
জুজুমারার বাঘ
বুদ্ধদেব গুহ
০১.
ওড়িশার সম্বলপুর শহর থেকে মহানদীর অন্য পাশে একটি পথ গভীর জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে রেঢ়াখোল। রেঢ়াগোল হয়ে আরও এগিয়ে গেলে পৌঁছনো যায় বড়কেরাছক হয়ে অঙ্কুলে। এটি ওড়িশার একটি বিখ্যাত বনাঞ্চল।
এই অঙ্গুল ডিভিশনেরই অধীনে পুরানাকোট, বাঘমুণ্ডা, টুকা, লবঙ্গী ইত্যাদি বিভিন্ন ফরেস্ট ব্লক। ঋজুদার দৌলতে এই সবের মধ্যে অনেক জায়গাতেই যাওয়ার সুযোগ আমার, তিতিরের এবং ভটকাইয়েরও হয়েছিল। তবে ওড়িশার এদিকটাতে আগে ঋজুদা যদিও এসেছিল, আমরা কেউই আসিনি।
সম্বলপুর শহরের নাম সমলেশ্বরীর মন্দিরেরই নামে। মস্ত বড় সাদারঙা মন্দির। সম্বলপুরের রাজারাই সমলেশ্বরীর এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মা দুর্গারই আরেক নাম সমলেশ্বরী। কটক শহরে আবার এই দেবীরই নাম চণ্ডী। কটকচণ্ডীর মন্দির বিখ্যাত সেখানে যে পথে কটকের মন্দির সেই পথের নামই মন্দিরের নামে কটকচণ্ডী রোড।
কটক শহরের রাস্তাঘাটের নামগুলো অদ্ভুত অদ্ভুত। তবে প্রত্যেকটি নামেরই মানে আছে। একটি পথের নাম বজ্ৰকপাটি রোড।
কটক শহর খুবই প্রাচীন শহর তো। প্রাচীন তার ঐতিহ্য। কলকাতা শহরের মতো স্বল্পদিনের এবং সর্বজ্ঞদের শহর নয় কটক।
সম্বলপুরের কাছেই কোল ইন্ডিয়ার সাবসিডিয়ারি কোম্পানি মহানদী কোলফিল্ডস-এর সদর দপ্তর। ঋজুদার কী কাজ ছিল মহানদী কোলফিল্ডস-এর ম্যানেজিং ডিরেক্টর শর্মা সাহেবের সঙ্গে। আমরা কলকাতা থেকে ট্রেনে গিয়ে ঝাড়সুগদাতে নেমে সেখান থেকে চমৎকার মসৃণ এবং চওড়া রাউরকেলা-সম্বলপুর এক্সপ্রেসওয়ে হয়ে মহানদী কোলফিল্ডস-এর গেস্ট হাউসে গতকাল সকালেই এসে পৌঁছেছিলাম। চমৎকার গেস্ট হাউস। এয়ারকন্ডিশনড। খাওয়া-দাওয়া চমৎকার।
গতকাল সারাদিন ঋজুদা কাজ সেরেছে। তাই আজ সকালেই গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্টের পরে, অঙ্গুলে যাব বলে। কিন্তু দুপুরবেলা জুজুমারা আর চারমল-এর মাঝামাঝি হাইওয়ের উপরের একটি ধাবাতে খাওয়া সেরে বেরোবার দশ মিনিট পরেই দেখা গেল গাড়ির ব্যাটারি চার্জ দিচ্ছে না। আসলে, চার্জ দিচ্ছিল না অনেকক্ষণ আগে থেকেই। না ড্রাইভার, না সামনের সিটে বসা ঋজুদা তা নজর করেছিল। গাড়ি থামিয়ে বনেট খুলে দেখা গেল যে দোষ ব্যাটারির নয়, অ্যাম্বাসাডর গাড়ির আর্মেচারই পুড়ে গেছে।
ড্রাইভার ত্রুষ্ণ দাস গোমড়ামুখে বলল, আর্মেচার সারাবার মতো মিস্ত্রি ওখানে এক রেঢ়াখোল ছাড়া অন্য কোথাওই নেই। তাই তাকে বাস বা ট্রাকে করে যেতে হবে আর্মেচার নিয়ে রেঢ়াখোল-এ। এই বিয়াল্লিশ নম্বর ন্যাশনাল হাইওয়ে ধরেই।
যদিও মে মাসের শেষ, কিন্তু বৃষ্টি নেমে গেছে। সারা পৃথিবীর আবহাওয়াই ওলট-পালট হয়ে গেছে আমাদের অসীম লোভে। এই অন্যায়ের গুণাগার আমাদের তো গুনতে হবেই। আমাদের ছেলেমেয়েদেরও হবে।
ঋজুদা সব সময়েই বলে একথা।
