
অপেক্ষা
সেলিনা হোসেন
অনিমা ও রাজীবের প্রেমের কথা বেশি দিনের নয়। দূরখালি স্টেশনে অনিমার বাবা বদলি হয়ে এসেছে মাত্র ছ’মাস হলো। এর মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে। যেভাবে জমে উঠলে ভালোবাসার অতিরিক্ত আরো নানা ধরনের আসক্তির জন্ম হয় তেমন পর্যায়ে ওরা পৌঁছেনি।
স্টেশন মাস্টারের মেয়ে অনিমা। বাবার সঙ্গে স্টেশন থেকে স্টেশনে ঘুরে বেড়ায়। নতুন নতুন জায়গায় গিয়ে থাকতে ভালো লাগে। ওর। বছর দুয়েক আগে মা মরে গেছে। ওর কোনো ভাইবোনও নেই। বি.এ পরীক্ষা দিয়েছে। ইচ্ছে আছে কোনো প্রাথমিক স্কুলে চাকরি করার। এখনো সে সুযোগ আসেনি। রাজীবের বাবা দূরখালি গায়ের কৃষক, অবস্থা মোটামুটি ভালো। সংসারে অভাব নেই। তবে ছেলেকে বি.এ পাসের পরে ঢাকায় পাঠিয়ে এম.এ পড়াবে এমন ইচ্ছে তার নেই। কিন্তু ছেলের জোর তাগাদা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে একটা কিছু করবে এমন স্বপ্ন ওর ভেতরে আছে। এর পাশাপাশি বাড়তি যেটুকু ইচ্ছে তা হলো এম.এ পাস করতে পারলে দূরখালি গায়ের প্রথম ডিগ্রিধারী যুবক হবে ও। বাবাকে এই শর্তে রাজি করিয়েছে। ছেলে এম.এ পাস করলে বাবারও নামডাক হবে গাঁয়ে, এমন লোভ কোন বাবার না হয়!
একদিন ঢাকা যাওয়া ঠিক হয় রাজীবের। স্টেশনের প্লাটফর্মের শেষপর্যন্ত বাবা রাজি হয়েছে। খরচ চালাতে বাবার একটু কষ্ট হবে, তারপরও বাবা খুশি যে, আমি ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি নিতে পারব। বাবা গাঁয়ের প্রথম মানুষ হবেন, যার ছেলে এম.এ পাস করেছে।
হা হা করে হাসে রাজীব। সঙ্গে অনিমাও। হাসি থামলে রাজীব বলে, তবে আমি চেষ্টা করব টিউশনি করে বাবার কাছ থেকে যত কম টাকা নেয়া যায়। আর চেষ্টা করব কোনো কারণে সময় নষ্ট না করে তাড়াতাড়ি লেখাপড়া শেষ করে বাড়ি ফিরতে।
অনিমার দু-চোখে ঝিলিক ওঠে।
সত্যি ফিরবে তো? এম.এ পাস করে তুমি ঢাকায় থেকে যাবে না তো?
মোটেই না, ঢাকায় থাকব কেন? আর যদি থাকতেই হয়, যদি চাকরি করি, তাহলে তুমি যাবে তো আমার সঙ্গে?
অনিমার ছেলেমানুষি কণ্ঠস্বরে কিছুটা বিস্ময় ধ্বনিত হয়, আমাদের ঘর হবে?
হবে, হবে, হবে। দুজনে আনন্দের স্রোতে ভেসে যায়। হাসি থামলে রাজীব দ্বিধা নিয়ে বলে, কিন্তু আমার একটা ভয় আছে অনিমা।
ভয়? অনিমার দম আটকে আসে।
ভয়ই তো। আমার দুবছরের পড়ার ফাঁকে তোমাকে যদি তোমার বাবা বিয়ে দিয়ে দেয়!
