
উঁচুমহল
বুদ্ধদেব গুহ
বম্বের নারিমান পয়েন্ট-এ দূর থেকে যে, বাইশ-তলা হালকা-ছাইরঙা বহুতল বাড়িটি দেখা যায় তার একতলার এন্ট্রান্সে ঝকঝকে পেতলের প্লেটে লেখা আছে এম. বি ইন্টারন্যাশনাল ইনক; তার নীচে বাবোটা লিমিটেড কোম্পানির নাম।
এম. বি. ইন্টারন্যাশনাল ইনক আমেরিকাতে ইনকর্পোরেটেড নয়। আমেরিকার লিমিটেড কোম্পানিগুলির শেষে থাকে ইনক, যেমন সুইডিশ কোম্পানির আগে থাকে আকটিবোলাগেট অথবা সুইস কোম্পানির আগে থাকে সোসাইটে।
চা, কফি, টিভি, মিউজিকাল ইনসট্রুমেন্টস, ইলেকট্রিক ফারনেস, কটন ও পলিয়েস্টার ফেব্রিকস, ফার্মাসিউটিকালস গুডস তা ছাড়াও বহুজিনিস নিয়ে ব্যাবসা করে এই অতিকায় কোম্পানিগোষ্ঠী। অথচ মূলমালিক ওই এম. বি. ইন্টারন্যাশনাল ইনক। সেটি একটি হোল্ডিং কোম্পানি। আসল মালিক মনীষ বসু। অবশ্য আরও দু-জন ডামি ডিরেক্টর আছেন। তাঁরা মনীষার-ই বেনামদার।
বম্বেতে শীত-গ্রীষ্ম-বর্ষা-হেমন্ত ইত্যাদি কোনো ঋতুর বালাই নেই। বম্বের লোকেরা বলেন, মাত্র তিনটিই ঋতু এখানে। হট, হটার এবং হটেস্ট।
এখন হট। জুলাই মাস।
কাঁটায় কাঁটায় সকাল ঠিক সাড়ে নটায় একটি আকাশি-নীল রঙা বি. এম.ডাব্লু গাড়ি এসে মেইন গেট-এর সামনে দাঁড়াল।
মনীষা নিজেই চালাচ্ছিল। পেছনে ধবধবে টেরিলিনের উর্দি আর টুপি পরা ড্রাইভার। চারজন ডোরমেন দৌড়ে এসে দরজা খুলল। মনীষা নামল। হালকা ফেডেড-জিনস এবং ওপরে হালকা-হলুদ একটি সিল্কের জ্যাকেট পরে। বুক-পকেট থেকে কালোর মধ্যে সাদা ফুল-তোলা একটি কলম উঁকি দিচ্ছে। ম-ব্লা মাস্টারপিস।
মনীষার বাবার কাছ থেকে চেয়ে-নেওয়া এই কলমটি। বাবার মাত্র এই একটি সম্পত্তিই মনীষা চেয়ে নিয়েছিল, বাবা যখন বেঁচেছিলেন। দুই বোন দুই ভাই বাবার অন্যসব কিছুই পেয়েছে। মনীষা কিছুই নেয়নি। ও জানে যে, সব-ই নিয়েছে। বাবার গুণ বলতে যা কিছু ছিল সেইসবের উত্তরাধিকারিণী। জাগতিক সম্পত্তি আর দোষ অন্যরা কাড়াকাড়ি করে নিয়েছে। অবশ্য ও শুধুই যে, গুণ পেয়েছে এমনও নয়। দোষ মনীষা যে, একেবারেই পায়নি তা বলা যায় না। মনীষা নিজেই শুধু জানে সেই দোষের কথা। সেই দোষ হচ্ছে জেদ। দোষও বটে গুণও বটে। কিন্তু সেজন্যে ও কিছুমাত্র বিব্রত বা লজ্জিত নয়। অমন দোষ এমন মেয়েকেই মানায়।
