
ঋজুদার সঙ্গে ম্যাকক্লাস্কিগঞ্জে
বুদ্ধদেব গুহ
ম্যাকক্লাস্কিগঞ্জে গেছিস কখনও?
ঋজুদা জিজ্ঞেস করল আমাদের।
প্রতি সপ্তাহান্তে শনিবার রাতে ঋজুদার বিশপ লেফ্রয় রোডের ফ্ল্যাটে আমাদের যে জমায়েত হয়, সেই জমায়েত জমে উঠতেই।
তিতির বলল, যাইনি, তবে জায়গাটা সম্বন্ধে অনেক কিছুই জানি।
ভটকাই বলল, ‘ভ্রমণ’ পত্রিকাতে পড়েছি আমিও কৌশিক লাহিড়ীর লেখাতে।
তা পড়ে থাকতে পারিস, তবে আমিও জেনেছি অনেক কিছু ম্যাকক্লাস্কিগঞ্জ সম্বন্ধে একটি বই পড়েই, যেটি পড়লে মনে হবে তুমি নিজেই যেন চলে গেছ ম্যাকক্লাস্কিগঞ্জে।
কী বই?
ভটকাই প্রশ্ন করল।
‘একটু উষ্ণতার জন্যে’।
তিতির বলল।
ম্যাকক্লাস্কিগঞ্জ জায়গাটার কথাই যদি বলিস তো সেখানেও আমি বহুবার গেছি। তোদের সঙ্গে এত ঘনিষ্ঠ হবার আগে, রুদ্র, ঋজুদার বই লিখে লিখে আমাকে বিখ্যাত করে দেবার অনেকই আগে, সেখানে আমারই একটা ছোট্ট কটেজ ছিল। গভীর জঙ্গলের মধ্যে। এক স্কটসম্যানের কাছ থেকে কিনেছিলাম। তোদের ওই বইটাই, মানে, একটু উষ্ণতার জন্যেই ম্যাকক্লাস্কিগঞ্জ জায়গাটার সর্বনাশ করে দিয়েছে। তখন জায়গাটা যত নির্জন, যত সুন্দর, বাইরের জগতের কাছে যত অজানা ছিল, এখন সেটাই হয়ে উঠেছে একটা ট্যুরিস্ট স্পট।
তোমার যে ওখানে বাংলো ছিল, কই, আমাদের তো বলোনি কোনওদিন!
বলার অবকাশ বা প্রয়োজন হয়নি। কিছুদিন আগেও এক বাসন্তী পূর্ণিমাতে গেছিলাম।
বললে যে, বাড়ি বিক্রি করে দিয়েছ?
তা তো দিয়েছিই। আমার বাড়িতে তো যাইনি। সোমনাথ আর শর্মিলার সঙ্গে গেছিলাম। ওদের বাড়িতেই উঠেছিলাম।
আমার কটেজের নাম দিয়েছিলাম ‘THE TOPPING HOUSE। আর্নেস্ট হেমিংওয়ের স্টেটস-এর আইডাহোর কেচাম-এ গভীর জঙ্গলের মধ্যে Snake River-এর পাশে তাঁর যে কটেজ ছিল, যেখানে তিনি আত্মহত্যা করেন, সেই বাড়িরই নাম ছিল ‘THE TOPPING HOUSE’।
বাঃ। সেখানেই আমাদের একবার নিয়ে গেলে না!
কী করে নিয়ে যাব। তখন তো তোরা হামাগুড়ি দিচ্ছিস, নয়তো প্রাম-এ চড়ে বিকেলবেলা বেড়াতে যাচ্ছিস। সে কী আজকের কথা! তবে যাই হোক এবারে চল, দেখে আসবি। তিতিরও নিজের চোখে দেখে আসবে তার প্রিয় উপন্যাসের পটভূমি।
তা তো বুঝলাম, কিন্তু সেখানে তোমার এই হঠাৎ-যাওয়ার কারণটা কী? এখনও তো তা বোঝা গেল না কিন্তু।
ভটকাই বলল।
আমরা প্রত্যেকেই ঋজুদার দিকে নীরবে চেয়ে থাকলাম।
আমাদের শব্দহীন সম্মিলিত কেন-র উত্তরেই যেন ঋজুদা বলে উঠল, স্টিভ এডওয়ার্ডস এই নিয়ে গত রাত অবধি পাঁচবার ফোন করল মেলবোর্ন থেকে আমাকে।
স্টিভ এডওয়ার্ডস কে?
