
কাকাবাবু বনাম মূর্তিচোর
সুনীল গঙ্গোপাধ্যায়
কাকাবাবু বনাম মূর্তিচোর
| সুনীল গঙ্গোপাধ্যায় | |
| juvenile literature |
Posted byশেষ নগরী21-May-2025
Change color
জঙ্গলের মধ্যে দিয়ে সরু একটা রাস্তা। দু’পাশের গাছের ডালপালা ঝুঁকে ঝুঁকে আছে, হাত দিয়ে সরিয়ে সরিয়ে এগোতে হয়। সন্ধে হয়ে এসেছে। এখনো একটু একটু আলো আছে আকাশে। আকাশের এক দিকের অংশ লাল আর অন্য দিকটা ধূসর। জঙ্গলের মধ্যে যেন আলো ছায়ার জাফরি কাটা।
কত রকম পাখির ডাক শোনা যায় এখন। সব পাখিরা বাসায় ফিরছে। পাখিদের কিচির মিচির শোনা যায়, তাদের দেখা যায় না। মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে এক ঝাঁক বক।
বনমালি নামের লোকটি আর সন্তু যাচ্ছে আগে আগে। বনমালির রোগা লম্বা চেহারা, ধুতির ওপর ফতুয়া পরা। মাথায় ঝাঁকড়া চুল, মুখে গোঁপ দাড়ি নেই। চোখ দুটি সরু মতন, সে বারবার এদিক ওদিক তাকায়। সন্তু পরে আছে প্যান্টসার্ট আর একটা নীল সোয়েটার। বাতাসে শীত শীত ভাব আছে। ফতুয়া পরা বনমালির কি শীত লাগে না?
কাকাবাবু পরে আছেন প্যান্টের ওপর একটা লম্বা কোট। দু’বগলে ক্রাচ নিয়ে তাঁর হাঁটতে অসুবিধে হচ্ছে এই জঙ্গলের মধ্যে। লতা—পাতায় ক্রাচ জড়িয়ে যাচ্ছে মাঝে মাঝে।
এক জায়গায় সন্তু থমকে দাঁড়িয়ে একটা গাছের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ”ওই থোকা থোকা ফুলগুলো কী ফুল?”
বনমালি সে দিকে তাকিয়ে বললো, ”কী জানি!”
সে ফুলের নাম জানে না, ফুল দেখার উৎসাহও তার নেই।
পেছন থেকে কাকাবাবু বললেন, ”রঙ্গন”।
তারপরই কাকাবাবু খুব জোরে চেঁচিয়ে উঠলেন, ”সন্তু, মাথা নিচু কর। বসে পড়, বসে পড়!” সন্তু এদিক ওদিক তাকিয়ে কিছুই দেখতে পেল না। কাকাবাবু কেন ওই কথা বলছেন, তাও সে বুঝতে পারলো না।
কাকাবাবু তাঁর হাতের ক্রাচটা তুলে খুব জোরে মারলেন একটা গাছের সরু ডালে।
তখনই বোঝা গেল, সেটা গাছের ডাল নয়। সবুজ ডালের মতনই সোজা হয়ে ছিল। এখন মাটিতে পড়ে কিলবিল করছে।
সন্তু এবার ভয় পেয়ে এক লাফে সরে গিয়ে বললো, ”ওরে বাপরে, সাপ! ঠিক আমার মাথার ওপরে ছিল!”
বনমালি চোখ বড় বড় করে বললো, ”লাউডগা সাপ। কামড়ালে আর রক্ষা ছিল না। নির্ঘাৎ মৃত্যু।”
কাকাবাবু কিন্তু সাপটাকে আর মারলেন না। ক্রাচটা দিয়ে ঠেলে সরিয়ে দিলেন এক পাশে। আপন মনে বললেন, ”শীত শেষ হয়নি, এর মধ্যে সাপ বেরিয়ে পড়েছে। খিদের জ্বালায় আর থাকতে পারেনি।”
তারপর বনমালির দিকে তাকিয়ে বললেন, ”লাউডগা সাপের বেশি বিষ নেই। কামড়ালে মানুষ মরবে কেন? অবশ্য অনেকে ভয়েই মরে যায়।”
সন্তু জিজ্ঞেস করলো, ”সাপ কামড়ালে মানুষ মরে না?”
কাকাবাবু বললেন, ”সব সাপের কি আর বিষ থাকে? বেশির ভাগ সাপের বিষ থাকে না। কিন্তু ভয় পেতে নেই। ভয় না পেলে খুব বিষাক্ত সাপ কামড়ালেও চিকিৎসা করে বাঁচা যায়। ওহে বনমালি, আর কত দূর?”
