
রণজয়ের শহর অভিযান
সুনীল গঙ্গোপাধ্যায়
ঘুম থেকে উঠে একটা মস্ত হাই তুলে রণজয় বললো, ধ্যুৎ, আর এই জঙ্গলে থাকতে ভালো লাগে না! দিনের পর দিন একই রকমের সবকিছু, একঘেয়ে হয়ে গেছে!
গুটুলি একটু দূরে বসে একটা ছুরি নিয়ে পেয়ারা গাছের ডাল কেটে একটা গুলতি বানাচ্ছিল। সে মুখ তুলে জিজ্ঞেস করলো, জঙ্গল ছেড়ে কোথায় যাবে?
রণজয় বললো, শহরে গিয়ে সিনেমা দেখবো, ফুটবল ম্যাচ দেখবো। দোকানের চা আর সিঙাড়া খাবো! ওঃ, কতদিন যে গরম গরম সিঙাড়া খাইনি!
গুটুলি বললো, তুমি তো শহরে যেতে পারবে না। আমি বরং গিয়ে তোমার জন্য সিঙাড়া এনে দিতে পারি। আর আমি সিনেমা দেখে এসে তোমাকে সেই গল্পটা শোনাতে পারি।
রণজয় চোখ বড় বড় করে বললো, তুই সিনেমা দেখবি, আর আমি সেই গল্প শুনবো? মারবো এক গাঁট্টা! কেন, আমি শহরে যেতে পারবো না কেন রে?
গুটুলি বললো, তুমি আট ফুট লম্বা মানুষ, আর তোমার গায়ের রং ফাউন্টেন পেনের কালির মতন নীল। তোমাকে দেখলেই যে সবাই দৈত্য ভাববে!
রণজয় বললো, দৈত্য আবার কী? আজকালকার দিনে দৈত্য বলে কিছু আছে নাকি? মানুষ হঠাৎ বেশি লম্বা হয়ে যেতে পারে না? শহরে কি এমন কিছু নিয়ম করা আছে যে এর বেশি লম্বা লোক সেখানে যেতে পারবে না?
গুটুলি বললো, তুমি শুধু শুধু আমাকে ধমকাচ্ছো কেন, ওস্তাদ? আমি শহরে যাবার চেষ্টা করেছি দু’একবার, লোকে ভয় পেয়ে পালিয়েছে, মনে নেই? শহরের লোকরা শুধু মাঝারি মাপের মানুষ পছন্দ করে। তুমি বেশি লম্বা বলে তোমাকে দেখে ভয় পায়, আর আমি খুব বেঁটে বলে আমার মাথায় সবাই চাঁটি মারে।
রণজয় উঠে দাঁড়িয়ে বললো, চল, এবার আমরা একটা বেশ বড় শহরে যাবো। লোকে ভয় পেলে আমি তার কী করতে পারি। আমি তো ইচ্ছে করে কারুকে ভয় দেখাচ্ছি না, কারুর কোনো ক্ষতিও করছি না।
গুটুলি তবু বললো, কী দরকার ঝামেলার মধ্যে গিয়ে! এই জঙ্গলে তো আমরা বেশ আছি।
রণজয় দু’হাত দিয়ে গুটুলিকে শূন্যে তুলে প্রচণ্ড চিৎকার করে বললো, আমার ভালো লাগছে না। আমার ভালো লাগছে না! আমার কিছু ভালো লাগছে না!
সেই আওয়াজে গুটুলির কান ফেটে যাবার জোগাড়। সে দু’হাতে কান চেপে ধরলো।
সন্ধে হয়ে এসেছে, একটু পরেই ঝুপ করে অন্ধকার নেমে আসবে। এর পর সারা রাত ধরে এখানে করার কিছুই থাকে না। রণজয় দিনের বেলা লম্বা ঘুম দিয়েছে, রাত্তিরে তার ঘুমও আসবে না।
রঘু নামে যে ডাকাতটা ওদের রান্নাবান্না করে দিত, সে দিন সাতেক আগে পালিয়েছে। রঘুর যে গ্রামে বাড়ি, সেই গ্রামটা চেনে গুটুলি। ইচ্ছে করলেই তাকে আবার ধরে আনা যায়। কিন্তু রণজয় আর উৎসাহ বোধ করেনি। ধরে আনলেও সে আবার পালাবার চেষ্টা করবেই। ডাকাত কখনো রান্নাবান্নার কাজে সন্তুষ্ট থাকতে পারে?