কার্পেট-মোড়া লবি পেরিয়ে এসে লিফট-এর সামনে দাঁড়াল মনীষা। এটি প্রাইভেট লিফট। সোজা উঠে গেছে। চেয়ারপার্সন-এর সেক্রেটারিয়েট পেরিয়ে তবে তাকে ঢুকতে হয় নিজের অফিসে। পার্সোনাল সেক্রেটারি, ইকনমিক সেক্রেটারি, ডেভালাপমেন্ট সেক্রেটারি, রিসার্চ সেক্রেটারি, পাবলিক রিলেশনস সেক্রেটারি এবং প্রাইভেট সেক্রেটারি। তাদের প্রত্যেকের-ই আছে আবার ছোট্ট একটি করে নিজস্ব দপ্তর।
হালকা গোলাপিরঙা কার্পেট এবং ফিকে নীল-রঙা অ্যাক্রিলিক পেইন্টে মোড়া দেওয়াল। মনীষার নিজস্ব সেক্রেটারিয়েটের টেলেক্স, ইলেকট্রনিক টাইপ-রাইটার, পার্সোনাল কম্পিউটার সব সার সার সাজানো। এফেক্টিভ এয়ার-কণ্ডিশানিং। অনভ্যস্তদের ঠাণ্ডা লাগে।
মনীষা প্রত্যেকের গুড মর্নিং-এর উত্তরে হাসিমুখে মর্নিং টু ইউ অল বলেই, নিজের ঘরে ঢুকে পড়ল।
নিজের ঘরের চারদিকের দেওয়াল বিলিতি, ওয়ালপেপারে মোড়া। ঢুকলে, মনে হয়, কোনো গভীর জঙ্গলেই কেউ ঢুকে পড়ল বুঝি। একধারে ঘন সবুজ পাইনের বন। অন্যদিকে হেমন্তর বার্চ ও চেস্টনাট, হলদেটে-লালের বাহার ফল। গাঢ় সবুজ কার্পেট নীচে। শেডেড ল্যাম্প।
চেয়ারপার্সনের ঘরে মস্ত একটি টেবিল। কাচ-ঢাকা। টেবিলের ওপরে একটুকরো কাগজও নেই। মনীষার কোনো বিশেষ চেয়ার নেই। সেই গোল-টেবিলের যেদিকে যখন খুশি সে বসে। অন্য একটি চেয়ার অবশ্য আছে, জানলার পাশে। জন কেনেডির মতো। একটি রকিং-চেয়ার। যখন-ই কিছু ভাবতে হয় তখন সেই চেয়ারে বসেই দোলে মনীষা। না-দুললে ওর ভাবনা খোলে না। টেবিলের ওপরে মাস্টার ইন্টারকম। ছ-টি টেলিফোন ছ-রঙা।
মনীষার কোম্পানিগুলিতে মেয়েরাই সমস্ত উঁচু পোষ্টে আছে। ছেলেরা মুখ্যত কেরানি, মিনিয়ালস, বেয়ারা, ড্রাইভারস। যেসব মহিলারা উইমেনস লিব উইমেনস লিব করে চেঁচান তাদের মনীষা করুণা করে। উইমেন আর অলরেডি লিবারেটেড। উইমেনস লিব কথাটার মধ্যেই একটা হীনম্মন্যতার গন্ধ আছে। মনীষা সেই কারণেই এই কথাটা অথবা এই কথার প্রবক্তাদের ভালো চোখে দেখে না।
ইন্টারকম তুলে ও পার্সোনাল সেক্রেটারিকে বলল, স্যুসি, হোয়াট আর দ্যা স্পেশ্যাল প্রবলেমস অফ দ্যা ডে?
–ওনলি ওয়ান ম্যাম।
–কী?
–মিস্টার অতীশ সরকার।
–হুঁজ হি?
