রিক্শাওয়ালা – সজনীকান্ত দাস
সন্ধ্যা অতিক্রান্ত হইয়াছে। সকাল হইতেই থাকিয়া থাকিয়া ঝুপ ঝুপ করিয়া বৃষ্টি নামিয়া জনসঙ্কুল শহরের দৈনন্দিন কাজে ব্যাঘাত জন্মাইতেছিল। পথিকেরা আকাশের খামখেয়ালিপনায় বিরক্ত হইতেছিল; পথ চলিতে চলিতে বৃষ্টি নামে; কোন বাড়ির গাড়িবারান্দায় আশ্রয় লইয়া তাহারা কোন রকমে একটু মাথা বাঁচাইয়া লয়; বৃষ্টি ধরিয়া আসে। ভরসা করিয়া গাড়িবারান্দার আশ্রয় ছাড়িয়া তাহারা যেমনই একটু অগ্রসর হয় অমনই আবার একপশলা বৃষ্টি শুরু হয়।
সমস্ত দিন মেঘ করিয়া ছিল, একটানা না হইলেও বৃষ্টির বিরাম ছিল না। তবুও কেমন একটা গুমোট গরমের ভ্যাপসানিতে কলিকাতার সিক্তসন্ধ্যা থমথম করিতেছিল। এমন দিনে সাধারণত কেহ ঘরের বাহির হয় না। নেহাত প্রয়োজনে ছোট ভাই বিনোদকে সঙ্গে লইয়া স্ট্র্যান্ড রোড ধরিয়া কুমারটুলী অভিমুখে চলিতেছিলাম। তখন বৃষ্টি একটু ধরিয়া আসিয়াছে। শীকরভারাক্রান্ত বায়ুস্তর ভেদ করিয়া গঙ্গার ওপারের কারখানাগুলির আলো মাতালের চোখের মত ঘোলাটে দেখাইতেছিল; ল্যাম্প-পোস্ট ও টেলিগ্রাফ পোস্টগুলির গায়ে কিংবা টেলিগ্রাফের তারে তারে সঞ্চিত জলের উপর গ্যাসের আলো পড়িয়া চকচক করিতেছে। পথে লোকজন বা যানবাহনাদির বিশেষ বালাই ছিল না; ক্কচিৎ কদাচিৎ একআধখানা ট্যাক্সি কিংবা ছ্যাকরা গাড়ি ঊর্ধ্বশ্বাসে কাদা ছিটাইয়া ছুটিতেছিল; দূরে একখানা রিক্শা ঠুনঠুন ঘণ্টা বাজাইয়া মন্থরগতিতে চলিয়াছে—পিছনের আলোটি চোখের সম্মুখে একটি লাল রেখা টানিয়া দিতেছে।
বৃষ্টির ভয়ে দ্রুত চলিতে লাগিলাম। নিমতলা পার হইতেই বেশ সমারোহসহকারে বৃষ্টি আরম্ভ হইল। একটি গাছতলা আশ্রয় করিয়া কোন রকমে মাথা রক্ষা করিতেছি। দেখি, সেই রিক্শাওয়ালা বিশেষ শ্ৰান্তভাবে সেখানে উপস্থিত হইয়া হাঁপাইতে লাগিল। রিক্শাখানা খালি। রিক্শাওয়ালা সম্ভবত বহুদূরের সওয়ারী লইয়া তাহাকে গন্তব্য স্থলে পৌঁছাইয়া ফিরিতেছে।
বৃষ্টি থামিবার গতিক দেখিলাম না। তবু ভাল, একখানা রিক্শা পাওয়া গেল। এই সামান্য পথটুকু—কয় পয়সাই বা দিতে হইবে! পরিশ্রান্ত রিক্শাওয়ালা ততক্ষণে মুখ মাথা মুছিয়া সুস্থ হইয়াছে। কষাকষি করিয়া দুই আনা ভাড়া স্থির হইল। বিনুকে উঠাইয়া দিয়া নিজে উঠিতে যাইতেছি, রিক্শাওয়ালা বলিল, হুজুর, দুজনকে পারব না।
বলিলাম, সে কি রে, এই রোগা রোগা দুজন লোক, আর কতটুকুই বা রাস্তা!