ওঃ।
একটু বিরক্তির সঙ্গেই বলল, ঋজুদা।
তারপর বলল, বন্ধুই বলতে পারিস। জঙ্গলের বন্ধু। জেঠুমণির খুব প্রিয়পাত্র ছিল। ওর বাবাকেও চিনতেন জেঠুমণি। নীলগিরি পাহাড়ের এক কফি প্ল্যান্টেশনের মালিক ছিলেন স্টিভ-এর বাবা টমাস এডওয়ার্ড। এক সময়ে অনেক শিকার করেছি মহীশূরের নীলগিরি পাহাড়ে একসঙ্গে। স্টিভ সত্তরের দশকে অস্ট্রেলিয়াতে গিয়ে সেটল করেছে। বিয়েও করেছে সেখানেই। ওর স্ত্রী জুলিকে নিয়ে একবার এসেওছিল এ দেশে। আমার কাছেও ছিল তিনদিন। জুলিদের পরিবার কানাডাতে থিতু ছিল। ওর মা, বাবা, এবং দাদা সব কানাডাতেই ছিলেন। অবিবাহিত দাদা, মা বাবার সঙ্গেই থাকতেন। জুলি, মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে পি এইচ ডি করতে এসে স্টিভ-এর ‘প্রেম’-এ পড়ে। তারপরে বিয়ে। তারও পরে, থোড়-বড়ি-খাড়া খাড়া বড়ি-থোড়।
এবারে তোমাকে কেন ফোন করছে সেটা বলল। তুমি বড় OFF THE POINT কথা বলো আজকাল ঋজুদা। ঋজু বোসও কি বুড়ো হয়ে গেল?
ঋজুদার ওয়ান অ্যান্ড ওনলি লোকাল গার্ডেন মিস্টার ভটকাই বকে দিল ঋজুদাকে।
মনে মনে আমরা যে অখুশি হলাম তা নয়।
ঋজুদা বলল, জুলির অবিবাহিত এবং সমবয়সী মামাতো দাদা টেড গিলিগানকে গুলি করে মারে তারই বন্ধু ম্যাক টেইলর। ওরা নর্থ কানাডাতে ‘মুজ’ শিকারে গেছিল।
‘মুজ’টা কী জিনিস? মাউস-এর জাতভাই নাকি?
ভটকাই বলল।
আমি বললাম, একটু পড়াশুনো কর। পরীক্ষার নোটবই মুখস্থ করা ছাড়াও পড়ার যে অনেক কিছুই আছে তাতো জানিস না।
জিনিসটা কী? সোজা বাংলাতে বলল না, মাস্টারি না করে।
MOOSE হচ্ছে উত্তর আমেরিকা এবং কানাডারও একরকম বড় বড় শিংওয়ালা হরিণ, আমাদের সম্বরের মতো। বরফাবৃত এলাকাতে পাওয়া যায় তাদের। এক সময়ে, যখন শিকার বে-আইনি হয়ে যায়নি, MOOSE বহু কষ্ট সহ্য করেও শিকার করত শিকারিরা।
তিতির বলল, অ্যালগারনন ব্ল্যাকউড-এর লেখা মুজ শিকারের একটা রোমহর্ষক গল্প আছে। ঠিক বলেছিস।
ঋজুদা বলল। দারুণ গল্প। আধিভৌতিক।
খুনের উদ্দেশ্য কী ছিল?
আমি জিজ্ঞেস করলাম।
ওরা দুজনেই নাকি একই মেয়ের জন্যে পাগল ছিল। ডাকসাইটে সুন্দরী। কানাডার এক নম্বর মডেল ছিল সে। অথচ সেই মেয়ে, জেসমিন স্পিক’, তাদের দুজনের কারোকেই ভালবাসত না। বাসত অন্য আরেকটি ছেলেকে। সে ছেলেটি খুব ভাল পিয়ানো বাজাত। জাতে ফরাসি ছিল। এবং থাকতও কানাডার মনট্রিয়ালে। যাকে প্রায় সব দিক দিয়েই প্যারিসই বলা যায়। যেখানে রাতও দিন। প্যারিসের ছোট বোনটি যেন মনট্রিয়াল।
ঋজুদা আমাদের টেনশানে রেখে কিছুক্ষণ পাইপ খেয়ে বলল, ম্যাক টেইলর, জুলির দাদা টেডকে খুন করে ফেরারি হয়ে যায়। কানাডিয়ান পুলিশ হন্যে হয়ে খুঁজেও তাকে ধরতে পারেনি। তাদের দৃঢ় ধারণা ম্যাক টেইলর কানাডা ছেড়ে স্থলপথে বা জলপথে খুন করার পরে-পরেই অন্য কোনও দেশে চলে গেছিল।
সে কী? আটকাতে পারল না তাকে কানাডার মতো দেশের পুলিশও?
