
আফসানী ম্যাডাম
মুহম্মদ জাফর ইকবাল
একজন মানুষের চেহারা দেখে যে মানুষটা সম্পর্কে কিছুই আন্দাজ করা যায় না, সেটা এই বাসার বাচ্চাকাচ্চারা খুব ভালো করে টের পেয়েছে। আফসানী ম্যাডামকে দেখে বাচ্চাকাচ্চারা কিছুই সন্দেহ করেনি, বরং ভেবেছে দাদির (কিংবা নানির) বন্ধু, নিশ্চয়ই দাদির (কিংবা নানির) মতোই সুইট হবে। তা ছাড়া যখন এসেছেন তখন সাথে ছিল মিষ্টির বাক্স, ভেতরে গাদা গাদা মালাইকারি, তারা সেগুলো কাড়াকাড়ি করে খেয়েছে।
দাদির সাথে মাঝে মাঝেই কেউ না কেউ দেখা করতে আসে, দাদির সাথে গল্পগুজব করে চলে যায় (ঝুমু খালা মাঝে মাঝে খুবই বিরক্ত হয় কারণ তার সিরিয়াল দেখায় ডিস্টার্ব হয়!) তবে মাঝে মাঝে এক আধজন এই বাসায় দুই একদিন থেকে যায়। মানুষটা কেমন বাচ্চারা খুব তাড়াতাড়ি বুঝে ফেলে। যদি মানুষটা ভালো হয়, মজার হয় তাহলে বাচ্চারা তার সাথে সময় কাটায়। মানুষটা যদি পাজি কিংবা পিছলে হয় তাহলে বাচ্চারা তার থেকে একশ হাত দূরে থাকে। আফসানী ম্যাডামের সাথে তাদের হিসাবে গোলমাল হয়ে গেছে। তারা ভেবেছিল মানুষটা তাদের দাদির মতো সুইট একজন মানুষ হবে কিন্তু দেখা গেল মোটেও সে রকম না। হাসিখুশি চেহারার পেছনে ভয়ংকর একজন মহিলা।
বাচ্চাদের বিষয়টা আন্দাজ করতে একদিন সময় লেগেছে। তাদের বাসায় কেউ এলে তাকে কী ডাকবে সেটা নিয়ে খুবই সহজ একটা হিসাব আছে। দাদি (কিংবা নানির) বান্ধবী হলে তাকে ডাকে দাদি না হয় নানি। সেই হিসাবে আফসানী ম্যাডামকেও তারা ডেকেছে আফসানী নানি। কিন্তু সেইটা তার একেবারেই পছন্দ হয় নাই। একদিন পর ভ্রু কুঁচকে তাদেরকে বলেছেন, “খবরদার আমাকে নানি ডাকবে না।”
যারা একটু বড় তারা সাথে সাথে বুঝে গেছে কারণটা কী, নানি কিংবা দাদি ডাকলে বুড়ো বুড়ো মনে হয়। কিন্তু যারা ছোট তারা ব্যাপারটা বুঝে নাই। মুনিয়া একটু অবাক হয়ে বলল, “কেন? নানি ডাকলে কী হয়?”
আফসানী নানি বলেছেন, “আমাকে দেখে কি নানির মতো লাগে?”
মুনিয়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখল তারপর বলল, “তুমি চুলে রং দিয়েছ, যদি রং না দিতে তাহলে তোমার চুলও আমাদের দাদির মতো পাকা হতো।”
আফসানী নানি এবারে রীতিমতো রেগে গেলেন, বললেন, “খবরদার বেয়াদপি করবে না। আমার সাথে তুমি করে কথা বলবে না।”
মুনিয়া প্রতিবাদ করে কিছু একটা বলতে যাচ্ছিল, টুনি তাকে থামাল। তারপর জিজ্ঞেস করল। “আপনাকে তাহলে আমরা কী ডাকব?”
