উঃ! . . . ম্যালেরিয়ার মতন ছ্যাঁচড়া অসুখ পৃথিবীতে আর কিছু আছে কি? উঁহু৷
এই দেখো না, শখ করে সেদিন ঢাকুরিয়ার লেক দেখতে গিয়েছিলাম, সন্ধ্যার একটু আগে৷ হঠাৎ কাঁপুনি দিয়ে আমার জ্বর এল৷
সেকি যে-সে জ্বর, যে-সে কাঁপুনি? না পারি দাঁড়াতে, না পারি বসতে, একেবারে ঘাসের উপর পড়লাম শুয়ে৷ কী শীত রে বাপ! পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে, কাঁপতে কাঁপতে কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে রইলাম৷<...