
কবি ও নর্তকী
সুনীল গঙ্গোপাধ্যায়
কবি ও নর্তকী
গাড়িতে শঙ্কর আর অরিন্দম। দু'জনেরই বয়স চব্বিশ। অরিন্দম ছিপছিপে লম্বা, শঙ্করের ব্যায়াম করা স্বাস্থ্য। গাড়িটা পুরনো, সর্বাঙ্গে শব্দ। চালাচ্ছে শঙ্কর।
অরিন্দম বলল, তুই লাল আলো অগ্রাহ্য করে চলে যেতে পারিস না?
স্টিয়ারিংয়ের ওপর অলস ভাবে হাত-রাখা শঙ্কর বলল, কেন, এত তাড়া কীসের?
তাড়ার জন্য নয়। তুই পারিস কি না বল?
কেন, যাব কেন? কতক্ষণই বা লাগবে!
দূর ছাই সময়ের কথা হচ্ছে না। তোর গাড়িটা তো সবচেয়ে সামনে, হুস করে বেরিয়ে যেতে পারিস না? ধারে-কাছে তো পুলিশটুলিশও নেই।
পুলিশ না থাকলেই ট্রাফিক রুল ভাঙতে হবে?
পুলিশ যদি থাকেও, কী আর হবে, বড় জোর কয়েকটা টাকা ফাইন করবে।
তুই আজ এত ছটফট করছিস কেন বল তো?
ধ্যাত। চুপচাপ এ রকম বসে থাকতে ভালো লাগে না। আজ পর পর কটা রেড সিগন্যাল পড়ল বল তো? আমি যদি গাড়ি চালাতে জানতাম, সোজা বেরিয়ে যেতাম, এক জায়গাতেও থামতাম না। তাতে যা হয় হোক?
ভাগ্যিস তুই গাড়ি চালাতে জানিস না।
শোন, আজ অনেক জায়গায় ঘুরব। অনেকক্ষণ। ডায়মন্ড হারবার যাবি?
শঙ্কর এবার ঘাড় ঘুরিয়ে তাকাল অরিন্দমের দিকে। হাসল, খানিকটা প্রশ্রয়ের হাসি। বলল, গাড়িতে বেশি তেল নেই। তা ছাড়া এই বৃষ্টি-বাদলার মধ্যে কোথায় ঘুরব রে। রিস্কি। চল, কোথাও বসে একটু চা-টা খাই।
না।
তা হলে চল নিখিলের কাছে যাই। আড্ডা মারা যাবে।
দুর! আজ আমার খুব বেড়াতে ইচ্ছে করছে। তোকে বললাম না সকালেই!
কেন, আজ এ রকম চাঞ্চল্য কেন?
আজ আমার জন্মদিন!
জুলাই মাসের সাত তারিখ। উনিশশো বাহাত্তর সাল। শুক্রবার। সকালের দিকে খুব একচোট বৃষ্টি হয়ে গেছে। আবার যে কোনও সময় হবে, কেননা আকাশে যথেষ্ট মেঘ। বিশেষত পশ্চিম গগন একেবারে নিবিড় কালো, পুব দিকে হালকা সাদা মেঘ, সেখান থেকে এসেছে সাময়িক আলো। অনেক রাস্তায় জল জমে আছে, তারই মধ্যে বাসে-ট্রামে অফিসযাত্রীর ভিড়, শতকরা পঞ্চাশজন লোক বৃষ্টি না হলে আকাশের দিকে কখনও তাকায় না। বৃষ্টির পর মানুষের অবস্থা কাহিল, বেড়াল ও কাকের কাছাকাছি, কিন্তু গাছপালার দিকে তাকাতে ভালো লাগে। সবুজ রং এইসময় চোখ জুড়ায়। ময়দান এলাকায় বৃষ্টির দৃশ্য এখন সমুজ্জ্বল। মহারানির স্মৃতিভাবনটি স্নানসিক্ত, ধপধপে সাদা। কৃষ্ণপরিটি মনে হয় এক্ষুনি উড়ে যাবে।
বৃষ্টির ঠিক আগে, মেঘলা আকাশের নীচে পৃথিবীতে যে রকম আলো ছড়িয়ে থাকে, সেই আলোর ঠিক বর্ণনা কোনও ভাষায় নেই।
অরিন্দমের আজ জন্মদিন। যুবা বয়সে কোনও পুরুষমানুষ সাধারণত জন্মদিন নিয়ে বাড়াবাড়ি করে না, কিন্তু অরিন্দম ছেলেমানুষের মতন নিজের জন্মদিনটা ভালোবাসে। নির্লজ্জের মতন সবার কাছে ঘোষণা করে। অবশ্য জন্মদিনে অরিন্দমের কপালে কেউ চন্দনের ফোঁটা পরাবে না, পায়েস রেঁধে খাওয়াবে না। অরিন্দম শুধু আজ অফিস থেকে ছুটি নিয়েছে। এবং সকালবেলা তার ঘনিষ্ঠ বন্ধু শঙ্করকে গিয়ে বলেছে, চল, আজ কোথাও বেরিয়ে পড়ি।
তোর আজ জন্মদিন! সে কথা আগে বলিসনি কেন?