অনিমার কণ্ঠে আত্মবিশ্বাস ধ্বনিত হয়, বাবা সে রকম চেষ্টা করলে আমি রাজি হবো না। আমি তোমার জন্য অপেক্ষা করব।
কত দিন অনিমা? কত দিন?
অনিমা মাথা ঝাকিয়ে অবলীলায় বলে, যত দিন তুমি না ফিরো।
তাহলে এখন থেকে আমাদের অপেক্ষার শুরু।
হ্যাঁ, শুরু।
দুজনে হাত ধরে। দুজনের মাথার ওপর উড়ে বেড়ায় প্রজাপতি। দুজনে প্লাটফর্ম থেকে লাফিয়ে নেমে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যায়। প্লটফর্ম ধরে নয়, ধানক্ষেতের আল ধরে যতটা পথ পাড়ি দেয়া যায় তত দূরে।
দুদিন পরে চলে যায় রাজীব। স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের লেজটুকু অদৃশ্য হয়ে যাওয়ার পরেও অনিমার মনে হয় রাজীব যায়নি–ও একটু পরই রাজীবের কণ্ঠ শুনতে পাবে। অকস্মাৎ এই ফাঁকা স্টেশনে দাঁড়িয়ে থাকতে ওর ভয় করে। মনে হয় চারদিক থেকে হলুদ জামা গায়ে অসংখ্য মানুষ ছুটে আসছে। ওদের ফ্যাকাশে চেহারায় আলো নেই। ও চারদিকে তাকায়। যেন হলুদ আলোর প্রলেপ পড়েছে চারদিকে। গাছগুলো নিথর, পাতাগুলোর রঙ আর সবুজ নেই। চারপাশের ধানক্ষেতের ওপর হলুদের ছোঁয়া। গত বছর জন্ডিসে আক্রান্ত হলে বাবার চেহারাটা অমন হয়ে গিয়েছিল। ও বাবার কাছে যেতে ভয় পেত মনে হতো বাবাকে ধরতে গেলে বাবা মুহূর্তে হাওয়ায় মিলিয়ে যাবে। আর বাবা না থাকলে ও কার সঙ্গে কথা বলবে, কে ওকে বকুনি দেবে, কে ওকে বলবে, মেয়েটা আমার বুকের ভেতরে একটা বড় মাকড়সা হয়ে আটকে আছে, জাল বুনছে। আমি সেই জালে আটকা পড়া মাছি। অনিমা ভয়ে কুঁকড়াতে থাকে। মনে হয় ফাঁকা স্টেশনের গরুগুলো তেড়ে আসবে ওর দিকে, আর রাখাল বালকেরা ভাববে ও একটা ডাইনি, গরুগুলোকে নিয়ে গুহার ভেতরে চলে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তেমন কিছু ভাবার সঙ্গে সঙ্গে ওর মায়ের কথা মনে হয় মরে যাওয়ার আগে মাকেও অমন হলুদ দেখাচ্ছিল–ফ্যাকাশে, বিবর্ণ। মৃত্যুর রঙ কি তাহলে হলুদ? নাকি কালো? ও দুহাতে মুখ ঢাকে।
তখন পেছন থেকে ওর বাবা তৌফিক ওর ঘাড়ে হাত রাখে।
একা একা দাঁড়িয়ে আছিস যে মা?
বাবা, মৃত্যুর রঙ কী?
মৃত্যুর আলাদা রঙ নেই। সব রঙের ভেতরই মৃত্যুর ছায়া আছে।
লাল রঙে আছে?
কেন থাকবে না। সন্ত্রাসীর গুলিতে মানুষ তো রক্তের মধ্যে মুখ থুবড়ে পড়ে। রক্তের রঙ লাল ছাড়া আর কী?
বাবা, মায়ের মৃত্যুর রঙ কী?
