
নিলীমা
কাসেম বিন আবুবাকার
পর্ব ১
আজ মাঘের শেষ। দুপুরের পর হঠাৎ ভীষণ মেঘ করে অনেক্ষণ ধরে শীলাবৃষ্টি হয়েছে। তার পর থেকে হিমেল বাতাস বইছে। তাই সামিনা বেগম ছেলেমেয়েদের নিয়ে সোনার গাঁও রাজবাড়ি বেড়াতে যাওয়ার কথা থাকলেও গেলেন না। তাদের নিয়ে ড্রইংরুমে বসে টিভিতে একটা ভারতীয় হিন্দি ছবি দেখছেন।
নিলীমার বেড়াতে যাওয়ার খুব ইচ্ছে থাকলেও টিভি দেখতে মোটেই ভাল লাগে না। অবশ্য বেড়ানো বা টিভি দেখার ইচ্ছা তার কোনোদিন পূরণ হয় নি। কারণ তার মামি ড্রইংরুমে টিভি দেখার পারমিশন দেননি এবং কখনও তাকে কোথাও বেড়াতেও নিয়ে যাননি। সে জন্য নিলীমার কোনো দুঃখ নেই। সে বই পড়ার পাগল। অবসর পেলেই বই পড়ে। তার মামা সেকেন্দারের ভীষণ বই। পড়ার নেশা ছিল। তাই বাড়িতে একটা লাইব্রেরী করে প্রচুর বই স্টক করেছিলেন। সেই বই-এর মধ্যে ধর্মীয় বই, মানে কুরআনের বাংলা ব্যাখ্যা, বিভিন্ন হাদিসের বাংলা অনুবাদ, মুসলিম মনীষীদের জীবনি ও ইসলামিক বিভিন্ন বইই বেশি। তা ছাড়া শিশু-কিশোরদের উপযুক্ত মনীষীদের জীবনি, বিভিন্ন দেশের রূপকথা, বিভিন্ন লেখকের উপন্যাস ও গল্পের বইও আছে।
নিলীমার বয়স এখন বার। দু’বছর আগে যে বছর প্রাইমারী পাস করে সেই বছর সেকেন্দার মারা যান। তারপর তার মামি সামিনা বেগম তাকে আর স্কুলে না পাঠিয়ে সংসারের কাজে লাগিয়েছেন। এই দু’বছরের মধ্যে সে শিশু-কিশোরদের অনেক বই পড়ে ফেলেছে। আজ লাইব্রেরী রুমের জানালার ধারে পর্দার আড়ালে বসে নাসির উদ্দিন হুজ্জার গল্প সমগ্র পড়ছিল। হঠাৎ দরজা খোলার শব্দ হতেই চমকে উঠল। পরক্ষণে মামাত ভাই জামানের গলা শুনতে পেল, দূর! এখানে তো নেই।
নিলীমা জামানকে খুব ভয় পায়। তাকে একদম দেখতে পারে না। মামা মারা যাওয়ার পর থেকে যখন তখন সামান্য কারণে অথবা বিনা কারণে তাকে মারে। তার চেয়ে চার বছরের বড় জামান। কিন্তু স্বাস্থ্য খুব ভালো দেখতে লম্বা চওড়া যুবকের মতো। নিলীমাকে নিষ্ঠুরের মতো মারে। সামিনা বেগম দেখেও না দেখার ভান করে থাকেন। নিলীমার গড়ন পাতলা। চোখ দুটো ভীষণ সুন্দর। চোখের মনি নীল। তাই হয়তো তার মা বাবা মেয়ের নাম রেখেছেন নিলীমা।
সামিনা বেগম নিলীমাকে এতটুকু পছন্দ করেন না। তাই তাকে দিয়ে বাসার যাবতীয় কাজ করান। নিজের ছেলে মেয়েদের সঙ্গে খেলাধূলা, মেলামেশা ও খাওয়া দাওয়া করতে দেন না। দু’বেলা পেট ভরে খেতেও দেন না। অসুখ বিসুখ করলেও নিস্তার নেই। সেই অবস্থায়ও সংসারের সব কাজ করান। ভালো জামা কাপড়ও পরতে দেন না। ঝি চাকরানীর মতো তাকে সব সময় বকাঝকা করেন। একটু আদর যত্ন বা পেট ভরে খেতে পেলে নিলীমার স্বাস্থ্য যেমন ভালো হত, তেমনি দেখতে আরও বেশি সুন্দরী হত। সামিনা বেগমের দু’ মেয়ে কেকা ও চম্পা দেখতে ভালো নয়। নিজের মেয়েদের তুলনায় নিলীমা অনেক বেশি সুন্দরী। তাই হয়তো তিনি নিলীমাকে দেখতে পারেন না এবং তার সঙ্গে চাকরানীর মতো ব্যবহার করেন। কোনো মেহমান কুটুম এলে তাদের সামনেও তাকে যেতে দেন না।
যাই হোক, নিলীমা পর্দার আড়ালে থাকার কারণে জামান তাকে দেখতে পেল না। তাকে খুঁজে না পেয়ে চেঁচিয়ে উঠল, কেকা, মাকে বল নিলীমা এ ঘরে নেই। বৃষ্টির মধ্যে বাইরে চলে গেছে।
প্রতি উত্তরে কেকা বলল, আমার মনে হয় ও জানালার পর্দার আড়ালে বসে বই পড়ছে।
কেকার কথা শুনে নিলীমা চিন্তা করল, জামান যদি তাকে এখানে পায়, তা হলে সাড়া না দেয়ার কারণে মারের মাত্রা অনেক বেড়ে যাবে। তাই তাড়াতাড়ি পর্দা সরিয়ে তার সামনে এসে সাহস করে বলল, আমাকে খুঁজছিলে কেন?
