
ছিদামের পাদুকা পুরাণ
হেমেন্দ্রকুমার রায়
ছিদামের পাদুকা পুরাণ
| হেমেন্দ্রকুমার রায় | |
| juvenile literature |
Posted byশিক্ষা সাথী22-Jan-2026
Change color
বেচারি ছিদাম! ভগবান তাকে রূপও দেননি৷ জাতে ছিল সে কুমোর, সারাদিন বসে বসে হাঁড়ি-কুড়ি গড়াই ছিল তার ব্যাবসা৷
ছিদামের বউ থাকোমণির মুখ যদি একটু মিষ্টি হত, তাহলেও ছিদাম বরং কতকটা খোশমেজাজে থাকতে পারত৷ কিন্তু ভগবান তার কপালে সে আরামটুকুও লেখেননি৷
গায়ে গয়না পরতে পায় না বলে থাকোমণি উঠতে বসতে বরের সঙ্গে গায়ে পড়ে কোঁদল করে৷ যখন তখন গঞ্জনা দিয়ে বলে, ‘যার এক পয়সা ট্যাঁকে নেই, তার আবার বিয়ে করার আম্বা কেন?’
ছিদামও বুঝত, তার মতন লোকের পক্ষে, বিয়ে করার আম্বাটা হচ্ছে কাঙালের ঘোড়ারোগের মতো৷ তাই সে ঘাড় হেঁট করে, বোবা-কালা ইস্কুলের ছেলের মতন একেবারে চুপ হয়ে বসে থাকত৷
কিন্তু সেদিন তার ভালোমানুষিও থাকোমণির ধারে আর সইল না৷ মুখ বেঁকিয়ে হাত নেড়ে সে বলল, ‘দেখো, তুমি এই লক্ষ্মীছাড়া ব্যাবসাটা ছাড়বে কি না আমাকে আজ স্পষ্ট করে খুলে বলো!’
ছিদাম আশ্চর্য হয়ে বলল, ‘সে কী বউ, জাত ব্যাবসা ছাড়লে যে পেটে দুটো ভাতও জুটবে না! তখন করব কী? ভিক্ষে?’
থাকো বলল, ‘বুদ্ধির ছিরি দেখো না! পোড়া কপাল, ভিক্ষে করতে যাবে কেন? তুমি জ্যোতিষী হবে-লোকের হাত দেখে টাকা আনবে৷’
ছিদাম ভয়ানক চমকে উঠে, কপালে চোখদুটো তুলে বলল, ‘জ্যোতিষী? আমি কুমোরের ছেলে, আমি হব জ্যোতিষী? সে যে দুর্বোঘাসে পাকা লাঠি! বউ, তুমি বলো কী? তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো?’
থাকো বলল, ‘আমি ঠিক কথাই বলছি৷ ওই দেখো না কেন, পাড়ায় হরি মুকুয্যে জ্যোতিষী হয়ে কত টাকা রোজগার করে, আর তার বউ গায়ে কত গয়না পরে!’
