
স্যুভেনির
মুহম্মদ জাফর ইকবাল
টুনি আর সালমা গল্প করতে করতে হেঁটে যাচ্ছে। দুজনেরই পরনে স্কুলের পোশাক, দুজনেরই পিঠে স্কুলের ব্যাগ–দেখে বোঝা যাচ্ছে দুজনেই স্কুল ছুটির পর বের হয়েছে। স্কুল ছুটির পর বাসায় না গিয়ে তাদের রাস্তাঘাটে হেঁটে বেড়ানোর কথা নয় কিন্তু আজকে তাদের স্কুল থেকে একটা দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। সেজন্য বাসায় দেরি করে যাওয়ার অনুমতি আছে।
তাদের স্কুলে একজন বাঘিনী ম্যাডাম আছে। তাকে দেখলেই মনে হয় এক্ষুনি বুঝি ঝাঁপিয়ে পড়ে ঘাড়ের মাঝে দাঁত বসিয়ে রক্ত চুষে খেতে থাকবে। এই ম্যাডামকে ছোট বাচ্চাদের ক্লাসে দেওয়া হয় না, কারণ মাঝে মাঝেই এই ম্যাডামের দিকে তাকিয়ে চোট বাচ্চাদের কাপড়ে হিস্যু হয়ে যায়। এই ম্যাডাম সায়েন্স টিচার তাই এই স্কুলে কেউ সায়েন্স পড়তে সাহস পায় না। শুধু যাদের জানের মায়া নেই সে রকম দুঃসাহসী দুই চারজন সায়েন্স পড়ে। মনে হয় সেইজন্য স্কুলের অন্য টিচাররা মিলে বাঘিনী ম্যাডামকে অন্য স্কুলে বদলি করে দিয়েছে। এখন ম্যাডামকে ফেয়ারওয়েল দেওয়া হবে, সেই অনুষ্ঠানে মৌটুসিকে বক্তৃতা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। সে বানিয়ে বানিয়ে বলবে বাঘিনী ম্যাডাম ছেলেমেয়েদের কত ভালোবাসেন। এই ম্যাডাম চলে গেলে সবার কত মন খারাপ হবে, এই সব। মনে হয় যেতে নাহি দিব সেই কবিতা থেকেও কয়েক লাইন বলতে হবে।
বাঘিনী ম্যাডামকে ক্লাসের পক্ষ থেকে একটা গিফট দিতে হবে। সেই গিফটটা কেনার দায়িত্ব দেওয়া হয়েছে টুনি আর সালমাকে। সেই জন্য তারা বের হয়েছে। দুইজনে মিলে চিন্তা করে পাচ্ছে না কী গিফট কেনা যায়। এমন একটা গিফট কিনতে চাইছে যেটা পেলে ম্যাডামের যন্ত্রণা বেড়ে যায়।
টুনি বলল, “একটা জংলি বিড়াল কিনে দিলে কেমন হয়? আঁচড়ে কামড়ে যেন বারোটা বাজিয়ে দেয়।”
সালমা হি হি করে হেসে বলল, “আইডিয়াটা খারাপ না। কিন্তু জংলি বিড়াল তো কিনতে পাওয়া যায় না।”
টুনি বলল, “রাস্তা থেকে ধরে নিব।”
সালমা বলল, “রাস্তা থেকেই যদি ধরে নিবি তাহলে জংলি বিড়াল না নিয়ে একটা নেড়ি কুত্তা নিয়ে যাস না কেন?”
টুনি আর সালমা মিলে একটা নেড়ি কুকুরকে টেনে নিয়ে যাচ্ছে দৃশ্যটা কল্পনা করে দুইজন হি হি করে হাসতে থাকে, একজন আরেকজনকে ধাক্কা দেয়, একজন আরেকজনের ওপর ঢলে পড়তে থাকে। রাস্তার মানুষেরা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে।
একটু পর টুনি নিজেকে সামলে নিয়ে বলল, “অনেক ঠাট্টা হয়েছে, এখন সিরিয়াসলি বল আমরা বাঘিনী ম্যাডামের জন্য কী গিফট কিনতে পারি?”