গুটুলিকে কাঁধের ওপর বসিয়ে রণজয় লম্বা লম্বা পায়ে হাঁটতে শুরু করলো। শুকনো পাতার ওপর মচর মচর শব্দ হতে লাগলো। রণজয়ের পায়ের আওয়াজ পেলে হিংস্র প্রাণীরাও ভয়ে দূরে সরে যায়। একদিন একটা চিতাবাঘ রণজয়ের সামনে এসে পড়েছিল, তার পরেই সে কী জোর দৌড় লাগালো ল্যাজ গুটিয়ে! যেন একটা ভীতু নেড়ি কুকুর!
এই জঙ্গলের প্রায় মাঝখান দিয়েই একটা হাইওয়ে চলে গেছে। সেটা রণজয় চেনে। রাত্তিরের দিকেও সেই রাস্তা দিয়ে অনেক ট্রাক যায় নানারকম মালপত্তর নিয়ে। একবার রণজয় সেই রকম একটা চলন্ত ট্রাক থেকে একটা বস্তা তুলে নিয়েছিল। সেই বস্তাটায় ভর্তি ছিল আলু। রণজয় অনেকদিন আলুসেদ্ধ খায়নি, সেই বস্তাটা পেয়ে তার দারুণ আনন্দ হয়েছিল। পরপর তিন—চার দিন আলুসেদ্ধ খাওয়া হলো। তারপর আর একদিন রণজয় আর একটা বস্তা তুলে নিল, সেটাতে কিন্তু ছিল লোহালক্কড়! আর একটা বস্তায় পেল সিমেন্ট! আলুর বস্তা আর পায়নি।
সেই রাস্তাটার কাছাকাছি এসে গুটুলি বললো, ওস্তাদ, শহর কত দূরে তার তো কোনো ঠিক নেই। সারারাত ধরে হাঁটবে নাকি? পায়ে ব্যথা হয়ে যাবে না?
রণজয় বললো, হেঁটে না গেলে, কে আমাদের গাড়ি করে নিয়ে যাবে?
গুটুলি বললো, কোনো লরির ড্রাইভারকে অনুরোধ করলেই তো হয়। সব লরিই নিশ্চয়ই শহরে যায়?
রণজয় বললো, আমরা অনুরোধ করলেই শুনবে?
গুটুলি বললো, তুমি একটা লরি থামাও। আমি কথা বলবো!
বড় রাস্তাটার পাশে একটা পাথরের আড়ালে ওরা দাঁড়িয়ে রইলো একটুক্ষণ। পর পর দুটো মারুতি আর ফিয়াট গাড়ি গেল, কিন্তু কোনো লরির দেখা নেই। যেদিন যেটা দরকার, সেটা কিছুতেই পাওয়া যাবে না। ছোট গাড়িতে বসতেই পারবে না রণজয়, তার বাস কিংবা লরি দরকার।
দু’ঘণ্টা দাঁড়াবার পর রণজয় যখন ধৈর্য হারিয়ে ফেলেছে তখন দূরে দেখা গেল এক জোড়া জোরালো হেডলাইট। হ্যাঁ, এবার একটা ট্রাক আসছে বটে।
ট্রাকটা ফাঁকা, পেছনে কোনো মালপত্র নেই, তাই আসছে খুব স্পীডে। রণজয় রেডি হয়ে রইলো। কাছে আসতেই সে লম্বা হাত বাড়িয়ে পেছনটা চেপে ধরলো।
কিন্তু সে ধরে রাখতে পারলো না। হঠাৎ বাধা পেয়ে ট্রাকটা থরথর করে কাঁপতে লাগলো, ইঞ্জিনে ঝাঁ ঝাঁ শব্দ হতে লাগলো, আবার হুস করে বেরিয়ে গেল।
রণজয় আফশোসের সঙ্গে বললো, যাঃ!
ট্রাকের ড্রাইভারটি কিছু বুঝতে পারেনি। হঠাৎ ট্রাকটার এই রকম ব্যবহারে চিন্তিত হয়ে সে একটু দূরে গিয়ে ব্রেক কষলো। তারপর নেমে দেখতে এলো চাকাগুলো।
ড্রাইভার টর্চ জ্বেলে নিচু হয়ে চাকা দেখছে, অল্পবয়সী ক্লিনার ছেলেটিও তার সঙ্গে নেমেছে। রণজয় কাছে গিয়ে ধমক দিয়ে জিজ্ঞেস করলো, এই এত দেরি করলি কেন রে? এতক্ষণ কোথায় ছিলি?