ছিদাম বলল, ‘কিন্তু আমি মোটেই গুনতে শিখিনি যে৷’
থাকো এবার রেগে চেঁচিয়ে বাড়ি মাত করে বলল, ‘দেখো, তুমি আর আমাকে ফাঁকি দিতে পারবে না৷ যদি জ্যোতিষী না হও, আমি তাহলে আজকেই বাপের বাড়ি চলে যাব৷ তখন কে তোমাকে ডাল-ভাত ছত্রিশ তরকারি রেঁধে খাওয়ায়, তা দেখে নেব৷’
ছিদাম বউকে ভারি ভয় করত৷ কাজেই সে তখন কাঁচুমাচু মুখে আস্তে আস্তে বলল, ‘আচ্ছা, তাহলে আমি না-হয় জ্যোতিষীই হব! কিন্তু গিন্নি, এর চেয়ে মানুষ খুন করাও ঢের সহজ বলে মনে হচ্ছে৷’
জ্যোতিষীরা যে পুথি বগলে করে পথের ধারে বসে থাকে, ছিদাম তা দেখেছিল৷ কিন্তু ছিদাম হচ্ছে জাত কুমোরের ছেলে৷ তার কোনো পুরুষে বই কেনেওনি, পড়েওনি-কাজেই তার ঘরে বই-টই কিচ্ছুই ছিল না৷
ছিদাম তখন বুদ্ধি খাটিয়ে, নিজের ছেঁড়া চটিজুতো জোড়া বেশ করে প্রথমে কাপড়ে জড়িয়ে নিল৷ তারপর পুথির মতন করে সেই জুতোজোড়া বগলে পুরল৷ সেই সঙ্গে কপালে একটা মস্ত তিলকও কাটতে ভুলল না৷
কিন্তু বাড়ি থেকে বেরোতে তার বুকটা ভয়ে দমে গেল৷ শহরের সবাই তাকে চেনে৷ তার এই ভোল ফেরানো দেখলে লোকে বলবে কী?
যাহোক, অনেক করে মনকে বুঝিয়ে-সুঝিয়ে শেষটা সে মরিয়া হয়ে, যা থাকে কপালে বলে পথে বেরিয়ে পড়ল৷ তারপর আকাশের দিকে মুখ তুলে চ্যাঁচাতে লাগল, ‘আমি জ্যোতিষী! আমি জ্যোতিষী! চন্দ্র-সূর্য-গ্রহ-নক্ষত্রের নাড়ির খবর সমস্তই আমার এই পুথিতে লেখা আছে৷’
রাস্তার লোকজনরা সবাই তো হতভম্ব!
কেউ বলল, ‘ছিদামের মাথা খারাপ হয়ে গেছে!’
কেউ বলল, ‘ছিদাম বোধ হয় ঠাট্টা করছে!’
কেউ বলল, ‘ছিদাম, হাঁড়ি-কুড়ি গড়ায় তোমার কি অরুচি ধরে গেছে ভায়া?’
ছিদাম কিন্তু কারুর কথাই আমলে আনল না৷ সে নিজের মনেই গড়গড় করে হেঁকে যেতে লাগল, ‘আমি জ্যোতিষী! আমি জ্যোতিষী!’
ঠিক সেই সময়ে রাজার জহুরি পথ দিয়ে যাচ্ছিলেন৷ প্রথমে তিনি রাস্তার গোলমালে কান পাতলেন না,-কারণ সেদিন তিনি ভারি একটা বিপদে পড়ে অন্যমনস্ক হয়েছিলেন৷ তাঁর ঘরে রাজার একখানা দামি মানিক ছিল, কাল সেখানা চুরি গেছে! এখন রাজা যদি সে-কথা জানতে পারেন, তাহলে তাঁর দশা কী হবে?’
হঠাৎ ছিদামের চিৎকার তাঁর কানে গেল! তিনি অমনি তাড়াতাড়ি তার কাছে এসে বললেন, ‘সত্যিই কি তুমি জ্যোতিষী?’
ছিদাম বুকে ভয়, মুখে সাহস নিয়ে বলল, ‘আজ্ঞে হ্যাঁ হুজুর! আমার এই পাদুকা-পুরাণে ভূত-ভবিষ্যৎ-বর্তমানে একেবারে হাতে ধরা আছে৷’
জহুরি চুপিচুপি বললেন, ‘দেখো আমার ঘর থেকে রাজার মানিক চুরি গেছে৷ সেই মানিক এখন কোথায় আছে যদি তুমি তা বলতে পারো, তাহলে পাঁচ হাজার টাকা বকশিশ পাবে৷ না পারলে জোচ্চোর বলে রাজার কাছে তোমাকে ধরিয়ে দেব৷ কাল সকালে আমার সঙ্গে দেখা করে, তোমাকে সকল কথা বলতে হবে৷’
ছিদামের মাথায় যেন বাজ ভেঙে পড়ল৷ সে বুঝল থাকোমণির কথায় জাল-জ্যোতিষী সেজেই আজ তাকে এই বিষম মুশকিলে ঠেকতে হল৷ আপনাকে সামলাতে না পেরে সে বলে বসল, ‘ছি ছি, মেয়েমানুষ কী ভয়ানক জাত! নিজের স্বামীকে বিপদে ফেলতেও তাদের মনে দয়া হয় না৷ ধিক!’
