Home
শালিক ও ছোটকাকা

শালিক ও ছোটকাকা

সুনীল গঙ্গোপাধ্যায়

শালিক ও ছোটকাকা

সুনীল গঙ্গোপাধ্যায়
juvenile literature

Posted byশেষ নগরী21-May-2025

Change color

তিনজন তিন জায়গায় দাঁড়িয়ে। মিনি আর শানু দুটো জানলার ধারে, আর পিণ্টু দরজার পাশে। কেউ কোনো কথা বলছে না। মনে হতে পারে যেন ওদের তিনজনের মধ্যে খুব ঝগড়া, তাই তিনজন তিন দিকে মুখ ফিরিয়ে আছে। ঘরের মধ্যে একটা আলপিন পড়লেও তার শব্দ শোনা যাবে।

ঠিক পাঁচ মিনিট বাদে শালিক পাখিটা ঢুকল ঘরে। ফর—ফর করে দু—পাক ঘুরে তারপর বসল ডান দিকের দেয়ালের ঘুলঘুলিটা আঁকড়ে।

আর ঠিক তখনই স্প্রিং—এর মতন তিন জোড়া হাত ঝপাঝপ বন্ধ করে দিল দরজা আর জানলা দুটো। একেবারে নিখুঁত কাজ। শালিক পাখিটা কিছু সন্দেহ করারও সময় পায়নি।

পিণ্টু চেঁচিয়ে বললো, পাখা বন্ধ করে দে! শিগগির পাখা বন্ধ করে দে!

মিনি পাখার সুইচ অফ করে দিল সঙ্গে সঙ্গে। আর আলোটা জ্বেলে দিল। তিনজনের মুখেই এবারে ফুটে উঠল জয়ের হাসি।


দরজা—জানলা বন্ধ হবার আওয়াজ পেয়েই শালিকটা উড়তে শুরু করেছিল, পাখার ব্লেড বাঁচিয়ে তিনি পাক ঘুরেই সে বুঝে গেল ব্যাপারটা। শালিক পাখিরা খুব চালাক হয়। পিন্টুর বন্ধু টাবলু এই কায়দায় একটা চড়াই পাখি ধরতে গিয়েছিল, কিন্তু সেই চড়াইটা জানলার কাঁচকে খোলা জানলা ভুল করে এমন জোরে ধাক্কা খেল যে আধ—মরা হয়ে গেল। পিন্টুরা তো তা চায় না। তারা জ্যান্ত আর সুস্থ অবস্থায় শালিকটাকে ধরতে চায়।

দরজার ঠিক সামনের দেয়ালটাতেই পিণ্টুর ঠাকুরদার একটা বেশ বড় বাঁধান ছবি ঝুলছে। শালিকটা সেই ছবির ওপর বসে বেশ গাঢ় চোখে তাকাল ওদের দিকে। পাখিটা খুব যে একটা ভয় পেয়েছে তা মনে হলো না। শালিকের চোখ দুটো কাজলটানা, সব সময় একটা অবাক—অবাক ভাব।

মিনি জিজ্ঞেস করল, এবারে কী করে ওটাকে ধরবি?

পিন্টু বললো, দ্যাখ না ও উড়ে উড়ে ক্লান্ত হয়ে যাবে, তারপর এক সময় ঝুপ করে মাটিতে পড়বে!

শানু বললো, কিন্তু ও তো উড়ছে না! এক জায়গায় বসে আছে।


পিণ্টু ততক্ষণে বুক—শেলফের পাশ থেকে একটা ফুলঝাড়ু বার করেছে।

আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছে পিণ্টু। তিন—চার দিন ধরেই শালিকটা ঠিক দুপুরে এই সময়টায় ঘরের মধ্যে এসে ঘুলঘুলিতে কী যেন খোঁজে। আজ একটা দারুণ সুযোগ পাওয়া গেছে। বাবা অফিসে, মা গেছেন ছোটমাসিদের সঙ্গে সিনেমা দেখতে। গোবিন্দও এই সময় আড্ডা মারতে যায়। পিণ্টু তার দুই ছোট বোনকে বুঝিয়ে এই পাক্কা ব্যবস্থা করেছে।

সে অবশ্য শালিক পাখিটাকে মারতেও চায় না, পুষতেও চায় না। বাবা পাখি—পোষা খুব অপছন্দ করেন। আর শুধু শুধু একটা পাখিকে পিণ্টু মারবে কেন? শালিক তো আর মুরগি নয় যে রান্না করে খাওয়া যাবে।

পিণ্টু একটা বৈজ্ঞানিক পরীক্ষা করতে চায়। সে শালিক পাখিটাকে ধরে দেখবে, ওরা পিড়িং শব্দটা করে কী করে! যে কোনো শালিক একটা জায়গা ছেড়ে যাবার সময় ঠিক ওইরকম একটা শব্দ করবেই। ওটা কি ওদের ডানার শব্দ? শালিক তো অন্য সময় পিড়িং করে ডাকে না। শালিকের ডাক তো কিচু—কচু— কিচু—কুচু—ককেটাং—ককেটাং এই ধরনের। শুধু এক জায়গা ছেড়ে ওড়বার সময় ওরকম শব্দ করে কেন? যেন, যে জায়গাটা ছেড়ে গেল, সেখানে ওই শব্দটা রেখে গেল। আর কোনো পাখি তো এরকম করে না!