
রাজাবাহাদুরের রঙ্গমঞ্চ – ফণীন্দ্রনাথ পাল
রঞ্জিত চট্টোপাধ্যায়
রাজাবাহাদুরের রঙ্গমঞ্চ – ফণীন্দ্রনাথ পাল
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| horror |
Posted byবইয়েের খনি18-Aug-2025
Change color
১
কলিকাতার ক্রোশ দশেক দক্ষিণে আমার শ্বশুরবাড়ি। গ্রামটি বড় এবং প্রাচীন। এককালে খুবই বর্ধিষ্ণু ছিল। তাহার প্রমাণস্বরূপ বহু বড় বড় অট্টালিকা গ্রামের বুকের উপর আজও জাজ্বল্যমান রহিয়াছে। তাহার অধিকাংশই বহুদিন ধরিয়া পরিত্যক্ত অবস্থায় ছিল, সম্প্রতি কতকগুলি বাড়িতে আবার আলো জ্বলিতে আরম্ভ করিয়াছে। কলিকাতা-উন্নতিকামী মহারথীদের তাড়া খাইয়া বোধ করি অনেকেই গ্রামের পরিত্যক্ত বাসভবনে আসিয়া আশ্রয় লইতে বাধ্য হইয়াছে এবং অত্যন্ত অনিচ্ছা সহকারে নিরুপায় হইয়াই সেখানে পাকাপাকি ভাবেই থাকিবার ব্যবস্থায় আত্মনিয়োগ করিয়াছে। তাহা ছাড়া গ্রামটি একটি নদীর উপর। ছোট নদী। বর্ষায় ফাঁপিয়া ফুলিয়া উঠিলেও চৈত্র-বৈশাখে শীর্ণ হইয়া যায়; স্থানে স্থানে লোক হাঁটিয়াও পার হয়, কিন্তু নৌকা চলাচলের পথ একেবারে রুদ্ধ হইয়া যায় না, তাই ব্যবসা বাণিজ্যের সুবিধা বুঝিয়া অনেক নূতন লোকও গ্রামে বসবাস করিতে আরম্ভ করিয়াছে। ফলে পূর্বশ্রী ফিরিয়া না পাইলেও কতকটা শ্ৰী তাহার ফিরিয়া গিয়াছে।
আমার শ্বশুর মহাশয়ের বাড়িটি দীর্ঘ বিশ বৎসর এমনই পরিত্যক্ত। তিনি সুদূর রাওলপিণ্ডি অঞ্চলে চাকুরি করিতেন—পাঁচ বৎসর অন্তর দিন দুই তিনের জন্য বাড়িতে আসিয়া বাস করিয়া যাইতেন। প্রতি সন্ধ্যায় যাহাতে ভিটায় বাতি পড়ে, সেই জন্য এক দরিদ্র প্রতিবেশীকে তিনি একতলায় দুইটি ঘরে থাকিতে দিয়াছিলেন এবং বাড়ি মেরামতের জন্য তাহাকে মাসে মাসে কিছু পাঠাইয়াও দিতেন। কিন্তু বাড়ি আসিয়া লোকের মুখে শুনিতেন, প্রতিদিন দূরের কথা প্রতি সপ্তাহে দুইটি ঘর ছাড়া অন্য কোন ঘরে বড় আলো পড়ে না, এবং মেরামতের জন্য প্রেরিত টাকার পনেরো আনা তিন পয়সা প্রতিবেশীটি নিজ তহবিল-ভুক্ত করেন এবং বাড়িটিকে বাকি এক পয়সায় কোন রকমে খাড়া করিয়া রাখেন। তবুও বলিবার উপায় নাই। থাক সে কথা।
