
নীলমানুষ ও ছোট্ট বন্ধু
সুনীল গঙ্গোপাধ্যায়
কেন যে মা ওকে জন্ম থেকেই গুটুলি বলে ডাকতো? সেই নামটাই ওর কাল হলো।
গুটুলির বয়েস বাড়লেও তার শরীরটা আর বাড়ে না। তার যখন সাত বছর বয়েস তখন তাকে দেখাতো চার বছরের ছেলের মতন। দশ বছর বয়েসে দেখাতো সাত বছরের ছেলের মতন। চোদ্দ বছর বয়েসে তাকে সবাই মনে করতো দশ বছরের ছেলে। তারপর যখন তার কুড়ি বছর বয়েস হলে গেল তখনও তার চেহারা দশ বছরের ছেলের মতই রয়ে গেল। সবাই বললো, গুটুলি আর বাড়বে না। তার চেহারা ওইখানেই থেমে থাকবে।
গুটুলির বুদ্ধি কিন্তু ঠিকই বেড়েছে। এমনকি কুড়ি বছর বয়েসের সাধারণ ছেলেদের চেয়েও তার বুদ্ধি অনেক বেশি। সে মুখে মুখে শক্ত অঙ্ক কষে দিতে পারে। মানুষের মুখ দেখেই গুটুলি বলে দিতে পারে সে সত্যি কথা বলছে না মিথ্যে কথা। সে সাঁতার জানে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাডেল করে সাইকেল চালাতে পারে। ইংরিজি কাগজ পড়ে খেলার খবর বুঝতে পারে, তবু কেউ তাকে পুরোপুরি মানুষ হিসেবে স্বীকার করে নিতে চায় না।
তার একটা ভালো নামও আছে, তার পুরো নাম পরেশচন্দ্র মাইতি। কিন্তু নামটা কেউ মনে রাখে না। লোকেরা তাকে গুটুলি, গুটগুটে, গুলগুলিয়া এই সব যা ইচ্ছে নামে ডাকে। পাড়ার ছেলেরা যখন তখন চাঁটি মারে তার মাথায়। ইস্কুলে উঁচু ক্লাসে ওঠার পর অন্য ছেলেরা তাকে এমন জ্বালাতন—পোড়াতন করতো যে সে ইস্কুলে পড়াই ছেড়ে দিল।
এমনকি গুটুলির ছোট ভাই বীরেশ, যার বয়েস ষোলো বছর, সেও তাকে দাদা বলে মানতে চায় না। যখন তখন হুকুম করে।
গ্রামের ছেলেদের অত্যাচারে গুটুলি এক এক সময়ে কেঁদে ফেললেও কেউ তাকে দয়া করে না, সবাই হাসতে শুরু করে তখন। কাঁদলে নাকি তার চেহারাটা আরও মজার দেখায়। সবাই তাকে আরও কাঁদাবার চেষ্টা করে।
এখন আর গুটুলি কাঁদে না। মনে মনে সকলের ওপর তার বিষম রাগ। গায়ের জোরে পারবে না জেনেও এক একদিন সে বড়সড় কোনো ছেলের দিকে রাগ করে তেড়ে যায়, পেটে ঘুষি মারে। তাতেও সবাই হাসতে হাসতে বলে, বামন ক্ষেপেছে! বামন ক্ষেপেছে! তারপর দু’তিন জন গুটুলিকে চ্যাংদোলা করে তুলে জলে ফেলে দেয়।
গুটুলি একা একা কোনো জায়গায় বসে মনে মনে বলে, একদিন সব প্রতিশোধ নোবো! একটা কোনো মন্ত্র পেয়ে আমার এমন গায়ের জোর হয়ে যাবে যে সবাই আমার কাছে মাথা নিচু করে থাকবে। তখন সবাই বুঝবে!
গুটুলিকে খুব ভালোবাসে তার মা। গুটুলিকে কেউ মারধোর করলে বা খোঁচালে মা তাড়াতাড়ি এসে তাকে ঘরে নিয়ে যায়। গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে বলে, নারে লক্ষ্মীসোনা, কাঁদিস না! তুই একদিন ঠিক বড় হয়ে উঠবি। চেহারায় না হোস গুণে বড় হবি অন্যদের থেকে। তখন আর কোনো দুঃখ থাকবে না!