ত্রুষ্ণ অঙ্গুলগামী বাসে চড়ে চলে গেছে কিছুক্ষণ আগে, পাকা তাল-এর মতো দেখতে, তামার তার জড়ানো ভীষণ ভারী আর্মেচারটি দু’হাতে বয়ে নিয়ে কোঁত দিতে দিতে বাসে উঠে। এখন আমাদের কতক্ষণ হা কৃষ্ণ! হা কৃষ্ণ!’ করে প্রাণভোমরাহীন গাড়িতে বসে থাকতে হবে, তা কে জানে। ত্রুষ্ণ বলে গেছে, তার ফিরতে দু’ ঘণ্টাও হতে পারে আবার রাতও হয়ে যেতে পারে। অতএব…
সামনে-পিছনে এবং দু’পাশেই অত্যন্ত গভীর জঙ্গল কত বর্গকিলোমিটার হবে তা জানি না। তবে শ পাঁচেক কিলোমিটার তো হবেই স্বচ্ছন্দে। তার মধ্যে-মধ্যে নানা পাহাড়শ্রেণী। স্থানীয় লোকেরা বলে ‘পর্বত। ধাবাতে খেতে খেতে শুনছিলাম। আর কত বিচিত্ৰই না তাদের নাম সব। সাগমুলিয়া-গড়াখুল, বনতুলে-খকর, রেঙ্গানিকানি, যসুয়া–এই রকম। পর্বত বলে, কারণ আসল পর্বত, যেমন গাড়োয়াল বা কুমায়ুন বা সিকিমের হিমালয় তো দেখেনি এরা চর্মচোখে। তাই তিলকেই তাল মনে করে।
ঋজুদা বলল, আমরা জনবসতির খুব দূরে নেই। জুজুমারার থেকে একটুই এসেছি। চারমল পেরিয়ে পৌঁছতে হবে রেঢ়াখোলে।
জুজুমারা!
কী নামরে বাবা।
ভটকাই স্বগতোক্তি করল।
তিতির বলল, শেকসপিয়ার তো পড়নি তুমি ভটকাই। শেকসপিয়ার বলেছিলেন, ‘হোয়াটস ইন আ নেম।
শেকসপিয়ার তো আমি পড়িনি, তুমি কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা তারাশঙ্কর বা মানিক বন্দ্যোপাধ্যায় পড়েছ? রবীন্দ্রনাথও কি পড়েছ ভাল করে?
ঋজুদা বলল, এই শুরু হল তোদের খুনসুটি! তার পরে বলল তিতিরকে, শেকসপিয়ারের কথা বললি তুই তিতির, তাই মনে পড়ে গেল, ছেলেবেলায় বাংলা বইয়েতে শেকসপিয়ারের উল্লেখ থাকত ‘শেক্ষপিয়ার’ বলে আর জার্মান দার্শনিক ম্যাক্সমুলারের উল্লেখ থাকত ‘মোক্ষমুলার’ বলে।
আমরা হেসে উঠলাম ঋজুদার কথাতে।
ভটকাই বলল, কেন?
–কেন? তা কী করে বলব। তখন মানুষের ইংরেজি-জ্ঞান কম ছিল। পরাধীন ভারতে ইংরেজির যা পরাক্রম ছিল, স্বাধীন ভারতে তার চেয়ে একশো গুণ বেশি। তবে যে যেটুকু জানতেন তা তিনি ভালভাবেই জানতেন। এতকিছু জানতে গিয়ে সব গুবলেট করে ফেলেনি মানুষ। তাঁরা বাংলা জানতেন ভাল করে। তাঁদের মধ্যে ইংরেজি জানতেন খুব কম মানুষই। সে কারণেই হয়তো এমন সীমাবদ্ধতা দেখা যেত। তবে একথাও বলব যে, তখন রুই-কাতলার রাজত্ব ছিল, আজকের মতো খলসে আর পুঁটি ফরফর করে বেড়াত না চারদিকে।
তাই?
অবাক হয়ে বলল তিতির।
আমি প্রসঙ্গ বদলে বললাম, ঋজুদা এ অঞ্চলে তুমি কখনও শিকার করোনি?
বলতে গেলে, না-ই। এ অঞ্চলের গল্প শুনতাম কটকের চাঁদুবাবু আর অঙ্গুলের বিমলবাবুর কাছে। এইসব জঙ্গলের রোমহর্ষক সব গল্প বলতেন চাঁদুবাবু। গণ্ডার এবং বুনোমোষ ছিল না অবশ্য। কিন্তু হাতি, বাঘ, বাইসন মানে গাউর, চিতা, ভয়াবহ সব ভাল্লুক, ইয়া ইয়া দাঁতের বড়কা বড়কা শুয়োর, তোর কাঁধ সমান উঁচু কাঁটা ঝনঝনানো শজারু, নানা জাতের হরিণ এবং অ্যান্টেলোপ, ময়ূর, মুরগি, সবুজ হরিয়াল, গাঢ় নীলরঙা রক-পিজিয়ন, বড়কি এবং ছুটকি ধনেশ, ওড়িশাতে যাদের বলে কুচিলা-খাঁই এবং ভালিয়া-খাঁই।
তিতির বলল, মানে, গ্রেটার এবং লেসার হর্নবিল বলছ ঋজুকাকা?