পঁচিশ বৎসর চাকুরি পূর্ণ হইতেই শ্বশুর মহাশয় পেনসন লইয়া কলিকাতায় আসিলেন। মাস দুই সেখানে থাকিয়া গ্রামের বাড়িটিকে নিজের তত্ত্বাবধানে মেরামত করিয়া দীর্ঘকাল পরে সেই পরিত্যক্ত পল্লীভবনে পুনঃপ্রবেশ করিলেন। পূজার ছুটিটা সেখানে অতিবাহিত করিবার জন্য আমি নিমন্ত্রিত হইলাম। সে গ্রামে ইতিপূর্বে আমি কোনদিন যাই নাই। গ্রামটি দেখিয়া আমার ভারি আনন্দ হইল।
এখানে আসিবার দিন প্রত্যূষে নিচে একটা গোলমালের শব্দ আমার কানে যাইতেই আমার ঘুমটা হঠাৎ ভাঙিয়া গেল। আমার স্ত্রী মনোরমা ইতিপূর্বেই শয্যা ত্যাগ করিয়া গিয়াছে। একবার শুন্য শয্যার দিকে চাহিয়া ব্যাপার কি জানিবার জন্য আমি তাড়াতাড়ি নিচে নামিয়া দেখিলাম সেই প্রতিবেশীটি ও অবনীর মধ্যে খুব চিৎকার করিয়া বচসা চলিতেছে।
অবনী আমার জ্যেষ্ঠ শ্যালক, সে আর আমি প্রায় সমবয়সী। আমরা দুইজনই এম-এ পড়ি।
আমার দিকে চাহিয়া অবনী কহিল, ‘পাড়াগেঁয়ে লোকের আক্কেলটা একবার দেখ। ওঠবার নামটি নেই, চিরটা কাল বাড়িটি তো উনিইভোগকরে আসছেন—’
মধ্যপথে বাধা দিয়া প্রতিবেশী শ্লেষের সহিত বলিয়া উঠিল, ‘দু পাতা ইংরিজী পড়ে ভারি লম্বা লম্বা কথা হয়েছে—বুঝগে গিয়ে তোর বাপের সঙ্গে—সে জানে, আমায় খোসামোদ করে না রাখলে এ বাড়ির একখানা ইটও থাকত না। এখন কাজ ফুরিয়েছে কিনা, তাই আমি পাজি। যাব তোদের এ আস্তাকুঁড় থেকে আজই উঠে যাব। তবে বলে রাখছি কেমন করে এ বাড়ি তোরা ভোগ করিস তাও দেখব! এখন তাড়াচ্ছিস, পরে আবার এখানে এনে রাখবার জন্যে গুষ্টিবর্গকে নিয়ে আমার পায়ে ধরতে হবে। ওপর তলায় এই যে আরামে ঘুমোচ্ছিস, এটা কার দয়ায়? এই শর্মার! ব্ৰহ্মদত্যিটাকে আগলে আছি কিনা তাই কিছু বলে না, আজি তো আমি যাচ্ছি, গেলেই টের পাবি! এ গ্রামের মধ্যে গুণী আর কে আছে যে সেই ব্ৰহ্মদত্যিকে ঠেকিয়ে রাখবে। না হলে তোর বাবা এমনই দাতাকর্ণ কিনা যে শুধু শুধু আমায় দুটো ঘর ছেড়ে দিয়েছিল। কি দুর্দশা হয় তোদের তাও আমি দেখব, যাচ্ছি তো !’
হো হো করিয়া হাসিয়া উঠিয়া অবনী কহিল, ‘ফন্দিটা মন্দ বের কর নি! কিন্তু ব্ৰহ্মদৈত্য তাড়াবার মন্ত্র তোমার চেয়ে আমরাও বড় কম জানি না। এখন তুমি দয়া করে ঘাড় থেকে নামলে যে আমরা রেহাই পাই। উঠছি উঠছি করে দু মাস কাটিয়ে দিলে, ওঠার নাম পর্যন্ত নেই! এখন ভালয় ভালয় উঠবে, না অন্য ব্যবস্থা করতে হবে?’