“আমাকে আফসানী ম্যাডাম ডাকবে।”
একজনকে নানি ডাকলে তাকে নিজের মানুষ মনে হয়। ম্যাডাম ডাকা মাত্রই মানুষটা অপরিচিত ভয়ের একজন মহিলা হয়ে যায়। কাজেই আফসানী ম্যাডাম দাদির একজন সুইট বান্ধবী না হয়ে অপরিচিত কঠিন একজন মহিলা হয়ে গেল। বাচ্চারা তার কাছ থেকে দূরে সরে গেল কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আফসানী ম্যাডাম একটা স্কুলের প্রিন্সিপাল ছিলেন, এখন রিটায়ার করেছেন কিন্তু তার প্রিন্সিপাল থাকার অভ্যাসটা এখনো রয়ে গেছে। তাই যখনই ছোট ছেলেমেয়েদের দেখেন তাদেরকে তার মনে হয় পাজি আর দুষ্ট ছেলে। শুধু তাই না, আফসানী ম্যাডামের মনে হতে থাকে তাদেরকে শাসন করে ঠিক করে ফেলতে হবে।
তাই পরেরদিন দাদি যখন বসে বসে টেলিভিশন দেখছেন তখন আফসানী ম্যাডাম তার কাছে বসে বললেন, “জোবেদা, তোমাকে একটা কথা বলি।”
টেলিভিশনে তখন খুবই জটিল একটা ঘটনা দেখানো হচ্ছে, দাদি সেটা দেখতে দেখতে জিজ্ঞেস করলেন, “কী কথা?”
“তোমার নাতি-নাতনিরা আসলে ঠিক করে মানুষ হয় নাই।”
কথাটা শুনে দাদি (কিংবা নানি) ফিক করে হেসে ফেললেন যেন একটা খুব মজার কথা শুনেছেন। দাদিকে হাসতে দেখে আফসানী ম্যাডাম কেমন জেনে রেগে উঠলেন। মুখ গম্ভীর করে বললেন, “তুমি আমার কথা শুনে হাসলে কেন?”
“আমি এদের জন্ম থেকে দেখে যেটা বুঝতে পারি নাই, তুমি একদিনে সেটা বুঝে গিয়েছ–সেই জন্য একটু হাসলাম।”
“তুমি আমার কথা বিশ্বাস কর নাই। আমি সারা জীবন মাস্টারি করেছি। স্কুলের প্রিন্সিপালই ছিলাম টানা দশ বছর। একটা ছেলে কিংবা মেয়েকে একশ হাত দূর থেকে দেখে বুঝতে পারি তার ভেতরে কী আছে।”
দাদি কিছু বললেন না। আফসানী ম্যাডাম বললেন, “তুমি যদি তোমার নাতি-নাতনিদের লাইনে না আন তাদের ভবিষ্যৎ অন্ধকার।”
“তাই নাকি?”
“হ্যাঁ। কাল আমি এইখানে বসে বসে তোমার নাতি-নাতনিদের কথাবার্তা শুনছিলাম, কাজকর্ম দেখছিলাম। আমি কী দেখেছি জান?”
“কী দেখেছ?”
“এদের জীবনে ফোকাস নাই। কী বলে কী করে তার কোনো ঠিক নাই। লেখাপড়ায় মনোযোগ নাই, এখনো তাদের একটা বই মুখস্থ হয় নাই–”
দাদি কিছু বললেন না, আফসানী ম্যাডাম বললেন, “আমি যদি সময় পেতাম তাহলে তোমার নাতি-নাতনিদের মানুষ করে দিতাম। তাদেরকে ঠিক লাইনে তুলে দিতাম। ছেলেপিলেদের কীভাবে মানুষ করতে হয় সেটা আমার থেকে ভালো করে কেউ জানে না।”
দাদি বললেন, “তুমি স্কুলের প্রিন্সিপাল ছিলে কাজেই সেটা তো। হতেই পারে।”
আফসানী ম্যাডাম বললেন, “আমি কী ঠিক করেছি জান?”
“কী?”
“আমি তো তোমার সব নাতি-নাতনিকে সাইজ করতে পারব না তাই একজনকে সাইজ করে দিয়ে যাব।”
“একজনকে?”
“হ্যাঁ।”
“কোনজন ঠিক করেছ?”
“হ্যাঁ। আমি তোমার নাতি-নাতনিদের খুব ভালো করে দেখেছি, সবার মাঝে সমস্যা। তবে একজনের বাড়াবাড়ি সমস্যা মনে হয়। সবচেয়ে দুষ্ট। আসলে ঠিক দুষ্টু না-বলা যেতে পারে রীতিমতো পাজি। ওই যে বারো তেরো বছরের ছেলেটা, এক সেকেন্ড চুপ করে বসে থাকতে পারে না। পুরো এডিডি।”
দাদি চোখ কপালে তুলে বললেন, “পুরো কী?”
