Home
লৌহ কঠিন চ্যালেঞ্জ

লৌহ কঠিন চ্যালেঞ্জ

মুহম্মদ জাফর ইকবাল

লৌহ কঠিন চ্যালেঞ্জ

মুহম্মদ জাফর ইকবাল
juvenile literature

Change color

এই বাসায় সন্ধেবেলা সবাইকে লেখাপড়া করতে হয় (কিংবা লেখাপড়া করার ভান করতে হয়)। সেটা শেষ হবার পর সবাই দাদির ঘরে একত্র হয়ে মহা হট্টগোল শুরু করে। তবে ছুটির দিনগুলি অন্য রকম, সেদিন হট্টগোল ভোরবেলা থেকে শুরু হয়ে যায়। বাসার বড় মানুষেরা সারা সপ্তাহ ব্যস্ত থাকে বলে ছুটির দিন ভোরবেলাতেই দাদি (কিংবা নানির) কাছে চলে আসে। সাধারণত একসাথে নাস্তা করার সাথে সাথে গল্পগুজব করে। দাদি কিংবা নানি তার ছেলেমেয়ে আর তাদের বউ-জামাইয়ের খোঁজখবর নেন। কিন্তু নাতি-নাতনিরা সাধারণত এমন তাণ্ডব শুরু করে যে কথা বলা রীতিমতো কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়।


আজকেও ঠিক তা-ই ঘটেছে। দাদি (কিংবা নানির) বড় ছেলে, বাচ্চাদের বড় চাচা তার অফিসের খুবই একটা জটিল পরিস্থিতির কথা সবাইকে বলছেন, দাদি চোখ বড় বড় করে শুনছেন ঠিক তখন একটা গগনবিদারী চিৎকার শোনা গেল। বাচ্চাদের একজন তার পেট চেপে ধরে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। বাইরের যে কেউ হলে ভয়ে আঁতকে উঠত, এই বাসার কেউ আঁতকে উঠল না, মাথা ঘুরিয়ে তাকিয়েও দেখল না। যে পেটে চেপে ধরে চিৎকার করছিল হঠাৎ চিৎকার থামিয়ে লাফ দিয়ে উঠে ডাইনিং টেবিলের চারপাশে ছুটতে লাগল এবং বেশ কয়েকজন তাকে ধরার জন্য তার পিছু পিছু ছুটতে লাগল। হট্টগোল যখন চরম পর্যায়ে পৌঁছে গেল তখন বড় চাচা একটা ধমক দিয়ে বললেন, “এই তোরা চুপ করবি? তোদের জ্বালায় শান্তিমতো একটা কথা পর্যন্ত বলতে পারি না।”



কয়েক সেকেন্ডের জন্য হট্টগোল কমে সেটা আবার নূতন করে শুরু হলো। বড় চাচা আবার বললেন, “চুপ করবি? তোরা চুপ করবি?”


একজন বলল, “আমরা তো চুপ করেই আছি। আমরা কি কথা বলছি?”


আরেকজন বলল, “আসলে তোমরাই তো কথা বলছো!”


আরেকজন বলল, “তোমরা যখন কথা বলো আমরা তো কখনো তোমাদের চুপ করতে বলি না। বলি?”


দাদি যুক্তিতর্কের মাঝে গেলেন না, ধমক দিয়ে বললেন, “চুপ কর না- হয় ঠ্যাং ভেঙে দিবো।”


ঠ্যাং ভেঙে দেওয়া হবে শুনে সবাই আনন্দে চিৎকার করে উঠল। নিজদের মাঝে হুটোপুটি করতে করতে বলল, “আগে আমার ঠ্যাং—আগে আমার ঠ্যাং”


দাদি হংকার দিলেন, “চুপ। সবাই চুপ। চুপ না করলে–”



বাচ্চারা চুপ করল। খুবই আগ্রহ নিয়ে তারা অপেক্ষা করতে লাগল, চুপ না করলে দাদি কী করবেন সেটা শোনার জন্য দাদি কিছু বললেন না দেখে একজন জিজ্ঞেস করল, “চুপ না করলে কী করবে দাদি?”


“ঢং করবি না আমায় সাথে, বিদায় হ এখান থেকে।”


ঝুমু খালা ঠিক তখন এক কেতলি চা বানিয়ে আনছিল, সে ঠকাস করে কেতলিটা ডাইনিং টেবিলের ওপর রেখে মাথা নামিয়ে বলল, “না খালাম্মা, না। এরা মুখের কথায় ঠান্ডা হবে না। এদের অনেক সমস্যা।”


বাচ্চাদের একজন চোখ বড় বড় করে উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল, “কী সমস্যা ঝুমু খালা?”


