
কৃষ্ণসিন্ধুকী
দেবারতি মুখোপাধ্যায়
ঘড়িতে ভোর পাঁচটা। ঝনাৎ ঝনাৎ করে জেলখানার দরজা খুলে গেল। কুঠুরি থেকে বেরিয়ে বারান্দা এসে বসতে লাগল বাইরের বারান্দায়। এখন ‘গিনতি’ চলবে। কয়েদিদের গলার হাঁসুলিতে খোদাই করা নম্বর ধরে ধরে হিসেব মিলিয়ে নেওয়া হবে।
গোনার পর্ব মিটলে শুরু হবে শৌচপর্ব।
সারাদিনে এই সময়টুকুতেই নিজেদের মধ্যে যা একটু কথা বলার সুযোগ মেলে। তাও আকারে ইঙ্গিতে, ফিসফাস করে, ওয়ার্ডারদের নজর এড়িয়ে।
টিনের সারি দিয়ে দশটা পায়খানা। জোড়ায় জোড়ায় চলেছে প্রকৃতির ডাকে সাড়া দিতে। প্রকৃতি ডাকুক না ডাকুক। প্রত্যেক জোড়ার জন্য বরাদ্দ দু’মিনিট। তার মধ্যে মিটলে ভাল, নাহলে চেপে বসে থাকতে হবে সেই সকাল দশটা অবধি।
দ্বিতীয় জোড়ার প্রথম ছেলেটি উবু হয়ে বসে অনুচ্চ স্বরে পাশের জনকে টিনের দেওয়ালের এপার থেকে জিজ্ঞেস বলল, ‘হরিনাথদাদা কোথায়? তাকে তো দেখচি নে!’
দ্বিতীয়জন প্রাতঃকৃত্য সারতে সারতে জবাব দিল, ‘ওকে মেয়ে জেলখানায় নিয়ে যাবে আজ শুনলাম।’
‘মেয়ে জেলখানায়? কেন?’
‘আজ বে আচে। ওদিকে অনন্ত বামুন কাল রাত থেকে বমি করচে। ওঠার খ্যামতা নেই। একটা বামুন ঠাউর তো লাগবে বে দিতে গেলে। তাই হরিনাথ বে দেবে।’
‘বাবা ফণিদা! তুমি তো দেকচি সব খবর রাখো।’
‘রাখতে হয়।’ ফণীভূষণ নামক ত্রিশ-বত্রিশের যুবকটি গম্ভীরমুখে বলে, ‘ওয়ার্ডারদের সঙ্গে যখন জমাদার, টিন্ডেলদের রগড় চলে, তখন কানদুটো খোলা রাখতে হয়। কেন মকবুল, তুই রাখিস না?’
‘ইনশা আল্লাহ, সারাদিন খেটে খেটে হাড় মাস কালা, সেলে গিয়ে চোখ খুলতে পারি না, তায় কিনা আড়ি পাতব।’ মকবুল মুখ বেজার করল।
‘সেকিরে, তোর এই অল্প বয়স, এতেই এত নেতিয়ে পড়লে চলবে?’
মকবুল নামক অল্পবয়সী ছেলেটা আরও কী বলতে যাচ্ছিল, বাইরে থেকে জমাদার চেঁচিয়ে উঠল, ‘অ্যাই। তোদের হাগতে পাঠিয়েছি, খোশগল্প করতে নয়। আর একবার যদি ফুসফুস করতে দেখি, চামড়া গুটিয়ে নেব। চল চল। জলদি কর!’
ফণীভূষণ উঠে দাঁড়ায়। শৌচ করতে করতে ভাবলেশহীন মুখে দেওয়ালের ওপাশে কথা ছুঁড়ে দেয়, ‘আজ দিনটা কিন্তু ইস্পেশাল।’
‘কেন? বিয়ে আচে বলে?’
