তিস্তার বিশাল চর জুড়ে কাশের বন, একেবারে উলটোদিকে বার্নিশের গা ঘেঁষে হাঁটু অবধি জলের ধারা বয়ে যাচ্ছে। নৌকা চলে না যখন, যারা ওপারে যায় তারা হেঁটেই পারাপার করে। তিস্তার চরে মিহি সাদা বালি দুধের সরের মতো পড়ে থাকে, জোরে বাতাস বইলে মনে হয় গোটা চর সাদা মশারির তলায় চলে গেছে। সেই সময় আচমকা বৃষ্টি নামে কয়েক ঘণ্টার জন্য। অমনি বালি শক্ত হয়ে যায়। তার কিছু পরেই সে...