Home
ম্যমির জীবন্ত হাত – খগেন্দ্রনাথ মিত্র

ম্যমির জীবন্ত হাত – খগেন্দ্রনাথ মিত্র

রঞ্জিত চট্টোপাধ্যায়

ম্যমির জীবন্ত হাত – খগেন্দ্রনাথ মিত্র

রঞ্জিত চট্টোপাধ্যায়
horror

Posted byমিতা সাহা18-Aug-2025

Change color

সকাল থেকে সেদিন কাজের আর বিরাম ছিল না; যখন বিশ্রাম পেলাম, রাত তখন বারোটা। যেখানে আমার আস্তানা ছিল, সে জায়গাটার চারধারে দশ ক্রোশের মধ্যে কোন লোকালয় নেই, গাছপালাও বড় একটা দেখা যায় না, কেবল শুষ্ক পাষাণ ও তার এধারে-ওধারে অতি প্রাচীন সমাধিগুলি নীরবে পড়ে আছে। এইসব কারণে জায়গাটা স্বভাবতই নির্জন ও নিস্তব্ধ। দ্বিপ্রহরে ও সন্ধ্যার পর থেকে তার নীরবতা যেন গুরুভার পাষাণের মত বুকের উপর চেপে বসে। রাত যত বাড়ে, মনে হয়, এখানে মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তারা জেগে উঠে রাত্রির মত অতি চুপে চুপে পা ফেলে এবং বাতাসের মত লঘু ও স্বচ্ছ দেহে এদিক-ওদিক চলা-ফেরা করছে।


আমার কাজ ছিল সমাধির নিচের শুষ্ক ও প্রাণহীন মৃতদেহগুলি নিয়ে। এক-এক রাতে মনে হত, কে যেন আমার পিঠের উপর দিয়ে ঝুঁকে বা সামনে দাঁড়িয়ে আমার রচনাটা খুব কৌতূহলের সঙ্গে পাঠ করছে। কখনো কখনো সচকিত হয়ে মাথা তুলে এদিক-ওদিক তাকিয়েছি। কিন্তু কিছুই দেখতে পাই নি।


সেজন্যে ভাবতাম, ওটা মনের ভুল। রাতদিন মৃতের সম্বন্ধে চিন্তা করছি, মৃতের নানারকম সামগ্রী নাড়া-চাড়া করি; আমার চারধারেই যে সমাধি। এ অবস্থায় প্রেত বা ছায়া অথবা ওই ধরনের কিছু যে দেখব কিংবা অনুভব করব, এতে আর বিচিত্র কী!


যাই হোক, কাজ সেরে আমি আস্তানা থেকে বাইরে বেরিয়ে এলাম। পরদিন আমাদের দেশে যেতে হবে, সেজন্যে আমার সঙ্গী জিনিসপত্র গোছাতে ব্যস্ত। আমাদের বৃদ্ধ আরব অনুচরটি তখন কোথায় জানি না।


আমি আস্তানার বাইরে দাঁড়িয়ে একটা চুরুট ধরিয়ে চারধারে তাকিয়ে দেখলাম। কিন্তু সেই ঘন অন্ধকারে কিছুই চোখে পড়ল না; কেবল কিছু দূর থেকে নাইলের অস্পষ্ট কলধ্বনি ও চারধারের অশ্রান্ত ঝিল্লিরব একসঙ্গে মিশে একটি অদ্ভুত সুরের সৃষ্টি করে আমার কানে বাজতে লাগল এবং মনকেও স্পর্শ করতে লাগল। আমি স্তব্ধ হয়ে সেই শব্দের দিকে কান পেতে রইলাম।


সম্ভবত ক্ষণিকের জন্যে তন্ময় হয়ে থাকব। হঠাৎ দেখি, আমার একেবারে সমুখে একটি ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে।


আমি সচকিত হয়ে এক পা পিছিয়ে যেতেই আমারও বিস্ময়ের ঘোর কাটল, সেই মূর্তিও কথা বলে উঠল। সে অতি মৃদু কণ্ঠে বললে, ‘আমার সঙ্গে আসুন।’


তার সুরে, কথায় ও ভাব-ভঙ্গিতে এমন একটা গাম্ভীর্য ছিল যে, সে আমাদের অনুচর হলেও তা উপেক্ষা করতে পারলাম না; কেবল বললাম, ‘কোথায়?’