আসল ব্যাপারটা কী জানো? স্বামীর সঙ্গে ঝগড়া করে তাঁকে জব্দ করবার জন্যেই জহুরির স্ত্রী মানিকখানা লুকিয়ে রেখেছিল৷ জহুরি ভুলেও একবার সে সন্দেহ করেননি! কিন্তু চোরের মন কিনা! তাই জহুরি যখন বাইরে বেরিয়ে গেলেন, তখন তিনি থানায় খবর দেন কি না জানবার জন্যে জহুরির স্ত্রী নিজের এক বিশ্বাসী দাসীকে স্বামীর পিছনে পিছনে পাঠিয়ে দিয়েছিল৷ দাসী এতক্ষণ ভিড়ের ভিতরে লুকিয়ে থেকে ছিদাম আর জহুরির কথাবার্তা শুনছিল৷ কিন্তু ছিদাম যখন বলল, ‘ছি ছি! মেয়েমানুষ কী ভয়ানক জাত’,-দাসী তখন মনে করল, ছিদাম আসল চোরের কথা নিশ্চয়ই জানতে পেরেছে৷ সে আর দাঁড়াল না, একছুটে বাড়িতে ফিরে জহুরির বউকে সব কথা খুলে বলল৷
জহুরির স্ত্রীর বুকের রক্ত যেন শুকিয়ে গেল৷ ভয়ে শিউরে সে বলে উঠল, ‘দাসী, উনি জানতে পারলে যে আর রক্ষে রাখবেন না! জ্যোতিষী নিশ্চয়ই কাল সকালে এসে সব কথা ওঁকে বলে দেবে৷ যা, যা-তুই শিগগির একখানা পালকি ডেকে আন, আমি এখনই জ্যোতিষীর বাড়ি যাব৷’
ছিদাম ততক্ষণে বাড়ি ফিরে এসে, দাওয়ার উপরে মাথায় হাত দিয়ে বসে পড়েছে৷ কাল তাকে জেলে যেতে হবে, এই ভাবনায় এখন থেকেই সে অস্থির হয়ে উঠেছে৷
এমন সময় জহুরির স্ত্রী এসে পালকি থেকে নেমে ‘আমাকে বাঁচাও’ বলে তার পায়ের কাছে আছড়ে পড়ল৷
ছিদাম ভারি আশ্চর্য হয়ে বলল, ‘কে আপনি?’
জহুরির স্ত্রী তখন তাকে সব কথা খুলে বলল৷
শুনে ছিদামের ধড়ে প্রাণ যেন আস্তে আস্তে আবার ফিরে এল৷ সে মস্ত ওস্তাদের মতো মাথা নেড়ে বলল, ‘হুঁ, আমি সব কথা জানতে পেরেছি বটে৷ আপনি আমার কাছে না এলে কাল সকালেই আমি জহুরিমশায়ের কাছে গিয়ে সমস্ত বলে দিতাম৷ আপনি যদি বাঁচতে চান, তবে এখুনি বাড়ি গিয়ে আপনার স্বামীর মাথার বালিশের নীচে মানিকখানা রেখে দিন গে যান৷ নইলে আপনাকে আমি ধরিয়ে দেব৷’
জহুরির স্ত্রী তখন ছিদামকে অনেক টাকা বকশিশ দিয়ে হাঁপ ছেড়ে বাড়ি ফিরে গেল৷
পরের দিন সকালে ছিদাম জহুরির বাড়ি গিয়ে হাজির৷
জহুরি বললেন, ‘কী হে, খবর কী?’
