Home
বাড়ি বদলে যায়

বাড়ি বদলে যায়

রমাপদ চৌধুরী

বাড়ি বদলে যায়

রমাপদ চৌধুরী
novel

Posted bySmita Biswash23-Jun-2025

Change color

ধ্রুবর বুকের ভিতরটা কেঁপে উঠল। অথচ ওর সঙ্গে এ ব্যাপারটার কি সম্পর্ক। একজন অজ্ঞাতকুলশীল মানুষ। ভদ্রলোকের মুখ ও কোনওদিন দেখেছে কিনা জানে না। ভদ্রলোক যে এ পাড়ায় ছিলেন তাও জানত না, এবং জানার কোনওদিন প্রয়োজনও হয়নি। হয়তো এই মুহূর্তে ওঁকে দেখতে পেলে মনে পড়ত কোনওদিন আসা-যাওয়ার পথে দেখেছে কিনা। হতে পারে এই রাস্তায়, কিংবা দোকানে বাজারে ওঁকে প্রায়ই দেখতে পেত। কিন্তু ভিড়ের মধ্যে সকলেই আছে, শুধু ভদ্রলোক নেই। থাকলেও বোধহয় চিনতে পারত না, কারণ ধ্রুব হাঁটাচলার পথে চোখ তুলে বড় একটা কারও মুখের দিকে তাকায় না। লোকজনকে এড়িয়ে চলাই ওর চরিত্র। পাড়ার কেউ ডেকে দুএকটা কথা বলতে চাইলেও হ্যাঁ না গোছের ক্ষুদ্র বাক্যে ভদ্রতা সারে, বড় জোর মুখে একটু স্মিত হাসি। ওটুকুও বানানো সৌজন্য। আসলে মানুষকে এড়িয়ে চলাই ওর অভ্যাসে দাঁড়িয়ে গেছে, অথচ লোকে ভাবে এটা ওর অহঙ্কার। ধ্রুব নিজের মনেই হাসে, যখন আত্মীয়স্বজন কেউ এসে তেমন একটা অভিযোগ করে। কি নিয়ে অহঙ্কার করবে ও, কি আছে অহঙ্কৃত হবার মতো।


লোকটির কোনও পরিচয়ই যে জানত না, তাও স্বভাবের দোষে।


ব্যাঙ্ক থেকে টাকা তুলে খুব হনহন করে বাড়ি ফিরছিল, কিছুটা দেরি হয়ে গেছে বলে, কিছুটা চড়া রোদ্দুরের জন্যে। এই গলি দিয়ে এলে পথ অনেকখানি সংক্ষেপ করা যায়, তাই এদিক দিয়েই ওর যাতায়াত। বাস থেকে নেমে বকুলবাগানের বাড়িতে পৌঁছতে সময়ও লাগে, অনেকখানি হাঁটতেও হয়।


হনহন করে হেটেই আসছিল। হঠাৎ থমকে দাঁড়াল। নিছক কৌতূহল ছাড়া তখন আর কিছুই ছিল না। শুধু পথচারী দুএকজনের মুখের দিকে তাকাল, তাদের চোখেও কৌতূহল।


ডানদিক থেকে আরেকটা রাস্তা বেরিয়ে গেছে, সেটুকু পার হওয়ার সময়েই ওর হঠাৎ চোখে পড়ল। সামান্য কিছু লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে, কিন্তু তা দেখে ভিড়ের মধ্যে ঢুকে পড়ার মানুষ ও নয়। কোলকাতার রাস্তাঘাটে জটলা তো লেগেই আছে, সেসব দেখে সারস পক্ষীটির মতো গলা বাড়িয়ে রহস্যের হদিস পাবার চেষ্টা করে না ধ্রুব। ও বরং এসব এড়িয়েই যায়। কিন্তু ওকেও থমকে দাঁড়াতে হল।


চুম্বকের মতো একটা আকর্ষণে ও এগিয়ে গেল। কারণ দৃশ্যটার দিকে চোখ পড়তেই ওর বুকের ভিতরটা ধক করে উঠেছে। আকস্মিক কোনও ভয় যেন মুহূর্তে ওকে আচ্ছন্ন করে ফেলেছে।