সে হাত বাড়িয়ে পুব দিকটা দেখিয়ে দিলে। আমি নীরবে তাকে অনুসরণ করে চললাম।


দুজনে চলেছি। আমাদের পথের এদিকে-ওদিকে ভগ্ন সমাধিস্তম্ভগুলো পড়ে আছে। মাঝে-মাঝে পায়ে বাধা পাই, কোন সমাধিস্তম্ভ-চূড়ায় বা আর কোথাও বসে হঠাৎ দুটি-একটি পেচক ডেকে ওঠে, মাথার উপর দিয়ে বাতাসকে পাখার আঘাতে বিক্ষুব্ধ করে কখনো কখনো বাদুড় উড়ে যায়। সেই ঘন অন্ধকার, সেই আচম্বিত শব্দ, সেই জনবিরল সমাধি-প্রান্তর ও বৃদ্ধ অনুচরটির রহস্যপূর্ণ ব্যবহার আমাকে ক্রমে যেন অভিভূত করে ফেলতে লাগল। আমার মনে হতে লাগল, আমি কোন অভূতপূর্ব ঘটনা বা কোন রহস্যের সম্মুখীন হতে চলেছি।


তার সঙ্গে কতক্ষণ যে চলেছি, তা ঠিক করে বলা সম্ভব নয়। তবে দূরত্বের অনুমানে বুঝলাম, আমার আস্তানা থেকে প্রায় এক মাইল পার হয়ে এসেছি। এর মধ্যে অবশ্য আমরা দুজনে কেউ কারো সঙ্গে একটি কথাও বলি নি।


এক জায়গায় এসে আমার অনুচরটি হঠাৎ দাঁড়াল। তারপর বললে, ‘অপেক্ষা করুন।’


আমার চোখে অন্ধকার এতক্ষণে সয়ে এসেছিল। তার উপর তিথি অনুসারে আর-একটু পরেই চাঁদ উঠবে। পুব আকাশের কোল একটু উজ্জ্বল হয়ে উঠেছে। তার ফলে জায়গাটার একটা অস্পষ্ট ছবি আমার চোখে ফুটল। মনে পড়ল, এর আগে এখানে দিনের বেলায় একবার এসেছিলামও। দেখলাম, আমার সমুখে সেই জীর্ণ স্ফীংক্‌স্‌; তার নিচে প্রত্নতাত্ত্বিকদের কাটা সুড়ঙ্গ ও খাদ।


অনুচরটি সেখানে আমাকে রেখে সেই খাদের মধ্যে নেমে গেল।


আমি দাঁড়িয়ে আছি। দূর শৈলশিখরে ধীরে কৃষ্ণপক্ষের চাঁদ উঠল। তার ম্লান আলো সেই নিস্তব্ধ নিৰ্জন জায়গা, সমাধিগুলি ও স্ফীংক্‌স্‌টাকে এমন একটি রূপ দান করলে যে আমার মনে হতে লাগল, চারধার থেকে কারা যেন ঘুম থেকে ধীরে জেগে উঠছে। চিন্তাটা মনে উঠতেই আমার শরীরের মধ্য দিয়ে কেমন একটু শিহরণ বয়ে গেল।


ঠিক তখনই পিছনে পায়ের শব্দে ফিরে দেখি, আমাদের অনুচরটি ফিরে আসছে। তার হাতে যেন একটি কি।


সে কাছে আসতেই দেখি, জিনিসটা কাপড়ে জড়ানো। সাধারণত ‘ম্যমি’গুলি যে ধরনের কাপড়ে জড়ানো থাকে এ কাপড়খানাও সেই ধরনের। আমার কৌতূহলের সীমা থাকল না।


সেও কোন কথা না বলে, কাল-বিলম্ব না করে জিনিসটার উপরের জড়ানো কাপড়টা খুলে ফেললে। ততক্ষণে চাঁদ আর একটু উপরে উঠেছে।


জিনিসটার কাপড়খানা সে সম্পূর্ণ খুলে দিতেই আমার কৌতূহল চরম বিস্ময়ে পরিণত হল। দেখলাম, সেটা একখানি হাত!