“এডিডি। অ্যাটেনশন ডিজঅর্ডার ডেফিসিয়েন্সি।”
দাদি বললেন, “তুমি শান্তর কথা বলছ?”
“হ্যাঁ। মনে হয় নাম শান্ত।”
“তার এডিডি?”
“হ্যাঁ। পরিষ্কার এডিডি কেস। যদি তাকে লাইনে আনতে না পার কয়দিন পর তাকে রেটিলিন দিতে হবে।”
“রেটিলিন? সেটা আবার কী?”
“সেটা কঠিন একটা ড্রাগ।”
“সেটা দিলে কী হয়?”
“অস্থিরতা কমে। শান্ত হয়। ঘুম অনেক বেড়ে যায়।”
দাদি কেমন যেন ভয় পেয়ে গেলেন, বললেন, “আমি তো ভেবেছিলাম শান্ত একটু দুষ্টু। এই বয়সে সবাই তো একটু দুষ্টু হয়। এমনিতে শান্ত খুবই ভালো ছেলে, মনটা খুব ভালো।”
আফসানী ম্যাডাম বললেন, “না-না-না। সবকিছু এত সোজাভাবে দেখো না। আমি জানি। ছোট বাচ্চারা হচ্ছে সব ছোট ছোট ইবলিশ। তাদেরকে সময়মতো কন্ট্রোল না করলে তারা বড় হয়ে হয় সত্যিকারের ইবলিশ!”
দাদি আপত্তি করলেন, বললেন, “না-না কী বলছ তুমি? ছোট বাচ্চারা ইবলিশ হবে কেন? ছোট বাচ্চা হচ্ছে ফেরেশতার মতো।”
আফসানী ম্যাডাম কাঠ কাঠ শব্দে হা হা করে হাসলেন। বললেন, “তুমি তো আমার মতো ছোট বাচ্চাদের দেখ নাই তাই তুমি জান না। আমি জানি। ছোট বাচ্চারা হচ্ছে সাক্ষাৎ ইবলিশ।”
দাদি কিছু বললেন না, কেমন যেন ভয়ে ভয়ে তার ছেলেবেলার বন্ধুর দিকে তাকিয়ে রইলেন। আফসানী ম্যাডাম চোখ ছোট ছোট করে বললেন, “আমি তো বেশিদিন থাকব না তাই তোমার নাতি নাতনিদের ঠিক করে যেতে পারব না, কিন্তু একজনকে অন্তত লাইনে তুলে দিয়ে যাই!”
দাদি দুর্বলভাবে বললেন, “আমি ঠিক জানি না কাজটা ঠিক হবে কিনা।”
“সেটা আমার ওপর ছেড়ে দাও!” কথা শেষ করে আফসানী ম্যাডাম ভয়ংকরভাবে হাসলেন। সেই হাসি দেখে দাদির বুক শুকিয়ে গেল।
.
শান্ত জানতেও পারল না যে তার ওপর কী বিপদ নেমে এসেছে। পড়ার ঘরে সবাই বসে লেখাপড়া করছে (কিংবা লেখাপড়া করার ভান করছে), সেখানে আফসানী ম্যাডাম হাজির হলেন। সবাইকে এক নজর দেখে শান্তর দিকে তাকিয়ে বললেন, “ছেলে, তোমার নাম শান্ত না?”
শান্ত মাথা নাড়ল, “জি ম্যাডাম।”
“তুমি আমার সাথে আস।”
শান্ত অবাক হয়ে বলল, “আমি? আপনার সাথে?”
আফসানী ম্যাডাম মুখ শক্ত করে বললেন, “হ্যাঁ।”
শান্ত ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, “কোথায়?”
“আমার রুমে।”
একা একা আফসানী ম্যাডামের রুমে যেতে হবে শুনে শান্তর মতো মানুষের বুক ধুকপুক করতে থাকে। সে শেষ চেষ্টা করল, “কিন্তু এখন তো আমি হোমওয়ার্ক করছিলাম।”
“তোমার বই খাতাপত্র নিয়ে আস। আমার রুমে বসে হোমওয়ার্ক করতে পারবে।”
কাঁচপোকা যেভাবে তেলাপোকাকে ধরে নিয়ে যায় আফসানী ম্যাডাম সেভাবে শান্তকে রে নিয়ে গেলেন। অন্য সব বাচ্চা চুপ করে বসে রইল। যখন আফসানী ম্যাডাম ঘর থেকে বের হয়ে গেলেন তখন সবাই পা টিপে টিপে আফসানী ম্যাডামের ঘরের পাশে জানালার নিচে উঁচু হয়ে বসে ভেতরে কী কথাবার্তা হয় সেটা শোনার চেষ্টা করল।
ওরা শুনল আফসানী ম্যাডাম শান্তকে জিজ্ঞেস করলেন, “তোমাকে কেন ডেকেছি জান?”
