
কেন্দ্রবিন্দু
সুনীল গঙ্গোপাধ্যায়
ছোটমাসি বসে আছেন খাটের মাঝখানে। মেঝেতে উবু হয়ে বসে আছে অতীন, তার সামনে খবরের কাগজটা ছড়ানো। বাবা বেতের মোড়ায় বসে বাঁ হাতের তালু দিয়ে অনবরত চিবুক ঘষছেন। আলমারির পাল্লা খুলে সামনে দাঁড়িয়ে আছেন মা, কিন্তু তাঁর মুখটা ছোটমাসির দিকে ফেরানো। দরজার পাশে স্নিগ্ধা। অসীম বাথরুমে, অসীমের স্ত্রী সুনন্দা এক একবার এ ঘরে এসে একটু দাঁড়াচ্ছে। আবার চলে যাচ্ছে নানা কাজে। দু'দিকের দেয়ালে প্রায় মুখোমুখি ঠাকুমা ও রামকৃষ্ণদেবের ছবি, বিমান কোম্পানির বিশাল ক্যালেন্ডারের ঠিক ওপরেই একটি হৃষ্টপুষ্ট টিকটিকি, শীতকালের অলস সিলিং ফ্যানে মাকড়সার জাল। এখানে ছড়ানো শূন্য চায়ের কাপগুলিতে মাছিদের ওড়াওড়ি। শহরতলির একটি মাঝারি ধরনের দোতলা বাড়ি।
এই দৃশ্যটিতে এবার শব্দ ও সংলাপ যোজনা করা যাক।
ছোটমাসি ঘণ্টাখানেক আগে দিল্লি থেকে এসে পৌঁছেছেন। ন'দিন আগে ছোটমাসি ছিলেন রোমে। আজ রবিবার। এখনও এরোপ্লেনের গল্প শেষ হয়নি, দিল্লি ও রোমের গল্প বাকি আছে।
একটু দূরের মাঠে ছেলেরা ক্রিকেট খেলছে হইহই করে, পাশের বাড়ির গেটে খঞ্জনি বাজিয়ে একজন ভিখিরি ভাঙা গলায় গান গাইছে অনেকক্ষণ, কারওর মন নেই সেদিকে।
জানেন জামাইবাবু, সকালবেলাতেই শুয়োরের মাংস খেতে দিয়েছি। সসেজ মসেজ কী সব ছাইপাশ! দেখলেই পিত্তি জ্বলে যায়! তাও দিবি দে একটা আলাদা জায়গায় দিবি তো! যাতে ফেলে দিতে পারি! তা না, সবকিছু একসঙ্গে ছোঁয়াছুঁয়ি করে—
খবরের কাগজ থেকে মুখ তুলে অতীন বলল, ছোটমাসি, একটু চেখেও দেখলে না! সসেজ খুব ভালো—
দুর, দুর! দেখলেই ঘেন্না হয় আমার! আমি এতগুলো দেশ ঘুরলাম, কোনও দিন বাড়িতে গোরু-শুয়োরের মাংস ঢুকতে দিইনি।
বাড়িতে ঢুকতে না দিলে কী হয়, দোকানেটোকানে কখন না জেনে খেয়ে ফেলেছ!
মোটেই না! তোর মেসোমশাই ওসব খুব ভালোবাসে, পার্টিফার্টিতে খায়, কিন্তু আমার সামনে কোনও দিন... আমি তো পারতপক্ষে মাংসই খেতাম না! পাঁঠার মাংস তো ওসব দেশে পাওয়া যায় না, কখনও কখনও মুরগির মাংস—
মা জিজ্ঞেস করলেন, পাঁঠার মাংস পাওয়া যায় না কেন? পাঁঠা কি ছাগল ওদের দেশে নেই?
ছোটমাসি কিছু বলার আগেই বাবা গম্ভীর ভাবে বললেন, পাঁঠা সব দেশেই জন্মায়। ওদের পাঁঠাগুলো হয়তো কোটপ্যান্ট পরে ঘুরে বেড়ায়!
