Home
রইস মাস্টার

রইস মাস্টার

মুহম্মদ জাফর ইকবাল

রইস মাস্টার

মুহম্মদ জাফর ইকবাল
juvenile literature

Change color


বেল শুনে টুনি দরজা খুলে দিলো। একজন মানুষ হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। তবে দেখেই বোঝা যাচ্ছে হাসিটা ভেজাল। কোনো অচেনা মানুষকে দেখলেই টুনি মনে মনে মানুষটাকে যাচাই করে তাকে একটা নম্বর দেয়। আজকেও মানুষটাকে যাচাই করল, ভেজাল হাসির জন্য বেশ কিছু নম্বর কাটা গেল। সিরাজউদ্দৌলার মতো সরু একটা গোঁফ আর ঢলঢলে শার্টটার জন্যও অল্প কিছু নম্বর কাটা গেল। টুনি মনে মনে তাকে দশে চার দিলো, যার অর্থ টেনেটুনে পাস। কোনো নূতন মানুষকে দেখলেই টুনি নম্বর দেওয়ার সাথে সাথে তার নাম কী হতে পারে সেটাও আন্দাজ করার চেষ্টা করে। এখন পর্যন্ত একটাও মিলাতে পারে নাই কিন্তু সে তবু চেষ্টা করে যাচ্ছে। টুনির মনে হলো আজকের এই মানুষটার নাম হতে পারে ফরিদ মিয়া। কিংবা কাজেম আলী। দেখা যাক মিলে কি না।


মানুষটাকে দেখেই বোঝা যাচ্ছে দাদি (কিংবা নানির) সাথে দেখা করতে এসেছে। এই বাসায় এই টাইপের মানুষেরা সাধারণত তার সাথেই দেখা করতে আসে। তবে মানুষটার হাতে কোনো স্যুটকেস কিংবা ব্যাগ নাই। তার মানে শুধু দেখা করতে এসেছে, থাকতে আসে নাই। কপাল ভালো। হাতে পলিথিনের ব্যাগে কয়েকটা আপেল উঁকি দিচ্ছে, সেইটা অবশ্য একটুখানি বিপজ্জনক।



মানুষটা কোনো কথা না বলে মুখটায় নকল হাসি হাসি ভাব করে দাঁড়িয়ে আছে, তাই টুনি শেষ পর্যন্ত জিজ্ঞেস করল “জি, আপনি কার কাছে এসেছেন?”


মানুষটা বলল, “এইটা খালাম্মার বাসা না?”


মানুষটার কথা শুনে টুনি তার আরো এক নম্বর কেটে এবারে তাকে দশে তিন দিলো, তিন হচ্ছে ফেল মার্ক। খালাম্মা কারো নাম হয় না। টুনি জিজ্ঞেস করল “কোন খালাম্মা?”


“ওই তো জোবেদা খালাম্মা।”


“জি। আপনি বসেন, আমি দাদিকে বলি। আপনার নাম কী বলব?”


মানুষটা মনে হয় একটু অবাক হলো যে তার নাম জিজ্ঞেস করা হচ্ছে। মনে হচ্ছে সে আশা করে আছে টুনি তাকে দেখেই চিনে ফেলবে। টুনি মনে মনে আরো এক নম্বর কেটে ফেলবে কি না চিন্তা করল। শেষ পর্যন্ত কাটল না।



মানুষটা এবারে তার নকল হাসিটা বন্ধ করে মুখ শক্ত করে বলল, “বলো, কান্দিরপাড়ের রইস উদ্দিন এসেছে। খালাম্মা রইস মাস্টার বললেই চিনবে।”


কাজেই টুনি রইস মাস্টারকে বাইরের ঘরে বসিয়ে ভিতরে দাদিকে খবর দিতে গেল। দাদি অবশ্য কান্দিরপাড়ের রইস মাস্টারকে চিনলেন না, ভুরু কুঁচকে বললেন, “রইস মাস্টার? সেইটা আবার কে?”