“তোমাদের ঠিক করে মানুষ করা হয় নাই। এই বাসার কেউ পোলাপান মানুষ করা জানে না।”


ঝুমু খালার এত বড় অভিযোগের পরেও বড় মানুষেরা তার কাছ থেকে বাচ্চা মানুষ করার সঠিক পদ্ধতি কী সেটা জানতে চাইল না, কিন্তু বাচ্চারা বেশ আগ্রহ নিয়ে এগিয়ে এলো, জানতে চাইল, “ঝুমু খালা, পোলাপান কীভাবে মানুষ করতে হয়?”



“কথা না শুনলে ধইরা শক্ত পিটা দিতে হয়।”


“কিন্তু আমরা তো কথা শুনি।”


“খালি কান দিয়া কথা শুনো—কিন্তু সেই কথামতন কাম করো না। তোমাগো মুখ বন্ধ করতে বলছে, তোমরা মুখ বন্ধ করছো? করো নাই। বকরবকর কইরাই যাচ্ছ।”


একজন বলল, “বাকস্বাধীনতা বলে একটা কথা আছে- ঝুমু খালা ঝংকার দিয়ে বলল, “রাখো তোমার বক স্বাধীনতা আর কাউয়া স্বাধীনতা, শক্ত পিটনা খাইলে কই যাইব বক আর কাউয়া—”


ঝুমু খালার কথা শুনে বাচ্চারা খুবই মজা পেল। তারা আনন্দে হি হি করে হেসে একজন আরেকজনের ওপর গড়াগড়ি খেল। তারপর একজন বলল, “তাহলে আমাদের কোনো দোষ নাই! আমাদের ঠিক করে মানুষ করল না কেন? আমরা কী না করেছিলাম?”


আবার একটা বিশাল হট্টগোল শুরু হলে তখন ছোটাচ্চু তার হাতের চামচ দিয়ে টেবিলে ঠক ঠক শব্দ করে বলল, “সাইলেন্ট। পিনড্রপ সাইলেন্স।”



ইংরেজিতে বলার জন্যই হোক আর অন্য কোনো কারণেই হোক বাচ্চারা চুপ করে ছোটাচ্চুর দিকে তাকাল। ছোটাচ্চু মুখ গম্ভীর করে বলল, “আচ্ছা তোদের মাঝে কি একটু আত্মসম্মানবোধ নাই? নিজের ওপর বিন্দুমাত্র নিয়ন্ত্রণ নাই?”


একেবারে ভিন্ন লাইনের কথাবার্তা, তাই বাচ্চারা এবারে ছোটাচ্চুর কাছে এগিয়ে এলো। ছোটাচ্চু বলল, “বড় হওয়ার পর তোদের কী হবে? তোরা বড় হয়ে কী হবি? পরগাছা? নাকি উইপোকা?”


কয়দিন আগেই বাসায় নিচের তলায় হঠাৎ করে দলবেঁধে উইপোকা আক্রমণ করেছিল, তাই উইপোকার কথা সবারই মনে আছে এবং উইপোকার সাথে তুলনাটা তাদের কাছে খুবই অপমানজনক মনে হলো। শান্ত গম্ভীর মুখে বলল, “ছোটাচ্চু, তুমি কী বলতে চাইছো?”


ছোটাচ্চু শান্ত থেকেও বেশি গুরুগম্ভীর স্বরে বলল, “আমি বলতে চাইছি যে তোরা নিজেরাও নিশ্চয়ই টের পাচ্ছিস যে এখন তোদের মুখ বন্ধ করে রেখে অন্যদের একটু কথাবার্তা বলতে দেওয়া দরকার। কিন্তু তোরা তোদের মুখ বন্ধ করতে পারিস না। তোদের সেই ক্ষমতা নাই—তোদের নিজের ওপর কন্ট্রোল নাই।”



ঝুমু খালা মাথা নাড়ল। বলল, “জিন-ভূতে ধরলে নিজের কন্ট্রোল থাকে না। তখন জিন-পড়া দিতে হয়।”


শান্ত ছোটাচ্চুর দিকে তাকিয়ে বলল, “কথা বন্ধ করলে কী দিবে বলো?”


ছোটাচ্চু মুখ বাঁকা করে বলল, “কী দিবো? কিছু দিবো না। তোরা কি সন্ত্রাসী যে চাঁদা দিয়ে তোদের মুখ বন্ধ করতে হবে?”


