
“বন্ধ ঘরে আর্তনাদ…”
মুহম্মদ জাফর ইকবাল
“বন্ধ ঘরে আর্তনাদ…”
| মুহম্মদ জাফর ইকবাল | |
| juvenile literature |
Posted byদিশা বিশ্বাস02-Apr-2025
Change color
টুনি তার ব্যাকপেক খুলে বইমেলা থেকে কিনে আনা বই দুটো বের করে সেগুলোর ওপর হাত বুলাল। নূতন বইয়ের মজাই অন্য রকম। পড়ার আগে মলাটে হাত বুলানো যায়, ঘ্রাণ নেওয়া যায়, উল্টেপাল্টে একটা-দুইটা শব্দ পড়ে কী নিয়ে লেখা অনুমান করার চেষ্টা করা যায়। বইয়ের শেষ পৃষ্ঠায় লেখকের ছবি দেখা যায়, জীবনী পড়া যায়। বইটা কাকে উৎসর্গ করেছে সেটা দেখা যায়। টুনি মাত্র সেই কাজগুলি শুরু করেছে ঠিক তখন শুনতে পেল তার পিছনে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে বলছে, “তোমার বইগুলি একটু দেখি?”
টুনি পিছনে তাকাল, তার পিছনে ফিরোজা দাঁড়িয়ে আছে। ফিরোজা তাদের সাথে পড়ে কিন্তু খুব বেশি মিশুক না, প্রায় সবসময় একা একা থাকে। বাইরে সবাই যখন দৌড়াদৌড়ি করে খেলে তখন ফিরোজা স্কুলের লাইব্রেরিতে মাথা গুঁজে বই পড়ে। মেয়েটার বই পড়ার খুব শখ।
টুনি বই দুটি ফিরোজার হাতে দিলো, ফিরোজা বই দুটি নিয়ে ওপরে হাত বুলাল, বইগুলোর পৃষ্ঠা খুলে দেখল তারপর একটা নিশ্বাস ফেলে টুনির হাতে ফেরত দিলো।
টুনি জিজ্ঞেস করল, “এই বইগুলি পড়েছো?”
ফিরোজা মাথা নাড়ল, বলল, “না।”
দুটো বই-ই একজনের লেখা। নূতন লেখক কিন্তু এর মাঝেই সে অনেকগুলো বই লিখেছে, ছেলেমেয়েরা খুব আগ্রহ নিয়ে বই পড়ে। বুড়ো লেখকদের মতো জ্ঞানের বই লিখে না, বইয়ের ভিতরে একটু পরে পরে নানা রকম উপদেশ দেয় না। একটা বই ভূতের অন্যটা সায়েন্স ফিকশন। ফিরোজা কেমন জানি লোভী লোভী চোখে বইগুলো দেখছিল, টুনি জিজ্ঞেস করল, “তুমি এই লেখকের অন্য বই পড়েছো?”
ফিরোজা বলল, “না পড়ি নাই।”
টুনি বলল, “পড়ে দেখো। অনেক মজার বই লিখে।”
ফিরোজা একটু হাসার চেষ্টা করে কেমন জানি একটা দীর্ঘশ্বাস ফেলল। টুনি ঠিক বুঝতে পারল না দীর্ঘশ্বাসটি কেন। আজকাল বইয়ের অনেক দাম, সে জন্য সবাই সবসময় বই কিনতে পারে না। সেটা একটা কারণ হতে পারে। টুনি তাই বলল, “আমার পড়া শেষ হলে তুমি বইগুলি নিয়ে পড়তে পারো।”
ফিরোজা বলল, “স্কুলে বই পড়ার সময় পাওয়া যায় না।”
টুনি বলল, “স্কুলে পড়তে হবে না। বাসায় নিয়ে পড়বে।”
ফিরোজা এক সেকেন্ড চুপ করে থাকল, তারপর বলল, “আমার বাসায় বই পড়া নিষেধ।”
টুনি চমকে উঠল, বলল, “কী বললে? বই পড়া নিষেধ?”
ফিরোজা মাথা নাড়ল, টুনি তখন জিজ্ঞেস করল, “কেন? বই পড়া নিষেধ কেন?”
“আমার আম্মু-আব্বু মনে করে বই পড়লে ছেলেমেয়েরা নষ্ট হয়ে যায়।”
“নষ্ট হয়ে যায়? নষ্ট হয়ে যায় মানে কী? ছেলেমেয়েরা ইলিশ মাছ নাকি যে ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে?”