‘ধুর ব্যাটা। সে তো ফি হপ্তাতেই কেউ না কেউ বে’ করার জন্য হামলে পড়ে। ওতে আবার ইস্পেশাল কী দেখলি?’ ফণীভূষণ বিরক্ত হয়। সামান্য দম নিয়ে বলে, ‘আজ ওরা আসচে। আর একটু পরেই জাহাজ ভিড়বে ঘাটে।’
‘কারা আসচে?’
ফণীভূষণ আড়চোখে একবার দেখে নেয় অদূরে দণ্ডায়মান প্রহরীদের, তারপর বলে, ‘গোলাওয়ালারা আসচে আজ। পাক্কা খবর আচে। তিনদিন আগে কলকাতা থেকে জাহাজ ছেড়েচে।’
মকবুল উত্তেজিত মুখে দেওয়ালের দিকে তাকায়। তার মলত্যাগ তখনও সম্পূর্ণ হয়নি, আকস্মিকতায় বহির্গমন মাঝপথেই আটকে যায়। বড়বড় চোখ করে বলে, ‘সেকি গো ফণীদা! এই পেত্থমবার এত বড়মানুষেরা এখানে আসচে, বলো!’
‘বড় ছোট জানিনে। শুঁটকে হোক কি পালোয়ান, বুলডগ ব্যারির কাচে সব সমান।’
‘বাবা! তুমি তো কাব্যি করতে শিকে গেলে গো ফণীদা!’ মকবুল হেসে ফেলে, ‘ব্যারি সাহেব তোমার এই কোবতে শুনলে ভিরমি খাবে। হে হে!’
‘অ্যাই … অ্যাই কুত্তেকে আউলাদ! জলদি কর!’
বাইরে থেকে আফগান ওয়ার্ডারদের ‘সুমধুর সম্ভাষণ’ ক্রমশই জোরালো হচ্ছে। ফণীভূষণ আর দেরি করল না। আরও দেরি করলে এ’বেলার লপসি তো মিলবেই না, কাজের কোটাও শেষ হবে না। সেই শাস্তির দায় তখন মেটাতে হবে এক সপ্তাহ ধরে।
ফণীভূষণ বাইরে বেরনোর আগে ফিসফিস করে, ‘শুনেচি ওরা বারোজন আচে দলে। জাহাজের ভোঁ শুনতে পেলে বুঝবি এসে গ্যাচে। চলি!’
ভোরবেলা। সূর্যদেব পূর্বাকাশে আবির্ভূত হয়ে পত্নী উষার অনুগামী হওয়ার তোড়জোড় সবেমাত্র শুরু করেছেন। জেলের মহিলাবিভাগের সাতাশ নম্বর সেলের প্রায়ান্ধকার কুঠুরিতে হাঁটুতে মুখ গুঁজে বসে আছে এক তরুণী।
বয়স তার একেবারেই অল্প। উনিশ-কুড়ি। নাম তার নীলামণি। সবাই ডাকে নীলা বলে। খর্বকায় পাতলা শ্যামলা গড়ন। নাকটা সামান্য চাপা। গোল মুখ। চোখদুটো বড় বড়। বুদ্ধিদীপ্ত।
ডিসেম্বর মাসের প্রথমার্ধ। খাতায় কলমে পৌষমাস হলেও সমুদ্রতীরের এই দ্বীপপুঞ্জে শীত নেই বললেই চলে। ভ্যাপসা গরম। স্যাঁতসেঁতে ভাব। উদ্দাম বাতাস। আকাশে সুগম্ভীর মেঘ। সেই আকাশের নীচে সমুদ্র। ভাঁজ করা কাশ্মীরি পশমিনার মতো কুণ্ডলী পাকিয়ে নিদ্রায় মগ্ন রয়েছে সে। জলমগ্ন সেই পশমিনাটির গায়ে নীল রঙের নানা বৈচিত্র্য। নীল। গাঢ় নীল। ঘন সবুজ। কখনও বেগুনি।
