
অসম্ভবের দেশে
হেমেন্দ্রকুমার রায়
সকাল বেলায় উঠানের ধারে বসে কুমার তার বন্দুকটা সাফ করছিল৷ হঠাৎ পায়ের শব্দে মুখ তুলে দেখে, হাসিমুখে বিমল আসছে৷
কুমার বিস্মিত স্বরে বলল, ‘এ কী, বিমল যে! তুমি কবে ফিরলে হে?’
‘আজকেই৷’
‘তোমার তো এত তাড়াতাড়ি ফেরবার কথা ছিল না!’
‘ছিল না৷ কিন্তু ফিরতে হল৷ তোমাকে নিয়ে যাবার জন্যে এসেছি৷’
কুমার অধিকতর বিস্ময়ে বলল, ‘আমাকে নিয়ে যাবার জন্যে! ব্যাপার কী?’
‘গুরুতর৷ আবার এক ভীষণ নাটকের সূচনা!’
কুমার উত্তেজিতভাবে উঠে দাঁড়িয়ে বলল, ‘তাহলে এ নাটকে তুমি কি আমাকেও অভিনয় করবার জন্যে ডাকতে এসেছ?’
‘তা ছাড়া আর কী?’
‘সাধু, সাধু! আমি প্রস্তুত৷ যাত্রা শুরু হবে কবে!’
‘কালই৷’
‘কিন্তু তার আগে ব্যাপারটা একটু খুলে বলবে কি?’
‘তা বলব বই কী! শোনো! . . . তুমি জানো, সুন্দরবনে আমি শিকার করতে গিয়েছিলাম৷ যে-জায়গাটায় ছিলাম তার নাম হচ্ছে মোহনপুর৷ কিন্তু সেখানে গিয়ে শিকারের বিশেষ সুবিধে করে উঠতে পারিনি৷ একটিমাত্র বাঘ পেয়েছিলাম কিন্তু সে-ও আমার বুলেট হজম করে হয়তো খোশমেজাজে বহাল তবিয়তেই তার বাসায় চলে গিয়েছে৷
‘স্থলচরেরা আমাকে ‘বয়কট’ করছে দেখে শেষটা জলচরের দিকে নজর দিলাম৷ আমার সুনজরে পড়ে একটা কুমির আর একটা ঘড়িয়াল তাদের পশুজীবন থেকে ইচ্ছার বিরুদ্ধেই মুক্তিলাভ করল৷ তারপর তারাও আর আমার সঙ্গে দেখা করতে রাজি হল না৷ মনটা রীতিমতো তিক্তবিরক্ত হয়ে উঠল৷ ভাবলাম, কাজ নেই বনেজঙ্গলে ঘুরে, ঘরের ছেলে আবার ঘরেই ফেরা যাক৷
‘ঠিক এমনি সময়ে এক অদ্ভুত খবর পাওয়া গেল৷ মোহনপুর থেকে মাইল-পনেরো তফাতে আছে রাইপুর গ্রাম৷ রাইপুরের একজন লোক এসে হঠাৎ একদিন খবর দিল, সেখানে জঙ্গলে নাকি কী-একটা আশ্চর্য জীব এসে হাজির হয়েছে৷ সে জীবটাকে কেউ বলে বাঘ, কেউ বলে গণ্ডার, কেউ-বা বলে অন্য কিছু৷ যদিও তাকে ভালো করে দেখবার অবসর কেউ পায়নি, তবু এক বিষয়ে সকলেই একমত৷ আকারে সে নাকি প্রকাণ্ড-যে-কোনো মোষের চেয়েও বড়ো৷ তার ভয়ে রাইপুরের লোকেরা রাত্রে ঘুম ভুলে গিয়েছে৷’
কুমার সুধাল, ‘কেন? সে জীবটা মানুষ-টানুষ বধ করেছে নাকি?’