না। পারেনি।
তারপর বলল, জুলির এক কানাডিয়ান বান্ধবী ছিল। তার নাম জিন। টরন্টোরই। তারা জুলিদেরই মতো কানাডার টরন্টোতেই থাকত। মাত্র মাসখানেক আগে জিন ব্লুজনার ভারতে এসেছিল ছুটি কাটাতে। কুনুরে স্টিভ-এর বন্ধুর কাছে। সেই বন্ধুর কুমুরে কফি প্ল্যান্টেশন ছিল। যাকে জিন দেখেছিল, সে নাকি হুবহু ম্যাক টেইলর-এর মতো দেখতে।
কোথায় দেখেছিল?
তিতির জিজ্ঞেস করল।
দমদম এয়ারপোর্টে। জুলির বান্ধবী দিল্লি থেকে কলকাতাতে এসেছিল ইনল্যান্ড ফ্লাইট-এ কলকাতায় এক অ্যাংলো ইন্ডিয়ান বন্ধুর সঙ্গে তিন দিন কাটিয়ে তারপর বাঙ্গালোর-এর ডাইরেক্ট ফ্লাইট নিয়ে তার যাবার কথা ছিল কুহূরে।
ম্যাক টেইলর-এর মতো দেখতে লোকটি কোথা থেকে এসে কোথায় যাচ্ছিল?
ইন্ডিয়ান এয়ারলাইনস-এর একটি হপিং ফ্লাইট আছে–রাঁচি, পাটনা হয়ে বেনারস যায়, তাতে করে। তাই তার রাঁচি যাবার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না।
তুমি তো সব গুবলেট করে দিলে। আমাদেরই না রাঁচি যেতে হয় মাথার চিকিৎসার জন্যে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলো।
ভটকাই বলল, ঋজুদাকে।
লোকটি যে রাঁচিই যাচ্ছিল তার কোনও স্থিরতা ছিল না। ইট ওজ আ ওয়াইল্ড গেসস! পুরোটা শোনই আগে।
বলো।
আমরা সমস্বরে বললাম।
রাঁচি যাবার হয়তো কোনও স্থিরতা ছিল না, এমনকী লোকটি হয়তো ম্যাক টেইলরও নয়। হয়তো পুরোটাই জিন-এর ভুল। যাকে জিন-এর ম্যাক টেইলর বলে মনে হয়েছিল, তাকে একটি কালো ছিপছিপে ভারতীয় এয়ারহোস্টেস নাকি জিন-এর সামনেই বলেছিল, তুমি কি সোজা ‘THE GUNGE-এ যাচ্ছ রাঁচি হয়ে?
তাতে কী প্রমাণিত হয়? এখনও আমরা কিছুই বুঝতে পারলাম না।
এবারে তিতির বলল, ফৌজদারি আদালতের উকিলের জেরার মতো।
প্রমাণিত কিছুই হয় না। তবে তাতে এ কথা জিন-এর মনে হয়েছিল যে, ওই এয়ারহোস্টেস ‘THE GUNGE’-এরই বাসিন্দা। নইলে, সে জানবে কী করে যে, ডরোথি নামক এক মহিলার (ওই টেইলর সম্ভবত যার সঙ্গে থাকে অথবা বিয়ে করেছে) জ্বর হয়েছে এবং ডাক্তারেরা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া বলে সন্দেহ করছেন?
তিতির বলল, তাও না হয় বোঝা গেল কিন্তু ‘THE GUNGE’ মানেই একটু উষ্ণতার জন্যে’র ম্যাকক্লাস্কিগঞ্জ সেটা জানা যাচ্ছে কী করে! রবার্টগঞ্জ, ফ্রেজারগঞ্জ, হ্যাঁমিলটনগঞ্জ, হান্টারগঞ্জ, আরও কত গঞ্জই তো আছে।
তা আছে। তবু রাঁচির কথাটা যখন জিন নিজ কানেই শুনেছে তখন রাঁচির কাছের ‘THE GUNGE’ ম্যাকক্লাস্কিগঞ্জ হতেও-বা পারে। জিন নিজে ম্যাকক্লাস্কিগঞ্জের নামও শোনেনি। জিন-এর কাছ থেকে হোস্টেস আর লোকটির কথোপকথন শুনেই জুলি আমাকে লেখে। আমিই তাকে বলি যে, রাঁচির কাছে যখন এবং সাহেব-সুবো যখন সেখানে থাকে, তখন ম্যাকক্লাস্কিগঞ্জও হতে পারে। তা ছাড়া সেখানে আমার কটেজ ছিল এক সময়ে, তাই আমি জানি যে, স্থানীয় মানুষেরা ম্যাকক্লাস্কিগঞ্জকে বোঝাতে ‘THE GUNGE’-ই বলেন। যেমন, পাহাড়ের বাসিন্দারা দার্জিলিংকে বোঝাতে বলেন: ‘ডার্জ।
তুমি নিজে কি কখনও ম্যাককে দেখেছ? তোমাদের সঙ্গেও শিকার করেছে সে কখনও?