গুটুলির যখন একুশ বছর বয়েস, তখন মাত্র দু’দিনের অসুখে ভুগে তার মায়ের মৃত্যু হলো। ছোটবেলা থেকেই গুটুলি তার বাবাকে দেখেনি। পৃথিবীতে তাকে ভালোবাসার আর কেউ রইল না।
গুটুলি অঙ্ক আর হিসেবপত্তর ভালো জানে বলে পাশের গ্রামের একটা মুদিখানায় চাকরি পেল। এই কাজে তো গায়ের জোর লাগে না, বসে বসে জিনিস—পত্র মাপা আর ঠিকঠাক দামের হিসেবপত্তর বুঝে নেওয়া। প্রথম প্রথম নতুন লোকেরা তাকে ছেলেমানুষ ভেবে ঠকাবার চেষ্টা করতো, কিন্তু সর্ষের তেলের কিলো আঠারো টাকা হলে দেড়শো গ্রামের দাম কত হয় তা গুটুলি এক মুহূর্তে বলে দিতে পারে। দু’টাকা বাষষ্টি পয়সার জিনিস কিনলে কুড়ি টাকার নোটে কত ফেরত দিতে হবে তা গুনতে তার একটুও ভুল হয় না।
দোকানের মালিক গুটুলির কাজে খুশিই ছিল। ওই দোকান ঘরেই গুটুলি রাত্তিরে শোয়, মালিকের বাড়ি থেকে তার জন্য দু’বেলা খাবার আসে।
এই রকম ভাবে কয়েক মাস বেশ চলছিল। কিন্তু এই সুখও গুটুলির ভাগ্যে বেশিদিন সইলো না।
একদিন দোকানের মালিক জিনিপত্র কিনতে শহরে গেছে। গুটুলি একাই দোকান চালাচ্ছে। সন্ধেবেলা দামোদর নামে একটা লম্বা মতন লোক এসে গুটুলিকে হাতছানি দিয়ে দোকানের বাইরে ডেকে বললো, এই বিটলে পাঁচটা টাকা রোজগার করতে চাস?
গুটুলি বললো, আমার নাম বিটলে নয়। আমি কারুর টাকাও চাই না!
দামোদর বললো, ও ভুল হয়েছে, তোর নাম গুটলে তাই না?
গুটুলি বললো, আমার নাম পরেশচন্দ্র মাইতি।
দামোদর বললো, ভাগ! এইটুকু চেহারার অতবড় নাম? যা বলছি তাই শোন! খবর পেয়েছি, আজ আর তোর ওই দোকানের মালিক শহর থেকে ফিরবে না। মাঝরাত্তিরে তুই দোকানের দরজা ভেতর থেকে খুলে দিবি। সে জন্য তুই পাঁচ চাকা পাবি।
গুটুলি মানুষ দেখলেই চিনতে পারে, সেইজন্য সে আগে থেকেই জানে যে ওই দামোদর একটা চোর কিংবা ডাকাত। ওর হাত থেকে বাঁচবার একটা উপায় করতে হবে।
সে বললো, দরজার অনেক উঁচুতে তালা। সেখানে আমার হাত যায় না। আমি কী করে দরজা খুলবো?
দামোদর বললো, মালিক না থাকলে তালা লাগায় হারাধন। তারপর চাবি থাকে তোর কাছে। সে খবর আমরা রাখি। তুই হারাধনকে বলবি তোর হিসি পেয়েছে, বাইরে যেতে হবে। ওকে চাবি দিয়ে বলবি তালা খুলে দিতে। তারপর আমরা যা করবার করবো!
গুটুলি বললো, তারপর মালিক এসে যখন আমাকে জিজ্ঞেস করবে যে তালা খোলার চাবি দিল কে?
দামোদর বললো, আমরা তোর হাত—পা বেঁধে রেখে যাবো। তা হলে তার নামে দোষ পড়বে না। সব দোষ পড়বে হারাধনের নামে, বুঝলি? মনে থাকে যেন। ঠিক রাত্তির সাড়ে বারোটায়।
গুটুল আর কিছু না বলে দোকানে ফিরে এলো। হারাধন নামে যে একজন দোকানে কাজ করে, সে বোকা—সোকা মানুষ। সেও এই দোকানে শোয়। মালিকের বাড়ি থেকে সে—ই গুটুলির জন্য খাবার এনে দেয়।
সেদিন খাওয়া—দাওয়ার পর গুটুলি বললো, হারাধনদা, আজ রাত্তিরটা খুব সাবধানে থেকো। সারা রাত কিছুতেই দরজা খুলবে না। কেউ এসে দরজায় খুটখাট করলেই আমরা দু’জনে মিলে খুব চ্যাঁচাবো, যাতে পাড়ার লোক ছুটে আসে। দু’জনকেই জেগে থাকতে হবে।
এই কথা বললো বটে, কিন্তু একটু পরেই ঘুমে টেনে এল গুটুলির চোখ। সে কিছু বুঝবার আগেই গভীর ঘুমে ঢলে পড়লো।
গুটুলির ঘুম ভাঙলো অনেক লোকের গোলমালে। ধড়মড় করে উঠে বসেই সে দেখলো সকাল হয়ে গেছে। দোকান একেবারে ফাঁকা, সব কিছু চুরি হয়ে গেছে। এক পাশে পড়ে আছে হারাধন, তার হাত—পা—মুখ বাঁধা। দোকানের সামনে অনেক লোক ভিড় করে আছে।
গুটুলির খাবারের মধ্যে যে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল, তা সে নিজেই বুঝতে পারেনি। হারাধনকে যতটা বোকা—সোকা সে ভেবেছিল, ততটা সে নয়। মানুষ চেনা অত সহজ নয়।
গুটুলির কথা কেউ বিশ্বাস করলো না! সবাই ভাবলো, গুটুলিই চোরদের সঙ্গে ষড়যন্ত্র করে দরজা খুলে দিয়েছে। দোকানের মালিক ফিরে এসে ধপাধপ করে মারতে লাগলো তাকে। কেউ বললো পুলিশে দাও! কেউ বললো, বেঁটের গাঁটে গাঁটে শয়তানি বুদ্ধি!