ফিরোজা উত্তর দিলো না। একটু পর বলল, “আমাদের বাসায় পাঠ্যবই ছাড়া অন্য সব বই পড়া নিষেধ।”
টুনি চোখ বড় বড় করে ফিরোজার দিকে তাকিয়ে রইল। ফিরোজা বলল, “আমাদের বাসায় পাঠ্যবই ছাড়া অন্য বই মাত্র দুইটা।”
“দুইটা?”
“হ্যাঁ। একটা হচ্ছে ‘নারীর পর্দা পুশিদা’ আরেকটা ‘বারো আওলিয়ার কাহিনী’।”
টুনি কী বলবে বুঝতে না পেরে জিজ্ঞেস করল, “পড়েছো ওই বই দুইটা?”
ফিরোজা মাথা নাড়ল, “পড়েছি।”
টুনি কিছুক্ষণ ফিরোজার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, “কিন্তু সবাই তো বই পড়ে—তোমার বই পড়লে সমস্যা কী?”
ফিরোজা বলল, “আমার আব্বু বলে, লেখকেরা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা লিখে—মিথ্যা কথা বলা আর লিখা দুইটা গুনাহ। পড়লেও গুনাহ।”
টুনি বলল, “তুমি যদি লুকিয়ে লুকিয়ে পড়ো তাহলে কী হবে?”
“যদি ধরা পড়ি তাহলে মারবে।”
টুনি চোখ কপালে তুলে বলল, “মারবে?”
“হ্যাঁ। লেখাপড়াও বন্ধ করে দিতে পারে।”
“সর্বনাশ!” টুনি মাথা নাড়তে নাড়তে বলল, “কিন্তু তোমার আম্মু- আব্বু বুঝবে কেমন করে? সবসময় কি তোমাকে চোখে চোখে রাখে?”
“হ্যাঁ। আমার ব্যাগ ঘেঁটে দেখে। প্রত্যেক দিন আমার বইপত্র-খাতা সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে।”
টুনি অবাক হয়ে ফিরোজার দিকে তাকিয়ে রইল। ফিরোজা বলল, “আমি কয়েকটা কবিতা মুখস্থ করতে চেয়েছিলাম কিন্তু সেগুলো বাসায় নিতে পারি না। মাঝে মাঝে কিছু একটা লিখতে ইচ্ছা করে সেইটাও করতে পারি না।”
ফিরোজা কথা শেষ করে টুনির দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করল, টুনির মনে হলো এই হাসির চেষ্টা না করে কেঁদে ফেললে বরং ব্যাপারটা সহজ হতো।
* * *
রাত্রে ঘুমানোর আগে টুনি তার আম্মুর সাথে ফিরোজার ব্যাপারটা নিয়ে কথা বলল। আম্মু পুরো ব্যাপারটা মন দিয়ে শুনলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, “আহা বেচারা!”
টুনি বলল, “কিছু একটা করা যায় না?”
“যায় নিশ্চয়ই। কিন্তু কী করবি?”
“গোপনে যদি পড়ার জন্য বই সাপ্লাই দিই?
“কীভাবে দিবি?”
“সেটা চিন্তা করে বের করতে হবে।”
“যদি ধরা পড়ে, তাহলে আরো বিপদে পড়ে যাবে। লেখাপড়া বন্ধ করে দিলে কেলেঙ্কারি হয়ে যাবে।”
টুনি খানিকক্ষণ চিন্তা করে বলল, “কিন্তু বই পড়া তো খুব দরকার, তাই না আম্মু?”
“হ্যাঁ, বই পড়া হচ্ছে মানুষের ব্রেনের উপযুক্ত একটা কাজ। মানুষ ছাড়া আর কেউ পড়তে পারে না। পৃথিবীর মানুষকে দুই ভাগে ভাগ করা যায়, যারা বই পড়ে আর যারা পড়ে না। যারা বই পড়ে তারা দুনিয়াটা চালায়।”
টুনি মাথা নাড়ল, তারপর বলল, “আমি যদি খুবই কায়দা করে গোপনে বই পাঠাই, যেন কেউ ধরতে না পারে, তাহলে কি ভুল হবে?”
