Home
স্মৃতিগন্ধা

স্মৃতিগন্ধা

সাদাত হোসাইন

স্মৃতিগন্ধা

সাদাত হোসাইন
novel

Posted byমৌসুমী দাস19-Jun-2025

Change color

প্রকাশকাল : একুশে বইমেলা ২০২১

উৎসর্গ

আমার তেইশ মাস বয়সের কন্যা

সারিনা সাদাত নোরা

প্রার্থনা করি, একজন সত্যিকারের মানুষ হয়ে

বেড়ে ওঠো…


এই উপন্যাসের মহিতোষ মাস্টারের চরিত্রটি লিখতে গিয়ে বারবার চোখ ভিজে যাচ্ছিল জলে। মনে হচ্ছিল, এর আগে কখনো কোনোদিন কোনো বাবা-কে এভাবে অনুভব করিনি। এই যে হঠাৎ বাবা হয়ে উঠলাম, এ তো তোর জন্যই! না হলে কী করে বুঝতাম, জগতের সব বাবা ঠিক আমার মতোই। এরা সত্যিকারের বাবা হওয়ার ঠিক আগ মুহূর্ত অবধিও বুঝতে পারে না, এতটা বছর নিজের অজান্তেই কী করে এমন আশ্চর্য অনুভূতির অথই সমুদ্র সঙ্গোপনে বুকে বয়ে বেড়ায়!


ভূমিকা

প্রায় বছর তিরিশেক আগে আমাদের গাঁয়েরই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে বসবাস শুরু করেন আমার বাবা। কিন্তু ওইটুকু স্থানচ্যুতিই যেন নানাভাবে একধরনের অনাহুত আগন্তুক অনুভূতি দিতে থাকে আমাদের। চারপাশের নানা আবহ-আচরণ যেন প্রতিষ্ঠিত করতে থাকে, তোমাদের বাড়ি তো এখানে নয়, ওইখানে… ওই যে ফেলে এসেছো… গাঁয়ের ওই প্রান্তে…।


নিজের শৈশব-কৈশোরের তীব্রতম অনুভূতিতে বুকের ভেতর ওই জল-হাওয়া-মাটি শুষে নিয়ে নিজের শিকড় প্রোথিত করে, ওইটুকু অবজ্ঞা মেনে নেয়ার অভ্যেস রপ্ত করেই আমরা ওই মাটিকে নিজের করে ভালোবেসেছি, বেড়ে উঠেছি। তবে সেই বেড়ে ওঠায় নানা ভাবনা, সংবেদনশীলতাও তৈরি হয়েছে। হয়তো এ কারণেই দেশত্যাগের মতো একটি বিষয় চেতনে-অবচেতনে আমাকে সারাক্ষণ নাড়া দেয়। সেই ভাবনা থেকেই দেশভাগ নিয়ে লেখার ইচ্ছে বহুদিনের। কিন্তু পর্যাপ্ত প্রস্তুতির অভাবে সেটা এখনো হয়ে ওঠেনি। স্মৃতিগন্ধাও দেশভাগ নিয়ে লেখা নয়। তবে উপন্যাসের প্লটটি মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের একটি সময়ের। ছেয়াত্তর-সাতাত্তর সাল। শিকড় উপড়ে যাওয়া মানুষের বেদনার গল্পই হয়তো আমি লিখতে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত এই উপন্যাস আর সেই গল্পের থাকেনি। হয়ে উঠেছে অন্য এক ভালোবাসার গল্প। সেখানে পিতা হয়ে উঠেছেন অন্য এক দেশ। যে দেশ আকুল হয়ে খুঁজে বেড়াতে থাকে তার সন্তানকে।


কে জানে, হয়তো দেশও এমন করেই খুঁজে বেড়ায়, অপেক্ষায় থাকে তার সন্তানদের! কেবল তার ছুটে বেড়ানোর ক্ষমতা থাকে না বলে তা দেখা যায় না চোখে। কিন্তু দূর কোনো দেশে হারিয়ে যাওয়া তার পরবাসী সন্তান হয়তো ঠিকই টের পায়, মা তাকে ডাকছে!


সেই ডাক নিঃশব্দ রাত্রির একাকী প্রহরে সঙ্গোপনে কান্না হয়ে ঝরে পড়ে।


সাদাত হোসাইন

১৪.০৩.২০২১

শ্যামলী


জানি যাচ্ছি, ফেলে সন্ধ্যা,

সাথে তোমাকেও, স্মৃতিগন্ধা!