বাঃ, তোর বাড়িতে গিয়েই তো বললাম।
তা হলে সেলিব্রেট করা যাক। কী করা যায় এখন?
ঘুরে বেড়ানো। অনেকক্ষণ ধরে।
জন্মদিনের কথাটা তোর বেশ মনে থাকে তো!
মনে থাকবে না কেন? অনেকে সাদামাটা ভাবে বেঁচে থাকে। আমি যে এই পৃথিবীতে জন্মেছি, সেজন্য আমি গর্বিত।
আমার তো নিজের জন্মদিনের কথা মনেই থাকে না।
পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জন্মাছে, সবার জীবনের তো আর বিশেষত্ব থাকে না। কিছু কিছু মানুষের জন্মদিনের কথাই লোকে মনে রাখে।
এলগিন রোডের কাছে বাঁক ঘুরিয়ে শঙ্কর বন্ধুর দিকে তাকাল। একে নিয়ে আর পারা যায় না—এই ধরনের একটু হাসি হেসে বলল, বুঝেছি মিস্টার হামবাগ! সিগারেট আছে? দে একটা।
পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করল অরিন্দম। কিন্তু তার কাছে দেশলাই নেই। শঙ্করের পকেটে হাত ঢুকিয়ে দেশলাই খুঁজতে খুঁজতে বলল, সত্যি কথা বললে অমনি হামবাগ হয়ে যায়, না? আজ থেকে পঞ্চাশ বছর পর তোকে কে মনে রাখবে রে? কিন্তু তখন আমার জন্মদিনে সারা দেশে উৎসব হবে।
আমি আরও পঞ্চাশ বছর বাঁচব। দেখে যাব, তোর জন্মদিনে উৎসব টুৎসব হয় কিনা। শুধু পদ্য লিখে কিস্যু হবে না রে। গান লেখ, নৃত্যনাট্য লেখ। দেখছিস না, রবীন্দ্রনাথ, নজরুল দু'জনেই গান লিখেছিলেন বলেই। বিদ্যাসাগর কিংবা জীবনানন্দের জন্মদিনে কটা উৎসব হয়?
ধ্যাত! ওসব গানফান লেখার যুগ চলে গেছে!
তা হলে নিখিলের বাড়িতেই যাই?
কেন, ডায়মন্ড হারবার যাবি না? চল না, বৃষ্টির দিনে দারুণ লাগবে।
এই ঝরঝরে গাড়ি নিয়ে ডায়মন্ড হারবার! মাথা খারাপ! তা ছাড়া দুপুরবেলা বাবা বেরোবেন। গাড়িটা ফেরত দিতে হবে।
ভেবেছিলুম ঘুরে বেড়াব। চল ট্রেনে চেপে যাই।
এই বৃষ্টি-বাদলার মধ্যে জমবে না। তার চেয়ে এক কাজ করি। গঙ্গার ধারে গিয়ে বসা যাক। এই সময়টা নিরিবিলি, কফি খাব—নিখিলটাকেও তুলে নিই। ডায়মন্ড হারবারেও গঙ্গা, এখানেও সেই গঙ্গা। তফাতটা কী!
হরিদ্বার লছমনঝোলাতেও সেই গঙ্গা। তবু তো মানুষ অত দূরে যায়!