সালমা বলল, “একটা টবে একটা ছোট গাছ দিতে পারি। তাহলে প্রত্যেকদিন পানি দিতে হবে। বাঘিনী ম্যাডামের কাজ বাড়বে।”
টুনি মাথা নাড়ল, বলল, “উঁহু। বাঘিনী ম্যাডাম নিজে পানি দিবে না, তার বাসার কাউকে দিতে বলবে।”
সালমা বলল, “তাহলে আমরা খুব সুন্দর মোটা একটা নোট বই দিতে পারি সাথে একটা দামি কলম। মৌটুসিকে বলব বক্তৃতা দেওয়ার সময় সে বাঘিনী ম্যাডামকে বলবে, ম্যাডাম এই বইয়ে তার জীবনী লিখবেন। স্কুল জীবনের তার কী কী অভিজ্ঞতা হয়েছে এইসব–”
টুনি বলল, “পরে সেটা বই মেলায় বই হিসাবে ছাপানো হবে।”
সালমা ভুরু কুঁচকে বলল, “সেই বই কে কিনবে?”
টুনি বলল, “বইটার নাম দেওয়া হবে, আমি কীভাবে বাচ্চাদের ঘাড় মটকে রক্ত খেয়ে বাঘিনী হয়েছি–তাহলে হাজার হাজার কপি বই বিক্রি হবে”
তখন সালমা আর টুনি আবার হি হি করে হাসতে হাসতে একজন আরেকজনের ওপর গড়িয়ে পড়তে থাকে। হাসতে হাসতে টুনির চোখে পানি এসে যায়। হঠাৎ করে রাস্তার অন্য পাশে কিছু একটা দেখে টুনির হাসি বন্ধ হয়ে গেল। সে কেমন যেন কঠিন চোখে সেদিকে তাকিয়ে থাকে।
সালমা একটু অবাক হয়ে বলল, “কী হয়েছে?”
টুনি কোনো কথা না বলে রাস্তার অন্য পাশে তাকিয়ে রইল। সালমা রাস্তার অন্য পাশে তাকালো, দোকানপাট অফিস মানুষজন হাঁটাহাঁটি করছে এছাড়া দেখার মতো কিছু নেই, কী দেখে টুনির হাসি বন্ধ হয়ে গেছে সালমা বুঝতে পারল না। সালমা আবার জিজ্ঞেস করল, “কী হয়েছে টুনি?”
টুনি মুখ শক্ত করে বলল, “না কিছু না।”
“তুই হঠাৎ করে এত গম্ভীর হয়ে গেছিস কেন?”
টুনি একটা নিঃশ্বাস ফেলে হাত তুলে রাস্তার অন্য পাশে একটা অফিস বিল্ডিং দেখাল। সালমা দেখল বিল্ডিংয়ের নিচে একটা অফিস, তার গেটের উপরে একটা বড় সাইনবোর্ড সেখানে লেখা :
দি আলটিমেট ডিটেকটিভ এজেন্সি
সালমা ঠিক বুঝতে পারল না এই সাইনবোর্ড দেখে টুনি হঠাৎ করে এত গম্ভীর হয়ে গেল কেন? জিজ্ঞেস করল, “কী হয়েছে এই আলটিমেট ডিটেকটিভ এজেন্সিতে?”
টুনি বলল, “আমাকে জিজ্ঞেস করিস না। আমি এটা বলতে চাই না।”
“কেন? বললে কী হবে?”
“আমার মেজাজ খারাপ হবে।”
“আমাকে বল। মেজাজ খারাপের কথা অন্যদের বলে মেজাজ ভালো করতে হয়।”
টুনি একটা নিঃশ্বাস ফেলে বলল, “এইটা আমার ছোটাচ্চু তৈরি করেছিল। অনেকে এখানে কাজ করত। তারপর একদিন”
টুনি থেমে গিয়ে হিংস্র চোখে আলটিমেট ডিটেকটিভ এজেন্সির দিকে তাকিয়ে রইল।
সালমা অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, “একদিন কী?”
“একদিন সরফরাজ কাফী মামার কাছ থেকে এটা দখল করে নিয়েছে।”
“সরফরাজ কাফী কে?”
“একজন খারাপ মানুষ। চুলের ডগা থেকে পায়ের নখ পর্যন্ত খারাপ।”
“কেন?”
“মাথার মাঝখানে সিঁথি করে চুল দুই দিকে আঁচড়ায়। সালমা চোখ কপালে তুলে বলল, “সেই জন্য খারাপ?”
