Home
অন্দরমহল

অন্দরমহল

সাদাত হোসাইন

অন্দরমহল

সাদাত হোসাইন
novel

Change color

উৎসর্গ

নুসরাত

‘কিছু কিছু কিনে নেই দামে, কিছু কিছু ঘামে

কিছু কিছু মূল্যবিহীন।

একটা জনম তবু জানে

কার কাছে রয়ে যায় কতটুকু ঋণ!’


.


ভূমিকা


‘ডেথ অব দ্য অথার’ বলে একটি কথা আছে। কথাটি আমি খুব বিশ্বাস করি। এই কথার মানে, কোনো বই পাঠকের কাছে যাওয়া মাত্র সেই বইয়ের লেখকের মৃত্যু ঘটে। অর্থাৎ লেখক কী ভেবে সেই বইটি লিখেছেন, লেখার সময় লেখকের অনুভূতি কী ছিল বা তিনি কী বোঝাতে চেয়েছেন, পাঠক সেই মতে বইটি অনুধাবন করতে বাধ্য নন। পাঠকের নিজস্ব ভাবনা রয়েছে, অনুভূতি রয়েছে, জীবনের নানান অভিজ্ঞতা রয়েছে। সুতরাং খুবই স্বাভাবিক যে পাঠক তার অভিজ্ঞতার ভিত্তিতেই লেখাটি হৃদয়াঙ্গম করবেন। এটি পাঠকের স্বাধীনতা। সুতরাং পাঠকের কাছে যাওয়া মাত্র বই হয়ে যায়। পাঠকের। মৃত্যু ঘটে লেখকের।


তাহলে অন্দরমহল-এর ভূমিকা লেখার কারণ কী? ভূমিকা লেখার ছোট্ট একটি কারণ। কারণটি দায়মুক্তির। অন্দরমহল বহু পুরনো আমলের আবহে লেখা একটি উপন্যাস। ফলে উপন্যাসটি পড়তে গিয়ে পাঠকের মনে প্রশ্ন জাগতে পারে, সেই পুরনো আমলের সময়কাল কত? স্থানটি কোথায়? পুরো উপন্যাসে খুব সচেতনভাবেই এই সময় ও স্থানের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। এর কারণ, অন্দরমহলকে কোনোভাবেই ঐতিহাসিক উপন্যাসের কাতারে না ফেলতে চাওয়া। সুনির্দিষ্ট সময়কাল ও স্থান সেই সময়ে সংঘটিত নানান রাজনৈতিক, জাতীয়, প্রাকৃতিক ঘটনা, ভাষা ও নিয়ম নীতির সাপেক্ষে উপন্যাসের কাহিনীকে প্রভাবিত বা সংযুক্ত হতে বাধ্য করে। কিন্তু অন্দরমহল একটি শতভাগ ফিকশন। এতে ঊনবিংশ শতকের প্রথম দিককার


কিছু অনুষঙ্গ ব্যবহার করা হলেও এই উপন্যাসের সাথে সে সময়ের বাস্তব কোনো ঘটনা, স্থান, কাল, পাত্র এমনকি সময়কালেরও সরাসরি কোনো সম্পর্ক নেই। এমনকি এই বাস্তবঘনিষ্ঠতা এড়াতেই উপন্যাসের গানগুলোও কোনো বাস্তব উৎস থেকে সংগ্রহ করা হয়নি। চরিত্র ও আবহ মাথায় রেখে এই উপন্যাসের জন্যই গানগুলো লেখা হয়েছে। অন্দরমহল মূলত এক হিন্দু জমিদার পরিবারের আখ্যান। এই হিন্দু জমিদার পরিবার-সংক্রান্ত নানান তথ্য দিয়ে অপরিসীম সমর্থন জুগিয়েছে কলকাতা থেকে রঞ্জু প্রসাদ মণ্ডল। রঞ্জুকে ধন্যবাদ। সবশেষে, পাঠক, অপার স্বাধীনতায় ভাবনার উন্মুক্ত আকাশ নিয়ে প্রবেশ করতে পারেন অন্দরমহল-এ। কারণ অন্দরমহল বিশুদ্ধ কল্পনার নির্যাস।


