
চান্দ্রায়ণ
বুদ্ধদেব গুহ
এরকম কখনোই হয় না। অসময়ে এমন বৃষ্টি নেমেছে যে, মনে হচ্ছে বর্ষাকাল। সাতদিন হয়ে গেল। বাড়ির পেছনের নালা দিয়ে এমন তোড়ে জল বইছে যে, মনে হচ্ছে শ্রাবণ মাস। সারাপৃথিবীর আবহাওয়াই বদলে গেছে। শীতে গরম, গ্রীষ্মে বর্ষা, হেমন্ত-বসন্ত বোঝাই যায় না, তবে শরৎকালটা এখনও বোঝা যায়, এই যা সান্ত্বনা।
সবে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আকাশ এখনও অন্ধকার। প্রায় সাতদিন হল রোদ ওঠে । পুরুণাকোটের পাটকিলে-রঙা ধুলোর পথ এখন পিচের হয়ে গেছে। বর্ষাকালে পথের মাটি থেকে যে-গন্ধ উঠত আগে, তা আর ওঠে না। তবু দু-পাশেই মাটি আছে আর আছে বনের পাদদেশে। কচি গাছের ঝাড় হয়েছে বড়োগাছের পায়ের কাছে। তাতে ফুল এসেছে। সুন্দর। মাঝে মাঝেই ময়ূর ডেকে উঠছে বনের মধ্যে নিক্কণ’ তুলে। একটা মন্থর বনগন্ধবাহী হাওয়া বয়ে আসছে লবঙ্গী পাহাড়ের দিক থেকে। ভারি আলসেমি মাখা সে-হাওয়াতে। কোনো কাজকর্মতেই মন বসে না এমন আবহাওয়াতে। অথচ কাজ করতেই হয়। পেট বড়ো জ্বালা!
আতশের স্কুলটা কাছেই। ও কটক থেকে বি. এড. পাশ করে জেলাসদর অঙ্গুলের একটি স্কুলে ইংরেজি পড়াত। ছিলও স্কুলটা ভালোই। করতপটার ওই স্কুলের সেক্রেটারি মাধব মিশ্র অঙ্গুলের বিমল বোসকে চিনতেন। আতশের বাবাকেও চিনতেন। খুব আদর্শবাদী মানুষ। এমন মানুষ এ যুগে বিরল। এই স্কুল পত্তনের আগে থেকেই বিমলজেঠুর মাধ্যমে মাধব মিশ্র আতশের সঙ্গে যোগাযোগ করে, তাকে হেডমাস্টার করে তাঁর নতুন স্কুলে নিয়ে আসেন। মাইনেও দেন প্রায় দু-গুণ। তা ছাড়া পূর্ণ স্বাধীনতা। সবসুদ্ধ শ-খানেক ছেলে পড়ে ওই স্কুলে। করতপটা খুব-ই ছোটো জায়গা। তবে কিছু ছেলে-মেয়ে পুরুণাকোট থেকেও পড়তে আসে। সবসুন্ধু পাঁচজন শিক্ষক। সবাই ওড়িয়া। আতশরাও প্রায় ওড়িয়াই হয়ে গেছে। দু পুরুষ হয়ে গেল অঙ্গুল-এ বাস। তাদের কলকাতার আত্মীয়স্বজনেরা, যদি কখনো এদিকে আসেন, অথবা ও যদি কখনো বছর দু-তিন অন্তর কলকাতাতে যায়, তখন ওর বাংলা উচ্চারণ নিয়ে ওঁরা ঠাট্টা করেন। আতশ মজা পায়। তার বাংলাতে ওড়িয়া টান থাকলেও বাংলা সাহিত্যের সঙ্গে ওড়িশার এই পাহাড়জঙ্গলে থেকেও যোগাযোগ রাখে পুরোপুরি। কটক থেকে বাংলা কাগজ ও কটকের বাংলা বইয়ের দোকান থেকে বাংলা বইও আনায় সে নিয়মিত।