টুনি বলল, “সেইটা তুমি জানো দাদি! আমি তো জানি না।”


দাদি (কিংবা নানি) তার আরামের চেয়ারে পা তুলে এই মোটা একটা উপন্যাস পড়ছিলেন, উঠে বাইরের ঘরে যাওয়ার ইচ্ছা নাই, তাই বললেন, “যা, ডেকে নিয়ে আয়।”


টুনি তাই রইস মাস্টারকে ভিতরে ডেকে আনল। তাকে দেখেও দাদি প্রথমে চিনতে পারলেন না, তার মুখের দিকে তাকিয়ে রইলেন। রইস মাস্টার তখন বলল, “খালাম্মা, আমি বদু।”


“ও বদু! সেইটা বল। চেহারাও অন্য রকম লাগে।”



“জে খালাম্মা। এখন মনে করেন মাস্টারি করি, তাই একটু ভদ্র থাকা লাগে।”


এই মানুষটির চেহারা ভদ্র করার আগে কেমন ছিল টুনি কল্পনা করার চেষ্টা করল। মুখে দাড়ি-গোঁফ? মাথায় জংলি ছাঁট? চোখে কালো চশমা? টুনি বেশি দূর এগুতে পারল না।


দাদি বললেন, “বস।“


মানুষটা কাছাকাছি একটা চেয়ারে বসল। টুনির কাজ শেষ, সে এখন যেতে পারে। কিন্তু মানুষটার কথাবার্তা একটু অন্য রকম, তাই সে আরেকটু শোনার চেষ্টা করল।


দাদি (কিংবা নানি) বললেন, “কী করো আজকাল?” তুমি না মিডল ইস্ট গিয়েছিলে?”


“জি খালাম্মা, বেশিদিন থাকি নাই। চলে আসছি।”


“এখন কী করো? মাস্টারি?”



“জে খালাম্মা। স্কুলে পড়াই।”


“কী পড়াও?” দাদির কথা শুনে মনে হলো বদু কিংবা রইস মাস্টার স্কুলে পড়ায় শুনে বেশ অবাক হয়েছেন। ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, পড়াও?”


“বিজ্ঞান আর গণিত।”


“বিজ্ঞান?” দাদি আরো অবাক হলেন। কিছুক্ষণ রইস মাস্টারের মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, “পড়াতে কেমন লাগে? মাস্টারিতে বেতন কী রকম?”


টুনি মনে মনে একটু হাসল। তাদেরকে শেখানো হয়েছে কাউকে কখনো বেতন জিজ্ঞেস করতে হয় না—অথচ দাদি প্রথমেই এটা জিজ্ঞেস করে ফেলেন। রইস মাস্টার বলল, “স্কুলের বেতন আর কত? সেইটা দিয়ে কি আর চলে? প্রাইভেট পড়াই, কোচিং করাই, সেইটা দিয়ে মনে করেন কিছু ইনকাম হয়।”


দাদি বললেন, “ও।”



রইস মাস্টার বলল, “সেইটাই কি আর শান্তিমতো করতে পারি? দুই দিন পরে পরে ট্রেনিং। তখন আমার প্রাইভেট বন্ধ, কোচিংও বন্ধ।”


“ট্রেনিং? কিসের ট্রেনিং?”


“কত রকম ঢঙের ট্রেনিং। ছেলেমেয়েদের কেমন করে পড়াতে হয়, তাদের কেমন করে উৎসাহ দিতে হয় এই রকম হ্যানোতেনো হাবিজাবি।”


টুনি একটু অবাক হয়ে রইস মাস্টারের মুখের দিকে তাকাল। ছেলেমেয়েদের উৎসাহ দেওয়ার ট্রেনিং হাবিজাবি কেন হবে?


দাদি জিজ্ঞেস করলেন, “কয়দিনের ট্রেনিং?”


“সেইটার ঠিক নাই। কোনোবার তিন দিন কোনোবার এক সপ্তাহ।”


“থাকো কোথায়? খাও কী?”



টুনি বুঝতে পারল এইটা একটা ভুল প্রশ্ন! রইস মাস্টার নামের মানুষটা এই প্রশ্নের উত্তরে থাকা-খাওয়ার কী রকম কষ্ট সেইটা নিয়ে লম্বা কাহিনি শুরু করে দিবে। হলোও তাই। রইস মাস্টার লম্বা একটা দীর্ঘ নিশ্বাস ফেলে বলল, “থাকা-খাওয়ার কথা আর বলবেন না খালাম্মা। একটা হোস্টেলে উঠি। চিপা একটা ঘরে দুইজন থাকতে হয়। খাওয়ার কথা বলে লাভ নাই। গতকাল শিং মাছ দিয়েছে, ওই শিং মাছের মাথায় বড়শির কাঁটা, আপনি বিশ্বাস করবেন না—“


“টুনি যেটা ভয় করছিল দাদি তখন ঠিক সেই কাজটা করলেন। বললেন, ‘তোমার থাকা-খাওয়ার এত কষ্ট, এইখানে চলে এসো। যতদিন তোমার ট্রেনিং ততদিন এখানে থেকে যাও।”


রইস মাস্টারের মুখ একশ ওয়াট বাতির মতো জ্বলে উঠল, বলল, “আপনাদের কষ্ট হবে না তো?”