দ্রুত পায়ে ও সেদিকে এগিয়ে গেল।


এ রাস্তায় ফুটপাথ নেই বললেই চলে, তবে রাস্তাটা গলির মতো নিতান্ত সরু নয়। তারই অর্ধেক জুড়ে তুপীকৃত হয়ে পড়ে আছে একটি সংসারের যাবতীয় আসবাব। কেউ যেন ঘৃণা আর তাচ্ছিল্যে ছুড়ে ছুড়ে বের করে দিয়েছে।


খাট, আলমারি, ড্রেসিং টেবল, বুক কেস। ত্রিভঙ্গ হয়ে পড়ে আছে নারকেল ছোবড়ার পুরু গদি। আর চারপাশ ঘিরে বালতি, মগ, হাঁড়িকুড়ি, রাশি রাশি মসলাপাতির কৌটো। একটা পুরোনো টিন টলে পড়েছে, তা থেকে গড়িয়ে পড়ছে সরষের তেল। একজন কে গিয়ে সেটা সোজা করে বসিয়ে দিল।


ধ্রুব ততক্ষণে ভিড়ের ফাঁকে উঁকি দিয়ে দাঁড়িয়ে পড়েছে। ওর বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। নিজেরই মনে হল ওর মুখ কি এক অজানা আতঙ্কে বিবর্ণ হয়ে গেছে। সেই মুখ অন্যকে দেখাতেও যেন ভয়।


বিস্ময়ের চোখে ও তন্ন তন্ন করে জিনিসগুলোর ওপর দৃষ্টি বুলিয়ে যাচ্ছিল। অস্ফুটে বলে উঠল, ইস্!


এক কোণে একটা খোলা উনোন, কেউ জ্বলন্ত উনোনে জল ঢেলে দিয়েছে। আর তারই আশেপাশে কড়াইয়ে আধ রান্না কিছু একটা তরিতরকারি, অ্যালুমিনিয়ামের হাঁড়িটা কাত হয়ে পড়ে আছে, তা থেকে ভাত গড়িয়ে পড়েছে ফুটপাথে।


একজন কে পিছন থেকে ধ্রুবকে জিগ্যেস করল, কি হয়েছে মশাই?


ধ্রুব কোনও উত্তর দিল না। প্রশ্নটা তো ওরও। পাশেই প্যান্টের পকেটে হাত ঢোকানো ছেলেটি, বলে উঠল, শালা ছোটলোক, রান্না ভাতটুকুও খেতে দেয়নি।


আরেকজন ও প্রান্ত থেকে বললে, কি অবস্থা বেচারিদের।


তার গলার স্বরে বিষণ্ণতা মাখানো।


ততক্ষণে ধ্রুবর চোখ পড়ল বেশ কিছুটা দূরে একজন ভদ্রমহিলা, সঙ্গে দুটি বাচ্চা ছেলে, একটি ফ্রক পরা মেয়ে। ওরা সকলেই অন্যদিকে তাকিয়ে আছে। ভদ্রমহিলা মুখ নিচু করে আছেন, লজ্জায়। পাড়ার এত লোকের সামনে এমনভাবে অপদস্থ হওয়ার লজ্জা? কিংবা কে জানে, এখন তো ওঁর মাথায় আকাশ ভেঙে পড়েছে, হয়তো লজ্জা-অপমানের বোধটুকুও আর নেই।


ব্যাপারটা কি, বুঝতে অসুবিধে বার কথা নয়।


প্যান্টের পকেটে হাত ঢোকানো ছেলেটি হঠাৎ বললে, ভদ্রলোক গেলেন কোথায়?


ওপাশের ধুতি-পাঞ্জাবি পরা বৃদ্ধ লোকটি জবাব দিলেন, শুনছি তিনি তো সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেছেন। হয়তো কোর্টে।


হাতে স্ত্রী কে ঝোলানো কাঁচাপাকা চুলের লোকটি বললে, কোর্টে গিয়ে আর এখন কি হবে, হয়তো কোনও আস্তানার খোঁজে।


না, ধ্রুব একজনও চেনা লোক দেখতে পেল না। শেষে ওই ব্রীফ কেস হাতে লোকটিকেই জিগ্যেস করল, কি হয়েছে? জানেন কিছু?