‘না৷ সে এখনও মানুষ-টানুষ বধ করতে পারেনি বটে, তবে রাইপুর থেকে প্রতি রাত্রেই অনেক হাঁস, মুরগি, ছাগল আর কুকুর অদৃশ্য হয়েছে৷ এর মধ্যে আর-একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, সেই অজানা জীবটার কবলে পড়ে রাইপুরের অনেক বেড়াল ভবলীলা সাঙ্গ করেছে বটে, কিন্তু বেড়ালগুলোর দেহ সে ভক্ষণ করেনি৷’
কুমার বলল, ‘কেন, এর মধ্যে তুমি উল্লেখযোগ্য কী দেখলে?’
বিমল বলল, ‘উল্লেখযোগ্য নয়? হাঁস, মুরগি, ছাগল আর কুকুরগুলোর দেহ পাওয়া যায়নি কিন্তু প্রত্যেক বেড়ালেরই মৃতদেহ পাওয়া যায় কেন? সেই অজানা জীবটা আর সব পশুর মাংস খায় কিন্তু বেড়ালের মাংস খায় না কেন? আর একটা আশ্চর্য ব্যাপার শোনো৷ দু-তিনজন মানুষও তার সামনে পড়েছিল৷ তারা তার গর্জন শুনেই পালিয়ে এসেছে, কিন্তু তাদের আক্রমণ করবার জন্যে সে পিছনে পিছনে তেড়ে আসেনি৷’
কুমার কৌতূহলভরে বলল, ‘তারপর?’
বিমল বলল, ‘তারপর আর কী, এমন একটা কথা শুনে আর কি স্থির হয়ে বসে থাকা যায়! আমিও মোটঘাট বেঁধে নিয়ে রাইপুরে যাত্রা করলাম৷’
কুমার বাধা দিয়ে বলে উঠল, ‘তাহলে নিশ্চয়ই তুমি সে জীবটাকে দেখে এসেছ?’
‘হ্যাঁ৷ বনেজঙ্গলে দুই রাত্রি বাস করবার পর তৃতীয় রাত্রে তার সাক্ষাৎ পেলাম৷ আমি একটা গাছের উপরে বন্দুক হাতে নিয়ে বসে বসে ঢুলছিলাম৷ রাত তখন বারোটা হবে৷ আকাশে খুব অল্প চাঁদের আলো ছিল, অন্ধকারে ভালো নজর চলে না৷ চারিদিকের নীরবতার মাঝখানে একটা গাছের তলায় হঠাৎ শুকনো পাতার মড়মড় শব্দ কানে এল৷ শব্দটা হয়েই থেমে গেল৷ সেইদিকে তাকিয়ে দেখি, অন্ধকারের ভিতরে ভাঁটার মতন বড়ো-বড়ো দুটো আগুন-চোখ জেগে উঠেছে৷ সে-চোখদুটো আমার দিকেই তাকিয়ে ছিল৷ চোখদুটো কোন জানোয়ারের আমি বোঝবার চেষ্টা করলাম না, তারপরেই বন্দুকে লক্ষ্য স্থির করে ঘোড়া টিপে দিলাম৷ সঙ্গে সঙ্গে বিষম এক আর্তনাদ ও ছটফটানির শব্দ৷ সে আর্তনাদ বাঘ-ভাল্লুকের ডাকের মতন নয়, আমার মনে হল যেন এক দানব-বেড়াল আহত হয়ে ভীষণ চিৎকার করছে৷
‘খানিক পরে আর্তনাদ ও ছটফটানির শব্দ ধীরে ধীরে থেমে এল৷ কিন্তু আমি সেই রাতের অন্ধকারে গাছের উপর থেকে আর নামলাম না৷ গাছের ডালেই হেলান দিয়ে কোনো রকমে রাতটা কাটিয়ে দিলাম৷ সকাল বেলায় চারিদিকে লোকজনের সাড়া পেয়ে বুঝলাম, রাত্রে আমার বন্দুকের শব্দ আর এই অজানা জন্তুর চিৎকার শুনেই এত ভোরে সবাই এখানে ছুটে এসেছে৷ আস্তে আস্তে নীচে নেমে পাশের ঝোপের ভিতর দিয়েই দেখতে পেলাম, একটা আশ্চর্য ও প্রকাণ্ড জীব সেখানে মরে পড়ে রয়েছে৷ জন্তুটা যে-কোনো বাঘের চেয়ে বড়ো৷ তাকে দেখতে বাঘের মতন হলেও সে মোটেই বাঘ নয়৷ তার গায়ের রং ধবধবে সাদা, কিন্তু মুখটা কালো৷ আসলে তাকে একটা অসম্ভব-রকম প্রকাণ্ড বেড়াল ছাড়া আর কিছুই বলা চলে না৷’
কুমার সবিস্ময়ে বলল, ‘তুমি বলো কী হে বিমল, বাঘের চেয়েও বড়ো বেড়াল? এও কি সম্ভব!’