প্রতিবেশী চিৎকার করিয়া কহিল, ‘তুই কি বাড়ির গুমোর দেখাচ্ছিস—দুখানা ভাঙা ইটের তো বাড়ি; জানিস আমি ইচ্ছে করলে এমন বাড়িতে থাকতে পারি, তোদের সমস্ত বাড়িখানা এক করলেও তার একটি ঘরের সমান হয় না! রাজবাহাদুর কত সাধ্য সাধনা করেন, তোর বাবার জন্যেই থাকিনি—বেচারা ধরে পড়ল। এই তো যাচ্ছি, গিয়ে দেখে আসিস্ একবার বাড়িটা, চোখ ঠিকরে যাবে। আমিও এসে দেখে যাব ব্রহ্মদৈত্য—’
অবনী কি বলিতে যাইতেছিল, আমার শাশুড়ী ঠাকরুণ দরজার আড়াল হইতে তাহাকে ডাকিলেন। অবনী তৎক্ষণাৎ কলহ বন্ধ করিয়া তাঁহার নিকট গিয়া উপস্থিত হইয়া কহিল, ‘কেন ডাকছ মা—যেমন করে হোক ওকে আজ তাড়াবই।’
জননী কহিলেন, ‘ঝগড়া-ঝাটি কর না বাবা, উনি আসুন, এসে যা ভাল হয় করবেন।’
অবনী হাসিয়া কহিল, ‘ব্রহ্মদৈত্যের ভয় পেলে নাকি মা? ওর চালাকি আর বুঝতে পারলে না। এমনি তো আর থাকা চলে না, তাই মনে করেছে এই রকম ভয় দেখালে আর কেউ তাকে কিছু বলবে না, সে বেশ কায়েমী হয়ে বাড়ি দখল করে থাকবে।’
জননী কহিলেন, ‘না বাবা, ভয় পাওয়ার কথা হচ্ছে না। আমাদের এখানে বাড়ি হলেও আমরা এখন নতুন লোক হয়ে পড়েছি—কাজ কি পাড়াপড়শীর সঙ্গে ঝগড়া করে। উনি বেড়িয়ে ফিরে এসে যা হোক ব্যবস্থা করবেন।’
অবনী হাসিয়া উত্তর দিল, ‘বেশ, তাই হবে মা।’
আমরা দুইজনে উপরে চলিয়া গেলাম। আমি কহিলাম, ‘হ্যাঁ, লোকটা ধূর্ত বটে। মার মনে ভয় জাগিয়ে তুলেছে। না, ওকে আর তাড়াতে পাচ্ছ না।’
অবনী কহিল, ‘ওকে তাড়াতেই হবে। ওরকম লোকের সঙ্গে এক বাড়িতে কিছুতেই থাকা যেতে পারে না। আমরা যদি দু মাসের জন্যে বাড়িতে আসতুম, সে আলাদা কথা। তা ছাড়া কিরকম অসুবিধে হচ্ছে দেখছ তো!’
আমি হাসিয়া কহিলাম, ‘ওকে তাড়ালে ব্ৰহ্মদৈত্য ঘাড়ে চেপে বসবে যে!’
অবনী হাসিয়া কহিল, ‘তার ওষুধেরও ব্যবস্থা করা যাবে!’
শ্বশ্রু ঠাকুরাণী পরদিনই কিন্তু শাস্তিস্বস্ত্যয়নের ব্যবস্থা করিলেন, তিনি বলিলেন, ‘ছেলেপুলে নিয়ে ঘর করতে গেলে, সব জিনিস অমন হেসে উড়িয়ে দেওয়া যায় না।’
ইহারই দিন তিনেক পরে প্রতিবেশীটি তাহার নিজের বাড়িতেই উঠিয়া গেল, রাজাবাহাদুরের বাড়িতে নয়। তাহার জীর্ণ বাড়িটির মেরামতের খরচা অবশ্য সে জননীর নিকট হইতে আদায় করিয়া লইল। কিন্তু নিজের বাড়ি বসিয়া চিৎকার করিয়া ভয় দেখাইতেও ছাড়িল না।