আম্মু কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, “ধরা না পড়লে ঠিক আছে। কারণ যদি তুই খবর পাস মেয়েটাকে খেতে দিচ্ছে না—আর তুই যদি গোপনে খাবার পাঠাস, সেটা তো আর অন্যায় হবে না। হবে?”
“না আম্মু। হবে না।”
“আর বই পড়া তো খাওয়ার মতোই। ব্রেনের খাবার।”
টুনি গভীরভাবে কিছু একটা চিন্তা করতে করতে মাথা নাড়ল। আম্মু বললেন, “একটা কাজ তো খুব সহজেই করতে পারিস।”
“কী কাজ?”
“মেয়েটা লিখতে চায়। তাকে সুন্দর একটা খাতা কিনে দে। সে স্কুলে বসে লিখবে, তুই সেটা তার জন্য বাঁচিয়ে রাখবি। তোর কাছে সবসময় রাখবি। বাসায় জানবে না।”
টুনি দাঁত বের করে হাসল, বলল, “হ্যাঁ, সেইটা তো খুবই সহজ। টুনি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে। চিন্তা করলে নিশ্চয়ই কিছু একটা বের হয়ে যাবে।
ঠিক যখন চোখে ঘুম এসে যাচ্ছে তখন হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি চিড়িক করে উঠল। ব্যাপারটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে হবে। কিন্তু কাজ না করার কোনো কারণ নাই।
* * *
ভোরবেলা টুনি ছোটাচ্চুকে ঘুম থেকে তুলল। ছোটাচ্চু বিরক্ত হয়ে বলল, “এত সকালে তোর কী হয়েছে?”
“তুমি অফিসে যাবে না?”
“আমার অফিসে যাওয়া নিয়ে তোর মাথাব্যথা কিসের?”
“আমারও তো স্কুলে যেতে হবে। স্কুলে যাওয়ার আগে তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করব।”
“কী জিনিস?”
“মনে আছে তুমি অনেক দিন আগে একটা ম্যাজিক দেখিয়েছিলে?”
“আমি? ম্যাজিক?”
“হ্যাঁ।”
ছোটাচ্চু মাঝে মাঝেই বাচ্চাদের নিয়ে নানা রকম আজব কাজকর্ম করে। টুনি ঠিক কোনটা নিয়ে কথা বলছে বুঝতে পারল না। জিজ্ঞেস করল, “কোন ম্যাজিক?”
ওই যে নোট বইয়ের ম্যাজিক। নোট বইয়ে কিছু লেখা নাই, সাদা পৃষ্ঠা। তার পরে জাদুমন্ত্র পড়ে নোট বইয়ের মলাটে আঙুল দিয়ে লিখতেই প্রত্যেক পৃষ্ঠায় লেখা হয়ে গেল!”
“ওহ! কী হয়েছে সেই ম্যাজিকের?”
“তুমি কীভাবে করেছিল দেখাবে?”
ছোটাচ্চু বলল, “শেলফে নোট বইটা আছে, সেটা খুঁজে বের করে নিয়ে বিদায় হ। আমাকে ঘুমাতে দে।” বলে ছোটাচ্চু মাথা ঘুরিয়ে আবার ঘুমানোর চেষ্টা করতে লাগল। ছোটাচ্চুর ঘুমানোর অসাধারণ ক্ষমতা আছে, কয়েক সেকেন্ডের ভিতর আবার তার নাক ডাকতে লাগল।
টুনি শেলফে গিয়ে একটু খোঁজাখুঁজি করতেই নোট বইটা পেয়ে গেল। এই নোট বইটার ম্যাজিক দেখানোর কায়দাটা এখন ভালো করে বুঝতে হবে।