শেষ পর্যন্ত পুলিশে দেওয়া হলো না বটে কিন্তু দোকানের মালিক তাড়িয়ে দিল তাকে গ্রাম থেকে।
গ্রামের বাইরে একটা তালগাছের নিচে দাঁড়িয়ে গুটুলি প্রতিজ্ঞা করলো, একদিন সে ফিরে এসে প্রতিশোধ নেবে। ওই দামোদর, হারাধন, দোকানের মালিক কারুকে ছাড়বে না!
দুই
মনের দুঃখে বনে চলে গেল গুটুলি।
তা বনে যাওয়াও কি সোজা? জনমানবহীন সেরকম ঘন জঙ্গলও তো আজকাল বেশি নেই। নিজের গ্রাম আর পাশের দু’তিনখানা গ্রাম ছাড়া আর কোথাও কখনো সে যায়নি। তবু গুটুলি ঠিক করেছিল সে আর কোনোদিন নিজের গ্রামে ফিরে যাবে না। মানুষের হাতে অপমান আর অত্যাচার সহ্য করার চেয়ে বনে গিয়ে বাঘ—সিংহের পেটে যাওয়া ভালো।
গ্রামের বাইরে মাঠের শেষে যেখানে আকাশ এসে মিশেছে সেই দিকে হাঁটতে শুরু করে দিল সে। একটার পর একটা মাঠ পেরিয়ে যায় তবু আকাশ কাছে আসে না।
মাঠ পেরিয়ে গ্রাম আসে, কিন্তু গুটুলি কোনো গ্রামে ঢোকে না। সে আর কোনো মানুষকে বিশ্বাস করে না। তার চেহারা ছোট, তার গায়ে জোর নেই বলে কেউ তাকে গ্রাহ্য করে না। কিন্তু তার বুদ্ধি আছে।
বনে গিয়ে গুটুলি তপস্যা করবে। আগেকার দিনে মুনি—ঋষিরা তপস্যার জোরে দেবতাদের কাছ থেকে কত রকমের বর পেয়েছে। একালেও বা সেরকম হবে না কেন? গুটুলি এমন কঠোর তপস্যা করবে যে কোনো না কোনো দেবতাকে আসতেই হবে। সে লম্বা হবার বর চাইবে।
ঠিক মতন খাওয়া নেই, ঘুম নেই, বিশ্রাম নেই—গুটুলি হাঁটতেই লাগলো। সে পরে ছিল একটা খালি হাফ প্যান্ট আর কলার দেওয়া নীল গেঞ্জি। প্যান্ট ছিঁড়ে গেল ফালাফালা হয়ে, ধুলো কাদা মেখে গেঞ্জিটা এমন হলো যে রং চেনাই যায় না। খুব তেষ্টা পেলে সে নদীর জল খায়, খিদে পেলে কবে সে ভালো ভালো খাবার খেয়েছে সে সব কথা চিন্তা করতে করতে তেঁতুল গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খায়।
এইভাবে কতদিন কেটে গেল কে জানে। এক সময় গুটুলি একটা জঙ্গল দেখতে পেল। প্রথমে জঙ্গলটা পাতলা পাতলা, এখানে ওখানে কয়েকটা করে গাছ। কাছাকাছি কিছু লোকের বাড়ি—ঘরও আছে কিন্তু যতই সে ভেতরে ঢুকতে লাগলো ততই জঙ্গলটা খুব গভীর। গুটুলি আরও ভেতরে যেতে চায়, যেখানে কোনো মানুষজন যায় না। দিনের বেলা জঙ্গলে প্রায় কোনো সাড়া—শব্দ থাকে না। সন্ধের পরই জঙ্গল যেন জেগে ওঠে। ডাকতে থাকে অসংখ্য ঝিঁঝি—পোকা। শুকনো পাতার ওপর খসখস, সরসর শব্দ হয়। ঘুটঘুটে অন্ধকারের মাঝে মাঝে দেখা যায় আলোর ফুটকি, সেগুলি জোনাকি না বাঘ—ভাল্লুকের চোখ তা বোঝার উপায় নেই।