আজ্ঞে না হুজুর, পারব না।
একটু আশ্চর্য হইলেও চটিয়া গেলাম। বলিলাম, দুনিয়াসুদ্ধ রিক্শাওয়ালা দুজন তিনজন লোক নেয়। তুই ব্যাটা নিবি না কেন? অমন ষাঁড়ের মত শরীর তোর—
শকেগা নেহি বাবু।—বলিয়া সে সেই বৃষ্টির মধ্যেই বৃক্ষতল ছাড়িয়া গাড়ি লইয়া বাহির হইয়া পড়িল। অমন শক্ত-সমর্থ লোকের ব্যাকুলতাপূর্ণ ‘শকেগা নেহি’ শুনিয়া মনটা নরম হইল। তাহার দৃষ্টিতে এমন একটা অদ্ভুত শঙ্কা ও কাতরতা মাখানো ছিল যে, আমার মন অস্বস্তিতে ভরিয়া গেল।
বৃষ্টি আর গাছের পাতার আচ্ছাদন মানিল না। দাঁড়াইয়া দাঁড়াইয়া ভিজিতে লাগিলাম। রিক্শাওয়ালা তখন কিছুদূর চলিয়া গিয়াছে। হাঁকিয়া বলিলাম, দশ পয়সা দিব। সে একবার মুখ ফিরাইয়া দেখিল এবং পরমুহূর্তেই গাড়ি লইয়া দৌড়াইতে শুরু করিল।
বহুদূর হইতে রিক্শাখানার ঠুনঠুন আওয়াজ কানে আসিতে লাগিল। পিছনের লাল আলোটি তখনও বর্ষাস্নাত অন্ধকার পথে একটি গতিশীল সিঁদুরটিপের মত দেখাইতেছিল।
সিক্তদেহে পথে নামিয়া পড়িলাম। সেদিন শ্রাবণ-নিশীথিনীর গাঢ় তমিস্রা ভেদ করিয়া একটি কঠোর মুখের মলিন বেদনাকাতর দৃষ্টি আমার মনে ঘুরিয়া ফিরিয়া জাগিতে লাগিল।
কিছুদিন পরের কথা। এল্ফিন্স্টোন পিক্চার প্যালেসে ছবি দেখিয়া একটি পরিচিত লোকের অপেক্ষায় হগ সাহেবের বাজারের কোণে দাঁড়াইয়াছিলাম। হঠাৎ এক রিক্শাওয়ালার সহিত দুই বিপুলকায় মাড়োয়ারীর বিশুদ্ধ হিন্দিতে বচসা হইতেছে শুনিতে পাইলাম। মাড়োয়ারীযুগলের গলা উত্তরোত্তর বৃদ্ধি পাইতেছে দেখিয়া ব্যাপার কি জানিবার জন্য একটু ঔৎসুক্য হইল। কাছে গিয়াই দেখি, স্ট্র্যান্ড রোডের সেই রিক্শাওয়ালা। বচসার কারণ—সে দুইজনকে লইতে পারিবে না। ওই দুইটি বিপুলকায় বস্তাকে একসঙ্গে গাড়িতে উঠিতে দিতে যে কোনও রিক্শাওয়ালার আপত্তি হইতে পারিত এবং তাহাতে আশ্চর্য হইবার বিশেষ কিছু ছিল না। কিন্তু পূর্বের কথা স্মরণ করিয়া আমি বিস্মিত হইলাম। সেই লোক তাহাতে সন্দেহ নাই। মাড়োয়ারী দুইজন অন্য যানের উদ্দেশ্যে প্রস্থান করিল। রিক্শাওয়ালাকে পরীক্ষা করিবার কৌতূহল হইল। তাহার সহিত ভাড়া স্থির করিয়া তাহাকে একটু অপেক্ষা করিতে বলিয়া বলিলাম, আমার আর একজন সঙ্গী আছে। করুণ ভাবে আমার দিকে দৃষ্টিপাত করিয়া সে আমাকে অন্য গাড়ি দেখিতে অনুরোধ করিল—দুইজনকে সে লইতে পারিবে না। আমি এতদূর বিস্মিত ও কৌতূহলাক্রান্ত হইলাম যে, বন্ধুর অপেক্ষা না করিয়াই রিক্শাতে চড়িয়া বসিলাম।