“না শুধু সেই জন্য না একটু পরে পরে সবুজ রঙের চিরুনি বের করে তার চুল আঁচড়ায়।”
“কিন্তু কিন্তু—” সালমা কীভাবে জিজ্ঞেস করবে বুঝতে পারল না, তাই একটু রাগ হয়ে বলল, “আমাকে ঠিক করে বলবি, কী ব্যাপার।”
“চিন্তা করলেই এত রাগ ওঠে যে বলতে ইচ্ছা করে না।”
“তবু বল। শুনি।”
“তোরা তো জানিস আমার ছোটাচ্চু ডিটেকটিভ। আমি ছোটাচ্চুর সাথে মাঝে মাঝে ডিটেকটিভ কাজ করেছি। আস্তে আস্তে ছোটাচ্চুর এত কেস আসতে লাগল যে ছোটাচ্চু আর বাসা থেকে সেগুলো চালাতে পারে না। তখন এই অফিসটা ভাড়া করেছে। ছোটাচ্চু অফিসে অনেককে কাজ দিয়েছে, তাদের ডিটেকটিভ কাজ করা শিখিয়েছে। পুলিশ ডিপার্টমেন্ট থেকে পুরস্কার পেয়েছে। টেলিভিশনে দেখিয়েছে–”
“তোকেও তো দেখিয়েছে।”
“হ্যাঁ। এক দুইবার আমাকেও দেখিয়েছে। যখন ছোটাচ্চুর আলটিমেট ডিটেকটিভ এজেন্সি খুব ভালো কাজ করছে তখন এই সরফরাজ কাফী ছোটাচ্চুর কাছে এসেছে। পাজি মানুষটা আমার ছোটাচ্চুকে বুঝিয়েছে যে সে এজেন্সিটাকে আরো ভালো করে দেবে-ছোটাচ্চ সোজা সরল মানুষ তাকে সাথে নিয়েছে। একদিন ছোটাচ্চুকে দিয়ে অনেকগুলো কাগজ সাইন করে নিয়েছে–ছোটাচ্চু ভালো করে পড়েও দেখে নাই সাইন করে দিয়েছে।”
টুনি দাঁত কিড়মিড় করে বলল, “পরেরদিন ছোটাচ্চু অফিসে গিয়ে দেখে কাফী ব্যাটা ছোটাচ্চুর অফিস দখল করে নিয়েছে। তার চেয়ারে বসে ছোটাচ্চুকে অর্ডার দিচ্ছে”
সালমা বলল, “কী বলিস তুই? খোদার কসম?”
“খোদার কসম। ছোটাচ্চু তখন রেগেমেগে ওই পাজি কাফী মানুষটাকে ধরে আচ্ছা মতন পিটিয়েছে।”
সালমা হাতে কিল দিয়ে বলল, “একেবারে ঠিক কাজ করেছে তোর ছোটাচ্চু। তারপর কী হয়েছে?”
“কাফী ব্যাটা পুলিশ আনছে। ছোটাচ্চু হাজতে। বড় চাচা অনেক কষ্ট করে ছুটিয়ে এনেছে।”
“কী সর্বনাশ! তারপর?”
“তারপর আর কী! ছোটাচ্চু আর ঘাটাঘাটি করে নাই–তখন থেকে আলটিমেট ডিটেকটিভ এজেন্সির মালিক সরফরাজ কাফী।”
সালমা আর টুনি হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে গেছে। টুনি যতবার আলটিমেট ডিটেকটিভ এজেন্সির দিকে তাকাচ্ছে ততবার দীর্ঘশ্বাস ফেলছে। সালমা কিছুক্ষণ চুপ করে রইল, তরপর বলল, “তোর ছোটাচ্চু ঘাটাঘাটি করতে চায় নাই ঠিক আছে। কিন্তু তুই কিছু করলি না কেন?”
টুনি ভুরু কুঁচকে বলল, “আমি?”
“হ্যাঁ। তুই।”
“আমি? আমি কী করব?”
“কেন, ওই কাফী না খাফী মানুষটাকে টাইট করে তোর ছোটাচ্চুর ডিটেকটিভ এজেন্সিটা আবার তাকে ফিরিয়ে দিলি না কেন?”
“আমি? আমি ফিরিয়ে দেব?”
“হ্যাঁ। তুই ফিরিয়ে দিবি। তুই ছাড়া আর কে পারবে?”
টুনি একটু হাসার চেষ্টা করল। বলল, “তোর মাথা খারাপ হয়ে গেছে! সরফরাজ কাফী হচ্ছে এক নম্বর ঘাঘু ক্রিমিনাল, দুনিয়ার সবার সাথে খাতির! তাকে আমি টাইট করব? আমি?”