–সাদাত হোসাইন


১

হেমন্তের বিষণ্ণ সন্ধ্যা।


খানিক আগেই ভুবনডাঙা স্টেশন ছেড়ে সাইরেন বাজিয়ে চলে গেছে সন্ধ্যার ট্রেন। তারপর থেকে অদ্ভুত নৈঃশব্দ্য। সুনসান নীরবতা। একটা হলুদ পাতা হঠাৎ উড়ে এসে পায়ের কাছে পড়তেই পারু স্নান চোখে তাকায়। কী রুক্ষ্ম, প্রাণহীন চারপাশ! যেন ক্রমশই নেমে আসছে মৃত্যু। গাঢ় অন্ধকার। মুখভার থমথমে আকাশও মিশে গেছে দূরে কোথাও। কিন্তু পারুর খুব ইচ্ছে হয়, ওই আকাশটাকে টুপ করে বুকের ভেতর লুকিয়ে ফেলতে। এমন আকাশ কি আর কোথাও আছে? এমন মন কেমনের সন্ধ্যা? ওই যে দূরের গ্রাম, শুকনো খড়ের মাঠ, ভেজা ঘাসের মেঠোপথ? ওই যে নরেন দাদুর ফোকলা দাঁতের হাসি? ভুবনডাঙা নদী? এই যে সে বসে আছে পুকুরপারে, ওই যে সামনে শান বাঁধানো ঘাট, স্বচ্ছ জলের আয়না, তুলসি তলার মায়া, বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ, এমন কি আর কোথাও কিছু আছে?


পারু দীর্ঘশ্বাস ফেলতে গিয়েও লুকায়। মানুষ হওয়ার এই এক যন্ত্রণা। জীবনভর কেবল লুকাতে হয়! মিহি কুয়াশার ভেতর থেকে গায়ে এসে বেঁধে সূচের ফলার মতো তীক্ষ্ণ হিমেল হাওয়া। জড়সড় চারু ডাকে, দিদি।


হুম? সাড়া দেয় পারু।


এসব ছেড়ে যেতে তোর ভালো লাগবে?


কই যাব?


কেন? তুই শুনিসনি?


কী?


বাবা যে বলল আমাদের জমিগুলো বিক্রির একটা ব্যবস্থা করতে পারলেই আমরা কলকাতা চলে যাব! ভুবনডাঙার ট্রেন ধরে বর্ডার পর্যন্ত। তারপর সীমানা পার হলেই ভারত। আমরা আর কখনো ফিরে আসব না দিদি?


পারু ছোট বোনের দিকে তাকায়। চারুর বয়স চৌদ্দ। তার থেকে বছর চারেকের ছোট। মাথাভর্তি চুল। মা চুপচুপে তেল দিয়ে বেণি করে দিয়েছে চুলে। সে তাকিয়ে আছে ফ্যাকাশে চোখে। পারুর হঠাৎ মনে হলো, আচ্ছা, এই বয়সের স্মৃতি কতটা গম্ভীর হয়? আজ থেকে কুড়ি বছর পর কি আজকের এই সন্ধ্যার কথা চারুর মনে থাকবে? কিংবা তার?


নাহ। পার ফোঁস করে লুকানো দীর্ঘশ্বাসটা ফেলে। আমরা আর কখনোই ফিরে আসব না।


কখনোই না?


উহু। বলেই উঠে দাঁড়ায় পার। তুলসীগাছের তলায় সন্ধ্যা আরতি দিচ্ছেন মা। তার পাশেই ঠাকুরঘর। ওই যে বাঁশের কঞ্চি কেটে বানানো ঠাকুরমার লাঠিটা ওখানে। তার পাশে কাঠের খড়ম। দরজার কাছে জলচৌকি। ঘরের টিনের চালের ওপর ডালপালা ছড়ানো আমগাছ। গোয়ালঘর থেকে গলগল করে ধূপের গন্ধ বেরুচ্ছে। সন্ধ্যা হলেই মশা তাড়াতে ধূপ জ্বেলে দেন মা। কালো রঙের বড় গাইটা কেমন অসহায়ের মতো তাকিয়ে আছে। তার চোখ কি ভেজা?


পারু জানে না। তবে সে দু পা এগিয়ে গাইটার গা ঘেঁষে দাঁড়ায়। হাত বোলাতে থাকে পিঠে। বাবা খদ্দের খুঁজছেন। ভালো দাম পেলেই বেচে দেবেন। তারপর? কোথায় চলে যাবে কালু আর কখনো দেখা হবে না তাদের? পারুর আচমকা কী যে হয়! সে দুই হাতে গাইটাকে জড়িয়ে ধরে। গাল ঘসতে থাকে পিঠে। এত কান্না পাচ্ছে কেন তার কে জানে! এই সবকিছু ছেড়ে সে কোথায় যাবে? কীভাবে যাবে?


.


বাড়ি ফিরতে ফিরতে রাত হলো মহিতোষের। তাঁর পায়ের আওয়াজ পেতেই ছায়ারাণী হাঁক ছাড়লেন, কে ওইখানেঃ মহি নি?