মানে, ম্যাক টেইলর?
না। তবে জুলি একটি ফোটো পাঠাচ্ছে আমাকে কুরিয়ার-এ। আজকাল-এর মধ্যেই এসে যাবে। ম্যাক আর তার দাদা টেড-এর ছবিকে দু’টুকরো করে কেটে নেগেটিভ করে নিয়ে ম্যাক-এর ছবি এনলার্জ করে পাঠাচ্ছে।
মোটে এক কপি?
তাই তো পাঠাচ্ছে। জুলি তো আর জানে না যে আমার সৈন্যদল-এর প্রত্যেকের জন্যেও পাঠাতে হবে? ফোটোটা আসুক, এলে না হয় আমরাই কপি, করে নেব। আজকাল তো কালার জেরক্স করা যায়। অসুবিধার কী? তারপর স্বগতোক্তির মতো বলল, জুলি তোদের কথা জানবেই বা কী করে!
আমি বললাম, যদি মনে করো ম্যাকক্লাস্কিতে যাবার পরে ফোটোর সঙ্গে ওই লোকটির, মানে, ম্যাক টেইলর-এর মিল খুঁজে পেলে, তা হলেই বা কী করবে?
শুধু মিল খুঁজে পেলেই হবে না। আরও নানা ব্যাপারে খোঁজখবর নিয়ে যদি আমরা নিশ্চিত হই তবেই কানাডিয়ান পুলিশকে, মানে টরন্টোতে ফ্যাক্স বা ফোন করে দিতে হবে। তারপর যা করবার টরন্টোর পুলিশই করবে। জুলি ও স্টিভকেও জানিয়ে দেব। ওরাই বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করে নেবে। অত ভাবনা আমাদের এখন ভেবে কী হবে! আগে যাওয়াই তো যাক।
আমরা সমস্বরে বললাম, তা ঠিক।
ঋজুদা বলল, তোমাদের জানিয়ে রাখলাম। অ্যাডভান্স নোটিস। তবে তোমাদের সেখানে করার কিছুই নেই। তোমরা বেড়াবে, ট্রেকিং করবে, খাবে-দাবে, জায়গাটা ভাল করে ঘুরে দেখবে। আমিই যা করার করব। যদি তোমাদের সাহায্য লাগে, তবে যখন যেমন তখন তেমন জানাব। তবে রুদ্র, তোর পিস্তলটা সঙ্গে নিয়ে নিস।
তিতির বলল, ম্যাককে জিন কি ব্যক্তিগতভাবে জানত? নইলে তাকে দেখে চিনল কী করে!
না, চিনত না। মানে, পরিচিতি ছিল না, তবে চেহারাটা ভালভাবেই চিনত।
কী করে?
ম্যাককে জিন চিনত শুধু ফোটোরই মাধ্যমে। জুলিদের বাড়িতে ওর দাদা ও তার বন্ধুদের ফোটো ও অনেক ভিডিও দেখেছিল। ম্যাকও নিজে কিন্তু জুলিকে কখনও দেখেনি। তাই তাকে দমদম এয়ারপোর্টে হঠাৎ দেখে জুলির সন্দেহ হওয়াতেই জুলি ম্যাক-এর কাছে গিয়ে বলেছিল, এক্সকিউজ মি। মে আই হ্যাভ আ লাইটার? আই হ্যাভ লস্ট মাইন।
লোকটি, যাকে জিন ম্যাক টেইলর বলে ভাবছিল, বলেছিল, সরি, আই ডোন্ট স্মোক। উ্য শু্যডন্ট স্মোক ইদার।
তারপরই জুলির বন্ধু গায়ে পড়ে বলেছিল, আই অ্যাম জিন সুইভার ফ্রম টরন্টো, কানাডা। হোয়্যার আর উ্য ফ্রম?
সেই প্রশ্নের উত্তর না দিয়ে, ইট ওজ ভেরি নাইস টু হ্যাভ মেট ঊ্য, বলেই হ্যান্ডশেক করে ম্যাক বলেছিল, হোয়াট ব্রিংস উ্য হিয়ার।
আই হ্যাভ কাম অন আ হলিডে টু সি ইন্ডিয়া। হাউ বাউট উ্য?
আই অ্যাম অন আ হলিডে অ্যাজ ওয়েল। আই অ্যাম গোয়িং টু দার্জিলিং।
পরে আমিও ইন্ডিয়ান এয়ারলা