সাদাত হোসাইন

১১ জানুয়ারি ২০১৬


*


ভয়াবহ দুঃসংবাদটা এলো রাত্রির তৃতীয় প্রহরে। পেয়াদা রঘু এসে যখন খবরটা দিল, তখন বিষ্ণুপুরের হবু জমিদার দেবেন্দ্রনারায়ণ কেবল ঘুমাতে যাচ্ছিলেন। রবিবার দিবাগত রাতে দেবেন্দ্রনারায়ণ খানিকটা মদ্যপান করেন। বিষ্ণুপুর জমিদারির উত্তর তল্লাট ঘেঁষে শুরু হয়েছে বারোহাটির বিশাল জঙ্গল। জঙ্গলের গা ঘেঁষে দেবেন্দ্রনারায়ণের বাগানবাড়ি। দেবেন্দ্রনারায়ণ মাসের কোনো এক রবিবার এই বাগানবাড়িতে রাত্রিযাপন করেন। মাঝরাত অবধি নাচগান হয়। তবে সেই নাচগানের জলসায় লোকজনের সমাগম থাকে না। সংগীত বা নৃত্যপিপাসু মানুষ থাকে না। থাকেন দেবেন্দ্রনারায়ণ একা। আর থাকে দূর-দূরান্ত থেকে আসা রূপবতী বাঈজির দল। তাদের পর্যাপ্ত সম্মানির ব্যবস্থা থাকে। তারা সারারাত ধরে দেবেন্দ্রনারায়ণের মনোরঞ্জনের চেষ্টা করে। তবে দেবেন্দ্রনারায়ণের মনোরঞ্জন করা সহজ কোনো ব্যাপার নয়। এই প্রায় পঞ্চাশেই জগতের বেশির ভাগ ভোগবিলাসের সাথে দেবেন্দ্রনারায়ণের পরিচয় হয়েছে। সম্ভাব্য সকল কিছুর স্বাদ নেয়ার চেষ্টা তিনি করেছেন। ফলে আজকাল তার ভেতর একধরনের অতৃপ্তির হাহাকার দেখা যায়। কোনো কিছুতেই যেন তিনি তুষ্ট হতে পারেন না।


আজ তার শয্যাসঙ্গিনী হয়েছে রাইপুরের বিখ্যাত নর্তকী হেমাঙ্গিনী দেবী। হেমাঙ্গিনী দেবীকে দেবেন্দ্রনারায়ণ বিশেষ পছন্দ করেন। এককালে হেমাঙ্গিনী দেবী অহরহ আসত এই বিষ্ণুপুরে। বারোহাটির এই বাগানবাড়ি ছিল তার নিয়মিত নিবাস। কেউ কেউ বলাবলি করছিল যে, বিষ্ণুপুর জমিদারির মেজোকুমার দেবেন্দ্রনারায়ণ বুঝি হেমাঙ্গিনী দেবীর প্রেমে পড়েছেন। তাহলে কি জমিদার বিষ্ণুনারায়ণের মেজোপুত্র দেবেন্দ্রনারায়ণ নর্তকী বিয়ে করবেন! এই নিয়ে নানান কানাঘুষা। ঘটনা অনেকদূর গড়িয়েছিলও। তবে শেষ অবধি হেমাঙ্গিনী দেবীর আর জমিদার বাড়ির বউ হওয়া হয়ে ওঠেনি।