–আমাদের সবচেয়ে বড়ো কম্পিটিটর। ইলেকট্রনিক্স-এ। অন্যান্য ক্ষেত্রেও। কলকাতার কলিনসনস-এর, ব্যাঙ্গালোরের ইণ্ডিয়া ল্যাম্প-এর এক্সপ্যানসন তো মি. সরকার-ই এম. আর. টি পি-তে লাগিয়ে স্টল করে দিয়েছেন। এখন লেগেছেন আমাদের পেছনে। আজকেই বারোটাতে আপনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে।
–আজকে? বারোটায়? মাই গুডনেস। আমাকে আগে জানাওনি কেন?
–আপনি তো প্যারিস থেকে গত সপ্তাহতে ফিরেই দিল্লি, ম্যাড্রাস এবং কলকাতায় চলে গেলেন। কাল আপনার ফ্লাইট ডিলেইড ছিল তো তিনঘণ্টা। তবুও আমি এয়ারপোর্টে দু-ঘণ্টা অপেক্ষা করে তারপর বাড়ি ফিরে যাই। রাত এগারোটায়। ড্রাইভার মকবুল আপনাকে কি আজকের অ্যাপয়েন্টমেন্টের লিস্ট দেয়নি?
-ওঃ আই সি। না সুসি। মকবুল দিয়েছিল বটে। বাট আই ওজ ভেরি ভেরি টায়ার্ড! দেখার সুযোগ পাইনি। বাট ইন এনি কেস আই কান্ট মিট দ্যাট মি. সরকার টুডে। ইউ হ্যাভ টু ক্যানসেল দ্যাট অ্যাপয়েন্টমেন্ট?
-কী বলব ওঁকে?
–দ্যাটস ইয়োর বিজনেস স্যুসি। ডোন্ট আস্ক মি সিলি কোয়েশ্চেনস।
–হি ইজ আ বিগ শট।
–আই কেয়ার আ স্ট্র। এম. বি. ইন্টারন্যাশনাল ইনক ইজ নো স্মল অর্গানাইজেশন ইদার।
সুসির সঙ্গে কথা শেষ করেই প্রাইভেট সেক্রেটারি কুমুদিনীকে ডাকল মনীষা।
মর্নিং ম্যাম।
মর্নিং! কুমুদিনী। আমার ঘরে এক্ষুনি এসো একবার।
কুমুদিনী সারাভাই-এর কেরিয়ারের ব্যাপারটা খুব-ই গোলমেলে। স্কটল্যাণ্ড-ইয়ার্ড-এ সে কিছুদিন চাকরি করেছিল। তারপর একটি প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি চালাত নিজেই বম্বেতে। এদিকে ইংরেজিতে কবিতা লেখে। ভালো সেতার বাজায়। ইকেবানাতে ওসাকার স্কুলের ডিপ্লোমা হোল্ডার। দেখতেও অতিসুন্দরী। বিয়ে করেছে একজন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টকে। হি ইজ ভেরি হাই আপ ইন দ্যা টাটাজ। একটিই মেয়ে ওদের। তিন বছর বয়স।
–ইয়েস ম্যাম। হোয়াটস দ্যা অ্যাসাইনমেন্ট?
ঘরে ঢুকে কুমুদিনী জিজ্ঞেস করল!
মনীষা ম-ব্লাঁ কলমটি দিয়ে ঠোঁটে আলতো করে আঘাত করতে করতে বলল, ওয়েল। এতদিনে তোমাকে একটি ইন্টারেস্টিং কাজের ভার দিতে পেরে আমি খুব খুশি। তুমি সুসির সঙ্গে দেখা করো। মিস্টার অতীশ সরকার অফ সরকার অ্যামুলগ্যামেটস। আই অ্যাম টোল্ড দ্যাট হি ইজ বিগ গাই। আই ওয়ান্ট টু ফাইণ্ড আউট হাউ বিগ হি রিয়্যালি ইজ। তার সম্বন্ধে আমি সমস্ত ইনফরমেশান চাই। যতটুকু আমি জানি, তা হচ্ছে যে, সে ব্যাচেলর। কিন্তু প্লে-বয় নয়। ইউ নো, ওয়ান অফ দ্যাট টাইপ হু আর ম্যারেড টু মানি। আ রিয়্যাল ব্লকহেড অফ দ্যাট সর্ট।
–কী কী ইনফরমেশান চাই আপনার ম্যাম?
