Home
দৈনন্দিন

দৈনন্দিন

হুমায়ূন আহমেদ

দৈনন্দিন

হুমায়ূন আহমেদ
novel

Posted byশেষ পৃষ্ঠা18-Mar-2025

Change color

বিক্ষোভ ক্রমেই দানা বাঁধতে লাগল। বিকেল প্রায় চারটে থেকে ট্রেন বন্ধ। আপ-এ দু-একটা গাড়ি চললেও, ডাউনে একটা গাড়িরও পাত্তা নেই। আদপে কোনও গাড়ি আসবে কি না, সে কথা কেউ বলতে পারছে না। আধ ঘণ্টা আগেও, ইস্টিশনের মাইকে মাঝে মাঝে ঘোষণা শোনা যাচ্ছিল, কয়েকটি ইস্টিশন আগে, ওভারহেড লাইনের তার কেটে নেওয়ায়, ডাউনের গাড়ি আসতে পারছে না। তার যোজনার কাজ নাকি আরম্ভ হয়েছে। হয়ে গেলেই নিয়মিত গাড়ি চলাচল শুরু হবে।


কারা তার কেটে নিয়ে গিয়েছে, এবং দিনে দুপুরে একটা শহরতলির জনসমৃদ্ধ ব্যস্ত অঞ্চলে, কী করেই বা তা সম্ভব, এসব কথা আজকাল আর কেউ জিজ্ঞেস করে না। বোধহয়, এ ধরনের স্বাভাবিক প্রশ্ন, আজকাল আর কারোর মনে উদয়ই হয় না। সাধারণ মানুষ তো অনেক দূরের কথা, কর্তৃপক্ষ বা সংবাদপত্র, কোনও মহলেই, এ বিষয়ে কোনও জিজ্ঞাসা নেই। কেবল সংবাদ পরিবেশন এবং ঘোষণাতেই সব কিছু সমাপ্ত। অমুক জায়গায় তার কেটে নিয়েছে, অতএব গাড়ি চলাচল বন্ধ।


আধ ঘণ্টা ধরে, ইস্টিশনের মাইক মৌনব্রত অবলম্বন করেছে। কোনও সাড়া-শব্দ নেই। না থাকার কারণও নিশ্চয় যথেষ্টই আছে। ইস্টিশনের কর্মীরা ইস্টিশনেই আছে। সংবাদের জন্য, একমাত্র টেলিফোন তাদের ভরসা। টেলিফোনে কোনও সংবাদ না পেলে, তাদের ঘোষণার কিছু থাকে না। এদিকে প্ল্যাটফরমে ক্রমাগত ভিড় বাড়ছে। চিৎকার হই-হট্টগোল ক্রমেই যেন একটা বিক্ষোভের আকার নিচ্ছে। দু-ঘণ্টা পার হতে চলেছে। ছটা বাজে। সন্ধ্যা আসন্ন। সূর্য ডুবে গিয়েছে। প্রায় পাঁচটা ট্রেনের যাত্রী, প্ল্যাটফরমে জমেছে। দেখে মনে হচ্ছে, প্ল্যাটফরমেও আর জায়গা নেই। তাই অনেকে, প্ল্যাটফরমের আশেপাশে, খোলা জায়গায়, রেল লাইনের ওপরে নেমে পড়েছে, বসে পড়েছে।


সেই সকালে যারা কলকাতা থেকে, দূরের শহরতলিতে কাজে এসেছিল, এবং আগামীকাল সকালেই আবার আসতে হবে, তাদের আর ধৈর্য না থাকবারই কথা। তারা ছাড়াও, এরকম একটা বড় ইস্টিশনে, ডাউনের প্ল্যাটফরমে, এখন প্রায় কয়েক হাজার যাত্রী অপেক্ষমাণ। একটা অনিশ্চিত অবস্থায় আমরা সবাই অপেক্ষা করছি। বিভিন্ন লোকের বিভিন্ন সমস্যা রয়েছে। ক্ষুধা, ব্যাধি, সংসার, নানা কাজকর্ম এবং অনেকের কাজের শেষে বাড়ি ফেরা। অনেকের হয়তো, অনেক জরুরি কাজ রয়েছে, বহু উদ্বেগ রয়েছে। অথচ কে কী করবে, কিছুই স্থির করতে পারছে না। কেউ জানে না, এরকম অচল অবস্থায় কতক্ষণ থাকতে হবে। এরকম অবস্থায়, মানুষ ঠিক মতো কিছু চিন্তা করতে পারে না। ক্রমে বিরক্তি বাড়তে থাকে। বিরক্তির পরে রাগ জমতে থাকে। রাগ ক্রমে বিক্ষোভের আকার নিতে থাকে।