লক্ষ লক্ষ মানুষ যখন, দেশভাগের সময়ে নিজেদের ইচ্ছের বিরুদ্ধে, নিজেদের বিনা দোষে পূর্ববাংলা ছেড়ে প্রাণ ও মান নিয়ে সব সম্পত্তি ছেড়ে নিরুপায়ে চলে আসেন ওরাও তেমন-ই এসেছিল বরিশাল থেকে। কলকাতায় ওদের যেসব আত্মীয়স্বজন ছিলেন, গরিব এবং অবস্থাপন্ন, তাঁরা সবাই আতশের পরিবারের ছ-জনকে পাকাপাকিভাবে রাখতে গররাজি হন। তাঁদের কোনো দোষ দেননি আতশের বাবাও। কারণ কলকাতাতে হঠাৎ করে ছ-জন মানুষকে আশ্রয় দেওয়া সহজ কথা ছিল না। ছ-জন মানুষের জন্য কমপক্ষে তিনটি ঘরের দরকার ছিল। কলকাতায় তিনটি বাড়তি ঘর, খুব কম মানুষের বাড়িতেই থাকত। তাঁরা আশ্রয় দিতে পারেননি বলে, তাঁদের সঙ্গে ভালো সম্পর্কের কোনো হেরফের হয়নি।
তখন আতশ-এর বাবা, ওঁর এক বন্ধুর পরামর্শে ঢেনকানলে চলে আসেন। বাবামস্ত বড়ো এক পাটকলের অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। দেশভাগের সময় বয়সও তিরিশের কোঠাতে ছিল। ঢেনকানলে এসেই তিনি চৌদুয়ারের আই. পি. পি.-র কাগজ কল-এ একটা চাকরি পেয়ে যান, জুনিয়র অ্যাকাউন্ট্যান্টের। চেনকানল থেকে চৌদুয়ারে বাসে যাতায়াত করতেন। কাজটা ভালোই ছিল এবং যথেষ্ট মাইনে। তারপর ধীরে ধীরে নিজের কঠোর পরিশ্রম, বুদ্ধি ও সততোর জোরে অনেক-ই উন্নতি করেন। পছন্দমতো জমি কিনে বাগান ও বাড়ি করেন। তবে বাড়ি করেন ঢেনকানলে নয়, অঙ্গুলে। রিটায়ারমেন্টের বছর দশেক আগেই।
আতশ-এর জন্ম দেনকানলেই। তাই ওর সব বন্ধুবান্ধব, খেলার সাথি পরিচিত জন সবাই ওড়িয়াই ছিলেন। তবে বাঙালিও ছিলেন কয়েকঘর। বহিরাগত তাদের পরিবারকে স্থানীয় অধিবাসীরা পরমমমতায় গ্রহণ করে স্বীকার করে নিয়েছিলেন। তার দুই দিদির মধ্যে ছোড়দির বিয়ে হয়েছে সম্বলপুরের একটি ওড়িয়া ছেলের সঙ্গে। সে পড়তে এসেছিল ঢেনকানলে। দিদিকে ভালোবেসে বিয়ে করে। এখন সম্বলপুর–অঙ্গুল নতুন রেলপথের একটি ছোটোস্টেশন রেঢ়াখোল-এর রেল-এর স্টেশনমাস্টার। কথা হচ্ছে সম্বলপুরের কাছেই বামরা স্টেশনে সে বদলি হয়ে যাবে শিগগিরি। বড়ো স্টেশন অন প্রোমোশন। আর বড়দির বিয়ে হয়েছে, পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে। জামাইবাবুদের পাটের ব্যবসা ছিল। সচ্ছল অবস্থা। বড়দি ক্লাস নাইন অবধি পড়েছিল। তবে দেখতে অত্যন্ত সুন্দরী হওয়াতে বিয়ে হতে অসুবিধে হয়নি।
