
বিল্টুর বন্ধু
সুনীল গঙ্গোপাধ্যায়
কাশী শহরে যদি কলা খেতে ইচ্ছে হয়, তাহলে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে খাওয়াই ভালো৷ বাইরে, খোলা জায়গায় কলা খাওয়া যায় না৷
বিল্টু তো তা জানে না৷ সে কাশীতে বেড়াতে এসেছে বাবা-মায়ের সঙ্গে৷ পরিক্ষা হয়ে গেছে৷ সে এবার ক্লাস সেভেন থেকে এইটে উঠবে৷ এখানে কয়েক সপ্তাহ থাকার পর তারা চলে যাবে এলাহাবাদ৷
কলকাতার বাইরে এলেই বেশি বেশি খিদে পায়৷ দুপুরবেলা সারনাথে বেড়াতে গিয়ে খাওয়া হয়েছে একটা হোটেলে৷ ফেরার পথে কচুরি-তরকারি আর রাবড়ি কিনে আনা হয়েছিল, সে সব খাওয়ার একটু পরেই আবার খিদে পেয়ে গেল বিল্টুর৷
এটা বিল্টুর মাসির বাড়ি৷ মাসতুতো ভাই-বোন দু’জনেই বিদেশে থাকে৷ এত বড় বাড়িতে শুধু মাসি, মেসো আর মেসোর মা৷ তাঁর বয়েস এখন নব্বই বছর, বিল্টু তাঁকে রাঙাদিদা বলে ডাকে৷ তিনি খুব সুন্দর গল্প বলেন৷ মা আর মাসি এখন সেই রাঙা- দিদার ঘরে আছেন৷ এখন সেখানে গিয়ে যদি বিল্টু খাই খাই করে, তাহলে নিশ্চয়ই বকুনি দেবেন মা৷
বিল্টু প্রথমে ফ্রিজ খুলে কিছু খাবার খুঁজল৷ বিভিন্ন পাত্রে রয়েছে শুধু রান্না করা খাবার৷ এসব তো খাওয়া যায় না৷ রান্না না করা মাছ রয়েছে, তা দিয়ে কী হবে! একটা বড় পাথরের বাটিতে সাদা সাদা কী যেন, বিল্টু ভাবল নিশ্চয়ই পায়েস৷ এমনিতে পায়েস খেতে তার ভালো লাগে না, কিন্তু খিদের সময় চলতে পারে৷ একটা কাপে খানিকটা ঢেলে নিতে গিয়ে সে বুঝল, পায়েস তো নয়, সাদা সাদা গোল গোল কী যেন! ওঃ হো, এ তো সাবু৷ রাঙাদিদিমা রাত্তিরে সাবু খান৷ এর মধ্যে একবার রাঙাদিদিমা বিল্টুকে সাবু খাওয়াবার চেষ্টা করেছিলেন, খুব বিচ্ছিরি খেতে!
যতই খিদে পাক, সাবু খাওয়া চলবে না৷
বিস্কুটের টিনগুলো কোথায় গেল? রান্নাঘরে খুঁজেও বিল্টু বিস্কুটের টিন খুঁজে পেল না৷
রান্নাঘরে রয়েছে একছড়া কলা৷ বেশ বড় বড়৷ অন্য সময় বিল্টুর কলা খেতেও ইচ্ছে করে না৷ এখন ভাবল, ঠিক আছে, একটা কলাই খাওয়া যাক৷
একটা কলা ছিঁড়ে নিয়ে বিল্টু চলে এল ছাদে৷
এই সময় অনেক ঘুড়ি ওড়ে৷ বিল্টু ঘুড়ি ওড়াতে জানে না, কিন্তু ঘুড়ির প্যাঁচ দেখতে তার ভালো লাগে৷ কাছে-দূরের অনেক ছাদেই ছেলেরা দল বেঁধে ঘুড়ি ওড়ায় আর প্যাঁচ খেলার পাল্লা দেয়৷ একটা ঘুড়ি কেটে গেলেই সবাই দারুণ জোরে চ্যাঁচায়৷ হিন্দিতে তারা কী যে বলে, বিল্টু ঠিক বুঝতে পারে না৷
ঘুড়ির প্যাঁচ খেলা দেখতে দেখতে বিল্টু কলাটা ছাড়াতে লাগল৷
খানিকটা ছাড়িয়েছে, মুখেও দেয়নি, হঠাৎ কে যেন এসে একটা চড় কষাল বিল্টুকে আর হাত থেকে কেড়ে নিল কলাটা৷
কী হল, কী হল, কে কলাটা কেড়ে নিল? কে চড় মারল?