হাতখানার গঠন এবং সুন্দর ও সরু আঙুলগুলি দেখে বুঝলাম, সেটি কোন নারীর। তার কোথাও এতটুকু বিকৃতি ঘটেনি। তার নখগুলি চমৎকার করে কাটা; প্রত্যেক নখের উপর যে খুব পাতলা সোনালি পাত মোড়া রয়েছে, সেগুলি পর্যন্ত জ্যোৎস্নায় ঝলমল করছে। দেখে মনে হতে লাগল, হাতখানা এই মুহূর্তে কোন সুন্দরী নারীর দেহ থেকে কেটে আনা হয়েছে। তার ক্ষতস্থান থেকে যে দুটি হাড় বেরিয়ে আছে, চাঁদের আলো পড়ে সে দুটি আরও সাদা দেখাচ্ছে। ততক্ষণে চাঁদের আলো আরও উজ্জ্বল ও নির্মল হয়ে উঠেছিল। অনুচরটি হাতখানা আমার আর-একটু কাছে আনতে দেখলাম, তার তর্জনীতে একটি উজ্জ্বল সোনার আংটি; তার উপর প্রাচীন ইজিপ্টের কয়েকটি সাঙ্কেতিক অক্ষর খোদাই করা।


আমার বৃদ্ধ অনুচরটির মুখের দিকে তাকিয়ে দেখলাম, তার চেহারায় কেমন একটা পরিবর্তন এসেছে। তাকে আমরা আরব বলে জানতাম। কিন্তু এখন তার মুখ-চোখের আরবীয় গঠনের পাশে আর একটি অন্য ভাব ফুটে উঠে সে ভাবটিকে ম্লান করে দিয়েছে। সে পরম স্নেহভরে সেই হাতখানি দু-হাতে তুলে ধরে বলল, ‘এখানা ফারাও আখ্‌নাটেনের সপ্তম কন্যার দক্ষিণ হাত।


‘আখ্‌নাটেন তাঁর পূর্বপুরুষদের ধর্মত্যাগ করে এক নূতন ধর্ম প্রবর্তন করেছিলেন। সে ধর্ম ছিল, সূর্যের উপাসনা। তাঁর মৃত্যুর পর টুটেনখামেন ফারাও হন। তিনি আখ্‌নাটেন যে ধর্ম প্রবর্তন করেছিলেন তা দেশ থেকে দূর করে দেশের যা পুরাতন ধর্ম তা আবার প্রতিষ্ঠা করেন। তার ফলে ইজিপ্টের পুরোহিত সম্প্রদায় আবার শক্তিশালী হয়ে ওঠে, থিবিস নগরের মন্দিরের পুরোহিতগণ আবার অবাধে ইজিপ্টের সর্বত্র প্রভুত্ব করতে থাকে।


‘কিন্তু ফারাও আখ্‌নাটেনর সপ্তম কন্যা মাকিটাটেন তাঁর পিতৃ-ধর্ম তখনও ত্যাগ করেননি। সে ধর্মের প্রতি তাঁর নিষ্ঠা ছিল বড় গভীর। রাজকুমারী পিতার মৃত্যুর পর একদল সৈন্য সংগ্রহ করে থিবিসের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। কিন্তু প্রথম যুদ্ধেই তিনি নিহত হন।


‘থিবিসের মন্দিরের পুরোহিতগণ তখন রাজকুমারী যে হাতে তাদের বিরুদ্ধে তরবারি ধারণ করেছিলেন, যুদ্ধক্ষেত্রেই তাঁর মৃতদেহ থেকে সেই দক্ষিণ হাতখানি মণিবন্ধের একটু উপরে তরবারি দিয়ে ছিন্ন করে এবং কয়েকটি বিশেষ প্রক্রিয়ার সাহায্যে হাতখানিকে ‘ম্যমি’ করে এই মন্দিরটিতে রেখে দেয়। এই নৃশংস কাজ করবার উদ্দেশ্য এই ছিল, যাতে আর কেউ রাজকুমারীর মত তাদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা না করে, তাহলে তাদেরও দশা হবে রাজকুমারীর মত। থিবিসের এই মন্দিরটাই ছিল তখন প্রধান। এখানা সেই।’ বলে বৃদ্ধ পরম স্নেহের সঙ্গে হাতখানা একটু দোলালে।