প্রতিবেশীটি চলিয়া যাইবার পর দিন হইতে বাড়ির মেয়েরা বড় গোলযোগ আরম্ভ করিল। সন্ধ্যারাত্রিতে হঠাৎ কোন শব্দ হইলে মেয়েরা সব ছুটিয়া আসিয়া জননীর চারিধারে গিয়া জড়ো হইত এবং ভীতিব্যাকুল দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিত। তখনই সন্ধান লইয়া জানা হইত, একটা শৃগাল কিংবা গোসাপ পাঁচিলের পাশ দিয়া ছুটিয়া যাইতেছে। গভীর রাত্রে হঠাৎ ঘুম ভাঙিয়া উঠিয়া পত্নী মনোরমা দুই কম্পিত বাহু দিয়া আমায় জড়াইয়া ধরিয়া বলিয়া উঠিত, ‘এই শোন, ছাদের ওপর পায়ের শব্দ!’ সঙ্গে সঙ্গে আমারও মনে হইত, সত্যই যেন কে ছাদের উপর পায়চারি করিয়া বেড়াইতেছে। বুকের ভিতরটা হঠাৎ কি জানি কেন মুহূর্তের জন্যে ছাঁৎ করিয়া উঠিত, কিন্তু কান খাড়া করিয়া থাকিলে আর কিছু শুনিতে পাইতাম না। তখন স্পষ্ট বুঝিতে পারিতাম ইহা সহসা নিদ্রোথিত ব্যক্তির শ্রবণেন্দ্রিয়-বিকার মাত্র। এমনই ভাবে দিন চারেক চলিল। তারপর একদিন মনোরমার কম্পিত হস্তের ধাক্কায় সহসা জাগিয়া উঠিয়া বসিয়া ছাদের উপর মানুষের পায়ের শব্দ স্পষ্ট শুনিতে পাইলাম। মনোরমার সমস্ত দেহ তখন ঠক্ঠক্ করিয়া কাঁপিতেছিল, আমার দেহ না কাঁপিলেও আমি ভিতরে ভিতরে চঞ্চল হইয়া উঠিলাম। কিন্তু মুহূর্তমধ্যে মনকে বশে আনিয়া মনোরমার হাত ধরিয়া কক্ষ হইতে বাহির হইলাম এবং জননীর নিকট তাহাকে বসাইয়া রাখিয়া ছাদের সিঁড়ির দিকে অগ্রসর হইলাম।
এমন সময় অবনী দ্বার খুলিয়া তাহার কক্ষ হইতে বাহির হইয়া আসিয়া হাসিয়া কহিল, ‘কি হে, অত ছুটোছুটি করছ কেন? ছাদের ওপর পায়ের শব্দ শুনে বুঝি? তুমিও দেখছি মেয়েমানুষ হয়ে গেলে! কিন্তু ও ব্রহ্মদৈত্যের পায়ের শব্দ নয়, ও ভামের ছোটার শব্দ, দেখবে এস আমার সঙ্গে।’ আমরা দুইজনে ছাদে গিয়া উঠিলাম, সঙ্গে সঙ্গে আমাদের দেখিয়া কি একটা জানোয়ার সশব্দে ছুটিয়া পলাইয়া গেল। সেদিনকার মত মনোরমার ও অন্যান্য মেয়েদের ভয় ভাঙিল বটে, কিন্তু ব্রহ্মদৈত্যের অতর্কিত আবির্ভাবের ভীতি তাহাদের অন্তর হইতে কিছুতেই দূর করা গেল না।
এমনই ভাবে দিন চলিতে লাগিল। অবনী আর আমি দিনের বেলায় এবং রাত্রে নিত্য নূতন সাজে সজ্জিত হইয়া কণ্ঠস্বর নানারকম বিকৃত করিয়া ব্ৰহ্মদৈত্যের অভিনয় করিয়া তাহাদের ভয় দেখাইয়া পরম কৌতুক অনুভব করিতে লাগিলাম। তাহাদের বুঝাইয়া দিলাম, এই যে সমস্ত ভূতের গল্প শোন, তাহার কতক এই রকম সাজানো ভূতের অভিনয় আর কতক জীবজন্তুর, কতক বা গাছপালার নড়াচড়ার ব্যাপার! এমনই ভাবে তাহাদের মন হইতে একটু একটু করিয়া ভয়ও দূর হইয়া গেল।
২