ঘরের সবাই হেসে উঠল। কিন্তু সেই হাসিটুকু ঠিক স্বাভাবিক নয়, কোনও রেশ নেই। একবার হঠাৎ হেসেই আবার সবাই সঙ্গে সঙ্গে চুপ, ছোটমাসি ছাড়া। হাসির শব্দে ক্যালেন্ডার ছেড়ে টিকটিকিটা সরসর করে উঠে গেল ঘুলঘুলির দিকে। স্নিগ্ধা দরজা থেকে সরে এসে এবার বসল খাটে ছোটমাসির পাশে। সুনন্দা দরজার কাছে এসে দাঁড়াল।
ছোটমাসি বললেন, তা যা বলেছেন! সাহেব মেম হলেই যে সবাই দিগগজ হয় না, তা শুধু ওখানে কেন, দিল্লিতেও কত দেখি! আমাদের দিশি সাহেবরা তো সব এক একটা...
অতীন বলল, ছোটমাসি, বিদেশের গল্প থাক। তুমি দিল্লির দিশি সাহেবদের গল্প বলোতো! তাদের জ্বালাতেই তো আমরা অস্থির!
ছোটমাসি বললেন, আহা, তোদের কলকাতাতেও সে সব দিশি সাহেব কম আছে নাকি? দমদম এয়ারপোর্টে নেমে একজনকে বাংলায় একটা কথা জিজ্ঞেস করলাম, সে এমন ভাব দেখাল যেন বাংলা বোঝেই না! বাংলা বুঝিস না তো, কলকাতায় চাকরি করতে এসেছিস কেন?
মা বললেন, হ্যাঁ রে, পাঁঠার মাংস সত্যিই পাওয়া যায় না? মাছটাছ?
ছোটমাসি বললেন, খুব বেশি না, মাছ পাওয়া যায় মাঝে মাঝে, বেশির ভাগই সমুদ্রের মাছ, স্বাদ ভালো না। পাঁঠার মাংসের বদলে পাওয়া যায় ভেড়ার মাংস—তাও যেন কী রকম বিটকেল গন্ধ লাগে আমার! কিন্তু মাংস খাবার দরকার কী! যা ভালো ভালো ফল পাওয়া যায়—দ্যাখো দিদি, এই এত বড় এত বড় তরমুজ! তা ছাড়া চেরি, আঙুর, কমলা—আপেল যা সস্তা না, খেয়ে খেয়ে শেষ পর্যন্ত অরুচি হয়ে যায়!
পাশের বাড়ির গেটের ভিখিরিটি খঞ্জনি বাজনা ও গান থামিয়ে এখন চাঁছাছোলা গলায় চেঁচিয়ে ভিক্ষে চাইছে। গোলমাল বেড়েছে ক্রিকেট খেলার জায়গায়, দূরে কে যেন চেঁচিয়ে ডাকছে, ছকুবাবু, ও ছকুবাবু! টিকটিকিটা ঘুলঘুলিতে মুখ ঢুকিয়ে দিয়ে ল্যাজটা বাইরে কাঁপাচ্ছে আস্তে আস্তে, এই অবসরে ঠাকুমার ছবির পেছন থেকে মুখ বার করল আর একটা টিকটিকি।
মা বাবাকে তাড়া দিয়ে বললেন, তুমি এবার ওঠো! বাজারে যাবে না?
আজ সন্তু যাক!
সন্তু তো সেই তখন থেকেই বাথরুমে ঢুকে বসে আছে। অন্তু, তুই যাবি নাকি?
অতীন আবার কাগজে মনোযোগ দিয়ে বলল, না, না, দাদাই যাবে। বেশি তো বেলা হয়নি।
ছোটমাসি জিজ্ঞেস করলেন, হ্যাঁরে, মান্তু কোথায়? ওকে দেখছি না?
ভিখিরিটি ভিক্ষে না পেয়ে ফিরে গেল। দূরে সেই লোকটা এখনও ডেকে যাচ্ছে, ছকুবাবু, ও ছকুবাবু! বাবা হাতের তালুতে আবার থুতনি ঘষছেন, স্নিগ্ধা মুগ্ধভাবে দেখছে ছোটমাসির জমকালো শাড়ির পাড়টা। বাথরুমের দরজা খুলে অসীম বেরোল। মা বললেন, মান্তু বাড়ি নেই।
অসীম দাড়ি কামিয়ে একেবারে স্নান করে বেরিয়েছে। রবিবারের সকালে। অর্থাৎ সে অন্য জায়গায় যাবে, সে বাজারে যাবে না। অতীন দাদাকে একনজর দেখে নিয়েই সেটা বুঝল। এখন তার আর বাবার মধ্যে বাজারে যাওয়া নিয়ে একটা টেনশন চলবে। এই আড্ডা ছেড়ে কার উঠতে ইচ্ছে হয়!