লোকটি ভারী ব্রীফ কেস হাতে ঝুলিয়েও কাঁধ ঝাঁকিয়ে বললে, দেখে বুঝতে পারছেন না? ইজেক্টমেন্ট। ভাড়াটে উচ্ছেদ।


বুঝতে যে পারছিল না, তা নয়। তবু কথাটা যেন শুনতে চাইছিল না। অন্য কিছু শুনতে পেলে খুশি হত। কিন্তু সেই ভয়ঙ্কর কথাটাই শুনতে হল। ইজেক্টমেন্ট।


একজন অজ্ঞাতকুলশীল মানুষ, সে লোকটির মুখও দেখেনি ধ্রুব, কেমন চরিত্রের মানুষ, ভাল না মন্দ, কিছুই জানে না, তবু ওর বুকের মধ্যে আধখানা জুড়ে যেখানে আতঙ্ক শিকড় গেড়েছে, তারই পাশে অসহায় অচেনা মানুষটির জন্যে সমবেদনা উথলে উঠল।


ধ্রুব ধীরে ধীরে বললে, ওঁদের কেউ বাড়িতে নিয়ে গিয়ে বসতে দিলেও তো পারত।


ধুতি পাঞ্জাবি পরা বৃদ্ধের কানে গেল কথাটা। তীব্র ব্যঙ্গের স্বরে বলে উঠলেন, বাড়িতে নিয়ে গিয়ে বসতে দেবে? পাড়ার কেউ আসেনি মশাই, কেউ আসেনি। শুধু দোতলা তিনতলা থেকে উকি দিয়েই সরে যাচ্ছে।


প্যান্টের পকেটে হাত ঢোকানো ছেলেটি প্রতিবাদ করল।পাশের বাড়ির লোক তো ডাকতে এসেছিল, ওঁরাই যাননি।


ঠিক তখনই দেখা গেল, একটি বাড়ি থেকে বেরিয়ে বছর আঠারো কুড়ির একটি মেয়ে মুখ নিচু করে দাঁড়ানো ভদ্রমহিলার কাছে গেল। কিছু বলল। হাত ধরে ডাকল। ভদ্রমহিলা প্রথমটা না না করে শেষে ছেলেমেয়েদের নিয়ে তার সঙ্গে চলে গেলেন।


ওঁরা চলে যেতেই রাস্তায় পড়ে থাকা খাট, আলমারি, বুককেস, জল ঢালা তোলা উনোন, ভাত গড়িয়ে পড়া অ্যালুমিনিয়ামের হাঁড়ি রাস্তার একপাশে বিস্ময়ের, আতঙ্কের একটা বিশাল প্রশ্নচিহ্ন হয়ে পড়ে রইল।


একে একে সকলেই চলে যাচ্ছিল। ধ্রুব দেখল, ওরা কেউই পাড়ার লোক নয়। ধ্রুবর মতোই পথ দিয়ে যেতে যেতে হয়তো দাঁড়িয়ে পড়েছে।


ধ্রুবও চলে এল। কিন্তু দৃশ্যটা মন থেকে কিছুতেই মুছে ফেলতে পারল না।


লোকটি অচেনা। সরল নিরপরাধ শান্তশিষ্ট সংসারী মানুষ, না জটিল ধুরন্ধর প্রকৃতির, তাও জানে না। তবু, নিজেরই অজান্তে কি ভাবে যেন অদেখা মানুষটির সঙ্গে একাত্ম হয়ে গেছে।


পাড়ার কেউ এগিয়ে আসেনি। এসে থাকলেও দুএকজন। অথচ কেন? মানুষটি যত খারাপই হোক, এই দুঃসময়ে দুটো মুখের কথার সমবেদনা জানাবে না? বসার ঘরে নিয়ে গিয়ে দুদণ্ড বসতে দেবে না? এই কৌতূহলী জনতার চোখের সামনে উপহাস হয়ে দাঁড়িয়ে থাকতে হবে?