ক্যাঁচ করে ব্রেক কষল শঙ্কর। একটা অল্পবয়সি ছেলে একেবারে সামনে এসে পড়েছিল। রাস্তার লোক একেবারে হাঁ হাঁ করে উঠেছে। কিন্তু লাগেনি ছেলেটির। উঠে দাঁড়িয়েছে ভ্যাবাচাকা মুখে। অরিন্দম তার দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, কী মরার শখ হয়েছিল? অ্যাঁ?
ভিড় কাটিয়ে শঙ্কর আবার আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে। একটু দূরে এসে বলল, ও রকম ভাবে বলিস না। ও মরলে আমাদেরও প্রাণে বাঁচতে হত না।
বলব না! ইডিয়টের মতন দৌড়ে এসে গাড়ির সামনে পড়ে, রাস্তাঘাট দিয়ে হাঁটতেও শেখেনি বেশির ভাগ লোক।
ও কথা আর কোনও দিন চেঁচিয়ে বলিস না। প্যাঁদানি খাবি। রাস্তাঘাটের অবস্থা দেখছিস না—লোক গিসগিস করছে! লোকের হাঁটারই জায়গা নেই—তার মধ্যে আবার এত গাড়ি। লোকে যে আজকাল কথায় কথায় গাড়িওয়ালা মানুষদের ওপর এত রেগে যায়, সেটাকে ঠিক অন্যায়ও বলা যায় না।
আমি ওসব বুঝি না। আমার আজ অনবরত ঘুরতে ইচ্ছে করছে, একটুও থামতে চাই না—তার মধ্যে এসব ঝামেলা।
অরিন্দম, তোর আজকাল বড্ড অহংকার হয়েছে।
অরিন্দম, হা হা করে হেসে উঠল। বলল, কবিদের একটু অহংকার না থাকলে মানায় না। আমার স্বভাবটা কী রকম জানিস, আমি যখন রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাই, তখন সমস্ত গাড়িওয়ালা লোকদের ওপর আমার রাগ হয়। আমার মনে হয়, মোটরগাড়ির উচিত সব সময় পায়ে-হাঁটা মানুষদের সমীহ করে চলা। কোনও গাড়ি যদি আমার গা ঘেষে যায়, কিংবা জোরে হর্ন বাজায় কিংবা কাদা ছেটকায়, তা হলে এত রেগে যাই যে—। আবার যখন কারওর গাড়িতে বা ট্যাক্সিতে চেপে ঘুরি, তখন রাস্তার লোকদের বেসামাল হাঁটা-চলা দেখলে ঠিক সেই রকমই রাগ হয়—
মতের ঠিক নেই বলেই তো তোর লেখাগুলো এইরকম হয়ে যাচ্ছে!
কী রকম?
গরম দুধে ঠান্ডা জল ঢেলে দিলে যে রকম হয়।
শঙ্কর, সত্যি করে বল তো, আমার লেখা তোর কী রকম লাগে?
সো সো।
সো সো? তুই যে পরশু দিন বললি—
সেটা মন্দ হয়নি। তবে ফ্র্যাংকলি বলছি, আমার ধারণা, কবিতাটবিতার দিন শেষ হয়ে গেছে। কবিতা লেখার ব্যাপারটাই অবিসোলিট হয়ে যাবে। মানুষ আর কবিতাফবিতা পড়ে সময় নষ্ট করতে চাইবে না!
বন্ধুকে কথা শেষ করতে না দিয়ে অরিন্দম সগর্বে ঘোষণা করল, মোটেই না। পৃথিবীতে মানুষ যত দিন বেঁচে থাকবে, ততদিন কবিতাও থাকবে। কিংবা তারও পরে। সব মানুষ মরে গেলেও কবিতা বেঁচে থাকবে। বেদ সমুদ্রে ডুবে গিয়েছিল, তবু তার উদ্ধার হয়েছে, জানিস না?
কিন্তু ক'জন বেদ পড়ে? সবাই শুধু নাম শুনেছে—বেদ নামে একটা মহা মূল্যবান বই আছে—কিন্তু পড়ে দেখে কেউ? তেমন দেখবি আর কিছু দিন বাদে সবাই জানবে রবীন্দ্রনাথ ঠাকুর খুব বড় কবি, কিন্তু কেউ পড়বে না!