সেদিন অবনী আর আমি বেড়াইতে বেড়াইতে গ্রামের অপর এক প্রান্তে গিয়া উপস্থিত হইলাম। তখন অপরাহ্ণ। সেখানে একটা প্রকাণ্ড অট্টালিকা আমরা দেখিতে পাইলাম। তাহার প্রকাণ্ড জীর্ণ অবস্থা দেখিয়া মনে হইল বাড়িটি এককালে রাজভোগ্য প্রাসাদের মধ্যে পরিগণিত হইলেও অধুনা জনশূন্য, পরিত্যক্ত। কোথাও কোন সাড়াশব্দ নাই, গভীর নিস্তব্ধতা যেন সমস্ত বাড়িখানিকে ঘিরিয়া রহিয়াছে। কিন্তু মোড় ঘুরিয়া প্রকাণ্ড ফটকের সম্মুখে আসিতেই আমাদের সে ভুল ভাঙিয়া গেল। দেখিলাম ফটকে এক সশস্ত্র প্রহরী বন্দুক হস্তে পায়চারি করিয়া বেড়াইতেছে! সে এত বৃদ্ধ যে কোমরটা তাহার বাঁকিয়া গিয়াছে। সাজ-পোশাকও তদধিক জীর্ণ, তবে এককালে যে বিশেষ জমকালো ছিল, শতছিন্ন পাগড়ি জামা ও পায়জামা সংযুক্ত জরির টুক্রাগুলো তাহা সপ্রমাণ করিয়া দিতেছে। আমাদের দেখিয়া প্রহরী বন্দুকটা শক্ত করিয়া ধরিয়া সোজা হইয়া দাঁড়াইবার চেষ্টা করিল।
আমি জিজ্ঞাসা করিলাম, ‘সিপাইজী এ বাড়ি কার? কেউ থাকে না কি এ বাড়িতে?’
প্রহরী বিস্মিত দৃষ্টি আমার মুখের উপর স্থাপিত করিয়া বেশ পরিষ্কার বাংলায় কহিল, ‘আপনারা কোন্ দেশের লোক বাবু যে রাজাবাহাদুরকে চেনেন না?’
রাজাবাহাদুর! আমরা একজন আর একজনের মুখের দিকে বিস্ময়পূর্ণ দৃষ্টিতে চাহিলাম। এমন প্রাসাদ, এমন প্রহরী, রাজাবাহাদুরটি কেমন তাহা জানিবার জন্য ভারি কৌতূহল হইল। প্রহরীকে সম্বোধন করিয়া কহিলাম, ‘আমরা বিদেশী লোক, এখানে বেড়াতে এসেছি। এ কোন্ রাজাবাহাদুর তা তো আমরা জানি না। তুমি যদি মেহেরবানী করে তার পরিচয় দিয়ে দাও।’
সিপাইজী বোধ করি এইবার খুশি হইল, কহিল, ‘রাজা গোবর্ধন বাহাদুর।’
অবনীকে চুপি চুপি কহিলাম, ‘রাজাবাহাদুরের চেহারাটা একবার দেখে আসা যাক। কি্ বল হে?’
অবনী কহিল, ‘বেশ তো, চল না।’ তারপর একটু থামিয়া হাসিয়া আবার কহিল, ‘সেপাই সাহেবের হুকুম নাও।’
প্রহরীর দিকে চাহিয়া বলিলাম, ‘সিপাইজী আমাদের একবার রাজদর্শন করিয়ে দাও।’
‘কি!’ বলিয়া প্রহরী বন্দুকটিকে শক্ত করিয়া ধরিয়া কুব্জ দেহ কিঞ্চিৎ সোজা করিয়া কাঁধের উপর রাখিয়া তাহার কোটরগত চক্ষুর জ্বলন্ত দৃষ্টি আমার মুখের উপর স্থাপিত করিল।
তাহার রকম দেখিয়া আমার ভারি হাসি পাইল। কোনরকমে হাসি চাপিয়া কহিলাম, ‘রাগ করছ কেন সিপাইজী, রাজদর্শন করবার জন্য তোমার কুমই তো চেয়েছি।’
বুঝিলাম সিপাইজীর রাগ কতকটা শান্ত হইল। সে কহিল, ‘আপনাদের তো সাহস কম নয় যে আপনারা রাজাবাহাদুরের সঙ্গে দেখা করতে চান! আর অমন কথা মুখে আনবেন না। এখনই চলে যান, এখানে আর আপনারা দাঁড়াবেন না, কেউ দেখলে, অনর্থ ঘটবে, পাহারা দেওয়