-হ্যাঁ।
তবে এখানে ওদের এরকম অদ্ভুতুড়ে নাম কেন?
হোমিয়োপ্যাথিক ওষুধ নাকসভোমিকার ফল যে গাছে হয় তাদের ওড়িয়াতে বলে কুচিলা। আর ওই কুচিলা খুব ভালবেসে খায় এবং শীতকালে যখন সে গাছে ফল আসে তখন বড়কি ধনেশরা ওই গাছেতেই আড্ডা গাড়ে বলেই তাদের ওরা নাম দিয়েছে কুচিলা-খাঁই। ভালিয়াও এক রকমের গাছই। তবে কুচিলা গাছেদের চেয়ে অনেক ছোট হয় সে গাছ। পাহাড়ি এলাকাতে ঘন বনের মধ্যেই হয় এইসব গাছ। ছোটকি ধনেশ ভালিয়া ফল খেতে ভালবাসে বলেই ওদের নামও ভালিয়া-খাঁই। মানে, ভালিয়া খায় আর কী!
তবে কি আমার নাম হওয়া উচিত ছিল পান্তুয়া-খাঁই?
আমরা সবাই হেসে উঠলাম ভটকাইয়ের কথা শুনে।
তিতির বলল, সত্যি! তুমি যে কত্ব জানো ঋজুকাকা!
ঋজুদা হেসে বলল, ইয়ার্কি হচ্ছে? একটু-আধটু জানা ভাল কিন্তু কেউ যদি সর্বজ্ঞ হয়ে যায় তবেই বড় বিপদ। প্রার্থনা করিস ঈশ্বরের কাছে, তা যেন কখনও না হই।
তারপরই বলল, বৃষ্টি তো থেমে গেছে। চল আমরা গিয়ে আম কুড়োই। পরে নুন-লঙ্কা জোগাড় করে রেলিশ করে খাওয়া যাবে।
পথের দু পাশে মস্ত মস্ত প্রাচীন আমগাছ আর প্রত্যেকটাই আমে ভরে আছে। মে মাসের শেষ। এখানে পৌঁছবার আগে দেখে এসেছি যে, গ্রামের কাছাকাছি সব জায়গাতে পথ-পাশের আমতলিতে ছোট-বড় অনেকেই আম পাড়তে আর আম কুড়োতে ব্যস্ত। অনেকে গাছে উঠেও পাড়ছে আম। দেখেছিলাম। অনেকে আবার জমিতে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে অথবা আঁকশি দিয়েও পাড়ছে। এখানে কাছাকাছি জনবসতি নেই বলেই গাছতলিতে মানুষ নেই। বৃষ্টি থামার পরে নানা রকম পাখি ডাকছে দু’ পাশের বন থেকে। যে-পাখিটা রাতের বেলা ভুতুড়ে গলাতে গুব-গুব গুব গুব করে ডাকে সে এই ভর দুপুরেই ডাকতে আরম্ভ করেছে। পাখিটার নাম জানতে হবে ঋজুদার কাছ থেকে।
তিতির বলল, ঋজুকাকা তোমার মধ্যে একজন চিরশিশু আছে বলেই তোমাকে আমাদের এত ভাল লাগে। তুমি বুড়ো হলে কখনও আম কুড়োবার কথা বলতেই পারতে না।
ঋজুদা বলল, এইটাই তো আমার রোগ। মহারোগ। বুড়ো আমি ইচ্ছে করলেও কোনওদিনও হতে পারব না। হয়তো পক-কেশ, লোলচর্ম হয়ে যাব কোনওদিন, হয়তো কেন, অবশ্যই হব, কারণ সকলেই হয়, কিন্তু ভিতরে ভিতরে ছেলেমানুষটিই থাকব। আঠারোই আমার চিরকালীন বয়স। সে বয়স আর বাড়বে না কোনওদিনও।
ভটকাই বলল, তাই থেকো, তাই থেকো, এভার গ্রিন।
আমি বললাম, আমরা রবীন্দ্রনাথের ফাল্গুনীর নবযৌবনের দল’ হয়েই থাকব চিরটা কাল।
ঋজুদা বলল, তাই যেন থাকি।
অনেকগুলো আম কুড়োনো হয়ে গেলে একটা মস্ত আমগাছের নীচের বড় বড় কালো পাথরের উপরে আমরা গিয়ে ছড়িয়ে বসলাম উপরে নীচে। পাথরগুলো ভিজে ছিল। ভটকাই বুদ্ধি করে গিয়ে গাড়ির গ্লাভসবক্স খুলে হলুদ আর লাল কাপড় নিয়ে এসে পাথরগুলো ভাল করে মুছে দিল।
ঋজুদা একটা বড় পাথরে বসে পাইপটা ধরাল। এখন প্রায় আড়াইটে বাজে। দুপুর। বৃষ্টি থেমে গেলেও আকাশের মুখ ভার। মনে হচ্ছে যে-কোনও সময়েই আবার কেঁদে উঠতে পারে।
ভটকাই কাপড়গুলো গাড়িতে রেখে এসে ঋজুদাকে বলল, ঋজুদা, রুদ্র যে জিজ্ঞেস করল তোমাকে এই অঞ্চলে শিকারের কথা, তা তুমি তো কথাটা চেপেই গেলে।
চেপে গেলাম মানে?