ধ্রুব কোনও যুক্তি খুঁজে পাচ্ছিল না। এটা যদি ধ্রুবরই পাড়ার ঘটনা হত, ও কি এগিয়ে যেত? বলত, আসুন আমাদের বাড়িতে? ছেলেমেয়েদের বলত, এসো। তোমাদের বাবা যতক্ষণ না ফিরে আসেন…


ধ্রুব বুঝতে পারল না।


এখন তো পাড়ার মধ্যে এরা অচ্ছুত হয়ে গেছে। লাঞ্ছিত, অপমানিত একটি মানুষের সঙ্গ থেকে সকলেই দূরে সরে থাকতে চায়। পাছে তার গায়েও সেই অপমানের ছিটে লাগে। না কি ভয়? এ রাস্তার বেশির ভাগই তো ভাড়াটে। দোতলা তিনতলা বাড়ির সারি। বাড়িওয়ালা ওপরে থাকেন। নীচের একতলা দোতলা ভাড়া দিয়েছেন। ভাড়াটেরা একা একা বাড়িওয়ালাকে তোয়াজ করে চলার চেষ্টা করে। উচ্ছেদ হওয়া ভাড়াটের পাশে এসে দাঁড়ালে বাড়িওয়ালা রুষ্ট হবে সেই ভয় থেকেই কি কেউ এসে দাঁড়ায়নি।


অসম্ভব। বাড়িওয়ালাকে আজকাল কেউ এত ভয় পায় নাকি?


আসলে তা নয়। ভদ্রমহিলাই হয়তো যেতে চাননি। ওঁর সর্বাঙ্গে তো এখন অসীম লজ্জা। দুদিন আগে যাদের সঙ্গে হেসে কথা বলেছেন, তাদের চোখের সামনে এই দৃশ্য। উনি চোখ তুলে তাদের দিকে তাকাবেন কি করে! সেজন্যেই যেতে চাননি। কেউ আর এগিয়ে আসেনি। শেষে রাস্তার লোকের ভিড় থেকে পালাবার জন্যেই মেয়েটির সঙ্গে যেতে রাজি হয়েছেন।


বাড়ি ফিরতে ফিরতে ধ্রুব এইসব কথাই ভাবছিল। ওর হঠাৎ মনে হল, কি আশ্চর্য। লজ্জা কি শুধু ওই ভদ্রমহিলার? আমিও তো লজ্জিত অপমানিত বোধ করছি। আমাদের রাস্তায় এ-ঘটনা ঘটলে এ অপমান আমাকে আরো বেশি করে স্পর্শ করত। আমি রাস্তায় বেরিয়ে এসে ওদের কাছে যেতে পারতাম না। কেবলই মনে হত তিনতলার ব্যালকনিতে দাঁড়ানো বাড়িওয়ালার খুশি খুশি উপহাসের দৃষ্টি আমার পিঠের ওপর আছড়ে পড়ছে। এ তো প্রতিটি ভাড়াটের লজ্জা।


ধ্রুবর নিজেরই খুব অবাক লাগছিল। বাড়িওয়ালার সঙ্গে তো ওর এখনও মৌখিক সদ্ভাব আছে। অথচ ও এখন আলাদা মানুষ হয়ে যাচ্ছে কি করে। এই মুহূর্তে বাড়িওয়ালা মানুষটিকে ধ্রুব ওর বিপরীত দিকে দেখতে পাচ্ছে কেন!


সব দিক থেকে ওরা মিলেমিশে একই মানুষ। কোনও তফাত নেই। শুধু একজনের বাড়ি আছে, আরেকজনের নেই। শুধু সেজন্যেই ওরা আলাদা মানুষ হয়ে যাবে?