জামান গম্ভীর স্বরে বলল, আমাকে আপনি করে বলবি। এদিকে আয় বলে একটা চেয়ারে বসে বলল, সামনে আয়। নিলীমা সামনে এসে দাঁড়াতে এক চোখ খোলা রেখে অন্য চোখ বন্ধ করে তার মুখের দিকে চেয়ে রইল।
নিলীমা বুঝতে পারল, তাকে মারার পূর্ব প্রস্তুতি।
আচমকা বেশ জোরে লাথি মারল নিলীমার তলপেটে।
মাগো বলে টলমল করতে করতে কয়েক পা পিছিয়ে এসে টাল সামলাল নিলীমা। পড়তে পড়তে বেঁচে গেল। ঠোঁট কামড়ে ব্যথাটা সহ্য করল।
জামান হাসিমুখে বলল, এটা লুকিয়ে থাকার শাস্তি।
পরবর্তী আঘাতের জন্য চুপ করে অপেক্ষা করতে লাগল নিলীমা।
পর্দার আড়ালে কি করছিলি?
ভয়ার্তস্বরে নিলীমা বলল, পড়ছিলাম।
কি পড়ছিলি দেখি।
নিলীমা জানালার কাছ থেকে বইটা এনে তার হাতে দিল।
বই দেখে জামান বলল, আমাদের বই পড়ার কোনো অধিকার তোর নেই। আর কখনও কোনো বই ধরবি না। তোর বাপ এক কানাকড়িও দিয়ে যাই নি। আর দেবেই কি করে? সে তো পথে পথে ভিক্ষা করে বেড়াত। আমাদের মতো ভদ্রলোকের বাড়িতে তোর থাকার অধিকার নেই। এখানে থাকতে তোর লজ্জা করে না? বাঁদী দাসির মতো থাকবি। তারপর বলল, যা, দরজার কাছে গিয়ে দাঁড়া।
দরজার কাছে এসে দাঁড়াতে জামান হাতের ভারি বইটা ছুঁড়ে মারতে উদ্যত হলে নিলীমা ভয়ে চিৎকার দিয়ে সরে যেতে চেষ্টা করল। কিন্তু তার আগেই আঘাত পেয়ে পড়ে গেল। মাথাটা সজোরে ঠুকে গেলে দরজার সঙ্গে। কেটে গিয়ে দরদর করে বেরিয়ে এল রক্ত। তীব্র ব্যথায় হিতাহিত জ্ঞান হারিয়ে নিলীমা খুব রাগের সঙ্গে বলল, বদমাস, খুনী কোথাকার।
জামান চিৎকার করে বলল, কি বললি? দাঁড়া মজা দেখাচ্ছি বলে তেড়ে এসে চুলের মুঠি ও কাধ ধরে মেঝের সঙ্গে চেপে ধরল।
নিলীমা মরিয়া হয়ে তাকে কিল চড় মেরে ও মুখে খামচি কেটে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে লাগল।
জামান উচ্চস্বরে মাকে উদ্দেশ্য করে বলল, তাড়াতাড়ি এসে দেখ কালনাগিনী খামচে আমার মুখ চিরে দিচ্ছে।
সামিনা বেগম ছেলের গলা পেয়ে তাড়াতাড়ি এলেন। ওনার সঙ্গে কাজের বুয়া মরিয়মও এল। প্রথমে সে-নিলীমাকে ছাড়িয়ে নিল। আর সামিনা বেগম দাঁত কিড়মিড় করে নিলীমার চুলের ঝুঁটি ধরে মারতে মারতে বললেন, তোর এত বড় সাহস, আমার ছেলের গায়ে হাত তুলিস? তারপর মরিয়মকে বললেন, ওকে উপরের ঘরে তালা দিয়ে রেখে আয়।
মরিয়ম সামিনা বেগমের বাপের বাড়ির গ্রামের মেয়ে। আধা বয়সী মেয়ে হলেও অটুট স্বাস্থ্যের অধিকারীনি। সে নিলীমাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগল। নিলীমা হাত পা ছুঁড়ে তীব্র প্রতিবাদ করে যেতে চাইল না। কিন্তু মরিয়মের সঙ্গে পেরে উঠল না। সে তাকে দু’হাতে তুলে উপরের ঘরে নিয়ে এসে বলল, তোমাকে কতবার বলেছি, জামানের সঙ্গে লাগবে না। কথা না শোনার ফল ভোগ কর বলে বেরিয়ে যেতে উদ্দত হল।