বিমল বলল, ‘কী যে সম্ভব আর কী অসম্ভব তা আমি জানি না৷ আমি স্বচক্ষে যা দেখেছি তাই বলছি৷ কিন্তু এখনও সব কথা শেষ হয়নি৷’
কুমার বলল, ‘এর উপরেও তোমার কিছু বলবার আছে নাকি? আচ্ছা শুনি!’
বিমল বলল, ‘বেড়ালটার দেহ পরীক্ষা করতে করতে আর একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল৷ তার গলায় ছিল একটা ইস্পাতের বকলস আর একটা ছেঁড়া শিকল৷ দেখেই বোঝা গেল, এ বেড়ালটাকে কেউ বেঁধে রেখে দিয়েছিল৷ কোনোগতিকে শিকল ছিঁড়ে এ পালিয়ে এসেছে৷ . . . কিন্তু কথা হচ্ছে, এমন একটা বিচিত্র বেড়াল এ-অঞ্চলে যদি কারুর বাড়িতে বাঁধা থাকত তাহলে সকলে তার কথা নিশ্চয়ই জানতে পারত৷ কিন্তু কেউ এই বেড়াল ও তার মালিক সম্বন্ধে কোনো কথাই বলতে পারল না৷ এই বেড়ালের কথা লোকের মুখে মুখে চারিদিকে ছড়িয়ে পড়ল৷ নানা গ্রাম থেকে দলে দলে লোক এসে তাকে দেখতে লাগল৷ এমন একটা অসম্ভব জীব দেখে সকলে হতভম্ব হয়ে গেল!’
কুমার বলল, ‘এইখানেই তাহলে তোমার কথা ফুরোল?’
বিমল বলল, ‘মোটেই নয়৷ এইখানেই যদি আমার কথা ফুরিয়ে যেত, তাহলে তোমায় নিয়ে যাবার জন্যে আমি আবার কলকাতায় ফিরে আসতাম না৷’
কুমার উৎসাহিতভাবে বলল, ‘বটে, বটে, তাই নাকি?’