-সব। তার গ্রুপের সব কোম্পানির ব্যালান্সশিট। এ বছরের বাজেটেড ফিগারও। দিল্লি, বম্বে এবং কলকাতার স্টক এক্সচেঞ্জে তার কোম্পানিগুলোর শেয়ারের দামের ওঠা-নামার গ্রাফস। যদি সম্ভব হয়। তার কোথায় কোথায় ইন্টারেস্ট আছে?–ভারতবর্ষে এবং বাইরেও মাইনর হোল্ডিং থাকলেও আমার জানা চাই। কোনো ফ্লি-পোর্টে কোম্পানি ফ্লোট করছে কি না! বছরে সুইটজারল্যাণ্ডে কতবার যায়? এটসেট্রা। ইউ নো হোয়াট আই মিন! এবং অফ অল থিংগস, মানুষটার দুর্বলতা কী কী! রেস খেলে? মেয়েঘটিত দোষ আছে? মদ খায়? গান শুনতে ভালোবাসে? বই পড়ে? মাছ ধরে?
–দুর্বলতা আমি যতদূর জানি, নেই। আমার স্বামী ওঁকে নানা পার্টিতে মিট করেছেন। ওঁর কাছেই শুনেছি। মি. সরকার ইজ আ মেল শভিনিস্ট পিগ।
-–তাই-ই? মাই ফুট!
বলেই তাড়াতাড়ি বলল, সরি। আই ডিডনট ওয়ান্ট টু হার্ট ইয়োর হাজব্যাণ্ড। আই ডোন্ট বিলিভ ইট। পুরুষ মানুষ মাত্রই দুর্বল। ফাইণ্ড আউট দ্যা এরিয়াজ অফ হিজ উইকনেসেস। গেট গোল্ড অফ দি অ্যাকিলিসেস হিল কুমুদিনী।
মনীষা চেয়ারে হেলান দিয়ে বসল।
একটু চুপ করে থেকে বলল, ওয়েল! যদি এই অতীশ সরকার অন্যরকমও হয় দ্যাটস ওলসো ফাইন। দ্যাট স্যুটস মি ফাইন। শুয়োর-পোড়া গন্ধ আমার দারুণ লাগে। বারবিকিউ! হাঃ! আ মেল শভিনিস্ট পিগ।
একটু ভেবে মনীষা বলল, তোমার স্বামীকে বলো যে, কালকেই দ্যাট মিনস ফ্রাইডে ইভনিং তাজমহল হোটেলে মি. সরকারকে ইনভাইট করতে। ফর চাইনিজ ফুড। হার্বার বারে ইউ ওল হ্যাভ ইয়োর ককটেইলস। তারপর যখন গোল্ডেন ড্রাগন-এ খেতে ঢুকবে তখন আই উইল জাস্ট ওয়াক ইন ক্যাজুয়ালি। এলোন। তখন-ই আমার সঙ্গে আলাপ করিয়ে দেবে তোমরা। আমি তোমাদের টেবিলে জয়েন করব। তারপর লিভ দ্য রেস্ট টু মি। ইতিমধ্যে অন্য ইনফরমেশানগুলোও জোগাড় করার চেষ্টা করো। গেট ইন টাচ উইথ হিজ ট্রাস্টেড মেন। টাকার বাণ্ডিল ছুঁড়ে দাও। এভরিবডি হ্যাঁজ আ প্রাইস কুমুদিনী। ইণ্ডিয়াও ছটো ছোটো আফ্রিকান বা ইস্ট-এশিয়ান দেশগুলোর-ইমতো হয়ে গেছে। ইউ ক্যান হ্যাভ এনিবডিজ লয়্যালটি। ইটস জাস্ট আ ম্যাটার অফ প্রাইস। গভীর লজ্জার, এটা দেশের পক্ষে। কিন্তু গভীর আনন্দের আমাদের পক্ষে। নইলে এমন ব্যাবসা করা যেত না। যাই-ই হোক কী করবে না করবে তা তোমার-ই ব্যাপার। কিন্তু করতে হবে। আই ওয়ান্ট দিজ ইনফরমেশান বাউট হিম; ভেরি ভেরি ব্যাডলি।
–ওক্কে ম্যাম।
–বেস্ট অফ লাক কুমুদিনী। সময় নেই সময় নষ্ট করবার।
কুমুদিনী চলে গেলে, মনীষা তার ফিনানসিয়াল সেক্রেটারির লাইন তুলল।
–নমিতা ভাট।
–গুড মর্নিং ম্যাম।–এনি প্রবলেম নমিতা?