বিল্টু শুনতে পেল একটা হি হি হাসির শব্দ!
গায়ে গায়ে লাগা ঠিক পাশের বাড়ির ছাদে বিল্টুরই বয়েসি একটা ছেলে হাসছে৷
তারপর ঘাড় ঘোরাতেই বিল্টু দেখল, তাদেরই ছাদের পাঁচিলের এক কোণে বসে আছে একটা গোদা বাঁদর, সেটা দিব্যি কলাটা খেতে শুরু করেছে৷ এমন রাগ হল বিল্টুর, সে তেড়ে গেল বাঁদরটার দিকে৷
পাশের ছাদের ছেলেটি হাসি থামিয়ে চেঁচিয়ে উঠল, এই এই এই, উধার যাও মাৎ, উধার যাও মাৎ, কাট দেগা!
বিল্টু থমকে গেল৷
বাঁদরটা একটুও ভয় পায়নি৷ সে একবার দাঁত খিঁচিয়ে তাকাল বিল্টুর দিকে৷ আবার নিশ্চিন্তভাবে কলাটা খেতে লাগল৷
রাগ হয়েছে বটে, বিল্টু কিছুটা ভয়ও পেয়েছে, অপমানও বোধ হচ্ছে৷ বাঁদরটা তাকে চড় মারল? কলাটা না হয় নিজে খাবার জন্য কেড়ে নিতে এসেছিল, কিন্তু চড় মারল কেন? বাঁ দিকের গালটা এখনও জ্বালা জ্বালা করছে৷
পাশের ছাদের ছেলেটা এবার বলল, কাল্লু বহুৎ বদমাস হ্যায়৷
বিল্টু একথার মানেই বুঝল না৷ কাল্লু আবার কে?
ছেলেটির সঙ্গে কোনো কথা না বলে বিল্টু ছাদ থেকে নীচে নেমে গেল৷ ঠিক সেই সময়েই একটা ঘুড়ি কেটে যাওয়ায় খুব হল্লা হল কয়েকটা ছাদে৷ বিল্টুর মনে হল, সে বাঁদরের চড় খেয়েছে বলে বুঝি ওরা সবাই তাকেই দুয়ো দিচ্ছে৷
খিদের কথাও সে ভুলে গেল!
বিল্টু ভেবেছিল, এই ঘটনাটা বাড়ির কেউ জানতে পারবে না, সে-ও কারুকে বলবে না৷ কিন্তু এসব কথা ঠিক ছড়িয়ে যায়, সবাই জেনে ফেলে৷ নিশ্চয়ই অনেককে বলে দিয়েছে পাশের ছাদের ছেলেটা!
পরদিন দুপুরে রাঙাদিদা পুজো করছেন ঠাকুরঘরে, বিল্টু এসে সেখানে দাঁড়াল৷ ঠিক বারোটা বেজে দশ মিনিটে রাঙাদিদার পুজো শেষ হয়, তখন প্রসাদ পাওয়া যায়৷ প্রসাদের মধ্যে চন্দ্রপুলি আর তিলকুটো বিল্টুর খুব প্রিয়৷
পুজো শেষ করে রাঙাদিদা বললেন, আয় তো সোনামণি, এখানে একটু বোস৷ কালু তোকে চড় মেরেছে? কোন গালে মেরেছে? আয়, আমি হাত বুলিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে৷
বিল্টু জিজ্ঞেস করল, কালু কে? ওই নামে কেউ তো আমায় কিছু বলেনি৷
রাঙাদিদা বললেন, কালু একটা হনুমানের নাম৷ সে ছাদে তোর কাছ থেকে কলা কেড়ে নেয়নি?
