যেরকম পথে ঘাটে হিপিদের দেখা যায়, লম্বা লম্বা চুলওয়ালা ছেলে ও মেয়ে, অনেক সময় খালি পা, নোংরা পোশাক, সেই রকমই এক যুবক-যুবতীকে আমি দেখেছিলাম। কিছুই অবাক হইনি।
ওরা পার্ক স্ট্রীটে চৌরঙ্গীর মোড়ে দাঁড়িয়েছিল, দুজনেরই পোশাক এক রকম, প্যান্ট ও শার্ট, সোনালী রঙের চুল, হালকা নীল চোখের মণি, দুধে-আলতা রং, অন্য হিপিদের মতন এরা তেমন নোংরা নয়, যদিও পোশাক ছেঁড়াখোঁড়া।