–না। আজকে কোম্পানি ফিফথ-এর নতুন অ্যাকাউন্টেন্টের ইন্টারভিউ আছে। ফিনানসিয়াল অ্যাডভাইজার এবং চিফ অ্যাকাউন্টেন্ট চান যে, আপনি থাকুন সেই সময়ে। ইটস আ কিই-পোস্ট।
-–হোয়াট? সেরগিল ওয়ান্টস মি টু বি প্রেজেন্ট? হাউ ডেয়ারস শি টেল হার টু টক টু মি বাউট ন্যাউ। আই উইল স্যাক হার।
কটাং করে ফোন নামিয়ে রাখল বিরক্ত মনীষা।
লাল আলোটা দু-বার ব্লিপ-ক্লিপ করে নিভে গেল ইন্টারকম-এর।
প্রীতম সিরগিল দিল্লির মেয়ে। ওর বাবা দিল্লিতে ইনকামট্যাক্সের কমিশনার ছিলেন। প্রীতম নিজে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। কস্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। কম্পিউটারের ট্রেনিং আছে ওর। সেরগিল-ই পুরো গ্রুপের নাম্বার ওয়ান ওর ডিভিশনে। অ্যাকাউন্টস, ট্যাক্সেশান, ব্যাঙ্ক ম্যানেজমেন্ট সব-ই ওর ওপরে।
ইন্টারকম পি-পি করল! প্রীতম লাইনে এসেছে। বলল, গুড মর্নিং ম্যাম।
–মর্নিং প্রীতম। ডু ইউ ওয়ান্ট আ স্যাক? তুমি কি চাও যে, তোমার চাকরিটা চলে যাক? প্রীতম তুতলে উঠল। বলল, নো ম্যাম। বাট হোয়াই?
-তুমি কোন সাহসে বলো যে, ফিফথ-কোম্পানির নতুন অ্যাকাউন্টেন্টের ইন্টারভিউ আমি নিজে নেব? তোমাদের মতো যোগ্যজনের ওপর তো ইন্টারভিউ নেওয়ার ভার দেওয়াই আছে। ফাইনাল সিলেকশানটাও তোমরা বলতে পারবে না?
–পারব, কিন্তু…
–কোনো কিন্তু নেই এরমধ্যে। এম বি ইন্টারন্যাশনালের চেয়ারপার্সনের আরও অনেক ইম্পর্টান্ট কাজ আছে। আমিই যদি ইন্টারভিউ নেব তবে তোমাদের রাখবার দরকার কী আমার? তুমি একমিনিট আমার ঘরে এসো।
প্রীতম দু-মিনিটের মধ্যে এল ঘরে।
মনীষা বলল, ইন্টারভিউ বোর্ডে আমি থাকব না। কিন্তু ফাইনাল সিলেকশানে তিনজনকে সিলেক্ট করে নিয়ে সেপারেটলি জিজ্ঞেস করবে যে, ফিফথ