সেদিনও আকাশ ব্যাপিয়া মেঘ করিয়া আসিতেছিল; ঘন ঘন মেঘগর্জন ও বিদ্যুৎচমকে কলিকাতার চঞ্চল আকাশ স্তব্ধ হইয়া আসিয়াছিল। আসন্ন দুর্যোগের আশঙ্কায় রাস্তায় লোক-চলাচল অনেকটা কম। রিক্শাওয়ালাকে তাড়া দিলাম, অবিলম্বে বৃষ্টি নামিবে, শীঘ্র বাড়ি পৌঁছানো চাই। জোরে টানিতে গিয়া রিক্শাওয়ালা গলদঘর্ম হইয়া উঠিল; অবাক হইলাম। আমার মত ক্ষীণকায় পুরুষকে টানিতে এতটা পরিশ্রম হইবার কথা নয়। আগের দিনের মত একটা অজানা অস্বস্তিকর অনুভূতি মনে জাগিতে লাগিল। অমন বিপুলকায় একটা লোক আমার মত একটি সামান্য বোঝাকে টানিতে পারিতেছে না, ইহার কোনও সঙ্গত কারণ খুঁজিয়া পাইলাম না। একটা অস্পষ্ট অলৌকিক ভয় মনকে পীড়া দিতে লাগল।
বেচারার দুরবস্থা দেখিয়া মায়া হইল। শুধু বোঝা টানার পরিশ্রম ছাড়াও অন্য কোনও যন্ত্রণা তাহার হইতেছিল, তাহারও আভাস পাইতেছিলাম। নানা কল্পনা করিয়া কোনও কিনারা করিতে পারিলাম না। তাহাকে যথেচ্ছ রিক্শা টানিতে বলিয়া একটা সিগারেট ধরাইলাম। কৌতূহল নিবৃত্তি করিবার যথেষ্ট ঔৎসুক্য হওয়া সত্ত্বেও চুপ করিয়া কি ভাবে কথাটা পাড়িব ভাবিতে লাগিলাম।
হঠাৎ চড়বড় করিয়া বৃষ্টি নামিল। রিক্শাওয়ালা চকিত হইয়া উঠিল। একটা বাড়ির গাড়িবারান্দার ধারে আসিয়া তাহাকে থামিতে বলিলাম। দুজনে গাড়িবারান্দার নিচে আসিয়া মাথা। মুছিয়া বৃষ্টি থামিবার অপেক্ষা করিতে লাগিলাম।
রিক্শাওয়ালাকে একটা সিগারেট দিলাম। সে বিনীত সেলাম করিয়া সিগারেট লইয়া ফুটপাথের উপর উবু হইয়া বসিয়া সেটিকে ধরাইল। আমি দাঁড়াইয়া রহিলাম। মনের অদম্য কৌতূহল আমাকে ভিতর হইতে ঠেলা দিতে লাগিল, কিন্তু পাছে বেফাঁস কিছু জিজ্ঞাসা করিয়া ফেলি—এই ভয় হইতে লাগিল। তাহার নাম কি, কোথায় থাকে, তাহার কে আছে, এগুলি বেশ সহজ ভাবেই জিজ্ঞাসা করিতে পারিলাম। তাহার নাম মকবুল, হাতিবাগানের বস্তিতে থাকে, এক বৃদ্ধা ফুফু ছাড়া তাহার কেহ নাই; শিশু অবস্থা হইতেই সে পিতৃমাতৃহীন—ফুফুর হাতেই মানুষ হইয়াছে। বিবাহ হইয়াছে কি না জিজ্ঞাসা করাতে সে গভীর দীর্ঘনিশ্বাস ফেলিয়া বলিল, বাবু, যে বোঝা তাহাকে নিরন্তর টানিয়া বেড়াইতে হইতেছে, তাহা লইয়াই সে অস্থির—ইহার উপর জরুর বোঝা বহিতে সে অক্ষম। বলিলাম, বুড়ী ফুফু ছাড়া তাহার কেহ নাই, অথচ অহরহ বোঝা বহিতে হইতেছে, ইহার