এখন অবস্থা ক্রমাগত বিক্ষোভের দিকেই এগিয়ে চলেছে। ইস্টিশনের অফিসের দিকে তাকিয়ে, কটুক্তি আর গালিগালাজ শুরু হয়েছে। আমি বা আমার মতো আরও অনেকেই বুঝতে পারছে, এক্ষেত্রে ইস্টিশনের কর্মীদের কিছু করণীয় নেই। তারা রেল চালায় না। কেবিনে কেবিনে আর অন্যান্য ইস্টিশনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা ছাড়া, তারা কিছুই করতে পারে না। তারা অসহায়। কিন্তু অসহায় আর অবুঝ বিক্ষোভ প্রকাশের কেন্দ্র হয়ে, এই ইস্টিশন আর তার কর্মীরাই, চোখের সামনে রয়েছে। ক্রুদ্ধ যাত্রী সাধারণ আর কারোকেই তাদের সামনে পাচ্ছে না, এই ইমারত আর অফিস ছাড়া, আর কিছুই পাচ্ছে না। অতএব বিক্ষোভের লক্ষ্য ক্রমে সেদিকেই দানা বাঁধছে। ইতিমধ্যেই অনেকে, ইস্টিশন মাস্টার এবং অ্যাসিস্টান্ট মাস্টারের অফিস ঘিরে ধরেছে। চিৎকার চেঁচামেচি করছে। খিস্তি খেউড় আর গালাগাল চলছে। ইস্টিশনটা ক্রমেই যেন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হতে চলেছে।


ইতিমধ্যে কিছু যাত্রী মোটরবাসের শরণাপন্ন হয়েছে। যাত্রীরা অনেকে বলাবলিও করল, এখানকার রুটে বাসের সংখ্যা নাকি ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই আশায় অনেকেই ইস্টিশনের বাইরে, শহরের রাস্তায় চলে গিয়েছে। যদিও প্ল্যাটফরমের দিকে তাকিয়ে, যাত্রীসংখ্যার কমতি কিছুই বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে, আরও যেন উপছে পড়ছে, ঢেউয়ের মতো ফুলে-ফেঁপে উঠছে। চিৎকার এবং গোলমাল আরও বাড়ছে। বিশেষ করে মেয়েদের দুর্দশার অন্ত নেই। শিশুদের অবস্থা আরও খারাপ।


এর মধ্যেই, লক্ষ করলে, আরও অনেক কিছুই চোখে পড়তে পারে।…মেয়েদের সম্পর্কে উৎসাহী ছেলের দল, অথবা ছেলেদের সম্পর্কে উৎসাহী মেয়েরা, এরকম একটা পরিস্থিতিতে, সময়টা যেন মন্দ কাটছে না। তাদের চোখে-মুখে তেমন উদ্বেগ বা অস্থিরতা দেখা যাচ্ছে না। কিংবা, এ অবস্থার মধ্যেও, যারা তাস নিয়ে বসে পড়তে পেরেছে, তাদের সময়টাও কেটে যাচ্ছে। মাঝে মাঝে কেউ হয়তো ঘড়ি দেখছে। দেখেও আবার খেলায় মেতে যাচ্ছে। বিভিন্ন দিকে, বিভিন্ন গুচ্ছ, সমান আলোচনায় মেতে আছে। একটু কান পাতলেই শোনা যায়, রাজনীতি আর সিনেমাই বেশির ভাগ আলোচনার বিষয়বস্তু। অফিসের বা কারখানার আলোচনাও আছে। এক রকম মন্দ না। তবু এরকম একটা অবস্থায়, খানিকটা অন্যমনস্ক থাকা যাচ্ছে।