হ্যাঁ মা।


রাইত কয় ঘড়ি হইছে, সেই খেয়াল আছে? এখন বাড়ি ফেরনের টাইম?


একটু দেরি হয়ে গেল মা।


দিন-কাল ভালো না। এত রাইত করে বাড়ি ফিরিস না।


মহিতোষ জানেন, দিনকাল ভালো না। তবে ভালো হলেও লাভ নেই। মায়ের এই দুশ্চিন্তা কখনোই যাবে না। সন্ধ্যার পরে বাড়ি ফেরা ছায়ারাণীর পছন্দ না। এটা সে সেই এতটুকু বয়স থেকে দেখে এসেছে। উঠানের পাশে কলতলা। মহিতোষ সেখানে গিয়ে দাঁড়ালেন। অঞ্জলি কেরোসিনের কুপি আর গামছা নিয়ে এলেন। মহিতোষ বললেন, পারু আর চারু ঘুমিয়েছে?


তা জানি না। তবে শুয়েছে।


না ঘুমালে শোবে ক্যান?


কে জানে! অঞ্জলির কণ্ঠে বিরক্তি। সারাক্ষণ দুজনে কী গুটুর গুটুর করে কে জানে!


মহিতোষ হাসেন, দুই বোনে খাতির থাকা ভালো। বলে হাতে-মুখে জল ছেটান তিনি। গড়গড় করে কয়েকবার মুখ কুলকুচি করেন। তারপর মাথায় মুখে শেষবারের মতো জলের ছিটা দিয়ে অঞ্জলির হাত থেকে গামছা নেন। অঞ্জলি বলেন, জমি বেচার কোনো বন্দোবস্ত হলো?


মহিতোষ সঙ্গে সঙ্গেই জবাব দিলেন না। সময় নিয়ে হাত মুখ মুছলেন। তারপর বললেন, লোকে যা মাগনা পাওয়ার আশা করে, তা কি আর টাকা দিয়ে কিনতে চায়?


মাগনা পাওয়া যাবে ক্যান?


এই প্রশ্নের জবাব দেন না মহিতোষ। অন্ধকারে আকাশের দিকে তাকান তিনি। ঘরের পুবদিকে ঘন বাঁশঝাড়। সেখানে চারদিক থেকে কুর্নিশ করার ভঙ্গিতে নুয়ে এসে মাথার ওপরের আকাশটাকে ঢেকে দিয়েছে বাঁশঝাড়টা। এই দৃশ্য তাঁর কতকালের চেনা! অথচ এই সব ছেড়ে চলে যেতে হবে? মানুষ যেখানে জন্মায়, সেখানে কেন গাছের মতো শিকড় গজিয়ে ফেলে? শুষে নিতে থাকে আলো, জল, হাওয়া। তারপর কেন আবার তাকে সেই শিকড় উপড়ে নিয়ে চলে যেতে হয় অন্য কোথাও? ক্রমাগত শুকিয়ে যেতে হয় ভেতরে-বাইরে। শিকড় উপড়ানো মৃত গাছের মতোই। রাতে খেতে বসে তিনি বললেন, বড়দা কলিকাতা থেকে চিঠি দিয়েছে।


কী লিখেছে? অঞ্জলির কণ্ঠে উত্তষ্ঠা।


ভালো কিছু না। পাঁচ-ছ বছর তো হলো ওপারে গেল। কিন্তু এখনো কিছুই গোছাতে পারেন নাই। বলেছেন, দেশে তাঁর ভাগের জমি-জমা যা ছিল, তার একটা ব্যবস্থা যেন করে যাই আমি। কিছু টাকা-পয়সা পেলে খুব উপকার হবে…।


আমাদের জমিগুলাইতো বেচতে পারছেন না। তারটা কেমনে বেচবেন?


