয় আর কেউ নেই৷


খাঁটি হিন্দু সংস্কৃতি আর সভ্যতার অধঃপতনের সময়েই ভারতবর্ষে অর্ধ-আর্য চন্দ্রগুপ্ত ও সম্রাট অশোক প্রভৃতির আবির্ভাব৷ তাঁদের প্রতিভা ভারতীয় সংস্কৃতি আর সভ্যতাকে আজও করে রেখেছে বিশ্বের বিস্ময়৷


এবং আদিম গ্রিক সংস্কৃতি ও সভ্যতার অধঃপতনের যুগেই অর্ধ-গ্রিকরূপে গণ্য আলেকজান্ডার আত্মপ্রকাশ করেন৷ গ্রিক সভ্যতার বাণী সারা পৃথিবীতে প্রচার করবার ভার নিলেন তিনিই৷ কুলীন গ্রিকরা তাঁকে ঘৃণা করতেন বটে, কিন্তু তিনি না থাকলে গ্রিক সভ্যতার মহিমা আজ এমন অতুলনীয় হতে পারত না৷ তাঁর প্রতিভায় গ্রিক সংস্কৃতির খ্যাতি প্রতীচ্যের সীমা পেরিয়ে ভারতের পঞ্চনদের তীরে ও মধ্য-এশিয়ায় বিস্তৃত হয়ে পড়েছিল৷


গ্রিসের প্রতিবেশী ছিল তখন প্রাচ্যের সব-চেয়ে পরাক্রান্ত রাজ্য পারস্য৷ পারসিরা একাধিকবার গ্রিকদের আক্রমণ করেছিল৷ গ্রিকরা কোনো রকমে আত্মরক্ষা করতে পেরেছিল বটে, কিন্তু তাদের দুর্দশা হয়েছিল যৎপরোনাস্তি৷ নিজেকে সমগ্র গ্রিসের দলপতিরূপে প্রতিষ্ঠা করবার জন্যে তরুণ বীর আলেকজান্ডার বলেন, ‘গ্রিস আমার স্বদেশ৷ প্রাচ্যের পারসিরা আমার স্বদেশের উপর যখন অত্যাচার করছে, আমিও পারস্য সাম্রাজ্য অধিকার করে প্রতিশোধ নেব৷’


পারস্য সাম্রাজ্য তখন পারস্যেরও বাইরে এশিয়া-মাইনরে, মিশরে, ব্যাবিলনে ও ভারতে সিন্ধুনদের তট পর্যন্ত বিস্তৃত৷ পারস্যের সিংহাসনে বসেছেন তখন তৃতীয় দরায়ুস কোডোমেন্নাস৷ তিনি মহাসম্রাটরূপে পরিচিত বটে, কিন্তু তাঁর যুদ্ধপ্রতিভা ছিল না৷


ইসসাস রণক্ষেত্রে প্রথমে প্রাচ্য ও প্রতীচ্যের শক্তি পরীক্ষা হয় (খ্রি. পূ. ৩৩২)৷ ছয় লক্ষ সৈন্য নিয়ে দরায়ুস আক্রমণ করলেন আলেকজান্ডারকে৷ সংখ্যায় গ্রিকরা যথেষ্ট দুর্বল ছিল এবং দরায়ুসের যুদ্ধপ্রতিভা থাকলে সেইদিনই মিলিয়ে যেত আলেকজান্ডারের দিগ্বিজয়ের স্বপ্ন৷ কিন্তু অতিশয় নির্বোধের মতো দরায়ুস একটি সংকীর্ণ ক্ষেত্রের মধ্যে নিজের বিপুল বাহিনী চালনা করলেন৷ ফলে সংখ্যায় ঢের বেশি হয়েও পারসিরা কিছুই করতে পারল না৷ তারা পঙ্গপালের মতো দলে দলে মারা পড়ল, বাদবাকি ইউফ্রেটেস নদী পেরিয়ে পালিয়ে গেল৷


পরে পরে আরও অনেকগুলি যুদ্ধে জয়লাভ করে আলেকজান্ডার পারস্য সাম্রাজ্যের অধিকাংশ দখল করলেন৷ পারস্যের রাজধানী বিখ্যাত নগর পার্সিপোলিসকে অগ্নিশিখায় আহুতি দেওয়া হল এবং এক স্বদেশি বিশ্বাসঘাতকের হস্তে দরায়ুস মারা পড়লেন৷


বিজয়ী আলেকজান্ডার তখন সগর্বে পৃথিবীর চতুর্দিকে দৃষ্টিপাত করলেন৷ কিন্তু ইউরোপে ও আফ্রিকায় তখনকার সভ্যজগতে নিজের কোনো যোগ্য প্রতিদ্বন্দ্বী দেখতে পেলেন না৷ রোমের জন্ম হয়েছে, কিন্তু আগেই বলেছি, সে তখন শিশু৷


হঠাৎ আলেকজান্ডারের মনে পড়ল ভারতবর্ষের কথা৷ ভারতীয় সভ্যতার খ্যাতি তখন দেশ-দেশান্তর অতিক্রম করে গ্রিসেও গিয়ে উপস্থিত হয়েছে৷ বাণিজ্যপথেও ভারতীয় পণ্যদ্রব্যের আদর কম নয়৷ ভারতেও পারসিদের সাম্রাজ্যের অংশ আছে৷ এবং যুদ্ধক্ষেত্রেও পারসিদের পক্ষে উত্তর-ভারতীয় দীর্ঘদেহ সরলবাহু আর্য বীরদের পরাক্রম আলেকজান্ডার স্বচক্ষে দেখবার সুযোগ পেয়ে

**********
No Review
Related Books
Loading books…