ছিদাম ‘পাদুকা-পুরাণে’র ওপরে হাত বোলাতে বোলাতে তিনবার ফুঁ দিয়ে বলল, ‘হুজুর, মানিক আপনার বালিশের নীচেই আছে৷’
জহুরি অবিশ্বাস করে বললেন, ‘কী! আমার সঙ্গে ঠাট্টা?’
ছিদাম আপনার কাপড়ে মোড়া জুতোজোড়া কপালে ছুঁইয়ে বলল, ‘হুজুর, ছি ছি পাদুকা-পুরাণের কথা মিথ্যে হবার জো কী! পেত্যয় না হয়, আপনি গিয়ে বরং স্বচক্ষে দেখে আসুন৷’
জহুরি অগত্যা বাড়ির ভেতরে গেলেন৷ খানিক পরে আহ্লাদে আটখানা হয়ে ছুটতে ছুটতে ফিরে এসে বললেন, ‘ওঃ, অবাক কারখানা! ছিদাম, তোমার মতো জ্যোতিষী এ রাজ্যে আর কেউ নেই!’
ছিদাম আসল কথাটা তুলে বলল, ‘হুজুর, আমার বকশিশের পাঁচ হাজার টাকাটা-‘
জহুরি বললেন, ‘হ্যাঁ, হ্যাঁ, আলবত! এখুনি আনিয়ে দিচ্ছি৷’
দেশে দেশে জ্যোতিষী ছিদামের নাম ঢাক পিটে গেল৷ কিন্তু যত নাম-ডাক বাড়ে, ছিদামের ভয়ও ততই বাড়তে লাগল৷ কে জানে কোথায় দিয়ে কখন আবার কী বিপদ ঘাড়ের ওপরে এসে পড়বে, তখন কী হবে?
জ্যোতিষীর ব্যাবসাটা ছেড়ে দিতে পারলে ছিদাম হাঁপ ছেড়ে বাঁচতে পারত৷ কিন্তু জহুরির কাছ থেকে বকশিশের টাকা পেয়ে, থাকোমণির লোভ আরও দশগুণ বেড়ে গেছে৷ তার গায়ে অনেক গয়না হয়েছে বটে, কিন্তু তাতে তার আর মন উঠছে না৷ সে এখন প্রকাণ্ড সাতমহলা অট্টালিকায় দাস-দাসী নিয়ে বড়োলোকের গিন্নির মতো থাকতে চায়৷ কাজেই ছিদাম জ্যোতিষীর কাজ ছাড়তে চাইলেই সে-ও শাসিয়ে বলে, ‘তবে চললুম এই বাপের বাড়ি!’
এমনি সময়ে রাজবাড়িতে বিষম এক চুরি হয়ে গেল৷ রাজার মালখানায় চল্লিশ ঘড়া মোহর আর মণিমুক্তো জমা করা ছিল, হঠাৎ একদিন সকালে দেখা গেল ঘড়াগুলো আর ঘরের ভেতরে নেই৷ একদল চোর রাত্তিরে সিঁদ কেটে সেগুলো নিয়ে সরে পড়েছে৷
রাজ্যময় হুলুস্থুল! রাজার বাড়িতে চুরি-সে তো বড়ো সোজা কথা নয়! চারিদিকেই সেপাই-সান্ত্রি ছুটছে-ধর-পাকড় হচ্ছে৷ কিন্তু আসল চোর ধরা পড়ল না, রাজার মেজাজও রেগে চটাং৷ শহর-কোটাল, হাতে মাথা-কাটা যার কাজ, সে চোর ধরতে পারল না বলে রাজার হুকুমে তারই মাথা গেল ঘ্যাচ করে কাটা৷
তারপর মন্ত্রীরাও মাথাটি যখন যায় যায় হয়েছে মন্ত্রী তখন একবার শেষ চেষ্টা করে জোড়হাতে বললেন, ‘মহারাজ, শুনেছি শহরের ছিদাম জ্যোতিষীর ভারি হাতযশ৷ একবার তাকে আনিয়ে দেখলে হয় না?’