মহিতোষ জবাব দেন না। চুপচাপ ভাত খেতে থাকেন। কুপির আলোয় দেয়ালে তাঁর দীর্ঘ ছায়া পড়েছে। খানিক ঝুঁকে ভাতের গ্রাস মুখে তোলার সঙ্গে সঙ্গে ছায়াটাও ঝুঁকছে। ওই ছায়ার দিকে তাকিয়ে অঞ্জলির কেমন অস্বস্তি হতে থাকে। খুব অসহায় আর ন্যুজ লাগছে মানুষটাকে। যেন জীবনের ভার বইতে বইতে ক্লান্ত। বছর পাঁচ-ছয় আগে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, তখন কত কত মানুষ দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু মহিতোষ যাননি। বাপের দেশের মাটি ছেড়ে কোথায় যাবেন তিনি? এই গ্রাম, এই ঘর-বাড়ি, ফসলের মাঠ, মাটি ও মানুষ সবই তার হাতের তালুর মতো চেনা। মায়ের মতো মায়াময়। এসব ছেড়ে কেন যাবেন? কিন্তু সময় বদলায়। বদলায় চারপাশের মানুষও। যাকে দিনের আলোর মতো স্পষ্ট, জলের মতো স্বচ্ছ-সহজ ভেবে দিনের পর দিন নির্ভরতায় পথ চলেছেন, সেই মানুষটাও আচমকা কেমন অন্যরকম হয়ে উঠতে লাগল। সবাই যে এমন, তা নয়। বরং বেশির ভাগই সহজ-সরল, আত্মীয়সম প্রতিবেশী। কিন্তু তারা বড় নিরীহ, নির্ঝঞ্ঝাট। ফলে নরম ঘাসের মতো তাদের পায়ের তলায় পিষে ভয়াল আদল নিয়ে বেড়ে উঠেছে কিছু দানবীয় মানুষ। তাদের ছায়া ক্রমশই বিস্তৃত হচ্ছে। এই পরিবর্তনটা অনেক দিন ধরেই টের পাচ্ছিলেন মহিতোষ। তারপরও মন সায় দিচ্ছিল না তার। বলতে গেলে মাটি কামড়েই পড়েছিলেন। এ তার বাপ-দাদার ভিটে। এখানেই তার নাড়িপোঁতা। এ ছেড়ে কোথায় যাবেন তিনি।


কিন্তু গত বছরের বন্যা আর নদীভাঙনে স্কুলটাও বিলীন হয়ে গেল নদীতে। তার ওপর যুদ্ধবিধ্বস্ত দেশে শুরু হলো নানা রাজনৈতিক সংকটও। সেসব সংকটে হঠাই কেমন গুমোট হয়ে গেল চারপাশ। কালবোশেখী ঝড়ের আগে যেমন হয়।


.


মহিতোষের বড় ভাই পরিতোষ খানিক ভীতু প্রকৃতির। যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গেই তিনি সীমানা পেরিয়ে ওপারে চলে গিয়েছিলেন। এতকিছু আর ভাবেননি তখন। কিন্তু সীমান্তের ওপারে যে নিরাপদ জীবনের ভাবনায় তখন আচ্ছন্ন ছিলেন, সেই ঘোরও কাটতে লাগল ধীরে ধীরে। বুঝতে পারলেন, একবার যে গৃহত্যাগ করে তার আর কোথাও কখনো ঘর হয় না। পথের ধারের সরাইখানায় হয়তো বছরের পর বছর থাকা যায়, কিন্তু সেখানে কখনো ঘরের মায়া থাকে না। এ যেন মায়ের কোল ছেড়ে পাথুরে পৃথিবীতে নামার মতোই। বুকের ভেতর খানিক স্পর্শের জন্য, মায়ার জন্য, চেনা ঘ্রাণের জন্য ছটফট করতে থাকে। অন্য কোথাও হয়তো অন্য কোনো মমতাময়ী নারী থাকে। আশ্রয় ও ভালোবাসাও থাকে। কিন্তু মা?


.


মা ছাড়া আর কোথায় মেলে মায়ের স্নেহ?


মহিতোষ ভাত খেয়ে উঠতে উঠতে বলেন, পারু আর চারুর দিকে খেয়াল রেখো। বেলা-অবেলায় এদিক-সেদিক না যাওয়াই ভালো।


অঞ্জলি কথা বলেন না। তবে মহিতোষের দুশ্চিন্তা তিনি বুঝতে পারেন। রাতে ঘুমাতে গিয়ে মহিতোষ বললেন, মনে হয় না জমি-জমা ঠিকঠাক মতো বেচতে পারব। আর পারলেও দাম পাব দশ ভাগের এক ভাগ। সবাই ভাবছে আজ হোক, কাল হোক, দেশ তো ছাড়বোই। তখন উড়ে এসে জুড়ে বসবে। শুধু শুধু টাকা পয়সা দিয়ে কিনে কী লাভ?


.


টিনের চালে টুপটাপ শিশিরের শব্দ হয়। একটা পা, ছোট ডাল, একটা নিশাচর পাখির ডানা ঝাঁপটানোর শব্দ রাতের এই নীরবতার বুকে সুই-সুতোর মতো দুঃখ গেঁথে দিতে থাকে।


.


কাক ভোরে ঘুম ভাঙে পারুর। সে ফিসফিস করে চারুকে ডাকে, এই, ওঠ। ওঠ।


চারু ঘুম ঘুম গলায় বলে, আরেকটু ঘুমাই না দিদি।


আর কত ঘুমাবি? ওঠ।


চারু অবশ্য ওঠে না। সে কথা টেনে নিয়ে নিজেকে আরো জড়িয়ে নেয়। ভোরের এই হিম হিম অনুভবে কাঁথার ওই ওমটুকু যেন তা

**********
No Review
Related Books
Loading books…