নিলীমা তাকে খালাআম্মা ডাকে। তাকে চলে যেতে দেখে বলল, খালাআম্মা, আমাকে এখানে রেখে যাবেন না। তারপর নিয়ে যাওয়ার জন্য কাকুতি মিনতি করে বলল, এখানে থাকলে ভয়ে মরে যাব। কিন্তু কোনো ফল হল না। দরজা বন্ধ করে শিকল লাগিয়ে মরিয়ম চলে গেল।
নিলীমার মামা সেকেন্দার এই রুমে মারা গেছেন। ছোট মেয়ে চম্পা জন্মাবার দু’বছর পর থেকে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে এই রুমে থাকতেন। তিনি মারা যাওয়ার পর থেকে এ ঘরে কেউ ঘুমায় না। ঘরটা সম্বন্ধে কেমন যেন একটা ভীতিকর অসস্তি অনুভব করে সকলে।
সব ঘরেরই এক সাইডে খাট থাকে; কিন্তু এই ঘরের মাঝখানে খাট। খাটে পরিপাটি করে বিছানা সাজানো। খাটের পাশে একটা টেবিল ও চেয়ার। বড় বড় তিনটে জানালার পাল্লা বন্ধ। ঘরের ভিতরে ভীষণ ঠাণ্ডা, আর নিঝুম। বেশ ভয় ভয় করতে লাগল নিলীমার। ভাবতে লাগল নিজের দুর্দশার কথা। সব সময় মামিকে খুশি রাখার চেষ্টা করে। তবুও সকাল থেকে রাত পর্যন্ত গালাগালি শুনতে হয়?
মাথায় যন্ত্রণা অনুভব করে কেটে যাওয়া জায়গাটায় হাত দিয়ে বুঝতে পারল, এখনও রক্তপড়া বন্ধ হয়নি। চুপচাপ বসে কাঁদতে লাগল।
এখন বিকেল চারটে। শীতকালে বিকেল চারটে থেকে দিনের আলো কমতে থাকে। মেঘলা আকাশের জন্য সন্ধ্যার অন্ধকারের মতো লাগছে। হঠাৎ ঝমঝম করে বৃষ্টি শুরু হল। সেই সাথে ঝড় উঠল। বৃষ্টির ছাঁট জানালার পাল্লায় লাগছে। বন্ধ দরজা জানালায় বাতাস লেগে শো শো শব্দ হচ্ছে। ঠাণ্ডায় নিলীমা ঠক ঠক করে কাঁপতে লাগল। তখন তার মায়ের কথা মনে পড়ল। পাঁচ বছর বয়স হলেও স্পষ্ট মনে আছে, মা মারা যাওয়ার সময় সেকেন্দার মামার হাতে একটা পুটলী দিয়ে বলেছিল, “এই দুনিয়াতে নিলীমার নানা নানি থেকেও নেই। তুমি একে নিজের মেয়ের মতো লেখাপড়া করাবে। সেই সাথে ধর্মীয় শিক্ষা দিয়ে এবং সেই মতো অনুশীলন করিয়ে মানুষ করো।” সেকেন্দার মামাও মাকে কথা দিয়েছিল, নিলীমাকে মায়ের কথা মতো লেখাপড়া করিয়ে মানুষ করবে।
সেকেন্দার যতদিন বেঁচে ছিলেন ততদিন নিলীমার মাকে দেয়া কথা রেখেছিলেন। তিনি মারা যাওয়ার পর থেকে নিলীমার উপর শুরু হল মামি ও মামাত ভাই-এর অত্যাচার। মামাত বোন দুটো তার চেয়ে ছোট, তাই হয়তো কিছু করার সাহস তাদের হয়নি।
সেকেন্দার নিলীমাকে খুব ছোটবেলায় মসজিদের ইমাম সাহেবের কাছে নামায ও কুরআন পড়া শিখিয়েছিলেন। সেকেন্দার যতদিন বেঁচেছিলেন, ততদিন নিলীমা একদিনও নামায বা কুরআন পড়া বাদ দেয়নি। কিন্তু তিনি মারা যাওয়ার পর মামিমা তাকে আর ওসব করতে দেয় নি।