জ্যোতিষে-ফোতিষে রাজা একতিলও বিশ্বাস করত না৷ তবু তিনি বললেন, ‘আচ্ছা, এও আর বাকি থাকে কেন? নিয়ে এসো ছিদামকে৷’
খানিক পরেই একদল পাইক ছিদামকে ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে এল৷ সারা পথ বলিদানের পাঁঠার মতো সে এমন ঠকঠক করে কাঁপতে কাঁপতে এসেছে যে, তার বগল থেকে পাদুকা-পুরাণখানা কখন কোথায় খসে পড়ে গেছে, তা সে টেরও পায়নি৷
রাজার সুমুখে এসে ছিদামের ঘটে যেটুকু বুদ্ধি ছিল সেটুকুও গেল উবে৷ সে একেবারে রাজার দু-পা জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদতে কাঁদতে বলল, ‘মহারাজ, আপনার পাইকরা বিনিদোষে আমাকে ধরে এনেছে৷’
রাজা বললেন, ‘আমার মালখানা থেকে চল্লিশ ঘড়া মোহর আর মণিমুক্তো চুরি গেছে, তার খবর রাখো কিছু?’
ছিদাম ঢোক গিলে বলল, ‘মহারাজ, আমি তো সেগুলো চুরি করিনি, আমাকে ছেড়ে দিতে আজ্ঞা হয়৷’
রাজা বললেন, ‘না, চুরি করনি বটে, কিন্তু তুমি জ্যোতিষী-তোমাকে গুণে চোর ধরে দিতে হবে৷ যাও, তোমাকে সাত দিন সময় দিলাম৷ এর মধ্যে চোর ধরতে পারলে তোমাকে লাখ টাকা বকশিশ দেব, না পারলে নেব গর্দান৷’
আর সাত দিন! তার পরে?-ওঃ, বাপ রে! ভাবতেও ছিদামের বুকটা ধড়াস করে কেঁপে উঠল৷ সে ভেউভেউ করে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল৷
ছিদামকে কাঁদতে কাঁদতে আসতে দেখে থাকোমণি বলল, ‘ওকী, কাঁদছ কেন?’
ছিদাম চুপ করে দাওয়ায় বসে পড়ে বলল, ‘গর্দান যাবে শুনলে কার মুখে হাসি আসে?’ এই বলে সে নিজের বিপদের কথা বউকে সব জানাল৷
থাকো বলল, ‘তার জন্যে আবার কচি খোকার মতো কান্না কেন? গুনে-টুনে চোর ধরে দাও৷’
ছিদাম বলল, ‘ক খ পড়তে পারি না, আমি আবার গুনব? কুমোর যে গণক হয় না তা কি তুমি জানো না? না গিন্নি, আমি গুনবও না, গর্দানও দেব না-আমি এদেশ ছেড়েই দেব লম্বা৷’
থাকো খেঁকিয়ে উঠে বলল, ‘পালাবে? ভারি আবদার যে! জানো তাহলে আমি নিজেই রাজবাড়িতে গিয়ে তোমার পালানোর খবর দিয়ে আসব৷’
ছিদাম হাল ছেড়ে দিয়ে ফোঁশ করে একটা দীর্ঘনিশ্বাস ফেলে বলল, ‘সিঁথের সিঁদুর যেদিন মুছবে, থানকাপড় যেদিন পরবে, মাছচচ্চড়ি যেদিন খেতে পাবে না, সেইদিন তুমি আমার দুঃখ বুঝবে-তার আগে না৷’
এদিকে চোরের দল বেজায় মুশকিলে পড়ে গেছে৷ তারা মোহর আর মণিমুক্তো ভরা ঘড়াগুলো শহরের একটা পচা এঁদো পুকুরের ভেতরে লুকিয়ে রেখেছে বটে, কিন্তু ধরা পড়বার ভয়ে সেগুলো নিয়ে শহর থেকে আর পালাতে পারছে না৷
তারপর চোরেদের সর্দার যখন শ