ক্লিনার ছেলেটি মুখ তুলে রণজয়ের সেই বিশাল মূর্তি দেখেই প্রচণ্ড ভয় পেয়ে ভূ—ভূ—ভূ বলতে বলতে মারলো টেনে দৌড়। মিলিয়ে গেল জঙ্গলের মধ্যে।
ড্রাইভারটি সর্দারজী, সে এত সহজে ভয় পেল না, সে একলাফে খানিকটা পিছিয়ে গিয়ে কোমর থেকে টেনে বার করলো কৃপাণ।
রণজয় বললো, আরে, এ যে দেখছি ওই পুচকে একটা ছুরি নিয়ে আমার সঙ্গে লড়াই করতে চায়!
এবার গুটুলি রণজয়ের আড়াল থেকে সামনে এসে বললো, সর্দারজী, বাঁচে গা, না মরে গা?
এবার সেই সর্দরজীর চোখ দুটো প্রায় বেরিয়ে আসার উপক্রম হলো। একবার সে প্রকাণ্ড চেহারার রণজয়কে দেখলো, আবার দেখলো একরত্তি চেহারার গুটুলিকে।
গুটুলি বললো, ও সর্দারজী, তুমি লড়াই করলে মর জায়েগা! আর লড়াই না করলে বাঁচে গা!
সর্দারজী তবু কৃপাণটি উঁচিয়ে ধরে রইলো।
গুটুলি বললো, ছুরি খাপ মে রাখ দেও। হামলোগ ভূত না, মানুষ। তুমি আমাদের শহরে পৌঁছে দেবে?
সর্দারজী এবার কাঁপা কাঁপা গলায় বললো, মানুষ?
রণজয় বললো, হ্যাঁরে বাবা, মানুষ! একটু বেশি লম্বা হয়ে গেছি, তাতে কী হয়েছে? আমাদের কথা শুনে চলো, তা হলে তোমার কোনো ভয় নেই।
গুটুলি বললো, তোমার সাকরেদটি কোথায় ভয়ে পালালো? ডাকো তাকে।
রণজয় ড্রাইভারের পাশের সীটে বসে পড়ে বললো, ওঃ, কতদিন পরে গাড়িতে চাপছি। আমিও যে একসময় একটা ভদ্দরলোকের বাড়ির ছেলে ছিলাম, তা ভুলেই যাচ্ছিলাম প্রায়। একবারে জংলী হয়ে গেছি!
গুটুলি আর সর্দারজী মিলে খানিকক্ষণ ডাকাডাকি করলো ক্লিনারটিকে। কিন্তু তার আর পাত্তা পাওয়া গেল না।
এবার সর্দারজী উঠে বসে রণজয়কে আবার ভালো করে দেখলো। হাত বাড়িয়ে রণজয়ের গায়ে আঙুল ঘষলো এবার। রং করা হয়নি, রণজয়ের গায়ের চামড়া সত্যিই ঘন নীল। মুখখানা নীল।
ড্রাইভারটি জিজ্ঞেস করলো, এইসা ক্যায়সে হুয়া?
রণজয় বললো, সে অনেক লম্বা গল্প। তোমাকে চট করে বোঝানো যাবে না।
ড্রাইভারটি বললো, কুছ দাওয়াই খাকে হুয়া? হামকো দেও। আমার শরীরটাও তোমার মতন করে দাও।
রণজয় হেসে বললো, ওরে গুটুলি, ও যে আমার মতন হতে চায়!
গুটুলি ড্রাইভারটির দাড়িওয়ালা থুতনি ধরে নেড়ে দিয়ে বললো, অত সোজা নয়, চাঁদু। এবার গাড়ি স্টার্ট দাও তো!
গাড়িটা চলতে শুরু করার পর রণজয় বললো, ওরে গুটুলি, এরকম একটা নোংরা পরে শহরে যাবো কী করে? শহরে সেজে—গুজে যাওয়া উচিত, তাই না? আগে একটা পোশাকের দোকানে যেতে হবে!
গুটুলি বললো, তোমার মাপের কোনো জামা—প্যান্ট কি কোনো দোকানে পাওয়া যাবে? দর্জি দিয়ে বানাতে হবে! আমার কোনো অসুবিধে নেই। যে—কোনো দোকানেই বাচ্চাদের পোশাক পাওয়া যায়। সাত—আট বছরের ছেলেদের জামা আমার গায়ে লেগে যায়।
রণজয় বললো, আমি দর্জি দিয়ে জামা—প্যান্ট বানাবো। স্পেশাল অর্ডার দিয়ে জুতো বানাবো। আমি মোটেই আর জংলী সেজে থাকতে পারবো না।
গুটুলি মুচকি হেসে জিজ্ঞেস করলো, পয়সা কোথায় পাবে?
