স্বপনসায়রে ঝিলের ঢেউ যেখানে দিন-রাত খালি আকাশে হাত তুলে উছলে উঠছে, ঠিক তারই কোল ঘেঁষে, তারই বুকে চঞ্চল ছায়া ফেলে, দাঁড়িয়ে আছে সেই মনোরম প্রাসাদখানি৷
যেন পরির হাতে মায়াতুলিতে আঁকা, ঘুমপুরীর ছবিখানি৷ আগাগোড়া তার আরশির মতন পালিশ-করা মার্বেল পাথর দিয়ে গড়া-হঠাৎ দূর থেকে দেখলে মনে হয়, চাঁদের আলো যেন সেখানে কার জাদুমন্ত্রে জমাট হয়ে আছে৷