বিমল বলল, ‘বিকেল বেলায় দূর গ্রাম থেকে রাইপুরে একটা লোক এল, ওই বেড়ালটাকে দেখবার জন্যে৷ এমনভাবে সে বেড়ালটাকে দেখতে লাগল যাতে করে আমার মনে সন্দেহ হল যে, এই লোকটার এ সম্বন্ধে কিছু জানা আছে৷ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করাতে বলল, সে হচ্ছে মাঝি, নৌকো চালানোই তার জীবিকা৷ আমি জানতে চাইলাম, এই বেড়ালটাকে সে আগে কখনো দেখেছে কি না? খানিকক্ষণ চুপ করে থেকে ও কিছু ইতস্তত করে সে বলল-বাবু, এই রাক্ষুসে বেড়ালটাকে আমি আগে কখনো দেখিনি বটে, কিন্তু বোধ হয় এর ডাক আমি শুনেছি!-তার কথা শুনে আমার কৌতূহল আরও বেড়ে উঠল৷ তাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে সব কথা জানতে চাইলাম৷ সে যা বলল তা হচ্ছে এই :
‘দিন-পনেরো আগে একটি বুড়ো ভদ্রলোক আমার নৌকো ভাড়া করতে আসেন৷ সে-বাবুকে আমি আগে কখনো দেখিনি৷ তাঁর মুখেই শুনলাম, তিনি অন্য একখানা নৌকো করে এখানে এসেছেন, সেই নৌকোর মাঝির সঙ্গে ঝগড়া হওয়াতে সে তাঁকে আমাদের গ্রামে নামিয়ে দিয়েছিল৷
‘তিনি গঙ্গাসাগরের কাছাকাছি কোনো একটা জায়গায় যেতে চান৷ যে তাঁকে নিয়ে যাবে তাকে তিনি রীতিমতো বকশিশ দিয়ে খুশি করবেন, এমন কথাও আমাকে জানালেন৷ সঙ্গে সঙ্গে একখানা দশ টাকার নোটও আগাম ভাড়া বলে আমার হাতে গুঁজে দিলেন৷ আগাম এতগুলো টাকা পেয়ে আমি তখনই তাঁকে নিয়ে যেতে রাজি হলাম৷ তাঁর সঙ্গে ছিল মস্ত বড়ো একটা সিন্দুক, এত বড়ো সিন্দুক আমি আর কখনো দেখিনি৷ আমরা সকলে মিলে ধরাধরি করে সেই সিন্দুকটাকে নৌকোর উপরে নিয়ে গিয়ে তুললাম৷ তোলবার সময় শুনতে পেলাম, সিন্দুকের ভিতর থেকে কী-একটা জানোয়ার বিকট গর্জন করছে৷
‘আমরা ভয় পাচ্ছি দেখে বাবুটি বললেন-তোমাদের কোনো ভয় নেই, ওর ভিতরে একটা খুব বড়োজাতের বনবেড়াল আছে৷-সে যে কোন জাতের বনবেড়াল তা বলতে পারি না, বনবেড়াল যতই বড়ো হোক তার চিৎকার এমন ভয়ানক হয়, আমি তা জানতাম না৷ আমি বললাম-বাবু, এ যদি সিন্দুক থেকে বেরিয়ে পড়ে, তাহলে আমাদের কোনো বিপদ হবে না তো?-তিনি হেসে বললেন-না, সিন্দুকের ভিতরে ও বেড়ালটা শিকলে বাঁধা আছে৷
‘কিন্তু নৌকো নিয়ে আমাদের বেশিদূর যেতে হল না৷ সমুদ্রের কাছে গিয়ে আমরা হঠাৎ এক ঝড়ের মুখে পড়লাম৷ ঢেউয়ের ধাক্কা থেকে নৌকো বাঁচানোই দায়৷ দাঁড়িরা সব বেঁকে বসল, বলল-ওই ভারী সিন্দুকটা নৌকা থেকে নামিয়ে না দিলে কারুকেই আজ প্রাণে বাঁচতে হবে না৷
‘কিন্তু তাদের কথায় সেই বুড়ো ভদ্রলোকটি প্রথমটা কিছুতেই সায় দিতে চাইলেন না৷ শেষটা দাঁড়িরা যখন নিতান্ত রুখে উঠল, তখন তিনি নাচার হয়ে বললেন-তোমাদের যা-খুশি করো আমি আর কিছু জানি না৷
‘সকলে মিলে সেই বিষম ভারী সিন্দুকটা তখনই জলে ফেলে দেবার জোগাড় করল৷ কেবল আমি বাধা দিয়ে বললাম-ওর ভিতরে যে বনবেড়ালটা আছে, তার কী হবে?-দাঁড়িরা বলল-বনবেড়ালটাকে বাইরে বার করলে আমাদের কামড়ে দেবে, তার চেয়ে ওর জলে ডুবে মরাই ভালো!
‘ভদ্রলোকও ব্যস্ত হয়ে বলে উঠলেন-না, না, ওকে বাইরে বার করতে হবে না, সিন্দুক সুদ্ধই ওকে জলে ফেলে দাও!
