কাছাকাছি আট-দশখানা গ্রামের মধ্যে একজনই ডাক্তার৷ ভরত ডাক্তার৷ তাঁর উপর সবারই খুব বিশ্বাস৷ কয়েকজন কবিরাজ আছেন ঠিকই৷ কিন্তু কবিরাজ তো আর ডাক্তার নন৷ সিরাজসাহেব হেকিমি চিকিৎসা করেন, কিন্তু সে-ও তো হেকিমি, ডাক্তারি নয়৷ লোকের ধারণা, ভরত ডাক্তার বিলিতি ওষুধ দেন, তাতেই সব রোগ সারে৷ তা ছাড়া, তিনি সুই দেন মাঝে-মাঝে৷ অর্থাৎ ইঞ্জেকশন৷ তা তো কবিরাজ কিংবা হেকিম দিতে পারেন না৷