বনমালি বললো, ”এই তো আর একটুখানি মোটে।”
কাকাবাবু বললেন, ”তখন থেকেই তো একটুখানি একটুখানি বলছো। ভালো জিনিস পাওয়া যাবে তো?”
বনমালি জোর দিয়ে বললো, ”খুব ভালো ভালো জিনিস পাবেন স্যার। আমি কি আর শুধু শুধু আপনাদের এতদূর টেনে আনছি? তবে দাম কিন্তু বেশি পড়বে।”
কাকাবাবু বললেন, ”যতই দাম পড়ুক, তাতে কিছু আসে যায় না। কিন্তু জিনিস পছন্দ হওয়া চাই। পছন্দ না হলে তুমিও পয়সা পাবে না!”
আবার পথ চলা শুরু হলো। এবার ঝুপ ঝুপ করে নেমে এলো অন্ধকার। পাখিদের ডাক থেমে এসেছে। কাকাবাবু পকেট থেকে টর্চ বার করে সন্তুর হাতে দিলেন। সাপটা দেখার পর সেই যে সন্তুর বুক কেঁপে উঠেছিল, এখনো থামেনি। সে টর্চের আলো ফেলে চারদিক ভালো করে দেখছে।
একটু বাদে পাতলা হয়ে এলো জঙ্গল। খানিকদূরে দেখা গেল একটা আলো জ্বলছে মিটমিট করে।
আর একটু কাছে এগোতে দেখা গেল, ফাঁকা জায়গায় মধ্যে রয়েছে একটা একতলা ছোট বাড়ি। বনমালি বললো, ”এই তো এসে গেছি।”
সন্তু বললো, ”এরকম জঙ্গলের মধ্যে শুধু একটা বাড়ি রয়েছে। আমার এরকম বাড়িতে থাকতে খুব ইচ্ছে করে।”
কাকাবাবু বললেন, ”বেশিদিন ভালো লাগবে না। বড় জোর সাতদিন। তারপরই হাঁপিয়ে উঠবি। বন্ধুদের জন্য প্রাণ ছটফট করবে।”
বাড়িটার বাইরে দরজার পাশে জ্বলছে একটা হ্যারিকেন আর ভেতরে একটা ঘরে রয়েছে আর একটা জোর আলো। অস্পষ্ট ভাবে দেখা গেল, বাড়িটা আসলে একটা মন্দিরের আড়ালে। সেই মন্দিরের চূড়া অনেকখানি ভাঙা।
বনমালি চেঁচিয়ে ডাকলো, ”ভবেনদা, ও ভবেনদা!”
একটা কুকুর ভেতর থেকে ডেকে উঠলো ঘেউ ঘেউ করে খুব জোরে।
দরজাটা খোলা। সেখানে এসে দাঁড়ালো একটা বড় কুকুর। ডাক শুনলেই হিংস্র মনে হয়।
বনমালি ভয় পেয়ে পিছিয়ে এসে আবার চেঁচিয়ে বললো, ”ও ভবেনদা, কুকুর সামলাও।”
এবারে ভেতর থেকে কেউ একজন হাঁক দিল, ”কে?”
বনমালি বললো, ”ভবেনদা, আমি বনমালি গো। মালদার বনমালি নস্কর। তোমার সঙ্গে কাজের কথা আছে।”
ভেতর থেকে কেউ একজন ”ভোলা, ”ভোলা” বলে দুবার ডাকতেই কুকুরটা থেমে গেল। তারপর বেরিয়ে এলো একজন লম্বা লোক, গেরুয়া রঙের লুঙ্গি পরা, আর গায়ে একটা চাদর জড়ানো, হাতে একটা সিগারেট।
সে প্রথমে সন্তু আর কাকাবাবুকে দেখতে পায়নি। বনমালির দিকে তাকিয়ে বললো, ”কী রে, হঠাৎ এসময় এলি যে? আমার তো আজ এখানে থাকার কথা ছিল না। ভালো কিছু জিনিসের খবর এনেছিস?”
বনমালি আমতা আমতা করে বললো, ”এই একজন সাহেবকে এনেছি।”
ভবেন চমকে উঠে বললো, ”কে? কাকে এনেছিস?”