হলুদ।
হলুদ! আশ্চর্য, আমারও তাই মনে হয়েছিল।
বাড়ি চল মা। বাড়ি গিয়ে আমরা দুজনে তোর মায়ের ছবি দেখব।
ঠিক। চলো। ছবিতে মা আমাদের কাছে ফিরে আসবে। কিছুক্ষণের জন্য হলেও আমার মনে হবে মা মরেনি। মা আমাদের সঙ্গেই আছে। ভাগ্যিস, দুটো অ্যালবাম ভরে মায়ের ছবি রেখেছি আমরা।
অনিমা বাবার হাত ধরে বাড়ি ফিরে, যেন ও শৈশবের অনিমা। বাবা ওকে গুড়বালি গাঁয়ের মেলায় নিয়ে অনেক খেলনা কিনে দিয়েছে। সেদিন গুড়বালি স্টেশন থেকে লোকাল ট্রেনটা ছেড়ে যাবার পরে দুর্ঘটনায় পড়েছিল। কে বা কারা রেললাইনের খানিকটুকু তুলে নিয়েছিল। বাবা ভীষণ মন খারাপ করেছিল। অনেক দিন ভাত খেতে পারেনি। এক গভীর রাতে ওর ঘুম ভেঙে গেলে ও দেখেছিল, মা বাবাকে ভাত খাইয়ে দিচ্ছে।
সেই থেকে বাবা আবার ভাত খাওয়া শুরু করেছিল। এখন যদি আবার কোনো ট্রেন দুর্ঘটনায় বাবার মন খারাপ হয় তাহলে কে ওর বাবাকে ভাত খাইয়ে দেবে? মা তো নেই। তাহলে কি ওর বাবা ভাত না খেতে খেতে মরে যাবে! অনিমা নিজের ছেলেমানুষি ভাবনায় বিরক্ত হয়। বাড়ির গেটে দাঁড়িয়ে বলে, বাবা আমি তোমার ছবির একটা অ্যালবাম। বানাতে চাই।
আমার তো অত ছবি নেই মা।
তুমি আর আমি শহরে গিয়ে অনেক ছবি তুলব।
তুলব, তোর কথাই ঠিক। আমার ভীষণ ক্ষিদে পেয়েছে মা।
চলো, তোমাকে আগে খেতে দেই।
অনিমা রান্নাঘরে ঢুকলে তৌফিক চেঁচিয়ে মেয়েকে ডাকে। বাবার কণ্ঠস্বর অস্বাভাবিক মনে হয় অনিমার কাছে। ও দ্রুত কাছে এসে বলে, কী হয়েছে বাবা?
আমি ভাত পরে খাব। আগে তোর মায়ের ছবি দেখব।
অনিমা আর কোনো কথা না বলে অ্যালবাম নিয়ে এসে বাবার সামনে রাখে। তৌফিক অনেকক্ষণ ধরে অ্যালবামের পাতা ওল্টায়। অনিমা চুপ করে বাবার পাশে বসে থাকে। কিছুতেই বুঝতে পারে না যে বাবার কী হলো। আজ ওর বাবা বেশ লম্বা সময় ধরে ছবি দেখছে।
বোহেমিয়ান তন্ময় আজো বাড়ি থেকে চুপচাপ পালানোর জন্য তৈরি হয়েছে। ওর যখন ইচ্ছে করে তখন ও হুটহাট যেখানে-সেখানে চলে যায়। যত দিন খুশি তত দিন থাকে। শুধু মাকে চিঠি লিখে নিজের খবরাখবর দেয়। সাবিহা বানু বলে, আমার ছেলের পায়ের নিচে সরষে। তন্ময়ের মনে হয়, মায়ের উপমাটা তো অনেককাল আগের কথা। ও নিজে ওর জন্য নতুন উপমা বানাবে। বেশ জুতসই উপমা, না ঠিক হলো না, আধুনিক উপমা, না তাও হলো না শেষ পর্যন্ত পরে ভাববে মনে করে ও ভাবাভাবি ক্ষান্ত দেয়। ওর প্রিয় জিনিস ক্যামেরা। শখ ছবি তোলা। সেজন্যই ওর হাজারো জায়গা খুঁজে বেড়ানো, যেন দারুণ একটি ছবি তুলতে পারে।