টুম্পা বলল, “ছোটাচ্চু, আমরা ইচ্ছা করলেই আমাদের মুখ বন্ধ করতে পারি।”


ছোটাচ্চু বলল, “মুখে না বলে করে দেখা।”


শান্ত বলল, “অবশ্যই দেখাতে পারি। একশ বার পারি।”


সবচেয়ে ছোট জন, মুনিয়া, তার রিনরিনে লায় বলল, “এই দেখো মুখ বন্ধ করলাম।” তারপর হাত দিয়ে দুই ঠোঁটকে জিপ লাগানোর মতো ভঙ্গি করে মুখ বন্ধ করল।


মুনিয়ার দেখাদেখি অন্যরাও মুখ বন্ধ করল এবং হঠাৎ করে ঘরে প্রথমবার একধরনের বিস্ময়কর নীরবতা নেমে এলো।


ছোটাচ্চু আবার তার প্যাটেন্ট করা বাঁকা হাসি হেসে বলল, “তোদের আমার খুব চেনা আছে। কয় মিনিট মুখ বন্ধ করে থাকতে পারিস দেখা যাবে!”


যেহেতু কথা বলবে না বলে মুখ বন্ধ করেছে তাই তারা ছোটাচ্চুকে জিজ্ঞেসও করতে পারছে না কতক্ষণ মুখ বন্ধ করে থাকলে ছোটাচ্চু বিশ্বাস করবে যে তারা ইচ্ছা করলে চুপ করে থাকতে পারে।


শেষ পর্যন্ত একজন বুদ্ধি করে একটা বলপয়েন্ট কলম খুঁজে আনল। লেখার মতো কাগজ খুঁজে না পেয়ে টুম্পা তার হাতের ওপর লিখল, “কতক্ষণ?”


ছোটাচ্চু সেটা পড়ে হাসল, তারপর বলল, “তিরিশ সেকেন্ডও হয় নাই, এখনই জিজ্ঞেস করছিস কতক্ষণ?”


যেহেতু কথা বলা যাবে না তাই সবাই নিঃশব্দে মাথা নাড়ল। ছোটাচ্চু মুখটা ষড়যন্ত্রীর মতো করে বলল, “কমপক্ষে চব্বিশ ঘণ্টা।”


বাচ্চারা একজন আরেকজনের মুখের দিকে তাকাল। মুখের ভিতর দিয়ে যে গগনবিদারী আর্তনাদ বের হয়ে যাচ্ছিল সেটা অনেক কষ্টে চেপে রেখে তারা মাথায় থাবা দিয়ে নিঃশব্দে উল্টে পড়ে গেল!


ছোটাচ্চু বাচ্চাদের অতি-অভিনয় না দেখার ভান করে বলে যেতে লাগল, “আসলে তোদের চব্বিশ ঘণ্টা মুখ বন্ধ করে থাকতেই হবে এমন কোনো কথা নেই! যদি ঠিক করে থাকিস তোদের মনের জোর লুডলসের মতো লুতলুতা নরম হলেই তোরা খুশি, তাহলে তোদের কথা বন্ধ করে থাকতে হবে কেন? কথা বলা শুরু করে দে! আর যদি তোরা মনে করিস তোদের নিজের ওপর বিশ্বাস আকাশের সমান, বুকের জোর বাঘের বাচ্চার মতো, তাহলে দেখা যাক তোরা চব্বিশ ঘণ্টা কথা না বলে থাকতে পারিস কি না! দেখা যাক তোরা উইপোকা নাকি হোমো স্যাপিয়েন!”


মুনিয়া প্রায় বলেই ফেলছিল, হোমো স্যাপিয়েন মানে কী? কিন্তু শেষ মুহূর্তে থেমে গেল। কলম দিয়ে লিখে জিজ্ঞেস করা যায় কিন্তু হোমো স্যাপিয়েন বানান করে লেখার সাহস করল না।


বাচ্চাদের দলটা কিছুক্ষণ মুখ বন্ধ করে একজন আরেকজনের দিকে তাকাল তারপর নিঃশব্দে উঠে গেল।


ঝুমু খালা সেদিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, “দেখছেন খালাম্মা, দেখছেন? পোলাপাইন যখন চিল্লাফাল্লা না করে তখন ঘরটার মাঝে কী রকম ঠান্ডা একটা ভাব? বেহেশতী একটা ভাব!”


দাদি মুচকি হেসে বললেন, “কয় মিনিট মুখ বন্ধ করে থাকে সেইটা দেখ! কথা না বললে এদের পেটের ভাত হজম হবে না।’


বাচ্চারা ডাইনিং রুম থেকে বের হয়ে কী করবে বুঝতে পারল না। শান্ত ফিসফিস করে বলল, “আমি চব্বিশ ঘণ্টা কথা না বলাবলির মাঝে নাই।”


টুনি মাথা নাড়ল, মুখে কিছু বলল না কিন্তু বুঝিয়ে দিলো সে ছোটাচ্চুর চ্যালেঞ্জটি গ্রহণ করেছে। তারপর গম্ভীরভাবে সিঁড়ির দিকে হাঁটতে থাকে। কোথায় যাচ্ছে কেউ বুঝতে পারল না কিন্তু সবাই তার পিছু পিছু যেতে থাকে। টুনি শাহানাপুর ঘরে গিয়ে টোকা দিলো। ঘরের ভেতর থেকে ঘুম ঘুম গলায় শাহানাপু বলল, “কে?”