কিন্তু আরও আধ ঘণ্টা পরে, পরিণতি যা ঘটবার, তাই ঘটল। এক দল লোক, ইস্টিশন মাস্টারের ঘর, বুকিং অফিস তছনছ শুরু করে দিল। ওয়েটিং রুম, গুডস অফিস, কিছুই বাদ গেল না। টেলিফোনের তার ছিঁড়ে, আসবাবপত্র ভেঙে-চুরে একাকার করতে লাগল। কর্মীরা, যারা বাধা দিতে গেল, তারা প্রহৃত হল। বুকিং অফিসের টাকাপয়সাও লুঠ হয়ে গেল। আমি অবিশ্যি বুঝতে পারছি না, কেবল মাত্র বিক্ষুব্ধ যাত্রীরাই এসব করছে কি না। রাগে এবং ক্ষোভে ভাঙচুর করাটা খুব আশ্চর্যের না। কিন্তু বিক্ষুব্ধ যাত্রীরা নিশ্চয়ই গুণ্ডা বা তস্কর না।


পরের মুহূর্তেই দেখা গেল, একদল লোক ইস্টিশনে আগুন লাগাবার চেষ্টা করছে। পাথর-ছোঁড়াছুড়ি শুরু হয়ে গিয়েছে। তাসের বা অন্যান্য আসর সব ভেঙে গিয়েছে। যাত্রীরা তখন চারদিকে ছুটোছুটি করছে। মেয়েরা শিশুদের নিয়ে নিরাপদ জায়গার খোঁজে, দিকভ্রান্ত হয়ে ছুটছে। প্ল্যাটফরমের ফ্যান লাইট সব ভাঙচুর আরম্ভ হয়েছে।


ইস্টিশনটা খুব ছোট না। জি. আর. পি-র থানা আর লক-আপ আছে। সশস্ত্র প্রহরী আছে। তারা সবাই ছুটে এল। কোথা থেকে, আর. পি. এফ-এর কয়েকজন বন্দুকধারীও এসে পড়ল। লাঠি চালনা শুরু হল। সাধারণ যাত্রীরা ভয়ে ছুটতে লাগল। বিক্ষোভকারীরা পিছু হটে, ছড়িয়ে ছিটিয়ে পড়ল। পুলিশ তার নিজের পজিশন নিয়ে দাঁড়াল। তারপরেও, কিছুক্ষণ পাথর ছোঁড়াছুড়ির পর, অবস্থা যেন একটু শান্ত হল।


আমি একদল যাত্রীর সঙ্গে, ইস্টিশনের কাছেই, রেল কোয়ার্টারের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। আগুন ধরানো যায়নি। অবস্থা অনেকটা আয়ত্তে বলেই মনেই হচ্ছে। কিন্তু যাত্রীর সংখ্যা অনেক কমে গিয়েছে। অত যাত্রী, কোথায় কোন দিকে চলে গেল, কিছুই বুঝতে পারছি না। এত বড় ইস্টিশনটা প্রায় অন্ধকার। এখানে-ওখানে কয়েকটা মাত্র আলো জ্বলছে। সশস্ত্র প্রহরীর সংখ্যা, ইতিমধ্যেই আরও বাড়ানো হয়েছে। ইস্টিশনটাকে যেন শ্মশানের মতো দেখাচ্ছে।


গোলমালের পরে, একটা আপ ট্রেন পাস করেছে। মোট প্রায় চার ঘণ্টা পরে, মুখে চোঙা লাগানো স্বরের ঘোষণা শোনা গেল, ডাউন ট্রেন আসছে। আমরা ইতিমধ্যে অন্ধকার প্ল্যাটফর্মে এসে জড়ো হয়েছিলাম। যাত্রীরা সব গেল কোথায়, সেটাই আশ্চর্য। ঘোষণার পরে, খানিকটা ভিড় হলেও, তুলনায় যাত্রীর সংখ্যা বেশ কম। অন্যান্য অগুনতি যাত্রীরা নিশ্চয় কোনও না কোনও ভাবে চলে গিয়েছে। বাস লরি টেম্পো কাজে লাগানো হয়েছে। কাছাকাছি যারা থাকে, তারা হয়তো পায়ে হেঁটেই চলে গিয়েছে।