কাকাবাবু সামনে এগিয়ে এসে বললেন, ”নমস্কার। আমি সাহেব টাহেব নই। আমি একজন বাঙালী। আমার নাম রাজা রায়চৌধুরী। আর এই আমার ভাইপো সন্তু। আমি পাথরের মূর্তি জমাতে ভালোবাসি। নানা জায়গায় ঘুরে ঘুরে মূর্তি জোগাড় করি। শুনেছি, আপনার কাছে কিছু মূর্তি পাওয়া যেতে পারে।”
ভবেন ভুরু কুঁচকিয়ে বললো, ”আমার কাছে? আমি মূর্তি কোথায় পাবো? কী রে, বনমালি, তুই কী বলেছিস?”
বনমালি বললো, ”ইনি ভালো দাম দেবেন বলেছেন।”
কুকুরটা কাকাবাবুর কাছে এসে ঘুরে ঘুরে গোঁ গোঁ গর্জন করছে। কাকাবাবুর কাছে ক্রাচ থাকে বলে সব জায়গায় কুকুররা তাঁকে অপছন্দ করে।
কাকাবাবু বললেন, ”ভবেনবাবু, আপনার কুকুরটা আগে বাঁধুন, না হলে ভালো করে কথা বলা যাবে না। এত দূর থেকে এলাম, বাড়ির মধ্যে আমাদের বসতে বলবেন না?”
ভবেন বললো, ”আর তো কোনো কথা নেই। আপনারা কেন এসেছেন জানি না। আমার কাছে মূর্তি টুর্তি কিছু নেই।”
সন্তু বললো, ”আমার খুব তেষ্ট পেয়েছে। এক গেলাস জল পেতে পারি?”
ভবেন বললো, ”ঠিক আছে। ভেতরে আসুন। আমি ভোলাকে সরাচ্ছি। আয় ভোলা, আয় আয় আয়!”
ঘরের ভেতরটা বেশ ঝকঝকে পরিষ্কার। একটা খাট পাতা। বসবার জন্য রয়েছে কয়েকটি মোড়া। দেওয়ালে ঝুলছে একটা বাঘের ছাল। ভবেন গেরুয়া পরে থাকলেও তার ভাবভঙ্গি মোটেই সাধুর মতো নয়।
কুকুরটাকে অন্য জায়গায় বেঁধে এসে সে সন্তুকে এক গেলাস জলে এনে দিল।
সন্তু চুমুক দিতে দিতে বললো, ”সেই সাপটাকে দেখার পর থেকেই আমার গলা শুকিয়ে এসেছিল।”
কাকাবাবু বললেন, ”আপনি তো বেশ নিরিবিলিতে থাকেন, ভবেনবাবু। জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা আসতে হয়। পায়ে হেঁটে ছাড়া এখানে আসার আর অন্য উপায় নেই, তাই না।”
ভবেন শুকনো গলায় বললো, ”আগে কাজের কথা হোক। দেখুন মশাই, আমি মূর্তি বিক্রি করি ঠিকই। কিন্তু আমার কাছে দুশো—পাঁচশো টাকার কম—দামি জিনিস পাবেন না। সবচেয়ে কম দামেরটা দশ হাজার। আরও দামিও আছে, পঞ্চাশ হাজার, দু’ লাখ, পাঁচ লাখ। যদি কম দামি জিনিসের খোঁজে এসে থাকেন, তা হলে আমার সময় নষ্ট করে লাভ নেই।”
কাকাবাবু বললেন, ”সে কি, জিনিস দেখবার আগেই দামের কথা? আমাদের দেখে বুঝি মনে হয় আমরা সস্তার খদ্দের? আমার একটা তেলের কল আছে, ভগবানের আর্শীবাদে টাকা পয়সার অভাব নেই। ভালো মূর্তি পেলে যত দাম লাগে দেবো।”
ভবেন বললো, ”ক্যাশ টাকা এনেছেন? আমি চেক টেক নিই না!”
কাকাবাবু কোটের একটা পকেটে থাবড়া মেরে বলেলেন, আছে, টাকাও সঙ্গে আছে। আমিও নগদ কারবারে বিশ্বাস করি।”
সন্তু আবদারের সুরে বললো, ”আমার একটা সরস্বতীর মূর্তি চাই। আর একটা গণেশ!”