‘সিন্দুকটাকে আমরা তখন জলের ভিতর ফেলে দিলাম৷ তার একটু পরেই জলের ভিতর থেকে কী-একটা মস্ত জানোয়ার ভেসে উঠল৷ সেটা যে কী জানোয়ার, দূর থেকে আমরা ভালো করে বুঝতে পারলাম না-বোঝবার সময়ও ছিল না, কারণ আমরা সবাই তখন নৌকো নিয়েই ব্যস্ত হয়ে আছি৷
‘ঝড়ের মুখ থেকে অনেক কষ্টে নৌকোকে বাঁচিয়ে, সন্ধ্যার সময় আমরা সমুদ্রের মুখে মাতলা নদীর মোহানায় গিয়ে পড়লাম৷ দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছিল, আঙুল দিয়ে সেইটে দেখিয়ে ভদ্রলোক বললেন-আমাকে তোমরা ওইখানে নামিয়ে দাও৷ আমি আশ্চর্য হয়ে বললাম-এই অসময়ে ওই দ্বীপে নেমে আপনি কোথায় যাবেন?
‘ভদ্রলোক একটু বিরক্তভাবেই বললেন-সে-কথায় তোমাদের দরকার নেই, যা বলছি শোনো৷-আমরা আর কিছু না বলে নৌকো বেয়ে দ্বীপের কাছে গিয়ে পড়লাম৷ তখন বেশ অন্ধকার হয়েছে-দ্বীপের বনজঙ্গলের ভিতর দিয়ে আর নজর চলে না৷
‘এ দ্বীপে আমরা কখনো আসিনি, এখানে যে কোনো মানুষ থাকতে পারে তাও আমাদের বিশ্বাস হয় না৷ কিন্তু বুড়ো ভদ্রলোকটি অনায়াসেই নৌকো থেকে নেমে সেই অন্ধকারের ভিতরে কোথায় মিলিয়ে গেলেন৷
‘তখন ভাঁটা আরম্ভ হয়েছে৷ নৌকো নিয়ে আর ফেরবার চেষ্টা না করে সে রাতটা আমরা সেইখানেই থাকব বলে স্থির করলাম৷ নৌকো বাঁধবার চেষ্টা করছি, এমন সময় অন্ধকারের ভিতর থেকে সেই ভদ্রলোকের গলায় শুনলাম-তোমরা এখানে নৌকো বেঁধো না, শিগগির পালিয়ে যাও, নইলে বিপদে পড়বে!
‘আমি আশ্চর্য হয়ে বললাম-এখানে থাকলে বিপদ হবে কেন বাবু?
‘ভদ্রলোক খুব কড়া গলায় বললেন-আমার কথা যদি না শোনো, তাহলে তোমরা কেউ আর প্রাণে বাঁচবে না!
‘তবুও আমি বললাম-বাবু, সারাদিন খাটুনির পর এই ভাঁটা ঠেলে আমরা নৌকো বেয়ে যাই কী করে? এখানে কীসের ভয়, বলুন না আপনি! বুনো জন্তুর, না ডাকাতের?
‘ভদ্রলোক বললেন-জন্তুও নয়, ডাকাতও নয়৷ এ-দ্বীপে যারা আছে তাদের দেখলেই ভয়ে তোমাদের প্রাণ বেরিয়ে যাবে! শিগগির সরে পড়ো!
‘আমি আর একবার জিজ্ঞাসা করলাম-তবে এমন ভয়ানক জায়গায় আপনি নামলেন কেন?
‘ভদ্রলোক হা-হা-হা-হা করে হেসেই চুপ করলেন, তারপর তাঁর আর কোনো সাড়া পাওয়া গেল না৷ আমাদেরও মনে কেমন একটা ভয় জেগে উঠল, সেখান থেকে তখনই নৌকো চালিয়ে তাড়াতাড়ি পালিয়ে এলাম৷
‘বাবু, আমার বিশ্বাস, আপনি এই যে রাক্ষুসে বেড়ালটাকে ম