গুটুলি খুব একটা ভয় পেল না। সে তো জানেই বনে অনেক বিপদ আছে। কিন্তু বনে অপমান নেই।
অন্ধকারের মধ্যে আন্দাজ আন্দাজে একটা গাছ খুঁজে নিয়ে গুটুলি সেই গাছ বেয়ে উঠে গেল ওপরের একটা মোটা ডালে। তারপর সেখানে বসে রইলো। প্রথম রাতটা এই ভাবে কাটুক, তারপর কাল সকালের আলোয় বনটা ভালো করে দেখে নিতে হবে। একটা নিরাপদ থাকার জায়গা পাওয়া যাবেই। খিদেয় তার পেট জ্বলে যাচ্ছে, কিন্তু গুটুলি ভাবলো জঙ্গলে কত রকমের ফলের গাছ থাকে, কাল দিনের বেলা কিছু জুটে যাবেই।
মাঝে মাঝে গাছের তলায় কী সব জন্তু যেন দৌড়ে যাচ্ছে। খরগোশ, হরিণ কিংবা চিতাবাঘও হতে পারে। একবার ধপ ধপ শব্দ করে কী যেন হেঁটে গেল। হাতি নাকি? আওয়াজটা ঠিক মানুষের হাঁটার মতন। কিন্তু মানুষ হাঁটলে তো অত জোরে শব্দ হয় না!
একবার গুটুলির উরুর ওপর কী যেন একটা ঠাণ্ডা লাগলো। তারপর ফোঁস ফোঁস শব্দ। নিশ্চয়ই সাপ। গুটুলি জানে সাপকে বিরক্ত না করলে সাপ সহজে কামড়ায় না। সে নিশ্বাস বন্ধ করে বসে রইলো। সাপটা চলে গেল তার গায়ের ওপর দিয়ে।
রাত শেষ হয়ে যেই ভোরের আলো ফুটলো, অমনি বদলে গেল সব কিছু। দিনের আলোয় বনের মধ্যে একটুও ভয় থাকে না। কতরকম ফুল ফুটেছে, কত পাখি ডাকছে। পাখিগুলো যে এদিক থেকে ওদিক উড়ে যাচ্ছে তার মধ্যেই যেন কত আনন্দ।
গুটুলি গাছ থেকে নেমে জঙ্গলের মধ্যে অনেকটা জায়গা ঘুরে দেখলো। এক জায়গায় অনেকগুলো জাম গাছ। সেই সব গাছ একেবারে কালোজামে ভরে আছে। সেই কালোজাম খেয়েই পেট ভরিয়ে ফেললো সে। তারপরেই দেখলো আর কয়েকটা বাতাবি লেবুর গাছ। গুটুলি ভাবলো, থাক, ওগুলো বিকেলে খাওয়া যাবে।
এই জঙ্গলের মধ্যে ছোট ছোট পাহাড়ও আছে। এক জায়গায় পাশাপাশি দুটো ছোট ছোট টিলা, নরম ঘাসে ঢাকা। একটা টিলার গায়ে একটা গুহার মতন রয়েছে। ওখানে অনায়াসে রাত্তিরে থাকা যাবে। জায়গাটা গুটুলির বেশ পছন্দ হলো।
এইবার আসল কাজ করতে হবে। একটা গাছের তলায় সে বসলো গুছিয়ে। সামনেই অন্য টিলাটার মাথায় সূর্য উঠেছে। হাওয়া দিচ্ছে মিষ্টি মিষ্টি। জ্ঞান হবার পর থেকে গুটুলির এত ভালো আর কোনো দিন লাগেনি।
হাতজোড় করে সে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, হে ঠাকুর দেখা দাও! আমি মন্ত্র জানি না। কী করে তপস্যা করতে হয় তা জানি না। তবু একবার দেখা দাও! আমি বেশি কিছু চাইবো না, শুধু একটাই জিনিস চাইবো…
এই কথাগুলোই সে বলতে লাগলো বারবার। এক সময় তার চোখ বুজে এলো।