এত ঘটনার পরও দেবেন্দ্রনারায়ণ কখনো ডাকলে ছুটে আসে হেমাঙ্গিনী দেবী। এবারও এসেছে। তবে এবার সে এসেছে বহু বছর বাদে। সদা হাস্যময়ী হেমাঙ্গিনী দেবীকে দেখে তার অন্তর্জগতের খবর বোঝার উপায় নেই। সে হাসিমুখে দেবেন্দ্রনারায়ণের নানান তেষ্টা মেটানোর চেষ্টা করে। দেবেন্দ্রনারায়ণের সাথে সে আর আট-দশজন সাধারণ বাঈজীর মতোই আচরণ করে। তবে দেবেন্দ্রনারায়ণ তার সাথে আর সকলের মতন তুচ্ছাতিতুচ্ছ আচরণ করেন না। কোথায় যেন খানিকটা সমীহই করেন। হেমাঙ্গিনী দেবী বারোহাটির বাগানবাড়িতে আসলেই আবার নতুন করে নানান গল্প শুরু হয়। সে সকল গল্প ডালপালা ছড়ায়। আড়ালে-আবডালে লোকজন নানান কথা বলে। সেসব কথার বেশির ভাগই নানাবিধ রহস্যে ভরপুর।


প্রায় শেষরাতের ভয়াবহ দুঃসংবাদ পেয়ে দেবেন্দ্রনারায়ণ চকিতে শয্যা ছেড়ে উঠে দাঁড়ালেন। হেমাঙ্গিনী দেবীও আলুথালু বেশে উঠে বসল। সে জড়ানো গলায় বলল, এত রাতে কোথায় যাচ্ছেন?


দেবেন্দ্রনারায়ণ বললেন, গঙ্গাবতীর তীর থেকে রঘু এসেছে। ভয়াবহ দুঃসংবাদ।


দুঃসংবাদের কথা শুনে হেমাঙ্গিনী দেবী বিচলিত হলো না। সে স্থির গলায় বলল, প্রথম প্রহরে সবাই জাগে, দ্বিতীয় প্রহরে ভোগী। তৃতীয় প্রহরে তস্কর জাগে, চতুর্থ প্রহরে যোগী। তা শ্রীযুক্ত দেবেন্দ্রনারায়ণ, আপনি তস্করও নন, যোগীও নন। আপনি হলেন ভোগী। রাতের দ্বিতীয় প্রহর নাগাদ আপনার ভোগবিলাস সম্পন্ন হয়েছে। এখন আপনার নিদ্রাযাপনের সময়। রাতের এই তৃতীয় প্রহরে নদীর পাড়ে ছুটে যাওয়া আপনার কাজ নয়।


দেবেন্দ্রনারায়ণ বিচলিত গলায় বললেন, হেঁয়ালি রাখ হেমাঙ্গিনী। দুঃসংবাদ, ভয়াবহ দুঃসংবাদ।


দেবেন্দ্রনারায়ণ হেমাঙ্গিনী দেবীকে আর কিছু বলতে দিলেন না। তিনি ঝড়ের বেগে বেড়িয়ে এলেন। বিষ্ণুপুরের দক্ষিণ দিক জুড়ে রয়েছে বিরাট নদী। নদীর নাম গঙ্গাবতী।


ঘণ্টাদুয়েক বাদে নিতাইয়ের সাথে জমিদার দেবেন্দ্রনারায়ণের দেখা হলো গঙ্গাবতীর তীরে। গঙ্গাবতীর এপার থেকে ওপার দেখা যায় না। নিতাই সেই নদীতে নাও বায়। মাছ ধরে। সে দেবেন্দ্রনারায়ণের সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল।