বিল্টু বলল, হনুমান তো নয়৷ বাঁদর৷
রাঙাদিদা বললেন, তুই বাঁদর আর হনুমানের তফাত জানিস? তুই ওর মুখটা দেখেছিলি? মুখটা কালো ছিল না? হনুমানের মুখটা কালো হয়, আর ল্যাজটা হয় বেশি লম্বা৷ সে ল্যাজের ডগাটাও কালো৷ কেন বল তো হনুমানের মুখ কালো হয়, বাঁদরদের হয় না?
বিল্টু দু’দিকে মাথা নেড়ে বলল, জানি না তো!
একটা প্লেটে চন্দ্রপুলি, তিলকুটো আর রসকদম্ব সাজিয়ে দিয়ে বললেন, নে, খা৷ তুই রামায়ণের গল্প জানিস?
বিল্টু বলল, হ্যাঁ জানি৷ শ্রীরামচন্দ্র বাঁদরদের সঙ্গে নিয়ে রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করেছিলেন৷ একটা হনুমানও তাঁর দলে ছিল৷
রাঙাদিদা বললেন, রামচন্দ্র তাঁর বাঁদর সৈন্যদের নিয়ে সমুদ্রের ওপর একটা ব্রিজ বানিয়েছিলেন৷ সেই ব্রিজ পার হয়ে যুদ্ধ করেছেন রাবণের সঙ্গে৷ কিন্তু তার আগে ওই হনুমান একা এক লাফ দিয়ে সমুদ্র পার হয়েছিলেন৷
বিল্টু বলল, তাও জানি৷ সীতাকে খুঁজতে গিয়েছিল৷
রাঙাদিদা বললেন, বাঃ, তুই তো অনেকটাই জানিস৷ লঙ্কায় গিয়ে অশোক বনে সীতাকে খুঁজে পান হনুমান৷ সেখানে সব রাক্ষুসিরা তাঁকে পাহারা দিচ্ছিল৷ সীতাকে খুঁজে পেয়ে তো হনুমানের খুব আনন্দ হল৷ এবারে ফিরে যাবার আগে তিনি ভাবলেন, এদের একটু আমার শক্তির পরিচয় দিই৷ হনুমান তখন লাফিয়ে লাফিয়ে অনেক গাছপালা আর বাড়িঘর ভাঙতে লাগলেন৷ দারুণ গন্ডগোল শুরু হয়ে গেল, দলে দলে সৈন্যরা এল হনুমানকে মারতে৷ কিন্তু হনুমান তো মহাবীর৷ অনেকক্ষণ ধরে কেউ তাঁকে জব্দ করতে পারল না৷ তারপর রাবণের এক ছেলে….
বিল্টু বলল, ইন্দ্রজিৎ!
রাঙাদিদা বললেন, ঠিক বলেছিস, সেও মহাবীর৷ সেই ইন্দ্রজিৎ এমন একটা বাণ ছুঁড়ল যে তাতে হনুমান মরল না, কিন্তু দড়িতে বাঁধা পড়ে গেল৷ সেই অবস্থায় রাক্ষসরা হনুমানকে টানতে টানতে নিয়ে এল রাবণের রাজসভায়৷ হনুমান কিন্তু একটুও ভয় পাননি৷ চ্যাটাং চ্যাটাং কথা শুনিয়ে দিতে লাগলেন রাবণকে৷ রাবণ তখন রেগে গিয়ে হুকুম দিলেন, ওর ল্যাজে আগুন ধরিয়ে দাও! সৈন্যরা হনুমানের ল্যাজে অনেক ছেঁড়া কাপড়-টাপড় জড়িয়ে বেঁধে আগুন ধরিয়ে দিল৷ হনুমান ইচ্ছে করলেই নিজের চেহারাটা খুব বড় আর চোখের নিমেষে আবার খুব ছোট করে ফেলতে পারতেন, জানিস তো?