“না না, আমাদের আবার কষ্ট কিসের!”


টুনি একটা দীর্ঘশ্বাস ফেলল। বাসায় যদি কোচিংয়ের মাস্টার ঢুকে যায় তাহলে মহাবিপদ! যেই মানুষ ছেলেমেয়েদের উৎসাহ দেওয়াকে হাবিজাবি মনে করে সেই মানুষ খুবই বিপজ্জনক মানুষ



টুনি তখন দাদির ঘর থেকে বের হয়ে অন্য সবাইকে দুঃসংবাদটা দিতে গেল।


টুনি তখনও জানতে না রইস মাস্টারকে সে যতটুকু বিপজ্জনক ভেবেছিল, সে তার থেকেও বেশি বিপজ্জনক!


***


রইস মাস্টার স্কুলের ছেলেমেয়েদের বিজ্ঞান পড়ায়। দেখা গেল মানুষটি ছেলেমেয়ে এবং বিজ্ঞান—এই দুইটা জিনিসের কোনোটাই দুই চোখে দেখতে পারে না।


দাদি (কিংবা নানি) যখন রইস মাস্টারকে এই বাসায় চলে আসতে বলেছেন রইস মাস্টার তখন আর দেরি করে নাই, তখন তখনই বের হয়ে একটু পরেই তার ব্যাগ নিয়ে চলে এসেছে। বাচ্চারা যখন দাদির ঘরে হুটোপুটি করছে তখন রইস মাস্টার কেমন যেন চোখ কুঁচকে তাদের দিকে তাকিয়ে রইল, তাকে দেখে মনে হলো সে যেন বাচ্চাকাচ্চা দেখছে না, কোনো ধরনের বিষাক্ত পোকার দিকে তাকিয়ে আছে।


রইস মাস্টার বাচ্চাদের হুটোপুটি দেখতে দেখতে একসময় কেমন যেন হতাশভাবে মাথা নেড়ে দাদি (কিংবা নানিকে) বলল, “বুঝলেন খালাম্মা, আমাদের দেশের উন্নতি হয় না কেন?”



দাদি বললেন, “কে বলেছে উন্নতি হয় না? দেশের অনেক উন্নতি হয়েছে।” রইস মাস্টার বলল, “না মানে দেশের মানুষ সবাই চোর, ডাকাত, বদমাইশ”


দাদি চোখ কপালে তুলে বললেন, “এইটা কী বলো বদু! আমি তো কোনো চোর-ডাকাত দেখি না! আমি তো যাকেই দেখি সবাই ভালো মানুষ। পরিশ্রম করে সংসার চালায়।“


রইস মাস্টার কী বলবে বুঝতে না পেরে মাথা চুলকে বলল, “অ্যাঁ?” দাদি মাথা নেড়ে বললেন, “আমার মনে হয় তুমি ঠিক মানুষের সাথে মিশো না। তুমি যাদের সাথে মিশো তারা নিশ্চয়ই চোর-ছ্যাঁচড়। এই জন্য তোমার ধারণা সবাই চোর-ডাকাত-বদমাইশ।” দাদি খুবই বিরক্ত হয়ে মাথা নাড়তে লাগলেন।


বাচ্চারা সবাই হুটোপুটি করছে, দাদি আর রইস মাস্টারের কথা কেউ মনোযোগ দিয়ে শুনছিল না। তবে টুনির অভ্যাস হচ্ছে চারপাশে কী হচ্ছে সবসময়ে সেটা মনোযোগ দিয়ে লক্ষ করা। কাজেই সে হুটোপুটির মাঝখানে থেকেও দাদির সাথে রইস মাস্টারের কী কথা হচ্ছে সেটা শোনার চেষ্টা করে যাচ্ছিল।



দাদির ধমক খেয়ে রইস মাস্টার তার সুর পাল্টাল। বলল, “খালাম্মা, আপনি ঠিকই বলেছেন, এই দেশের মানুষ আসলে ভালো কিন্তু সমস্যা হচ্ছে দেশের শিক্ষাব্যবস্থা। পাঠ্যবইগুলি সব ভুলভাল!”