ছোটমাসি বললেন, দমদমে প্লেন থেকে নেমেই আমি সন্তুকে দেখতে পেয়েছি। বিয়ের পর ওর স্বাস্থ্য অনেক ভালো হয়েছে। যাই বলো, প্লেন থেকে নেমে কোনও আপনার লোক দেখলে যে রকম আনন্দ হয়... একবার জানো না, তেহেরানে নেমেছি, হঠাৎ দেখি নিমাই—
মা জিজ্ঞেস করলেন, কোন নিমাই?
নিমাইকে মনে নেই? ছোড়দার বন্ধুর ছেলে, খুব আসত আমাদের বাড়িতে, ক্যারাম খেলত খুব ভালো—
মা গালে হাত দিয়ে বললেন, সেই নিমাই? সেও বিলেত গেছে নাকি?
বিলেতে না, তেহেরানে, ওখানকার অ্যামবাসিতে চাকরি করে। অনেক বড় হয়ে গেছে—আমাকে দেখেই চিনেছে।
আমাদের ছেলেরা তা ও রকম চাকরি পায় না!
ফরেন সার্ভিসের পরীক্ষা দিতে হয়। মান্তুর তো এখনও বয়স আছে—
অসীম বলল, ছোটমাসি, আমি কিন্তু তোমাকে প্রথমটায় চিনতে পারিনি। অনেক রোগা হয়ে গেছ! ও সব দেশে এত ভালো খাওয়াদাওয়া—
রোগা হয়েছি কী রে! এক্সট্রা ফ্যাট ঝরে গেছে! এখন কত ঝরঝরে হয়ে গেছে শরীর, সিঁড়ি ভেঙে সাততলা উঠলেও হাঁপাই না। একবার আমাদের ওখানকার বাড়িতে লিফট খারাপ হয়ে গেলে—রোম বল আর বিলেতেই বল, রবিবার দিন কোনও কিছুর দরকার হলে যা ঝঞ্ঝাট—
বাবা বললেন, তা ছোটন, রোগা হবার পর তোমাকে এখন যা কমবয়সি দেখাচ্ছে, তোমার কর্তাটিকে তো আর তোমার পাশে এখন মানাবে না!
দেখুন না, ওকেও শিগগিরি কত রোগা করে দিচ্ছি!
অ্যাঁ? জোর করেই রোগা করে দেবে নাকি? না খাইয়ে রাখছ নাকি বেচারাকে?
এবারও সবাই হাসল। হাসির কথায় হাসি পাবেই। তবু কী রকম যেন অনিচ্ছুক ভাব সবার মুখে। মা এসব কথায় হাসতে পারেন না। হাসি শেষ হলে অতীনকেই বাজারে যেতে হল। অসীম প্যান্ট-শার্ট পরে অন্য কোথাও যাবার জন্য তৈরি হচ্ছে। ছোটমাসি জিজ্ঞেস করলেন, তুই বেরোচ্ছিস নাকি রে সন্তু?
হ্যাঁ, একটু কলকাতায় যাব।
খেয়ে যাবি না? কখন ফিরবি?
খাওয়ার আগেই ফিরব। এখান থেকে যেতে-আসতে তো মোটে দেড় ঘণ্টা লাগে!
সতেরো-আঠারো বছর বয়সি একটি মেয়ে দরজার কাছে দাঁড়াল। চঞ্চল নয়নে দেখছে চারদিক। খাটের ওপর বসা ছোটমাসির দিকে দু'-এক মুহূর্ত তাকাল একটু বেশি মনোযোগ দিয়ে। ছোটমাসি শুধু নতুন মানুষ নয়, তাঁর চেহারা ও পোশাক এ বাড়ির পক্ষে নতুন।
ছোটমাসি অসীমকে বললেন, সন্তু, তুই কিন্তু বিকেলে আমাকে একবার মেজদার বাড়িতে নিয়ে যাবি। আমি একা একা এখানকার রাস্তাঘাট চিনতে পারব না।
আজ না, কাল যেয়ো। আজ এদিককার সব বাস বন্ধ। ট্রেনে দারুণ ভিড়।
কেন, বাস বন্ধ কেন?