প্রায় শোনা যায় না এ রকম গলার স্বরে শান্ত বলল, “না ম্যাডাম।”
“তোমাকে ডেকেছি কারণ আমি তোমাকে মানুষ করার প্রজেক্ট হাতে নিয়েছি।”
“আ-আ-আমাকে–”
“হ্যাঁ। আমি স্কুলের প্রিন্সিপাল ছিলাম দশ বছর, আমি একটা ছেলে কিংবা মেয়েকে একশ হাত দূর থেকে দেখে বুঝতে পারি সে ভালো না খারাপ। তুমি কি জান তুমি কেমন ছেলে?”
আফসানী ম্যাডামের কথা শুনে বাচ্চাদের শরীর সিঁটিয়ে গেল। তারা শুনল, শান্ত কোনো উত্তর না দিয়ে আমতা আমতা করছে।
আফসানী ম্যাডাম এবারে প্রায় হুংকার দিয়ে বললেন, “আমি তোমাদের সবাইকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। তোমাদের সবার সিরিয়াস প্রবলেম। তোমার প্রবলেম সবচেয়ে বেশি। তুমি চরম দুষ্টু। তুমি রীতিমতো খারাপ ছেলে।”
বাচ্চারা একজন আরেকজনের দিকে তাকালো। এভাবে একজন কথা বলতে পারে তারা জীবনে কল্পনাও করে নাই। তারা কী করবে বুঝতে পারল না, শুনল আফসানী ম্যাডাম বললেন, “তুমি শান্ত হয়ে এক সেকেন্ড বসতে পার না। সব সময় ছটফট করছ। সব সময় কথা বলছ। অর্থহীন কথা। ফালতু কথা। দুষ্টুমির কথা। সব সময় অন্যদের জ্বালাতন করছ। তুমি শুধু দুষ্টু নও। তুমি পাজি। তুমি খারাপ–”
বাচ্চারা আফসানী ম্যাডামের কথা শুনে শিউরে উঠল। সবাই জানে শান্ত তাদের মাঝে দুষ্টু কিন্তু মোটেও পাজি নয়। সে সবচেয়ে মজার মানুষ। সে সব সময় সবাইকে হাসায়, সবার সাথে মজা করে। তাদের সাথে কখনো কেউ এভাবে কথা বলে নাই। রাগে তাদের গা জ্বলে যেতে লাগল।
আফসানী ম্যাডাম বিষাক্ত গলায় বললেন, “শান্ত, তুমি কি এ রকম পাজি একটা ছেলে হয়ে বড় হতে চাও? খারাপ ছেলে হয়ে বড় হতে চাও? বলো।”
শান্ত কোনো কথা বলল না। আফসানী ম্যাডাম বললেন, “বলো। উত্তর দাও।”
শান্ত ফিসফিস করে বলল, “না।”
“বলো আমি খারাপ ছেলে থাকতে চাই না। আমি ভালো ছেলে হতে চাই।”
বাচ্চারা আর শুনতে পারল না, তাদের এত খারাপ লাগল যে তারা জানালার নিচ থেকে উঠে নিঃশব্দে নিজেদের ঘরে ফিরে এল। পড়ার টেবিলে সবাই চুপচাপ বসে রইল, একজন আরেকজনের দিকে তাকাতে পর্যন্ত পারছিল না। শান্ত যে অপমানের ভেতর দিয়ে গিয়েছে সেটা শুধু শান্তর অপমান না। তাদের সবার অপমান।
টুনি সবার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, “আফসানী ম্যাডামকে সাইজ করতে হবে। জন্মের মতো সাইজ করে দিতে হবে যেন আর কোনোদিন এ রকম কিছু করার সাহস না পায়।”
টুম্পা জিজ্ঞেস করল, “কীভাবে সাইজ করবে টুনি আপু?”
টুনি দুই হাত দিয়ে মাথাটা ধরে চোখ বন্ধ করে চিন্তা করতে করতে বলল, “আমাকে একটু চিন্তা করতে দে।”
অন্যরা কেউ টুনিকে