গভীর উদ্বেগের পরে, এখন রীতিমতো অবসন্ন বোধ করছি। ঘামে ধুলোয় শরীর ভরা। মুখের ভিতরটা শুকনো। জলের কল খুঁজে নিয়ে, মুখ ধুলাম, জল খেলাম। প্ল্যাটফরমে পুলিশ টহল দিচ্ছে। দূরে, ডাউন লাইনে, আলোর বিন্দু জেগে উঠল। আশ্বস্ত বোধ করলাম। সকলেই করছে, এবং আলোর বিন্দুটিকে সকলেই উঁকি দিয়ে স্বাগত জানাচ্ছে।


একটু পরেই, গাড়ি এসে প্ল্যাটফর্মে ঢুকল। ভেবেছিলাম, যাত্রীতে ঠাসাঠাসি হয়ে আসবে। দেখলাম, তা না, গাড়ি বেশ ফাঁকা। দীর্ঘসময় ধরে গাড়ি না চলায়, অধিকাংশ যাত্রীরাই হতাশ হয়ে চলে গিয়েছে। সব ইস্টিশনে, আমাদের মতো কিছু যাত্রী রয়ে গিয়েছে। ইলেকট্রিক ট্রেন, কলকাতায় পৌঁছুতে বেশি সময় লাগবে না। সামনের দিকে একটা কমপার্টমেন্টে উঠে বুঝলাম, ফার্স্ট ক্লাসে উঠেছি। একটি মাত্র আলো আছে। ফ্যান একটিও নেই। কামরার এক দিকে, কাঠের সিটের ওপর মলমূত্র ত্যাগ করে রেখেছে। দুর্গন্ধে ওদিকে কেউ গেল না। অন্য দিকেই সবাই গায়ে গা ঠেকিয়ে বসলাম। পনেরো-ষোলো জনের বেশি যাত্রী নেই।


হুইসল বাজল, গাড়ি ছাড়ল। চলন্ত গাড়িতে তিনজন লাফিয়ে উঠল। একেবারে শেষ মুহূর্তের যাত্রী। তারা তিনজনেই কামরার ফাঁকা অংশটা দেখে নিল। তারপরে আমাদের দিকে এগিয়ে এল। যদিও বসবার জায়গা নেই। তিনজনেই যুবক। প্যান্ট শার্ট আর স্যান্ডেল পায়ে। একটি মাত্র আলোয়, কামরার কারোর মুখই স্পষ্ট না।


তিনজনেই এগিয়ে এসে, আমাদের সকলের দিকে তাকিয়ে দেখল। তারা যেন বসতে আসেনি। প্রত্যেকের মুখের দিকেই এমনভাবে তাকিয়ে দেখছে, যেন তারা কাউকে খুঁজছে। তাদের দৃষ্টি তীক্ষ্ণ, একটু যেন সন্দিগ্ধ। আমার মনে হচ্ছিল, তাদের চোখগুলো জ্বল জ্বল করছে। যাত্রীদের মধ্যে ইতিমধ্যেই একটা অস্বস্তি দেখা দিয়েছে। তিনজনের দিকে তাকিয়ে, সবাই সকলের দিকে দেখতে চাইছে, অথচ অন্যমনস্ক হবার ভাব করে, কিছুটা নিস্পৃহ থাকবার চেষ্টা করছে।


তারা তিনজন পরস্পরের দিকে একবার তাকাল। যেন চোখে চোখে তাদের মধ্যে ইশারা হয়ে গেল। একজন দরজার দিকে সরে গেল। একজনের হাতে কিছু একটা ঝলকে উঠতেই দেখা গেল, সেটা ছুরি। আর একজনের হাতে চিক চিক করে উঠল একটি রিভলবার।


ঠিক সেই মুহূর্তেই আমার পাশের যাত্রী উঠে দাঁড়াল। দেখলাম, মাঝবয়সি লোকটি কাঁপছে। সে এক পা এগোতেই, যার হাতে রিভলবার, সে বলে উঠল, কোথায় যাবেন?