দেবেন্দ্রনারায়ণ গম্ভীর গলায় বললেন, ঘটনা খুলে বল নিতাই।


নিতাই ঘটনা খুলে বলল। কিংবা বলার চেষ্টা করল। কিন্তু কী বলল, তা বোঝা গেল না। তার মুখ থেকে কেবল ঘড়ঘড় শব্দ বের হলো। দেবেন্দ্রনারায়ণ সেসবের কিছুই বুঝলেন না। তিনি দাঁড়িয়ে আছেন চাতালের মতোন একটা জায়গায়। তার পায়ে চকচকে নাগড়া জুতো। নদীতে মৃদু ঢেউ। সেই ঢেউ এসে দেবেন্দ্রনারায়ণের পায়ের কাছটায় থামছে। নাগড়া ভেজার ভয়ে দেবেন্দ্রনারায়ণ খানিকটা উপরের দিকে উঠে এসে দাঁড়ালেন। পরের ঢেউটা এসে থামল এতক্ষণ তিনি যেখানে দাঁড়িয়ে ছিলেন ঠিক সেখানে। তারপর আবার নেমেও গেল। তবে নিতাই যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে তখনো জল। তার পায়ের গোড়ালি জলে ডুবে আছে। ভোরের আলো এখনো ঠিকঠাক ফোটেনি। অবশ্য দেবেন্দ্রনারায়ণের তাতে কোনো অসুবিধা হচ্ছে বলে মনে হচ্ছে না। যা দেখবার জন্য তিনি এই অসময়ে গঙ্গাবতীর তীরে ছুটে এসেছেন, তা তিনি ঠিকই দেখতে পেয়েছেন। নিতাইয়ের বা পাশে হাত দুই দূরে নিতাইয়ের ডিঙি নাওখানা বাঁধা। তার নাওয়ের সাথেই আরো একখানা নাও। নাওটি ছইঅলা। ছইয়ের ভেতরে আলো জ্বলছে। লণ্ঠনের আবছা আলো। সেই আলোয় নাওয়ের ভেতর শুয়ে থাকা ছেলেটাকে দেখা যাচ্ছে। এক ক্ষীণকায় বাচ্চা ছেলে। বয়স কত হবে? মুখ দেখে বোঝা ভার। দশ-এগারোও হতে পারে। আবার বারো-তেরো বছরের কিশোরও হতে পারে। দেবেন্দ্রনারায়ণ বললেন, কী ব্যাপার নিতাই? কথা। বলছিস না কেন?


নিতাই আবারও কথা বলল, তবে এবার আগের চেয়ে স্পষ্ট। সে কম্পমান গলায় বলল আজ্ঞে, আমি নির্দোষ কত্তা। ভোরের দিকে খানিক তন্দ্রামতন লেগে এসেছিল, হঠাৎ দেখি নাওখানা কিসের সাথে যেন বাড়ি খেল। চোখ খুলে দেখি ছইঅলা একখানা নাও। নাওয়ের ভেতর একটা ছেলে শুয়ে আছে।


নিতাই দম নেয়ার জন্য খানিক থামল। দেবেন্দ্রনারায়ণ কিছু বললেন না। দূরে নদীর উঁচু পাড়ের খেজুর গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে পেয়াদা রঘু আর জগাই। দেবেন্দ্রনারায়ণ তাদের ওখানেই দাঁড়িয়ে থাকতে বলেছেন। নিতাই আবার বলল, প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম কত্তা। তারপর কী ভেবে নাওয়ের ভেতর ঢুকলাম। ঢুকে দেখি…।


ভয়ে নিতাইয়ের চক্ষু বিস্ফারিত হওয়ার যোগাড়। সে বার দুই ঢোক গিলল। তারপর পায়ের গোড়ালি অবধি জলের ভেতর হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, ঢুকে দেখি ছেলেটার গা-ভর্তি গুটিবসন্ত কত্তা। বড় বড় কুল বড়ইয়ের সমান একেকটা গুটি। দেখে আমার হাত-পা কাঁপতে লাগল। আমি ছেলেটাকে ছুঁয়ে দিয়েছিলাম কত্তা। আমি পাপ করেছি কত্তা! মহাপাপ। করেছি।


দেবেন্দ্রনারায়ণ নিতাইয়ের কাছ থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আছেন। কিন্তু নিতাইয়ের কথা শেষ হওয়ার আগেই তিনি সরে আরো খানিকটা দূরে গিয়ে দাঁড়ালেন। নিতাই বলল, ছেলেটা এখনও বেঁচে আছে কত্তা! শ্বাস বইছে। তবে খুব ধীরে।


দেবেন্দ্রনারায়ণ কঠিন গলায় বললেন, চারদিকে গুটিবসন্ত ছড়াচ্ছে এই কথা তুই জানিস না নিতাই?