ভবেন এ ঘর থেকে একটা হ্যাজাক বাতি নিয়ে বললো, ”আসুন আমার সঙ্গে।”
ঘরের পিছন দিকে একটা চাতাল। তার ওপাশে ভাঙা মন্দির। ওরা এলো সেই মন্দিরের মধ্যে। ছাদটা একেবারেই ভেঙে গেছে, সেখানে গজিয়েছে বটগাছের চারা। শিবলিঙ্গটি কিন্তু অক্ষতই রয়েছে। কিছু শুকনো ফুল বেলপাতাও ছড়ানো মনে হয়, মাঝে মাঝে এখনো পুজো হয়।
ভবেন শিবলিঙ্গের সামনে হাঁটু গেড়ে বসে প্রথমে প্রণাম করলো। তারপর সেই শিবলিঙ্গ ধরে খুব জোরে ঠেলা দিতেই সেটা সরে গেল খানিকটা। সেখানে দেখা গেল একটা অন্ধকার গর্ত।
সেই গর্তে হাত ঢুকিয়ে ভবেন একটা মূর্তি তুলে আনলো।
কাকাবাবু সেটা হতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন। প্রায় এক হাত লম্বা একটা বিষ্ণুমূর্তি, কালো পাথরের তৈরি।
ভবেন বললো, ”এটার বয়েস সাড়ে পাঁচশো বছর। দাম পড়বে আঠারো হাজার।”
কাকাবাবু বললেন, ”বাঃ বাঃ খুব সুন্দর। খুব চমৎকার। দেখি আর কী আছে?”
ভবেন আর একটা মূর্তি তুললো। এটা একটা গণেশ, পাথরের নয়, মনে হয় পেতলের।
ভবেন বললো, ”এটা পঞ্চধাতুর তৈরি। বিষ্ণুপুরের গণেশ। তিনশো বছরের পুরোনো। এটার দাম পড়বে বারো হাজার।
সন্তু বললো, ”ওটা আমি নেবো। ওটা আমার চাই!”
কাকাবাবু বললেন, ”নিবি, নিবি, আগে দরদাম ঠিক হোক। আর কী আছে দেখি?”
ভবেন এরপর আরও সাতটা মূর্তি বার করে দেখালো, বেশির ভাগই নারায়ণের, একটা রাধাকৃষ্ণের, একটা দুর্গার।
কাকাবাবু সব কটা খুঁটিয়ে দেখে, ”বাঃ বাঃ, কী সুন্দর, কী চমৎকার” বলতে লাগলেন, সব কটা দেখা হয়ে গেলে বললেন, ”আর নেই? মদনমোহনের মূর্তি নেই?”
ভবেন একটা নারায়ণের মূর্তি দেখিয়ে বললো, ”এইটাই তো মদনমোহন!”
কাকাবাবু বললেন, ”এটা তো বিষ্ণুপুরের। কুচবিহারের মদনমোহন নেই?”
ভবেন বললো, ”আমার কাছে আর কিছু নেই।”
কাকাবাবু হতাশভাবে বললেন, ”যাঃ তাহলে কী হবে? এর একটাও যে আমার পছন্দ হলো না।”
ভবেন বললো, ”এতগুলো দেখলাম, একটাও পছন্দ হলো না?”
কাকাবাবু দু’দিকে মাথা নেড়ে বললেন, ”নাঃ একটাও না, কী করে পছন্দ হবে? গণেশের মূর্তিটা পঞ্চধাতুর বললেন, ওটা আসলে পেতলের। পুরোনোও নয়। নকল। পাথরের মূর্তিগুলো বড় জোর পঞ্চাশ ষাট বছরের পুরোনো। আর ওই যে বিষ্ণুমূর্তিটা, এটা একেবারে আসল আর পুরোনো, এটা বিষ্ণুপুর মন্দির থেকে চোরাই জিনিস। ওটাও আমার চাই না। কুচবিহারের মদনমোহনের মূর্তিটা পেলে যত দাম লাগে তাতেই রাজি। সেই মূর্তিটা কোথায়?”
ভবেন এবারে চোখ সরু করে কাকাবাবুর দিকে একটুক্ষণ তাকিয়ে রইলো। তারপর হিংস্র গলায় বললো, ”তুমি আমার সঙ্গে ধোঁকাবাজি করতে এসেছো? তুমি পুলিশের লোক?”
কাকাবাবু নিরীহভাবে বললেন, ”নাঃ না, আমি পুলিশের লোক নই। মদনমোহনের মূর্তিটা বার করো, তার জন্য যত টাকা চাও দেবো!”
বনমালি এতক্ষণ চুপ করে ছিল। এবারে চেঁচিয়ে বললো, ”ভবেনদা, আমি এখানে আসতে চাইনি! এই লোকটা আমাকে ভয় দেখিয়ে জোর করে এনেছে। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে আনিনি!”
ভবেন বললো, ”তুই ওই খোকাটাকে জাপটে ধরতো। আমি এই বুড়োটাকে ধরছি। আমার সঙ্গে চালাকি করতে এসেছে!”
বনমালি সন্তুকে