বকুলবাগানের এই বাড়িতে ঢোকার সময় অজান্তেই ওর চোখ চলে যায় ওপাশের তেতলার বারান্দায়। কেউ সেখানে না থাকলে নিশ্চিন্ত।


আসলে ধ্রুবরা এদিকের ফ্ল্যাটে ভাড়া আছে অনেকদিন। ওদিকটায় আরেক ভাড়াটে। বাড়িওয়ালা তো তেতলায়। ইদানীং ভদ্রলোকের সঙ্গে আর তেমন ভাব ভালবাসা নেই। হঠাৎ দেখা হয়ে গেলে দুজনের মুখেই মিষ্টি হাসি দেখা যায়, দুচারটে অন্তরঙ্গ ভনিতা। তারপর ধ্রুবই ব্যস্ততা দেখিয়ে ছিটকে বেরিয়ে আসে। কারণ ওর আশঙ্কা, আর কিছুক্ষণ সময় দিলেই রাখালবাবু কথাটা তুলবেন। সঙ্গে সঙ্গে সারাদিনের জন্যে মেজাজ নষ্ট হয়ে যাবে। ধ্রুব অবশ্য হেসে হেসেই কিছু একটা বলবে, স্তোক দেবে, হয়তো মিথ্যে স্তোক। কিংবা মুহূর্তে রেগে গিয়ে কিছু একটা বলে বসবে। তখন তার আবার কি প্রতিক্রিয়া হবে কে জানে!


সেজন্যেই ও তেতলার বারান্দার দিকে চোখ তুলে তাকায় না। চোখাচোখি হওয়াকেও ভয়। কতদিন তো রাস্তায় দূর থেকে রাখালবাবুকে আসতে দেখে ও ফুটপাথ পাল্টেছে।


কিন্তু আজ আর শুধু রাখালবাবুকেই ভয় নয়। ভয় প্রীতিকেও।


রাস্তার ওপর ছুড়ে ফেলে দেওয়া একটা গোটা সংসার, কয়েকটা অভুক্ত মানুষের সুকোনোমুখ, ব্যস, এই দৃশ্যটুকু দেখার পর থেকে ধ্রুবর মনে হচ্ছে ওর যেন হাঁটুতে কোনও জোর নেই। নিজেকে কেমন অসহায় লাগছে।


প্রীতির কাছে এসব কথা গোপন রাখতে পারবে না। ধ্রুবর যা স্বভাব, কোনও কথাই গোপন রাখতে পারে না। অথচ প্রীতিকে এই দৃশ্যটার কথা বললেই, ও জানে, প্রীতির মুখখানা নিমেষে বিবর্ণ হয়ে যাবে।


বাড়িতে ঢুকে ধ্রুব চুপচাপ শার্ট খুলল, প্যান্ট বদলে পাজামা পরল। কথাটা চেপে রাখার চেষ্টা করছে ও তখনও। যদি না বলে পারা যায়, প্রীতিকে অকারণ ভয় পাইয়ে দিয়ে কি লাভ। কিন্তু না বলেও পারছে না। কোনও একজনকে না বলে ফেলতে পারলে


ও নিজেই যে হাকা হতে পারবে না।


চেয়ারটা বেশ শব্দ করে টানল, রান্নাঘর থেকে প্রীতি যাতে শুনতে পায়। হয়তো জানেই না, খুব ফিরে এসেছে।


সকালের দিকে এই সময়টুকু ধ্রুব নিজে যত ব্যস্ত, প্রীতি তার হাজারগুণ। হাতের ঘড়িটা একবার দেখে নিল ধ্রুব।


খুট খাট ঠুং ঠাং শব্দ শোনা যাচ্ছে। কথাও। কখনও বালতি টানার কিংবা জল ঢালার শব্দ, কখনও হুঁড়ি কড়াই খুন্তির। এ সময় প্রীতির কাজ কি একটা। ঠিকে ঝি একদিকে, অন্যদিকে একজন রান্নার কাজের জন্যে–সুধা, তাদের ওপর নানারকম নির্দেশ দিতে দিতে প্রীতি নিজেও ছোটাছুটি করে কাজ করে। কি কাজ তা অবশ্য খুব ঠিক জানে না, জানার চেষ্টাও করে না। এ সময়টা সমস্ত বাড়িটার যেন এক জট পাকানো অবস্থা। এসব সময়ে ধ্রুব একটু দূরে সরে থাকতে চায়। এমন কি এক কাপ চায়ের কথা বলতেও দ্বিধা।


<
**********
No Review
Related Books
Loading books…