তোর কি মাথা খারাপ হয়েছে? যত দিন মানুষ অন্ধ না হবে, ততদিন রবীন্দ্রনাথের কবিতা পড়বে। আমার কবিতাও পড়বে।
মাথা খারাপ আমার না, তোর!
তুই ঠিক করে গাড়ি চালা তো!
ঠিকই চালাচ্ছি! কবিতা লিখে সময় নষ্ট, এনার্জি নষ্ট। নিজের পয়সায় বই ছাপতে হয়, কেউ কেনে না। আমি সব জানি!
বাজে বাকিস না!
তুই কবিতা লিখিস কেন?
আমি আনন্দ পাই। কবিতায় আমরা এমন এক অদ্ভুত ধরনের আনন্দ পাই, যার স্বাদ তোরা জীবনে পাবি না।
আবার সেই অহংকার। অন্যরা কীসে আনন্দ পায়, তুই তার খবর রাখিস?
একজন ডাক্তার একজন মানুষের প্রাণ বাঁচিয়ে যে আনন্দ পায়, একজন বৈজ্ঞানিক কোনও আবিষ্কার করে—যা সারা পৃথিবীর কাজে লাগবে—কিংবা খুব সাধারণ কথাই ধর না, একজন জেলে সারা দিন নদীতে জাল ফেলে ফেলে কিছুই পায়নি, তারপর যখন হঠাৎ সে একটা বড় মাছ পেয়ে যায় তখন তার যে আনন্দ...
২
নিখিল বাড়ি নেই। ওর বোন রিনা বলল, বসুন না!
শঙ্কর বলল, নাঃ আমরা আর তা হলে বসব না। নিখিল এই সময় কোথায় বেরিয়েছে?
দাদা এখুনি ফিরবে। একটু বসুন।
চা-টা খাওয়াবে? তা হলে বসতে পারি।
টা হবে না। শুধু চা খাওয়াতে পারি।
তোমাদের বাড়িতে এলে রোজই তো শুকনো চা। আজ একটু কিছু খাওয়াও। রসগোল্লা ফসগোল্লা আনো। আজ আমাদের অরিন্দমের জন্মদিন।
রিনা হেসে ফেলে তাকাল অরিন্দমের দিকে। জিজ্ঞেস করল, সত্যি আজ আপনার জন্মদিন?
শঙ্করও মুচকি হাসল। নকল ধমকের সুরে রিনাকে বলল, এতে হাসির কী আছে?
ছেলেদের আবার জন্মদিন হয় নাকি?
তোমাদের বছরে দু'-তিন বার জন্মদিন হতে পারে, আর ছেলেদের একবারও হবে না?
অরিন্দম চুপ করে আছে। এমনিতে সে যতই বারফট্টাই করুক, মেয়েদের সামনে লাজুক হয়ে যায়। মিনমিন করে বলল, আমি তো কিছুই বলিনি। শঙ্কর এসব বানাচ্ছে।
এই, তুই একটু আগে বললি না, আজ তোর জন্মদিন?
মোটেই না। আমার জন্মদিন হচ্ছে ১লা বৈশাখ।
কী গুলতাপ্পিই ঝাড়তে পারিস বাবা!
দরজা দিয়ে ঢুকে একপাশে খাবার টেবিল, অন্য দিকে বসবার ঘর। বসবার ঘরে রিনার দিদি ঝুমাকে পড়াচ্ছেন একজন বুড়ো মাস্টারমশাই। মাস্টারমশাই যথেষ্ট বুড়ো হলেও বসবার ঘরের পরদা ফেলা হয়নি।
ওরা বসল খাবার টেবিলে। ঝুমার সঙ্গে চোখাচোখি হয়ে যায়। অস্থির ভাবে শরীর মোচড়ামুচড়ি করে ঝুমা। মাস্টারমশাই সেটা বুঝতে পেরে বললেন, আজ তা হলে এই পর্যন্ত থাক?
ঝুমা তৎক্ষণাৎ উঠে পড়ে। মাস্টারমশাইকে সসম্ভ্রমে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। তারপর দরজা বন্ধ করেই চঞ্চলা গতিতে ওদের কাছে এসে বলল, ভাগ্যিস আপনারা এলেন। একদম পড়তে ভালো লাগছিল না আজ। এত বৃষ্টি, তার মধ্যেও মাস্টারমশায়ের আসা চাই।
রিনা বলল, এই দিদি, তোর না একমাস বাদে পরীক্ষা?