বাসের একজন কন্ডাকটারকে ছুরি মেরেছে।
ছোটমাসি বললেন, সে কী? কেন, মেরেছে কেন?
ছোটমাসি ছাড়া ঘরের আর কেউ অবাক বা কৌতূহলী নয়। ওই আলোচনায় কারওর উৎসাহ নেই।
কাল তো তোদের অফিস আছে। আচ্ছা, আমি না হয় মান্তুর সঙ্গে যাব—মান্তুর কলেজ আছে কাল?
স্নিগ্ধা খাট থেকে উঠে গিয়ে দরজায় দাঁড়ানো মেয়েটিকে বলল, কীরে রেবা? আয় ভেতরে আয়—
স্নিগ্ধাদি, সেই বইটা?
দিচ্ছি! ভেতরে আয় না! ছোটমাসি, এ আমাদের পাশের বাড়ি থাকে, এবার পার্ট টু দেবে, পড়াশুনোয় দারুণ ভালো—
ছোটমাসি একটুক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে ভালো করে দেখে নিয়ে বললেন, কী সাবজেক্ট তোমার? সায়েন্স? বাবাঃ মেয়েরা যে কী করে সায়েন্স পড়ে—অঙ্কের নাম শুনলেই তো... এখনও আমি হিসেব মেলাতে পারি না—
রেবা একটু আড়ষ্ট ভাবে দরজার কাছেই দাঁড়িয়েই রইল। লম্বা চুলের বেণিটা আঙুলে পাকাচ্ছে।
ছোটমাসি বললেন, হ্যাঁ রে স্নিগ্ধা, এই মেয়েটিকে ঠিক রতনমামার মেয়ের মতন দেখতে না? চোখ-মুখ একেবারে বসানো!
স্নিগ্ধা হেসে ফেলে বলল, কার মতন? টুলু? টুলুর তো রং অনেক ফরসা! রেবাও ফরসা, কিন্তু টুলুর আরও—
গায়ের রঙের কথা বলছি না। কিন্তু চোখ-নাক—
কই, আমি তো মিল খুঁজে পাচ্ছি না—
রেবা বলল, স্নিগ্ধাদি, আমি এখন যাই। পরে আসব। ছোটমাসির দিকে চোখ তুলে সংক্ষিপ্ত ভাবে বলল, যাই—
একটু দ্রুত পায়ে চলে গেল রেবা।
ছোটমাসি আবার জিজ্ঞেস করলেন, মান্তুর সঙ্গে এখনও দেখা হল না। কাল ওকে নিয়েই বেরোব। কাল ওর কলেজ আছে?
মা আবার আলমারির দিকে ফিরলেন। পাল্লা বন্ধ করে চাবি লাগাতে লাগাতে বললেন, না, ওদের কলেজ এখন বন্ধ।
বাবা অসীমকে বললেন, যোগানন্দ চৌধুরী যদি দেখা করতে না চান, তুই পরিতোষদার নাম বলবি। পরিতোষদা আর উনি ক্লাসমেট ছিলেন, নাম শুনলেই চিনতে পারবেন। পরিতোষদারও ওঁকে টেলিফোন করার কথা—
অসীম জুতোর ফিতে বাঁধতে বাঁধতে বলল, আচ্ছা। তারপর ছোটমাসি কিছু জিজ্ঞেস করার আগেই হালকা ভাবে বলল, ছোটমাসি, আমার জন্য কী আনলে, দেখালে না তো? আর কতক্ষণ সাসপেন্সে রাখবে?
তোর জন্য আবার কী আনব রে? কিছু আনিনি! আমাকে নেমন্তন্ন না করে বিয়ে করে ফেললি, লজ্জা করে না!
বাঃ, তুমি যদি এখন রোমে গিয়ে বসে থাকো—
আমি কি সারা জীবন থাকতে গিয়েছিলুম? আর বুঝি সবুর সইছিল না তোর?