ঠাকুরদা ও ঠাকুমা দেশ ছেড়ে আসার দুঃখ ভুলতে না পেরে পাঁচবছরের মধ্যেই দু-জনেই দেহ রাখেন। বাবাও নেই। মা আছেন। মা খুব-ই একা হয়ে গেছেন। বিশেষ করে আতশ অঙ্গুল ছেড়ে করতপটাতে চলে আসার পরে। কিছুটা সময় অঙ্গুলে নিজেদের বাড়ির বাগান টাগান দেখাশোনা করে কাটান। গতবছর অবধি পুরোনো একটা পরিবার ওদের বাড়িতেই থাকত। ওদের সার্ভেন্টস কোয়ার্টারে। মায়ের দেখাশোনা করত এবং ওদের ওপরেই বাড়ি ছেড়ে, মা বছরের বেশিরভাগ সময়ই দুই দিদির কাছে পালা করে থাকতেন। আতশের বিয়ের বয়স বহুদিন-ই হয়ে গেছে। কিন্তু এই করতপটার জঙ্গলের পরিবেশে ওর মন বসে গেছে। এই জঙ্গুলে জায়গাতে কোনো শিক্ষিত মেয়েই পাকাপাকিভাবে থাকতে রাজি নয়। এখানে সিনেমা হল নেই, অন্য কোনো বিনোদনও নেই। তবে টিভি তো এসে গেছে বহুদিন-ই অঙ্গুলে। কিন্তু আতশ টিভির-পোকা মেয়ে পছন্দ করে না, নিজেও টিভি দেখেই না বলতে গেলে। তা ছাড়া করতপটাতে তার বাড়িতে অবশ্য বিজলি আলোও নেই। নানা কারণেই বিয়েটা ঘটে ওঠেনি। মা যতদিন আছেন, বিয়ে করলেও তার স্ত্রীকে মায়ের কাছেই থাকতে হবে অঙ্কুলে। আতশ যাবে মাঝে মাঝে, নয়তো সে, আসবে মাঝে মাঝে। আজকালকার কোনো মেয়েই শাশুড়ির সেবাদাসী হয়ে থাকতে চায় না। বিয়ে না হওয়ার সেটাও আর একটা কারণ। তা ছাড়া, মায়ের সঙ্গে বনিবনা হবে কি না, তাই বা কে বলতে পারে। তাই আতশ ভাবে, বেশ আছে। তবে আতশেরও মরূদ্যান আছে। তাদের পাশের বাড়ির মেয়ে, নলিনী। নলিনী চাঁদ। তাদের দুজনকেই দু-জনের পছন্দ। তবে তার পড়াশুনো এখনও শেষ হয়নি। শেষ হলে কী হবে কে জানে!
এই করতপটার একদিকে মহানদীর ওপরে টিকরপাড়া, পুরুণাকোট হয়ে। পুরুণাকোটে, এর আগে গেলে টুল্টবকা, ডানদিকে গেলে বাঘবমুন্ডা। টিকরপাড়াতে ফেরিতে নদী পেরিয়ে ওপারে গেলে দশপাল্লা বৌধ আর ফুলবাণি। ফুলবাণি বেশ উঁচু। গরমের দিনে ছোটোখাটো হিল স্টেশনের মতো ঠাণ্ডা, যদিও বরফ পড়ে চিৎ কদাচিৎ। বরফে ঢাকা পাহাড় ধারে কাছে নেই। করতপটা ও পুরুণাকোটের মধ্যে একটা পথ চলে গেছে পাহাড়ে পাহাড়ে লবঙ্গীতে। লবঙ্গী হয়ে রায়গড়া। এই লবঙ্গীর উপত্যকাতে গদাধরের কাছে শুনেছে, সক্ট-উড-এর এক প্রজাতি আছে। তাদের গায়ের রং মসৃণ সাদা। তাদের নাম গেন্ডুলি। গ্রীষ্মদিনে চাঁদনি রাতে গাছগুলোকে মনে হয় একদল বিবসনা শ্বেতাঙ্গিনি যেন, হাতছানি দিয়ে ডাকছে। গা ছমছম করে।
স্কুলের অঙ্কের শিক্ষক কামিনী পট্টনায়কের বাড়ি দশপাল্লাতে। তার মুখে নাম শুনেছে বিরিগড়ের। দশপাল্লার টাকরা গ্রাম থেকে বুরুসাই হয়ে যেতে হয় বিরিগড়। মস্ত উঁচু পাহাড় সে। যেখানে খন্দ আদিবাসীরা থাকে। তাদের পূর্বপুরুষেরা মেঘে চড়ে এসে বিরিগড়ে বাসা বাঁধে। বছরে তারা নাকি মাত্র একবার নীচে নেমে দশপাল্লার রাজাকে খাজনা দিয়ে যেত নইলে সমতলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। ফুলবাণিতেও খন্দ আদিবাসীরা থাকে। খন্দদের বাস উঁচু পাহাড়ে। অদ্ভুত তাদের রীতিনীতি নাকি।