টুনি নাস্তা খেতে খেতে নোট বইটা ভালো করে পরীক্ষা করতেই ম্যাজিকের কায়দাটা বুঝে গেল—খুবই সহজ এবং খুবই চমকপ্রদ! নোট বইয়ের একটি পৃষ্ঠা সাদা পরের পৃষ্ঠাতে মার্কার দিয়ে একটা মানুষের মাথা আঁকা—এভাবে পুরো নোট বইটা রেডি করানো আছে। ম্যাজিক দেখানোর সময় একটা বিশেষ কায়দায় নোট বইয়ের পাতাগুলো ওল্টালে শুধু সাদা পৃষ্ঠা দেখা যায়। তারপর একটা জাদুমন্ত্র বলে নোট বইয়ের মলাটে আঙুল দিয়ে একটা মানুষের মাথা আঁকার ভান করতে হয়। আঁকা শেষ হওয়ার পর পৃষ্ঠাগুলো অন্যভাবে ওল্টাতে হয় তখন সাদা পৃষ্ঠা না বের হয়ে শুধু ছবি আঁকা মাথাগুলো বের হয়। মনে হয় এই মাত্র জাদুমন্ত্র দিয়ে ছবিগুলো আঁকা হয়েছে।
কীভাবে কখনো কখনো শুধু সাদা পৃষ্ঠা বের হয় কখনো কখনো শুধু ছবি আঁকা পৃষ্ঠা বের হয় টুনি তখন সেটা খুঁজে বের করল। সাদা পৃষ্ঠার নিচে ডান দিকে খুব যত্ন করে একটুখানি কাঁচি দিয়ে কাটা হয়েছে। কাজেই সেখানে বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে পৃষ্ঠা উল্টে গেলে সাদা পৃষ্ঠাগুলো একটার পর একটা বের হতে থাকে। ছবি আঁকা পৃষ্ঠাগুলোর ওপরে ডান দিকে কাঁচি দিয়ে কাটা হয়েছে। কাজেই সেটা দেখানোর জন্য পৃষ্ঠাগুলো ওল্টাতে হয় বুড়ো আঙুল ওপরে ডান দিকে চাপ দিয়ে! কী সহজ — দেখে টুনি অবাক হয়ে গেল।
টুনি ফিরোজার জন্য যেটা করতে চাইছে সেটা সে আরো সহজে করতে পারবে! ইচ্ছে করলে প্রত্যেক দিন সে ফিরোজাকে একটা করে নূতন বই পড়াতে পারবে—তার বাসার কেউ ফিরোজার ব্যাগ ঘাঁটাঘাঁটি করে তার লুকিয়ে রাখা বাই বের করতে পারবে না।
ব্যাপারটা পরীক্ষা করার জন্য তখন তখনই সে একটা বই নিয়ে তার দুইটা পৃষ্ঠায় পরপর খুব সাবধানে কাঁচি দিয়ে তার ডান দিকে কয়েক মিলিমিটার কেটে ফেলে দিলো। তারপর ডান দিকে কেটে ছোট করা পৃষ্ঠা দুটির মাঝখানে এক টুকরা কাগজ রেখে পরীক্ষা করে দেখল। যতই চেষ্টা করা যাক বইয়ের মাঝখানে লুকিয়ে রাখা কাগজের টুকরাটি আর খুঁজে বের করা যায় না। কী মজা!
* * *
স্কুলে গিয়ে টুনি রীতিমতো উত্তেজিত হয়ে ফিরোজার জন্য অপেক্ষা করতে থাকে। টুনির উত্তেজনা নিশ্চয়ই বোঝা যাচ্ছিল, কারণ সালমা তাকে জিজ্ঞেস করল, “তুই এ রকম ছটফট করছিস কী জন্য?”
টুনি বলল, “ফিরোজার জন্য অপেক্ষা করছি।”
“কী হয়েছে ফিরোজার?”
টুনি বলল, “তুই জানিস, ফিরোজাকে তার বাসায় কোনো বই পড়তে দেয় না? তার সারা বাসায় মাত্র দুইটা বই, একটা হচ্ছে ‘নারীর পর্দা পুশিদা’ আরেকটা হচ্ছে ‘বারো আওলিয়ার কাহিনী’।”
সালমা বলল, “তুই এত অবাক হচ্ছিস কেন? অনেক ফ্যামিলিই তো এ রকম—পাঠ্যবই ছাড়া অন্য বই পড়া নিষেধ।”
“আমি সে জন্য একটা সিস্টেম রেডি করছি—দেখি কাজ করে কি না।”
“কী সিস্টেম?”
টুনি বলল, “ঠিক আছে তোকে দিয়ে পরীক্ষা করি।”
“কী পরীক্ষা করবি?”
টুনি উত্তর না দিয়ে ব্যাগ থেকে তার স্পেশাল বইটা বের করে সালমার
হাতে দিলো। বলল, “নে, দেখ।”
সালমা বলল, “কী দেখব?”
“বইটার মাঝে আজব কিছু আছে কি না দেখ।“
সালমা টুনির হাত থেকে বইটা নিয়ে উল্টেপাল্টে ফেলল। রাজনীতির খুবই কাঠখোট্টা