যেহেতু কথা বলা নিষেধ, তাই টুনি উত্তর না দিয়ে দরজা ফাঁক করে মাথা ঢোকাল। শাহানাপু বিছানায় গুটিশুটি মেরে শুয়ে আছে, এখনও বিছানা থেকে উঠে নাই। শাহানাপু অনেক রাত জেগে কাজ করে, তাই ছুটির দিন অনেক বেলা পর্যন্ত ঘুমায়। টুনিকে দেখে ঘুম ঘুম চোখে কী একটা বলতে যাচ্ছিল তখন টুনির পিছনে পুরো দলকে নিঃশব্দে ঢুকতে দেখে তার ঘুম চটকে গেল। শাহানাপু উঠে বসে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল,



“কী ব্যাপার? কী হয়েছে?”


কথা বলা নিষেধ বলে মুনিয়া দুই হাত নেড়ে অঙ্গভঙ্গি করে পুরো ব্যাপারটি বোঝানোর চেষ্টা করল, তার ফল হলো ভয়ানক, শাহানাপু আরো ভয় পেয়ে গেল, শুকনো গলায় বলল, “কী হলো? এ রকম করছিস কেন? কী হয়েছে?”


টুনি তখন তাড়াতাড়ি শাহানাপুর টেবিল থেকে একটা কলম আর কাগজ নিয়ে সেখানে লিখল, “কথা বলা নিষেধ।”


শাহানাপু সেই লেখা দেখে ভুরু কুঁচকে বলল, “কেন?”


টুনি লিখল, “ছোটাচ্চু চ্যালেঞ্জ ২৪ ঘণ্টা।”


শাহানাপু জিজ্ঞেস করল, “ছোটাচ্চু তোদের ২৪ ঘণ্টা কথা না বলার চ্যালেঞ্জ দিয়েছে?”


এবারে সবাই জোরে জোরে মথা নাড়ল। শাহানাপু হাই তুলে আবার বিছানায় শুয়ে পড়তে যাচ্ছিল, বলল, “ভালোই তো! তোরা চ্যালেঞ্জ নিয়েছিস—তোরা মুখ বন্ধ করে বসে থাক। তোদের জন্য ভালো, বাসার সবার জন্য ভালো। পৃথিবীর জন্য ভালো।”



সবাই প্রবল বেগে না-সূচকভাবে মাথা নাড়ল। শাহানাপু জিজ্ঞেস করল, “কী হয়েছে?”


মুখে কোনো কথা না বলে সবাই হাত-পা নেড়ে অঙ্গভঙ্গি করতে থাকে, যেটা দেখে কিছুই বোঝার উপায় নাই। টুনি আবার কাগজে লিখল, “কী করব বলে দাও।”


অন্যরা তার নিচে লিখল, “প্লিজ প্লিজ…ইনফিনিটি প্লিজ।”


শাহানাপু জিজ্ঞেস করল, “তার মানে তোরা সত্যি সত্যি কথা না বলে চব্বিশ ঘণ্টা কাটাতে চাস?”


বাচ্চারা একে অন্যের মুখের দিকে তাকাল, তারপর সবাই হ্যাঁ-সূচকভাবে মাথা নাড়ল। টুনি কাগজ লিখল, “কিন্তু—” তারপর থেমে গেল।


শাহানাপু জিজ্ঞেস করল, “কিন্তু কী?”


টুনি খুব সূক্ষ্মভাবে একটু হাসল, তারপর কাগজে লিখল, “কিন্তু যেন আর কখনো কেউ চ্যালেঞ্জ না দেয় – “



শাহানাপু টুনির দিকে তাকাল, তারপর সেও সূক্ষ্মভাবে হাসল, বলল, “তার মানে তোরা কথা না বলে থাকবি কিন্তু সেই জন্য বড়রা যেন ঝামেলায় পড়ে যায়?”


টুনি মাথা নাড়ল। অন্যরা বিষয়টা ঠিক বুঝতে পারল না কিন্তু টুনি যেহেতু মাথা নেড়েছে তাই তারাও মাথা নাড়ল। শাহানাপু তার সূক্ষ্ম হাসিটা আরেকটু বিস্তৃত করে বলল, “তার মানে, তোরা কথা বলবি ন

**********
No Review
Related Books
Loading books…