সালমা মাথা নাড়ল, বলল, “হ্যাঁ। তুই। কেউ যদি ফরফরাজ কাফী–”
“সরফরাজ। সরফরাজ কাফী।”
“একই কথা। ফরফরা কাফীকে কেউ যদি টাইট করতে পারে সেটা হচ্ছে তুই। তোর মাথায় যত বুদ্ধি দুনিয়ার কারো মাথায় এত বুদ্ধি নাই। তোর মাথায় শুধু যে বুদ্ধি তা না–তোর মনটা অনেক ভালো। তুই যদি না পারিস তাহলে দুনিয়ার কেউ পারবে না।”
টুনি একটু অবাক হয়ে সালমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, “আমি পারব?”
“একশবার পারবি। দরকার হলে অন্যদের তোর দলে নিবি। সবাই মিলে করবি।”
টুনি অন্যমনস্কভাবে ছোটাচ্চুর ডিটেকটিভ এজেন্সির দিকে তাকিয়ে রইল। সালমা বলল, “কাজ শুরু করে দে। দেরি করে লাভ নাই। এখন থেকে শুরু করে দে।”
“এখন থেকে?”
“হ্যাঁ, বল কী করতে হবে। আমি তোর সাথে আছি।”
টুনি একটু হাসল, বলল, “কোনো কিছু করতে হলে সবার আগে সেটা সম্পর্কে সব খুঁটিনাটি জানতে হয়। আমি তো এখনকার কিছু জানি না।”
সালমা বলল, “তাতে সমস্যা কী? ভেতরে যাই দেখে আসি সেখানে কী হচ্ছে। চল।”
টুনি বলল, “এই ডিটেকটিভ এজেন্সির ভেতরে যাব? আমরা?”
“হ্যাঁ। আয় দেখে আসি ভেতরে কী অবস্থা।”
সালমা টুনির হাত ধরে রাস্তা পার হতে শুরু করে দিল।
সত্যি সত্যি সালমা টুনির হাত ধরে আলটিমেট ডিটেকটিভ এজেন্সির অফিসে ঢুকে গেল। ঢুকতেই একটা রিসেপশন কাউন্টার, সেখানে সব সময় কেউ না কেউ থাকত। আজকে কেউ নেই। টুনি এদিক-সেদিক তাকালো, এক পাশে অনেকগুলো শেলফ, সেখানে নানা কিছু সাজানো, মনে হয় বিক্রি করার জন্য। এটা যদি ডিটেকটিভ অফিস হয় তাহলে জিনিসপত্র বিক্রি হয় কেন?
টুনি ভুরু কুঁচকে একটু এগিয়ে গেল। আগে এক পাশে ছোট একটা কিচেন ছিল, সেখানে চা কফি বানানো হতো। সেই কিচেনের ভেতর থেকে টুকটাক শব্দ আসছে, মনে হয় সেখানে কেউ কিছু ধোয়াধোয়ি করছে। সামনে একটা রুম, দরজা বন্ধ, ছোটাচ্চু আগে এখানে বসত, এখন সরফরাজ কাফী বসে। ভেতরে আছে কিনা কে জানে।
তারা কী করবে ঠিক বুঝতে পারছিল না, তখন কিচেনের ভেতর থেকে একজন মহিলা বের হয়ে এল। টুনি আর সালমাকে দেখে হাসি হাসি মুখে বলল, “কী খবর আপু তোমাদের? কী লাগবে?”
টুনি ইতস্তত করে বলল, “না, কিছু লাগবে না। বাইরে থেকে দেখলাম ডিটেকটিভ এজেন্সি, তাই ভেতরে এসেছি দেখার জন্য ডিটেকটিভ এজেন্সি কেমন হয়।”
“ও আচ্ছা!”
মহিলা মুখটা আরো হাসি হাসি করে বলল, “দেখো, দেখো। যত ইচ্ছা দেখো।”
এবারে সালমা কথা বলল, মহিলাটাকে জিজ্ঞেস করল, “আপনি কি ডিটেকটিভ?”
মহিলা চোখ কপালে তুলে বলল, “আমি? ডিটেকটিভ?”
তারপর জোরে মাথা নেড়ে বলল, “না, না–আমি মোটেও ডিটেকটিভ না!”
মহিলার কথা বলার ভঙ্গি দেখে মনে হলো ডিটেকটিভ হওয়াটা বুঝি খুবই খারাপ কোনো ব্যাপার!
সালমা জিজ্ঞেস করল, “তাহলে আপনি কী?”
মহিলাটা এবারে একটু থতমত খেয়ে