তখন ভোর হয়েছে মাত্র। দিনের প্রথম আলোর শুরু। তন্ময় বিছানা ছেড়ে প্রথমে জানালায় দাঁড়ায়। আলোর আভায় ফুটে ওঠা দিনের সূচনা। দেখে। ফিরে এসে বাথরুমে যায়। টেবিলের ওপর ব্যাগ আর ক্যামেরার ব্যাগ রাখা। রাতেই সব কিছু গুছিয়ে রেখেছিল। টেবিলের কাছে দাঁড়িয়েই মাকে চিঠি লেখে। ফুলদানির নিচে ভাজ না-করা চিঠিটা রেখে দেয়, যেন মা দূর থেকেই চিঠিটা দেখতে পায়। তাহলেই বুঝে যাবে যে ছেলেটা পালিয়েছে।
নিজের ঘর থেকে বেরিয়ে ও মায়ের ঘরে উঁকি দেয়। সাবিহা বানু ঘুমিয়ে আছে। ও নিজেকে বলে, মা কখনো ভোরে উঠতে পারে না। বেচারা ইনসমনিয়ার রোগী। বাবা মারা যাবার পরে সেটা আরো বেড়েছে। ও মৃদু স্বরে বলে, যাচ্ছি মা, তোমার জন্য চিঠি রেখে গেলাম। তুমি আমার কাছ থেকে শুধু এটুকুই তো চাও।
সিঁড়ি দিয়ে খুব নিঃশব্দে নামে। যেন বাড়ির কাজের মানুষদের ঘুম না ভাঙে। তাহলেই চেঁচামেচি শুরু করবে। মাকে জাগিয়ে ফেলবে। গেটের একটা ড়ুপ্লিকেট চাবি আছে ওর কাছে। ধীরেসুস্থে গেট খুলে বেরিয়ে যায় ও। গেটটা মুখে মুখে লাগিয়ে রাখে। রাস্তায় দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে বলে, পুরো ধরিত্রী আমার।
ফুটপাথে বসে ছোট মেয়ে সখিনা ফুল গোছাচ্ছে বিক্রি করার জন্য। তন্ময় ওর কাছে গিয়ে দাঁড়ায়। সখিনা হাসিমুখে ওর দিকে তাকায়। নিরন্ন, শুকনো চেহারার চোখজোড়া দারুণ তীক্ষ। ওকে দিয়ে একটা কিছু হবে–তন্ময়ের মনে হয়। ও সখিনাকে বলে, তোমার একটি ছবি তুলি?
সখিনা চটপট উঠে দাঁড়ায়। একগুচ্ছ ফুল বুকের কাছে ধরে পোজ দিয়ে বলে, সুন্দর কইরা তুলবেন কিন্তু। আমারে একড়া ছবি দিবেন। আমার মারে দেখামু। মা খুশি হইয়া কইব, ও আল্লারে, আমার সখিনা কত সোন্দর! আল্লা অরে য্যান বাঁচাইয়া রাখে।
তন্ময় ছবি তোলে। কয়েকটা ছবি তুলে সখিনার মুখের দিকে তাকিয়ে থমকে দাঁড়ায়। এ বয়সে ও ফুল বেচবে কেন? ওর কি আরো কিছু পাওনা ছিল না? সখিনা বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে বলে, তাকায়ে আছ ক্যান? ছবি ভালো হয় নাই?
তন্ময় জোরে জোরে মাথা নেড়ে বলে, না একটুও ভালো হয়নি। এটা কোনো ছবিই। এমন ছবি তুলতে আমার লজ্জা হয়।
সখিনার ভীষণ মন খারাপ হয়। বিষণ্ণ কণ্ঠে বলে, আমারে খুব খারাপ দেহাইতাছে?