এই পরিবেশ এবং আবহে আতশের নেশা ধরে গেছে। আজকাল অঙ্গুলে ওর যেতে ইচ্ছে করে না। নেহাত মায়ের জন্যেই যায়। নলিনীর জন্যেও। নলিনী যখন থাকে। অঙ্গুলের আশপাশেও ভালো জঙ্গল ছিল আগে। এখনও আছে কিছু। ঢেনকানল-এর রাজবাড়িটা একটা খুব উঁচু ন্যাড়া পাহাড়ের ওপরে। গল্প আছে যে, প্রজাদের আর হাতি দিয়ে সব বড়ো বড়ো পাথর বইয়ে নিয়ে সেই পাহাড়ের চূড়াতে প্রাসাদ তৈরি করেছিলেন রাজার পূর্বপুরুষরা। হাতিদের চোখ দিয়েও নাকি জল গড়িয়েছিল এ-কঠিন কাজ করতে। মানুষদের চোখ দিয়ে তো গড়িয়েই ছিল।
আতশ-এর মনে হয়, ওড়িশার বিভিন্ন করদ রাজ্যের রাজারা গরিব, সহায়হীন, সরল প্রজাদের ওপরে যে-প্রকার অত্যাচার করেছেন, তার নজির সারাভারতবর্ষেই নেই। অথচ কখনো তেমন বিদ্রোহও হয়নি। রাজন্যপ্রথা বিলুপ্ত হওয়ার পরে এখন রাজাদের সেই বর্বরতা আর নেই। কিন্তু সেই রাজাদের জায়গায় এসেছে অন্য অত্যাচারীরা। বড়ো ব্যবসায়ীরা, বাঁশ ও কাঠের ঠিকাদারেরা। আতশের প্রায়ই মনে হয়, একদিন-না-একদিন এই গরিবদের চোখের জল আর দীর্ঘশ্বাসের অভিশাপে তাদের অতিবড়ো শাস্তি পেতে হবে। জানে না, আতশের এই খুশিময় ইচ্ছে মিথ্যেও হতে পারে। ভগবান-টগবান সব বোগাস। থাকলে এত দীর্ঘদিন ধরে গরিবেরা এমন করে বঞ্চিত হত না। এত পাপও জমতে পারত না নানা ঠিকাদারের ঘরে ঘরে।
আশ্চর্য! ওড়িশাতে জনযুদ্ধ বা এম.সি.সি. বা নকশালরাও কোনোদিন শিকড় গাড়েনি। অথচ তাদের-ই এখানে সবচেয়ে প্রথমে আসা উচিত ছিল। কেন আসেনি, তা ভেবে অবাক হয়।
স্কুলের পাঠ্যবইতে এসব বিষয় থাকে না কিন্তু আতশ আর তার অধিকাংশ সহকর্মী অল্পবয়সি ছেলে-মেয়েদের মধ্যে একটা বিদ্রোহের বীজ পুঁতে দেওয়ার চেষ্টা করে। তার ছাত্রদের বদ্ধমনা না করে মুক্তমনা করতে চায়। ছাত্ররা অতসব ইজম-ফিজম বোঝে না। বোঝে যে, অনেকদিনের এই অত্যাচারের বোঝাটাকে তাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। এই ভাবনাটার বীজ যদি, তাদের মধ্যে একবার বপন করে দিতে পারে তবেই ভবিষ্যতে কাজ হবে। আর কোনো প্রজা কাঁদতে কাঁদতে বিনা পারিশ্রমিকে, বিনা খাদ্যে কখনো পাথর বয়ে পাহাড়ে উঠবে না, রাজার বাড়ি বানাবার জন্যে।