অর্থ তো বুঝিলাম না। মকবুল চুপ করিয়া রহিল। আমি তাহাকে চিন্তা করিবার অবসর না দিবার জন্য বলিলাম, একটা বিষয়ে আমার ভারি কৌতূহল আছে। কিছুকাল আগে নিমতলাঘাটের কাছে তাহাকে দেখিয়াছিলাম, আজও দেখিলাম; দুই দিনই সে একজনের অধিক সওয়ারী লইতে অস্বীকার করিয়াছে। অথচ সে দুর্বল নয়। ইহার নিশ্চয়ই কোনও কারণ আছে। যদি বিশেষ আপত্তি না থাকে তাহা হইলে—
মকবুল চমকিয়া উঠিল। তাহার মুখ অস্বাভাবিক রকম বিবর্ণ হইয়া গেল। হাত দিয়া মাথার রগ টিপিতে টিপিতে সে বলিল, বাবু, সে বড় ভয়ানক কথা। যে কথা মনে হইলেই সে আতঙ্কে শিহরিয়া উঠে, তাহার বুকের তাজা রক্ত হিম হইয়া যায়, মুখে সে-কথা সে প্রকাশ করিবে কেমন করিয়া?
বলিতে বলিতে সে সভয়ে রিক্শাখানির দিকে চাহিল। কি যেন একটা ভয়াবহ কিছু দেখিয়া সে শিহরিয়া উঠিল। পরক্ষণেই সে উম্মত্তের মত ছুটিয়া গিয়া তেরপলের পর্দা দিয়া রিক্শাখানি মুড়িয়া ফেলিয়া কাঁপিতে কাঁপিতে আসিয়া হতাশভাবে বসিয়া পড়িল। তখনও ঝমঝম করিয়া বৃষ্টি পড়িতেছে। মুহুর্মুহু বিদ্যুৎ-ঝলকে কি যেন একটা অনন্ত রহস্যের ক্ষণিক আভাস মাত্র পাইতেছিলাম; জলভারাক্রান্ত বাতাস কলিকাতার পাষাণ-প্রাচীরে প্রতিহত হইয়া একটা একটানা উচ্ছ্বাসের সৃষ্টি করিতেছিল। রাস্তায় জনমানবের চিহ্ন ছিল না।
তাহাকে আর একটা সিগারেট দিয়া আমি তাহার কাছ ঘেঁষিয়া দাঁড়াইলাম। কি যেন একটা অজানা ভয়ে আমার মনও পীড়িত হইতে লাগিল। ব্যাপারটা আগাগোড়া এমন অস্বাভাবিক—মাঝে মাঝে সমস্তটা স্বপ্ন বলিয়া উড়াইয়া দিতেছিলাম; কিন্তু সম্মুখে উপবিষ্ট রিক্শাওয়ালার অস্বাভাবিক-দীপ্তি-সম্পন্ন চোখ দুইটি আমার মনে এক অলৌকিক ভয় জাগাইতেছিল—আমি স্তব্ধ হইয়া দাঁড়াইয়া ছিলাম।
কিন্তু এভাবে বসিয়া থাকা চলে না, বাড়ি যাইতে হইবে। এ ব্যাপারটা সম্বন্ধে বিস্তারিত না জানিয়াও যাওয়া যায় না। বলিলাম, মকবুল, এসব কথা ভাবিতে যদি তোমার কষ্ট হয়, কিছু বলিবার প্রয়োজন নাই—বৃষ্টি অনেকটা কমিয়া আসিয়াছে—এখন যাওয়া যাইতে পারে।
সজোরে আমার পা দুইটি চাপিয়া ধরিয়া অধীরভাবে সে বলিয়া উঠিল, আর একটু দাঁড়ান বাবু। যে-কথা তিন বছর ধরিয়া বলিবার জন্য আমি ব্যাকুল, অথচ কাহাকেও মুখ ফুটিয়া বলিতে পারিলাম না, আজ আমাকে বলিতে দিন; এ যন্ত্রণা আর সহিতে পারিতেছি না।