দাদি বললেন, “তাই নাকি?”


“জি খালাম্মা। আমি তো বিজ্ঞান পড়াই, আমি জানি। সবচেয়ে বেশি ভুল বিজ্ঞান বইতে।”


দাদি এবারে আসলেই অবাক হলেন, বললেন, “কী আশ্চর্য!”


রইস মাস্টার এবারে উৎসাহ পেল। দাদি (কিংবা নানির) দিকে তাকিয়ে বলল, “যেমন মনে করেন বইয়ে লেখা পৃথিবী নাকি সূর্যের চারিদিকে ঘুরে! আমরা স্পষ্ট দেখি পূর্ব দিকে সূর্য উঠে পৃথিবীকে ঘিরে পশ্চিম দিকে অস্ত যায়। এখন আপনিই বলেন, যেটা চোখের সামনে ঘটতে দেখি সেইটা বিশ্বাস করব নাকি বইয়ের কথা বিশ্বাস করব?”


দাদি কেমন যেন অবাক হয়ে বললেন, “তুমি এসব কী বলছো? আমি বিজ্ঞান-টিজ্ঞান জানি না কিন্তু এইটা তো সবাই জানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে!”



রইস মাস্টার সবকিছু জানে এ রকম ভাব করে বলল, “খালাম্মা, এইগুলা নাস্তিকদের কথা! পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিকের নাম হচ্ছে আইনস্টাইন, সে বলেছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে বলা যেই কথা, সূৰ্য পৃথিবীর চারিদিকে ঘুরে বলা একই কথা। এইটাকে বলে রিলেটিভিটি।” কথা শেষ করে রইস মাস্টার দুলে দুলে হাসল।


দাদি কী বলবেন বুঝতে না পেরে বললেন, “আমি জানি না বদু, এইগুলা বড় মানুষজনের বড় বড় কথা। কে কী বলে আমি জানি না।”


টুনির কাছে রইস মাস্টারের কথাগুলো যথেষ্ট আজব মনে হলো, সে তখন গলা নামিয়ে অন্যদের তার কথা শুনতে বলল। এবারে অনেকেই শুনল রইস মাস্টার বলছে, “আপনিই বলেন খালাম্মা, জেনে-শুনে ছেলেমেয়েদের মিছা কথা বলতে কি ভালো লাগে? পড়াতে হয় পড়াই, তারপর বলে দেই তোমরা পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য এইগুলা লিখতে হলে লিখবে কিন্তু আসলে কখনো বিশ্বাস করবে না।“


এইবারে প্রমি জিজ্ঞেস করল, “কি বিশ্বাস করবে না?”



রইস মাস্টার চোখ পাকিয়ে বলল, “আমরা বড় মানুষেরা কথা বলছি, তার মাঝে তোমরা পোলাপান আসছো কেন?”


টুনি প্ৰমিকে বলল, “উনি বলছেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘিরে ঘুরে এইটা ভুল। এইটা নাস্তিকদের কথা। ছাত্রছাত্রীরা যেন এইটা বিশ্বাস না করে। এইটা মিছা কথা।“


প্রমি অবাক হয়ে বলল, “তাহলে সত্যি কথা কোনটা?”


টুনি বলল, “উনার মতে সত্যি কথা হচ্ছে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘিরে ঘুরে।”


“সত্যি?”


রইস মাস্টার মুখ শক্ত করে বলল, “হ্যাঁ সত্যি। এইটা বিজ্ঞান মতে প্রমাণ করা যায়।”


“প্রমাণ করা যায়?”


“হ্যাঁ। বিজ্ঞান কী বলে? যেটার ওজন বেশি সেইটাকে ঘিরে যেইটা হালকা সেইটা ঘুরবে। ঠিক কি না?”


কয়েকজন ইতস্ততভাবে মাথা নাড়ল। রইস উদ্দিন বলল, “তাহলে ওজন বেশি কার? পৃথিবীর নাকি সূর্যের?”


“সূর্যের।”


রইস মাস্টার কাঠ কাঠ গলায় হাসল। বলল, “সূর্যটা কী দিয়ে তৈরি? আগুন দিয়ে। আগুনের কোনো ওজন আছে? নাই! তাহলে কার ওজন বেশি?”


বাচ্চারা একজন আরেকজনের মুখের দিকে তাকাল, তারপর একজন বলল, “কিন্তু আমাদের বইয়ে লেখা আছে সূর্যের

**********
No Review
Related Books
Loading books…