বিল্টু বলল, জানি৷
রাঙাদিদা বললেন, বন্দি করার সময় হনুমানের চেহারাটা খুব বড় ছিল, হঠাৎ ছোট করে ফেললেন৷ ব্যাস, অমনি তাঁর শরীর থেকে সব দড়ির বাঁধন খসে গেল৷ আবার তিনি চেহারাটা বিশাল করে ফেলে এক লাফে চলে গেলেন অনেক দূরে৷ ল্যাজে কিন্তু তখনও আগুন জ্বলছে৷ প্রতিশোধ নেবার জন্য হনুমান একটার পর একটা বাড়িতে আগুন ধরিয়ে দিতে লাগলেন৷ বলতে গেলে সারা লঙ্কাপুরীই দাউ দাউ করে জ্বলতে লাগল আগুনে৷ এবারে হনুমানের ফিরে যাওয়া উচিত৷ রামকে গিয়ে সীতার খবর দেওয়াটাই আসল দরকার৷ কিন্তু ল্যাজের আগুনটা নেভানো যাচ্ছে না৷ লাফিয়ে আকাশে উঠলে বাতাস লেগে আগুন আরও বেড়ে যাবে, হনুমানের গা পুড়ে যাবে৷ তাহলে কী করা যায়?
বিল্টু জিজ্ঞেস করল, জলে ডোবালেই তো আগুন নিভে যায়৷
রাঙাদিদা বললেন, না রে৷ এ অন্যরকম আগুন৷ হনুমান একবার ল্যাজটা সমুদ্রে ডুবিয়েও দেখলেন, কোনো লাভ হচ্ছে না৷ তখন তিনি সীতার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মা, এই আগুন নিয়ে তো আমি ফিরতে পারব না৷ আমি না ফিরলে শ্রীরামচন্দ্র তোমার কথা জানতে পারবেন না৷
সীতা বললেন, বাছা, তুমি ওই আগুন খেয়ে নাও, তাহলেই রক্ষা পাবে৷ আমি বর দিচ্ছি, তুমি আগুন খেয়ে হজম করে ফেলতে পারবে৷
তখন হনুমান দু’হাতে ল্যাজটা ধরে তার ডগাটা মুখে পুরে দিলেন৷ ব্যাস, অমনি আগুন নিভে গেল৷ হনুমানের আর কোনো ক্ষতি হল না৷ শুধু আগুনের আঁচে মুখটা কালো হয়ে গেল৷ সেই থেকে সব হনুমানের মুখ কালো৷ এবার বুঝলি? আমাদের ছাদে একটা হনুমান প্রায়ই আসে, আমরা ওর নাম দিয়েছি কালু৷
বিল্টু বলল, ওটা খুব পাজি! আমি ওকে মারব!
রাঙাদিদিমা হেসে বললেন, না, না, ওর কাছে যাস না৷ তুই ওর সঙ্গে পারবি না৷ তাছাড়া হনুমান হচ্ছে রামের প্রিয় শিষ্য, তাকে মারতে নেই৷ কত লোক হনুমানেরও পুজো করে৷
বিল্টু বলল, কিন্তু ও আমাকে মারবে কেন? আমি কি রাবণের দলের লোক?