জল এখানে এতরকমের রঙের খেলা দেখায়, আকাশের রামধনুটিও মাঝেমাঝে সেই পারদর্শিতায় ঈর্ষান্বিত হয়ে পড়ে। প্রকাণ্ড সমুদ্রের মাঝে বিন্দু বিন্দু মুক্তোর মতো ছড়িয়ে রয়েছে অজস্র ছোট-বড় দ্বীপ। সবমিলিয়ে প্রায় ছয়শোর কাছাকাছি দ্বীপ নিয়ে প্রাগৈতিহাসিক এই দ্বীপপুঞ্জের সুখ-দুঃখের পরিবার।
যে দ্বীপে এই কাহিনি আরম্ভ হতে চলেছে, তার অবস্থান দক্ষিণ দিকে। যবে থেকে এই দ্বীপপুঞ্জে সভ্য মানুষের পদধূলি পড়েছিল, তখন থেকেই এই দ্বীপটি বিশেষ গুরুত্বপূর্ণ।
দ্বীপের একেবারে কেন্দ্রে আকাশের বুক চিরে দাঁড়িয়ে রয়েছে দানবসম অট্টালিকাটি। না। পুরাণের দানবের চেয়ে সমুদ্রেরই এক প্রাণীর সঙ্গে তার সাদৃশ্য বেশি। সেই সাদৃশ্য শুধুই শারীরিক নয়, আচরণগতও।
সামুদ্রিক সেই জীবটি হল অক্টোপাস। অক্টোপাস যেমন আটদিকে আটখানা পা প্রসারিত করে এগিয়ে চলে, ঠিক তেমনই এই অতিকায় মঞ্জিলটির সাতদিক থেকে বেরিয়েছে সাতখানা বাহু। শুধুমাত্র বাড়ির প্রবেশপথটির দুটি দাঁড়াসম বাহু আগন্তুককে আক্রমণ করতেই বোধ হয় প্রসারিত হয়ে রয়েছে। একেবারে কেন্দ্রে রয়েছে একটি সুউচ্চ গম্বুজ। সেন্ট্রাল টাওয়ার।
শত্রুকে প্রতিহত করতে সামুদ্রিক অক্টোপাস যেমন কালি ছুঁড়ে মারে, ছদ্মবেশ ধারণ করে কিংবা রং পালটে ভয় দেখায়, ঠিক তেমনই নানা অদ্ভুত অবিশ্বাস্য পদ্ধতিতে অতিথিদের ভয় দেখাতে এই বাড়ির তুলনা গোটা বিশ্বে নেই।
এই সুবিশাল ভবনটি নির্মিত হয়েছে কয়েকবছর আগে। সামুদ্রিক অক্টোপাসের থেকে একখানি পা কম হলেও বিষের তীব্রতায় এই বিকলাঙ্গ ইট পাথরের অক্টোপাস মোটেই পিছিয়ে নেই, বরং এগিয়েই বলা চলে। দ্বীপপুঞ্জের প্রায় কুড়ি হাজার পাথর নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিল এই বাড়ির নির্মাণকল্পে। সুদূর বার্মা থেকে আনা হয়েছিল বিশেষ ধরনের তামাটে ইট।
গত শতকের বিখ্যাত ইংরেজ দার্শনিক জেরেমি বেনথ্যামের মস্তিষ্কপ্রসূত ‘প্যান অপটিকন’ স্টাইলে বানানো এই রহস্যময় দুর্গ। কাঠামোটাই এমন, মাঝখানের সেন্ট্রাল টাওয়ার থেকে দেখতে পাওয়া যাবে প্রতিটি বাহু। জেলখানাটির নামটি ছোট কিন্তু চিত্তাকর্ষক। সুবিখ্যাতও বটে। ‘সেলুলার জেল’। আর তার সাতখানা বাহু হল সাতটি ওয়ার্ড। প্রতিটি ওয়ার্ডে পরপর কুঠুরি। বা ‘সেল’।
এই জেল ‘সার্থকনামা’, এখানে কোনও ব্যারাক নেই। নেই কোনও ডর্মিটরিও। এখানে একেকজন বন্দি থাকে একেকটা কুঠুরি অর্থাৎ ‘সেল’ এ। সেলের দেওয়ালে কোনও জানলা নেই,&nb