নিবিড় সহানুভূতিতে চিত্ত ভরিয়া গেল। ভূলিয়া গেলাম, আমি মকবুল অপেক্ষা সামাজিক হিসাবে শ্রেষ্ঠ লোক; তাহার সহিত এভাবে কলিকাতার রাস্তার ফুটপাথে দাঁড়াইয়া আলাপ করাটা আমার পক্ষে হীনতাসূচক। সেই ব্যথাক্লিষ্ট মানুষটির গোপন কথা শুনিবার জন্য উৎকর্ণ হইয়া রহিলাম।
মকবুল অতি ধীরে ধীরে থামিয়া থামিয়া হিন্দিমিশ্রিত বাংলায় যাহা বলিল এবং যাহা বলিল না—সবটুকু মিলাইয়া যাহা বুঝিলাম, তাহাই ভাষায় লিপিবদ্ধ করিতেছি। মকবুল বলিল, বাবু, আমি আপনাকে ব্যাপারটা ঠিক বুঝাইতে পারিব কি না জানি না। ঘটনাটা এমন অসম্ভব আর এমনই ভয়াবহ যে, বিশ্বাস করা কঠিন। কিন্তু খোদার কসম বাবু, আমি একটিও মিথ্যা বলিব না। আমি আজ তিন বৎসর ধরিয়া এই গাড়িতে এক মৃতদেহের বোঝা টানিয়া বেড়াইতেছি। একজনের অধিক লোককে গাড়িতে তুলিয়া টানিতে পারিব কেমন করিয়া? আর একজন যে নিরন্তর আমার গাড়িতে বসিয়া আছে! তাহার নড়িবার শক্তি নাই। আমি তাহাকে বহন করিয়া লইয়া ফিরিতেছি। ইহার হাত হইতে আমার নিস্তার নাই। মৃতদেহ পচিয়া ভারী হইয়া গিয়াছে; আমি অহরহ দুর্গন্ধে অস্থির হইতেছি। মৃতদেহের ভার টানিয়া টানিয়া আমার সবল দেহ জীর্ণ হইয়া আসিল—এই অদৃশ্য শবদেহের ভারে আমি জর্জরিত হইয়া পড়িয়াছি, আমি আর বাঁচিব না বাবু।
মনে হইল, উপকথা শুনিতেছি; মনে হইল, কলিকাতার আবেষ্টনী ধোঁয়া হইয়া কোথায় মিলাইয়া গিয়াছে—জনশূন্য মরুভূমির মাঝখানে আমরা দুইজনে পড়িয়া আছি। এক অদ্ভুত অনুভূতিতে আমার সমস্ত চেতনা বিলুপ্তপ্রায় হইল। আমি স্তব্ধ হইয়া শুনিতে লাগিলাম—
তিন বছর আগেকার কথা। সেদিন প্রবল বর্ষণে কলিকাতা শহর জলধারার আবরণে বিলুপ্ত হইয়াছিল। রাত্রি নয়টা দশটার সময় আমি এই গাড়িখানা লইয়া হাওড়া স্টেশনে সওয়ারীর প্রতীক্ষা করিতেছিলাম। সেখানে দুই-চারখান মাত্র গাড়ি ছিল, লোকের ভিড় ছিল না বলিলেই হয় অমন দিনে সাধারণত কুকুর-বিড়ালেরাও বাড়ির বাহির হয় না। কিন্তু অভাব যাহাদিগকে পীড়া দেয়, তাহারা কুকুর-বিড়ালেরও অধম। আমি বিবাহ করিবার লোভে অর্থ সঞ্চয় করিতেছিলাম। বহিঃপ্রকৃতির সহস্র বাধাও আমার সঙ্গিনীপিয়াসী মনকে দমাইতে পারে নাই। বিবাহ করিবার কি অদম্য স্পৃহা আমার ছিল বাবু, তাহা আপনাকে বুঝাইতে পারিব না—নহিলে অমন দিনে মানুষে ঘরের বাহির হয় না। আজ বিবাহ করিবার বিন্দুমাত্র প্রবৃত্তি আমার নাই; প্রতি মুহূর্তেই আমার শরীরের রক্ত জল হইয়া আসি