ঝড় বৃষ্টির তোড়ে হঠাৎ ছাদের দিকের একটা জানালার ছিটকিনি ভেঙ্গে যেতে দুটো পাল্লা শব্দ করে খুলে গেল। সেই সাথে হু হু করে বৃষ্টির ছাঁট ঘরের মধ্যে আসতে লাগল। এমনিই আগে থেকে ঠাণ্ডায় ও ভয়ে নিলীমা ঠক ঠক করে কাঁপছিল, তার উপর এই ঘটনায় আরও বেশি ভয় পেয়ে সেই কাঁপনি বেড়ে গেল। এমন সময় বিদ্যুৎ চমকে উঠে কাছাকাছি কোথাও বাজ পড়তে চিৎকার করে জ্ঞান হারিয়ে মেঝেয় পড়ে গেল।
নিলীমার উপর যে অন্যায়ভাবে অত্যাচার করা হয়, তা কাজের বুয়া মরিয়ম জানে। সে জন্যে দুঃখ অনুভব করলেও তার কিছু করার নেই। গৃহকর্তী মানে সামিনা বেগম যদি জানতে পারেন নিলীমার জন্য সে দরদ দেখাচ্ছে, তা হলে তাকে দেশের বাড়ি পাঠিয়ে দেবেন। দেশের বাড়িতে তার কেউ নেই যে তাকে খাওয়াবে। তাই নিলীমা তাকে কেঁদে কেঁদে ঐ ঘর থেকে নিয়ে যেতে বললেও তা করতে পারে নি। এখন কাছাকাছি বাজ পড়তে ভাবল, মেয়েটা হয়তো ভয়ে জ্ঞান হারাল, না মরেই গেল আল্লাহ জানে। এদিক ওদিক তাকিয়ে সামিনা বেগমকে দেখতে না পেয়ে চুপি চুপি ছাদের ঘরে এসে দরজা খুলে অন্ধকারের জন্য কিছুই দেখতে পেল না। বিদ্যুৎ চমকাতে তাকে মেঝেয় পড়ে থাকতে দেখল। তাড়াতাড়ি কাছে এসে নাকে হাত দিয়ে বুঝতে পারল নিশ্বাস বইছে। মাথা ধরে নাড়া দিতে দিতে কয়েকবার নাম ধরে ডাকতেই নিলীমার জ্ঞান ফিরে এল।
মরিয়ম জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? মেঝেয় শুয়ে রয়েছ কেন?
নিলীমা উঠে বসে বলল, এখান থেকে আমাকে আমার ঘরে নিয়ে চল খালা আম্মা।
কি হয়েছে বলবে তো? কিছু দেখে ভয় পেয়েছ?
নিলীমা তার দুটো হাত ধরে কাঁপতে কাঁপতে বলল, বাজ পড়ার আগে বিদ্যুৎ চমকে উঠতে একটা ভূতকে ঐ জানালার কাছে দাঁড়িয়ে থাকতে দেখলাম বলে খোলা জানালার দিকে হাত বাড়িয়ে দেখাল।
এমন সময় সামিনা বেগম এসে রাগের সঙ্গে বললেন এখানে হচ্ছেটা কি? বলেছি না, আমার হুকুম ছাড়া কেউ এই ঘর খুলবে না?
মরিয়ম ভয়ার্ত স্বরে বলল, বাজ পড়ার সময় মেয়েটার চিৎকার শুনে এসে দেখি অজ্ঞান হয়ে মেঝেয় পড়ে আছে।
অজ্ঞান কেন, মরে পড়ে থাকলেই ভালো হত। তারপর সামিনা বেগম নিলীমাকে উদ্দেশ্য করে বললেন, তোর দুষ্টুমীর শাস্তি স্বরূপ আজ সারারাত এখানে থাকবি, কাল সকালে ছাড়া পাবি।
নিলীমা আঁৎকে উঠে কাঁদতে কাঁদতে বলল, আমাকে অন্য যে কোনো শাস্তি দিন, সারারাত এখানে থাকলে মরে যাব মামিমা।
সামিনা বেগম কর্কশস্বরে ধমকে উঠলেন, চুপ, একদম চুপ। মরে গেলে আমি নিস্তার পাই। তারপর মরিয়মকে নিয়ে বাইরে এসে দরজায় তালা মেরে নিচে চলে গেলেন।
তখন রাত হয়ে গেছে। দরজা লাগিয়ে দিতেই ঘরটা ঘুটঘুঁটে অন্ধকার হয়ে গেল। নিলীমা আরও বেশি ভয় পেয়ে দরজায় ধাক্কা দিতে দিতে কাকুতি