নিতাই জলের ভেতর হাঁটু গেড়ে বসা অবস্থায়ই বলল, আজ্ঞে, জানি কত্তা। কিন্তু তখন আমার কী যে হলো! অতরাতে, নদীর ভেতর নৌকায় একটা বাচ্চা ছেলে ভেসে আসল। আমার বোধবুদ্ধি হঠাৎ কাজ করছিল না কত্তা।


দেবেন্দ্রনারায়ণ বললেন, এই গুটিবসন্তে গাঁয়ের পর গাঁ বিনাশ হয়ে যাচ্ছে, একজন আক্রান্ত হলে তার শরীর থেকে আরেকজনের হচ্ছে। গ্রামে গ্রামে দ্রুত ছড়িয়ে পড়ছে। কতবড় ছোঁয়াচে এই রোগ! হাজার-হাজার লোক মারা যাচ্ছে, আর তুই এসবের কিছুই জানিস না?


নিতাই জবাব দিলো না। সে হাউমাউ করে কাঁদতে লাগল।


দেবেন্দ্রনারায়ণ খানিক চুপ করে রইলেন। তারপর বললেন, এই নৌকো এখানে কী করে এলো? কে ভাসিয়ে দিয়ে গেছে এই নৌকো?


নিতাই জড়ানো গলায় বলল, বিশ্বাস করুন কত্তা, এসবের আমি কিছুই জানি না। কিছুই জানি না।


দেবেন্দ্রনারায়ণ বললেন, নৌকোর ভেতর আর কিছু আছে?


নিতাইয়ের হঠাৎ যেন কিছু একটা মনে পড়ল। সে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়াল। তারপর বলল, ছেলেটার পাশে একখানা জলের ঘটি ছিল কত্তা। সেই ঘটির গলায় এক টুকরো কাগজ বাঁধা।


দেবেন্দ্রনারায়ণ মুহূর্তে থমকে গেলেন। তিনি কিছুই বুঝে উঠতে পারছেন। ভয়ঙ্কর কোনো অশুভ সঙ্কেত যেন বেজে উঠছে তার মাথায়। তিনি নিতাইকে বললেন, কিসের কাগজ?


নিতাই বলল, জানি না কত্তা। আমি মুখ-সুখ মানুষ, লেখাপড়া জানি না। কাগজে কী জানি কী লেখা!


দেবেন্দ্রনারায়ণ কাল বিলম্ব করলেন না। তিনি নিতাইকে দিয়ে কাগজখানা আনালেন। নিতাই জলভর্তি ঘটিসহ কাগজখানা এনে দেবেন্দ্রেনারায়ণের থেকে খানিক দূরে মাটিতে রেখে সরে দাঁড়াল। দেবেন্দ্রনারায়ণ দীর্ঘসময় নিয়ে পা বাড়ালেন। তার পদক্ষেপ জুড়ে দ্বিধা, শঙ্কা, দুশ্চিন্তা। ভোরের আবছা আলোয় বিষ্ণুপুরের হবু জমিদার দেবেন্দ্রনারায়ণ ঘটির মুখে বাঁধা সেই চিরকুটখানা দেখলেন। দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর মাথা তুলে তাকালেন আকাশের দিকে। শান্ত স্নিগ্ধ ভোরের আকাশ। কিন্তু দেবেন্দ্রনারায়ণের বুকের ভেতর তখন প্রলয়ঙ্করি সমুদ্রের সর্বগ্রাসী জলোচ্ছাস!


এ তিনি কী দেখলেন!


.


দেবেন্দ্রনারায়ণের ঘোড়ার গাড়িখানা ঊধ্বশ্বাসে ছুটছে। তবে গাড়ির ভেতরে দেবেন্দ্রনারায়ণ নেই, আছে পেয়াদা রঘু। সে খানিক পরপর সহিসকে তাড়া দিচ্ছে, জোরসে ছুট! জোরসে।


গাড়ি জোরসেই ছুটছে। কিন্তু রঘুর মনে হচ্ছে ঘোড়াগুলো চলছে দুলকি চালে।

**********
No Review
Related Books
Loading books…