সুনন্দা কাছাকাছিই ছিল দ্রুত চলে গেল রান্নাঘরে। বাবা মুখ নিচু করে আবার তালুতে হাত বুলোচ্ছেন। ছোটমাসি বললেন, যা ক্ষমা করে দিলুম, বউটি ভারী ভালো হয়েছে! যেমন সুন্দর দেখতে, তেমনই ব্যবহার। তোর জন্য ক'টা টাই এনেছি, এখন দেখবি, না ঘুরে এসে—
টাই এনেছ! টাই দিয়ে আমার—
ভিয়া ভেনেত্তো থেকে কিনেছি, খুব নতুন ধরনের—
ও তোমার ভেনেত্তো টেনেত্তো দিয়ে আমরা কী করব। আমি তো টাই পরি না—
অফিস যাবার সময় টাই পরিস না?
আমরা কি আর সে রকম চাকরি করি? কেরানির চাকরিতে টাই পরে গেলে...
তাড়াতাড়ি কথা ঘুরিয়ে নিয়ে ছোটমাসি বললেন, মান্তুর জন্য দুটো শার্ট এনেছি। একটাতে আবার নামাবলীর ছাপ দেওয়া। ও সব দেশে খুব ফ্যাশান হয়েছে! মান্তুর গায়ে ফিট করবে কি না—
অসীম বলল, আমি চললাম তা হলে!
ছোটমাসি বললেন, পরশু কিন্তু আমি চন্দননগর যাব—মা'র সঙ্গে কত দিন দেখা হয়নি। দিদি, তুইও যাবি তো? ও কীসের শব্দ?
বাবা থুতনি চুলকোনো বন্ধ করে হাসিমুখে বললেন, ও কিছু না। বোমা ফাটছে।
ছোটমাসি উৎকীর্ণ হয়ে আরও দুটো শব্দ শুনে বললেন, দিনদুপুরে বোমা ফাটছে? বেশি দূরে তো নয়—অসীম যে বেরোল—
ব্যস্ত হবার কিছু নেই। তুমি আর দু'-একদিন থাকো, অভ্যেস হয়ে যাবে!
রক্ষে করুন! আমি পরশু দিনই চন্দননগর পালাচ্ছি। সেখানে গোলমাল টোলমাল নেই তো!
কোথাও বাকি নেই!
দিল্লিতে সবাই ভয় দেখাচ্ছিল! এখন কলকাতায় এলেই নাকি... আমি জোর করে বললাম, আমি যাবই! যতই গণ্ডগোল হোক, বাবা-মাকে দেখব না? ছ'বছর বাংলা দেশে আসিনি, রোমে কাটল তিন বছর, তার আগে বিলেতে—
মা ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন, ফিরে আসতেই বাবা বললেন, আর একবার চায়ের জল চাপাও না! স্নিগ্ধা, আমার সিগারেট-দেশলাইটা দে তো!
মা বললেন, আবার চা খাবে? টুসী, তুইও খাবি নাকি? ছোটমাসি বললেন, আমি আর খাব না, জামাইবাবুকে দাও!
তুই এখন চান করবি? গরম জল চাপাব?
না, গরম জল লাগবে না। আর একটু পরে চান করব। সবাই আসুক। মান্তুটা এখনও এল না? গেছে কোথায়?
ঘরের সবাই চুপ। সবাই জানে ছোটমাসি এ বাড়িতে মান্তুকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। নিজের ছেলেপুলে হয়নি, একসময় মান্তুকে তিনি কাছে রেখে ছেলের মতন মানুষ করেছিলেন।
জানলা দিয়ে দেখা যায়, রেবা নামের সেই মেয়েটি এ বাড়ি থেকে বেরিয়ে মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে। মেয়েটা বেশ লম্বা। কাঠের গেটের কাছে এসে মেয়েটি একটু থমকে দাঁড়াল, ফিরে তাকাল ও বাড়ির দিকে। বোমার আওয়াজে সঙ্গে সঙ্গেই ক্রিকেট খেলা থেমে গেছে। গেটের বাইরে সরু রাস্তায় একটা মোষের গাড়িতে বোঝাই সুরকি, আবার কার যেন বাড়ি উঠছে এ পাড়ায়! মোষ দুটি কী অকারণে অন্যমনস্ক হতেই গাড়োয়ান তাদের গায়ে ছপটি কষিয়ে দেয়। গাড়োয়ানটির গায়ে এমন একটা ছেঁড়া গেঞ্জি যে একবার ওটা খুললে আর কিছুতেই পরা যাবে না।
ছোটমাসি একটু বিষণ্ণ ভাবে বললেন, আজ আমি আসব শু
No Review
Related Books
Loading books…