–চেপে গেলে না? বললে, বলতে গেলে, না-ই। তার মানেটা কী হল? এরকম ঘোরপ্যাঁচের কথা তো বলে কমিউনিস্টরা। তুমিও কি কমিউনিস্ট?
কম অথবা বেশি, আমি কোনও অনিষ্টর মধ্যেই নেই। যারাই দেশের দশের ভাল করবে আমি তাদেরই দলে। সে ভাল, যে দলই করুক না কেন?
–এই ভটকাই। তুই ওকালতি পড়। তোর হবে। এমন জেরা তো ফৌজদারি আদালতের উকিলও করে না রে!
ফাজিল ভটকাই বলল, হাঃ হাঃ। এই লাইফটাই তো একটা ফৌজদারি আদালত।
আমরা সকলেই ওর কথাতে হেসে উঠলাম।
ঋজুদা বলল, রুদ্র ভট্রাইকে ধরে এবারে একটু চটকে দে তো।
মাঝে মাঝে, তবে বেশ অনেকক্ষণ বাদে বাদে এক একটি বাস বা ট্রাক বা প্রাইভেট গাড়ি আসছিল বা যাচ্ছিল জলভেজা মসৃণ পথের উপর ছিপছিপছিপ শব্দ তুলে। যানবাহন খুবই কম। এখনও শান্তি আছে কোথাও কোথাও। জেনে ভাল লাগে।
এই কদিন আগেই কাগজে পড়ছিলাম যে, এই পথেই অঙ্গুল থেকে সম্বলপুরে আসার সময়ে একটি যাত্রীবোঝাই বাসের গায়ে একটি একরা-বাইসন গুঁতো মেরে বাস-এর গায়ে ফুটো করে দিয়েছে। পুরো অঞ্চলটাই ঘন বনাবৃত নানা পাহাড়শ্রেণীর পাহারাতে, নানা নদী-নালার মালাতে এখনও বেশ আদিম আদিম আছে। বনের গাছগাছালির অধিকাংশও আদিম। বনবিভাগের লাগানো প্ল্যানটেশন নয়।
কী হল ঋজুদা? বলো। বলতে গেলে না-ই’-এর ব্যাখ্যা কিন্তু তুমি এখনও দিলে না।
ভটকাই বলল।
–হ্যাঁ।
ঋজুদা বলল।
তারপর বলল, আমাদের পেছনে ফেলে-আসা জুজুমারার একটু আগে রেঙ্গানিকানি নামের একটি পাহাড়শ্রেণী আছে। তারই পাদদেশের ঘন জঙ্গলের লাগোয়া গ্রামে একটি cattle-lifter মেরেছিলাম বহু বছর আগে। মেরেছিলাম মানে, মারতে বাধ্য হয়েছিলাম। তাই বলেছিলাম শিকারের কথায়, বলতে গেলে না-ই।
বাধ্য হয়েছিলে মানে?
-মানে, নিজেই জিপ চালিয়ে যাচ্ছিলাম সম্বলপুর থেকে অঙ্গুল। জুজুমারার আগে হঠাৎই একটি আত্মহত্যাকামী ব্যর্থ-প্রেমিক বোকাপাঁঠা জিপকে বাইসনের মতো ঢু মারতে গিয়ে পা পিছলে চাকার নীচে পড়ে গিয়ে মারাত্মক রকম আহত হয়। সেই সময়টাতে আমি বামরাতে শাল জঙ্গলের ঠিকা নিয়ে জঙ্গলেই ক্যাম্প করে থাকি। সঙ্গী বলতে আমার সেবাদাস হাবা-গোবা কিন্তু নিজেকে সুপার ইনটেলিজেন্ট ভাবা, আতুপাতু ধল্ব। আমার কুক-কাম-ড্রাইভার-কাম-মুহুরি কা