তুই চুপ কর তো! পরীক্ষা কত দিন পেছোবে তার ঠিক আছে?
পরীক্ষার আগে মেয়েদের চেহারা যে রকম হয়, ঝুমারও শাড়ি অগোছালো, চুল বাঁধেনি, ব্লাউজের তলা থেকে ব্রা-র স্ট্র্যাপ বেরিয়ে পড়েছে। ঝুমা অরিন্দমের দিকে ফিরে বলল, এই অরিন্দমদা, মিথ্যে কথা বলছিলেন কেন? সত্যি তো আপনার আজ জন্মদিন।
অরিন্দম চুপ। শঙ্কর জিজ্ঞেস করল, তুমি কী করে জানলে?
আমি জানি।
অরিন্দম তবুও চুপ। রিনা বলল, তা হলে আমরা খাওয়াব কেন? অরিন্দমদার জন্মদিন, উনিই তো খাওয়াবেন আমাদের।
অরিন্দম সপ্রতিভ হবার চেষ্টা করে বলল, আচ্ছা, খাইয়ে দিচ্ছি। এই শঙ্কর, পাঁচটা টাকা দে তো।
বাঃ, তুই খাওয়াবি, আমি টাকা দেব কেন!
ধার। ধার দে না।
নিয়ে ফেরত না দেওয়াকে কেউ ধার বলে? এর আগে কত বার এ রকম নিয়েছিস মনে আছে?
অরিন্দম রিনার দিকে ফিরে বলল, খেতে চেয়ে কী বিপদে ফেললে, দেখলে তো! কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাচ্ছে। এখন পুরনো ধারের কথা তুলবে!
ঝুমা বলল, বুঝেছি, বুঝেছি। উঠুন।
উঠব? কোথায় যাব?
মাকে প্রণাম করে আসুন। জন্মদিনে গুরুজনদের প্রণাম করতে হয়। অরিন্দম উঠে পড়ল। ঝুমার মা বাতে ভুগছেন, শয্যাশায়ী। শিয়রের জানলা খুলে গল্পের বই পড়ছিলেন চোখের খুব কাছে নিয়ে। অরিন্দম কাছে গিয়ে ডাকল, মাসিমা।
বই সরিয়ে ঝুমার মা বললেন, কে? সন্তোষ? এই ঝুমা, চশমাটা কোথায় রাখলাম, দ্যাখ তো?
ঝুমা চশমা খুঁজে দিয়ে বলল, সন্তোষদা নয় মা, অরিন্দমদা।
উনি চশমা পরার আগেই অরিন্দম প্রণাম করে ফেলেছে। ঝুমার মা বললেন, অরিন্দম? অনেক দিন দেখিনি তোমাকে—
মাসিমা, আমি গত মাস থেকে একটা চাকরি পেয়েছি। এর মধ্যে আসতে পারিনি, তাই আপনাকে প্রণাম করা হয়নি।
চাকরি পেয়েছ? বাঃ, বেশ, ভালো। রাখতে পারবে তো?
কেন রাখতে পারব না?
যা দিনকাল—
সে কথা ঠিক। কিন্তু, তুমি এই নিয়ে ক'টা ছাড়লে?
পাঁচটা। এবার আর ছাড়লে চলবে না।
ভালো। ঝুমা, তোর দাদাকে ডাকতে পাঠিয়েছিস?
দাদা একটু বেরিয়েছে। এক্ষুনি ফিরবে।
দরজার কাছে এসে ঝুমা অরিন্দমের পিঠে একটা চিমটি কেটে জিজ্ঞেস করল, আপনি আবার চাকরি ছাড়লেন কবে, পেলেনই বা কবে? মিথ্যুক!
কী করব! তোমার মা যে আমাকে সন্তোষ বলে ভেবেছেন।
বাড়ির এক তলাতেই নিখিল একটা শিশি-বোতল তৈরির কারখানা বসিয়েছে। সারা দিন ঝকর-ঝং শব্দ সারা বাড়িতে। তাই শুনে মনে হয়, নিখিলের মোটামুটি ভালোই চলছে। নিখিল একটু বাদেই এল। গম্ভীর ভাবে জিজ্ঞেস করল, কী রে,
No Review
Related Books
Loading books…