রাঙাদিদা আরও বেশি হেসে বললেন, কলাটা কেড়ে নেবার আগে ও তোকে চড় মেরেছে কেন জানিস? কলা জিনিসটা বাঁদর-হনুমানদের খুব প্রিয় খাদ্য৷ কোনো মানুষ যদি ওদের দেখিয়ে দেখিয়ে কলা খায়, তাতে ওদের খুব রাগ হয়৷ তা ছাড়া, কালু ভেবেছিল, কলাটা ওকেই দেওয়ার কথা, না দিয়ে তুই নিজে খেয়ে নিচ্ছিস৷
বিল্টু জিজ্ঞেস করল, কেন, ওকে দেবার কথা কেন? আমি বুঝি কলা খেতে পারি না?
রাঙাদিদা বললেন, পারবি না কেন? কলা খাওয়া তো ভালো৷ আমি রোজ খাই৷ ঘরে বসে খাবি৷ আমাদের যে কাজের লোক আছে হরি, সে মাঝে মাঝে ছাদে গিয়ে বাঁদর-হনুমানদের কলা খাওয়ায়৷ হরি হাত বাড়িয়ে থাকে, ওর হাত থেকে ওরা কলা তুলে নেয়৷ তুই-ও কালুকে কলা খাওয়ালে পারিস!
বিল্টু বলল, না, মোটেই আমি ওকে খাওয়াব না৷ ও আমাকে মেরেছে৷
রাঙাদিদিমা বললেন, জন্তু-জানোয়ারের সঙ্গে ঝগড়া করতে নেই৷ বরং ভাব করে নেওয়াই তো ভালো৷
বিল্টুর এখনো রাগ আছে বাঁদরটার ওপর৷ বাঁদর না, হনুমান৷
কিন্তু এরপর দু’দিন আর তার দেখা পাওয়া গেল না ছাদে৷
পাশের বাড়ির ছেলেটার নাম মহাদেব৷ ও বলে মহাদেও৷ সে যেন সবসময় ছাদে বসেই থাকে৷ সে ঘুড়ি ওড়ায় না৷ সে গুলতি দিয়ে পাখি মারার চেষ্টা করে৷ এখানে অনেক পাখি, চিল আছে, টিয়া আর শালিক আছে, আর কাক তো সব দেশেই থাকে৷ মহাদেও’র হাতে একটুও টিপ নেই, সে এ পর্যন্ত একটাও পাখি মারতে পারেনি৷
বিল্টু কী করে গুলতি ছুড়তে হয় জানে না৷ পাখি মারার ব্যাপারটাও ভালো লাগে না তার৷
পরের দিনই বিল্টু দেখল, পাঁচিলের ওপর এসে বসে আছে কালু৷ কখন এল, বোঝাই গেল না৷ হ্যাঁ, হনুমান ঠিকই, ল্যাজটা অনেকখানি ঝোলা আর মুখটা কালো৷ দেখলে কেমন যেন হিংসুটে মনে হয়৷
বিল্টুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে হনুমানটা৷
ও কি ভাবছে, বিল্টু ওকে কলা খাওয়াবে? ইশ, মোটেই না৷
এই হনুমান কি রামায়ণের হনুমানের মতন ইচ্ছে করলে খুব বড় আর আবার খুব ছোট হয়ে যেতে পারে? লাফিয়ে সমুদ্র পার হতে পারে? মোটেই বিশ্বাস হয় না৷
হনুমানটা বিল্টুর দিকে তাকিয়েই আছে, নড়েও না, চড়েও না৷
একটু বাদে বিল্টু নেমে গেল নীচে৷ সিঁড়ি দিয়ে নামতে নামতে সে ভাবল, আজ যদি তার হাতে একটা কলা থাকত, তাহলে আজও কি হনুমানটা তাকে থাপ্পড় মেরে কলাটা কেড়ে নিত? আহা হা, মোটেই অত সোজা নয়৷ আজ বিল্টু আগে থেকেই রেডি, হনুমানটা কাছে এলেই সে মারত এক ঘুঁষি!
মানুষ আর হনুমানে লড়াই হলে কে জি