রণজয় বললো, ইচ্ছে করলেই তো আমি যে কোনো ব্যাঙ্ক লুট করতে পারি!
সর্দারজী চমকে উঠে বললো, ব্যাঙ্ক লুট? হাঁ—হাঁ, ইয়ে তো আচ্ছা বাত হায়। আগে একটা ব্যাঙ্কে নিয়ে যাবো তোমাদের?
রণজয় বললো, না! ইচ্ছে করলে ব্যাঙ্ক লুট করতে পারি বলেছি, কিন্তু করবো না। আমি টাকা রোজগার করবো! শহরে কত রকম কাজ থাকে।
সর্দারজী বললো, হাঁ—হাঁ, আমি আপনাদের কাজ দেবো!
ট্রাকটা ছুটে চলেছে অন্ধকার ভেদ করে। জঙ্গল পাতলা হয়ে আসছে ক্রমশ। আকাশে চাঁদ নেই।
খানিকক্ষণ চুপ করে থাকার পর রণজয় বললো, জানিস গুটুলি আমি মহাশূন্যে অনেকগুলো গ্রহ ঘুরেছি। কত রকম রকেট চালিয়েছি। অথচ আমি গাড়ি চালানো শিখিনি। আমি ইন্টার গ্যালাকটিক মিসাইল চালাতে পেরেছি, আর এই রকম একটা ট্রাক চালাতে পারবো না?
গুটুলি বললো, চেষ্টা করে দেখো না। পারতেও পারো।
—ঠিক বলেছিস তো। কখনো চেষ্টা করে দেখিনি। একবার চেষ্টা করতে দোষ কী?
—সর্দারজীকে সরে বসতে বলো।
—সর্দারজী, ব্রেক কষো! আমি একবার চালিয়ে দেখবো!
সর্দারজী প্রথমে কিছুতেই রাজী হতে চায় না। তখন রণজয় জোর করে সর্দারজীর পা দুটো তুলে দিল ওপরে। নিজেই ব্রেকে একটা লাথি কষালো। সঙ্গে সঙ্গে থেমে গেল ট্রাক।
সর্দারজীকে পাঁজাকোলা করে তুলে পাশে সরিয়ে দিয়ে রণজয় নিজে বসলো স্টিয়ারিং—এ।
তারপর বললো, দেখে নিয়েছি, এটা সুইচ, এটা গিয়ার, আর এটা অ্যাকসিলারেটার! আর ব্রেক তো সবাই চেনে। যে পাইলট প্লেন চালায়, সে কি গাড়ি চালাতে পারবো না? জয় মা কালী! দেখা যাক কী হয়!
সুইচ দিয়ে অ্যাকসিলারেটারে চাপ দিতেই ট্রাকটা হঠাৎ বিরাট জোরে ছুটতে শুরু করলো।
সর্দারজী আর্তস্বরে চেঁচিয়ে উঠলো, রোকো! রোকো! মর জায়েগা!
রণজয় অ্যাকসিলারেটারের উপর পা আলগা করে বললো, প্রথমেই বেশি স্পীড হয়ে গেছে, এই তো? কমিয়ে দিচ্ছি! সেকেন্ড গীয়ার, থার্ড গীয়ার, ব্যস! এবার ঠিক আছে?
সত্যিই এবার ট্রাকটা বেশ স্বাভাবিকভাবে চলছে।
গুটুলি আনন্দে হাততালি দিয়ে উঠলো।
রণজয় বললো, গাড়ি চালানো তাহলে এমন কিছু শক্ত ব্যাপার নয়। ব্যস, এবারে শহরে গিয়ে জামা—কাপড় তৈরি করবো, কাজ করে টাকা রোজগার করবো, সিনেমা দেখবো, সিঙাড়া—কচুরি খাবো, গাড়ি নিয়ে বেড়াবো—
এরপর রণজয়ই ট্রাকটা চালাতে লাগলা, সর্দারজী তাকে বলতে লাগলো ডান দিকে না বাঁ দিকে যেতে হবে।
প্রায় রাত একটার সময় দেখা যেতে লাগলো পাকা বাড়িঘর। অনেকটা শহরের মতন।
সর্দারজী বললো, এখানে থামবে। এখানে আমার ট্রাকে ডিজেল ভরে নিতে হবে। আমার চেনা একজনের পেট্রল পাম্প আছে। সেখানে ভালো খানাপিনা হবে।
রণজয় বললো, তা থামা যেতে পারে।
গুটুলি বললো, খিদেও পেয়েছে বেশ!