কথা বেশ স্পষ্ট। যাত্রীটি স্খলিত গলায় বলল, আমি সামনের ইস্টিশনে নামব।


রিভলবার হাতে যুবক বলল, এখন কোথাও নামা হবে না। যেখানে বসে আছেন, বসে থাকুন। তা না হলে গোলমাল হয়ে যাবে।


যাত্রীটি একবার সকলের দিকে তাকাল। ভরসার জন্য তাকিয়ে থাকলে, লোকটি ভুল করেছে। একটি রিভলবার আর একটি ছুরির সামনে, পনেরো-ষোলোজন যাত্রীর, সকলের অবস্থাই সমান। সকলেই আতঙ্কে নিশ্বাস বন্ধ করে বসে আছি। কেউ নড়তে পারছি না, কথা বলতে পারছি না। কেউ কারোর দিকে তাকাতেও যেন ভরসা পাচ্ছি না, পাছে সেটাকে অন্য কিছু ভাবা হয়। যাত্রীটি কাঁপতে কাঁপতেই বসে পড়ল।


এইটুকু সময়ের মধ্যেই, আমি ভাবতে আরম্ভ করেছিলাম, এরা বোধহয় বিশেষ কারোকে খুঁজছে। তাহলে বাকি যাত্রীদের কোনও বিপদের সম্ভাবনা নেই। কিন্তু রিভলবার হাতে যুবকটি বলে উঠল, কার কাছে কী আছে, তাড়াতাড়ি দিয়ে দিন। টাকা পয়সা, ঘড়ি আংটি বোতাম। তাড়াতাড়ি, তাড়াতাড়ি। দেরি করবেন না।


এক মুহূর্ত সকলেই যেন পাথর হয়ে গেল। গোটা কামরাটার যেন নিশ্বাস বন্ধ হয়ে গিয়েছে, সব মৃত।


কী হল, কথা কানে যাচ্ছে না কারোর?


রিভলবার হাতে যার, সে ধমক দিয়ে উঠল। সব থেকে কাছের লোকটিকে, অস্ত্র দিয়ে খোঁচা দিয়ে বলল, বসে কেন, যা বলছি শুনুন। তা না হলে কেউ বাঁচবে না।


যার হাতে ছুরি, সে এবার যাত্রীদের কাছে এগিয়ে এল। ছোরা উদ্যত করে সে বলে উঠল, ছাড়ুন ছাড়ুন, তাড়াতাড়ি মাল ছাড়ুন।


সে নিজেই কয়েকজনের হাত থেকে ঘড়ি খুলে নিল। পকেটে হাত ঢুকিয়ে পার্স বা আলগা টাকাপয়সা যা পেল, তুলে নিতে লাগল। কিছু খুচরো পয়সা এলোমলো ছড়িয়ে পড়তে লাগল। সেগুলোর দিকে মনোযোগ দিল না। প্রত্যেকের বুকেই একবার করে ছুরি চেপে ধরতে লাগল।


এ সময়ে গাড়ির গতি মন্থর হয়ে এল। সামনে ইস্টিশন আসছে। যাত্রীদের চোখে যেন একটা ঝিলিক দেখা গেল। যাদের টাকা বা আংটি ইত্যাদি তখনও ছিনিয়ে নেওয়া হয়নি, তাদের চোখে যেন একটু আশার আলো ফুটল। এই মুহূর্তে আমার বুকে ছুরির ফলাটা ঠেকল। আর একজন যাত্রী উঠে দাঁড়াল। সঙ্গে সঙ্গে হুকুম হল, বসে পড়ুন।


লোকটি বলল, আমি এখানে নামব।


না, এখানে কারোরই নামা হবে না।


গাড়িটা ইস্টিশনে ঢুকল। ফাঁকা ফাঁকা, যাত্রী বেশ কম। তবু, আলো জ্বলছে, কিছু লো

**********
No Review
Related Books
Loading books…