‘বাজাজ’-এর একটা মোটরসাইকেল কিনেছে আতশ গতবছর অঙ্গুলের ডিলার পট্টনায়েক কোম্পানির কাছ থেকে। সহজ কিস্তিতে। বিমলজেঠু বলে দিয়েছিলেন। বিমল বোস বহুদিনের বাসিন্দা অঙ্গুলের এবং নিজে বাঙালি হলেও ওড়িয়া সমাজে তাঁর খুব-ই প্রতিপত্তি। যদিও ব্যবসাদার, কিন্তু সৎ ব্যবসাদার। কর্মচারীদেরও ঠকান না। তাদের বিপদে-আপদে পাশে দাঁড়ান। সেই কারণেই তাঁকে এক বিশেষ চোখে দেখে আতশ।
করতপটা গ্রাম থেকে পুরুণাকোটে যাওয়ার পথে বাঁ-দিকে একটা পাহাড়ি নালা পড়ে। গ্রীষ্মে তির তির করে বয়। এখন বর্ষাতে কলরোলে জল চলেছে নুড়ি-পাথর গড়িয়ে নিয়ে। এই নালার-ই পাশ দিয়ে হেঁটে যাওয়া পথ। স্কুলটা তার ভাড়াবাড়ির কাছেই। তাই স্কুলে যেতে মোটরসাইকেল নেয় না। স্কুলটা বড়োরাস্তা থেকেও বেশি দূরে নয়। দূরে হলে বাস থেকে নেমে বাইরের ছাত্রদের স্কুলে আসতে অসুবিধে হত। যদিও বাস-ভাড়া দেওয়ার মতো সামর্থ্য তাদের কম জনের-ই আছে। সকলেই প্রায় মাইল পাঁচেক হেঁটে আসে, হেঁটে ফেরে। খুব ইচ্ছে করে ছেলে-মেয়েদের কিছু টিফিন খাওয়াতে। ন-মাসে ছ-মাসে খাওয়ায়ও কিন্তু রোজ পারে না।
বাইধর নামের একটি তেরো-চোদ্দো বছরের ছেলে আছে। ও-ই বেঁধে-বেড়ে দেয়, জামাকাপড় ধুয়ে দেয়। ছেলেটা বাধ্য। ব্যবহারও খারাপ করে না। তার বাড়ি লবঙ্গী যাওয়ার পথে পম্পাশরে।
যেহেতু সে হেডমাস্টার তাই তাকেই সবচেয়ে আগে পৌঁছোতে হয় স্কুলে। আতশ নিজে নিয়মানুবর্তী, তাই স্কুলের মাস্টারমশাইরা এবং ছাত্ররাও যাতে “নিয়মানুবর্তী’ হন এবং হয়, সেদিকে সবসময় সজাগ দৃষ্টি রাখে। বড়ো বড়ো শহরের অনেক স্কুলেও এরকম নিয়মানুবর্তী নয়, শিক্ষক এবং ছাত্ররা। এ-বাবদে আতশের গর্ব আছে। তার স্কুলের ছেলে-মেয়েরা ভালো ফলও করে। পঞ্চম শ্রেণি অবধি আছে তাদের স্কুলে। কম ছাত্র বলে পড়াশোনাও যথাসাধ্য যত্ন করে করায় ছাত্র-ছাত্রীদের। ছাত্রই বেশি, ছাত্রী সবসুন্ধু সাতজন এক-শো জনের মধ্যে। তবে ছাত্রীরা ছাত্রদের চেয়ে অনেক বেশি মনোযোগী। অনেক যুগ ধরে যে-সুযোগ থেকে তারা বঞ্চিত হয়ে এসেছে সেই সুযোগ পাওয়াতেই যেন, ওরা তার পূর্ণ সদব্যবহার করতে চায় এখন। তবে দুঃখের বিষয় এই যে, ছাত্রছাত্রীদের অনেকেই এই পঞ্চম ক্লাস অবধি পড়েই পড়াশুনো ছেড়ে দেয়। আর্থিক কারণে আর পড়তে পারে না।
আতশ-এর স্কুলের খুব সুনাম এই অঞ্চলে। অনেক ছেলে-মেয়েই এই স্কুলে পড়তে চায় কিন্তু মাধববাবু এবং আতশও চান না এবং চায় না যে, এর চেয়ে বেশি ছাত্র এ-স্কুলে আসুক। এলে, তাদের যথাযোগ্য মনোযোগ দেওয়া যাবে না। মাধববাবু এ