তন্ময় ওর বিপ্ন দৃষ্টি উপেক্ষা করে অবলীলায় বলে, হ্যাঁ, ভীষণ খারাপ দেখাচেছ।
আমারে দেহাও না। কেমুন খারাপ লাগতাছে আমি দেহি।
তন্ময় ওর ডিজিটাল ক্যামেরায় সখিনাকে ছবি দেখায়। সখিনা ছবি দেখে উৎফুল্ল হয়ে বলে, আল্লারে কী সোন্দর দেহাইতাছে!
তুমি খুশি হয়েছ সখিনা?
সখিনা ঘাড় কাত করে লম্বা করে টেনে বলে, হ–খুব খুশি হইছি। আমার মাও খুশি হইব। কইব, ও আল্লারে আমার সখিনা তো একডা ফুটফুইটা মাইয়া!
তন্ময় হো-হো করে হাসে। সখিনার স্মার্টনেস দেখে খুব মজা পায়। তারপরও বলে, কিন্তু এটা তোমার ছবি নয়। তোমার ছবি এমন হওয়া উচিত। তন্ময় ওকে অন্য একটা ছবি দেখায়। সখিনা ছবি দেখে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থাকে। স্কুল ইউনিফর্ম পরে বই-খাতা হাতে নিয়ে ও দাঁড়িয়ে আছে। প্রথমে ও উৎফুল্ল হয়, তারপর আবার বিষণ্ণ হয়ে যায়। বলে, ধুত এইডা আমার ছবি না। আমি তো কোনো দিনই স্কুলে যাই নাই। আপনে মিছা ছবি তোলেন ক্যান?
সখিনা ফুলের গোছা উঠিয়ে নিয়ে গোছগাছ করতে করতে তন্ময়ের পাশ কাটিয়ে চলে যায়। তন্ময় অবাক হয় না। ও তো আগেই বুঝে নিয়েছিল যে সখিনা মেধাবী, ওর চোখ সে কথা বলে দেয়। ও চিন্তা করতে পারে। ও তো মুহূর্তে বুঝতেই পারবে যে ওর অবস্থান কোথায়। ও দেখতে পায় ও ফুল নিয়ে রাস্তায় সিগনাল বাতির নিচে গিয়ে। দাঁড়িয়েছে। এখন শুরু হবে ওর ছোটাছুটি। এ সত্য ওর চেয়ে বেশি কে কঠিনভাবে জানে! ও নিজেকেই বলে, তুমি বললে এটা মিথ্যে ছবি। এটাই তো সত্য হওয়া উচিত সখিনা। এই সত্য ছবির ধারণা থেকে তোমাকে দূরে সরিয়ে রাখা হয়েছে। তোমাকে এই জীবনের ধারণাও পেতে হবে।
তন্ময় হাঁটতে থাকে। রাস্তার ধারের ঝুপড়ি চায়ের দোকান খুঁজতে থাকে। তখন রাস্তা সরব হয়ে উঠেছে। গাড়ি-রিকশায় সয়লাব হয়ে উঠেছে রাস্তা। ও আবার দাঁড়ায়। ছবি তোলার জন্য ক্যামেরা তাক করে।
তখন সাবিহা বানুর ঘুম ভাঙে। বুকটা খচ্ করে ওঠে। তন্ময় কি ঘরে আছে? ছেলেটা যখন উধাও হয় একটু বলেও যায় না। আগে বলত আর মায়ের কাছ থেকে বাধা পেত। মন খারাপ করে বসে থাকত। কিছুকাল ঘরে থেকে ও না বলে চলে যাওয়ার উপায় বের করেছে–একটা চিঠি এখন মা-ছেলের সেতুবন্ধ।
সাবিহা বানু তন্ময়ের নাম ধরে ডাকতে ডাকতে ওর ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। ঘর খালি। ওর ব্যাগ এবং ক্যামেরা নেই দেখে সাবিহা বুঝে

08-Aug-2025