তারপর আবার বললে, ‘এই কাহিনী আমি শুনেছি আমার পিতার মুখে; তিনি শুনেছিলেন তাঁর পিতার কাছে। এইভাবে কাহিনীটি পুরুষানুক্রমে চলে আসছে। আমার পূর্বপুরুষেরা থিবিসের এইসব মন্দিরে পৌরোহিত্য করতেন। এই হাতখানি যে কোথায় লুকোনো ছিল তাঁরা ছাড়া আর কেউ তা জানত না। আমার পিতা আমাকে এর গোপন সন্ধান দিয়ে গেছেন। তোমার কাছে আমি নানাভাবে ঋণী। তাই আজ আমি সেই হাতখানা তোমায় উপহার দিচ্ছি।’


আমি বললাম, কিন্তু হাতখানা আমায় না দিয়ে কোন জাদুঘরে তোমার দেওয়া উচিত। তারা সযত্নে এটাকে রক্ষা করবে।’


সে কঠোর স্বরে বললে, ‘তা হতে পারে না। এই হাতের উপর যে অভিসম্পাত আছে, তা আজও পূর্ণ হয়নি। আর সেই অভিসম্পাতটি পূরণ করবার জন্যে ভাগ্য তোমাকেই নির্বাচিত করেছে।’


আমি চমকে উঠলাম; বললাম, ‘অসম্ভব! আমার সঙ্গে ওর সম্বন্ধ কী? আমি তো বিদেশী।’


সে একটু হেসে বললে, বন্ধু, নিয়তির চলা-ফেরা বড় বিচিত্র। আমি যা বলছি, তা সত্য। রাজকুমারী মাকিটাটেনের দেহটা ম্যমিতে পরিণত করে তাঁর পিতা আথ্‌নাটেনের মমির কাছে রাখা হয়েছে। সেটা এখন শান্তিতেই আছে। কিন্তু তাঁর দক্ষিণ হাতখানার উপর যে অভিসম্পাত আছে, তা আজও পূর্ণ হয়নি। সেজন্য এটার শান্তি নেই। এটা তোমার সঙ্গে পৃথিবীর নগরে নগরে ঘুরে বেড়াবে, লক্ষ-লক্ষ লোকের চোখের সমুখে প্রদর্শিত হবে। হাতখানার উপর যে অভিসম্পাত আছে, তা পূর্ণ হবে তোমার দ্বারাই। নিয়তির এই বিধান।’


‘অসম্ভব!’


‘পৃথিবীতে “অসম্ভব” বলে কিছু নেই। তুমিও কোথাও শান্তিতে বাস করতে পারবে না। আজ থেকে এক বছর পরে তোমার ভ্রমণ শুরু হবে। আর আজ থেকেই ত্রিশ বৎসর পরে এক মহাযুদ্ধের শেষ ভাগে রাজকুমারী মাকিটাটেনের ভগ্নীপতি ফারাও টুটেনখামেনের সমাধি আর ম্যমি যে সময় আবিষ্কৃত হবে, ঠিক তার পূর্বেই রাজকুমারীর আত্মা এসে তোমার কাছ থেকে তাঁর দক্ষিণ হাতখানা উদ্ধারের চেষ্টা করবে। হাতখানাও তখন হয়ে উঠবে জীবন্ত। যতকাল তোমার কাছে থাকবে, ততকাল তোমার কোন বিপদ-আপদের ভয় থাকবে না। তুমি এখানা সযত্নে রক্ষা করবে, তাহলে এই হাতও তোমাকে সকল বিপদে রক্ষা করবে। আমার কাছে শপথ কর যে, হাতখানা তুমি সব সময়ে খুব সাবধানে রাখবে!’ বলতে বলতে বৃদ্ধের চোখমুখের ভাব, গলার স্বর, দেহের ভঙ্গি সম্পূর্ণ বদলে গেল।


আমার তখন মনে হতে লাগল, একজন ইজিপ্টীয় পুরোহিত সেই অতি প্রাচীন জীর্ণ মন্দিরের ধ্বংসাবশেষের উপর দাঁড়িয়ে আমাকে কঠোর স্বরে প্রতিজ্ঞাবদ্ধ হতে আজ্ঞা দিচ্ছে। সেই নিস্তব্ধ নির্জন সমাধি-প্রান্তরে, শান্ত বাতাসে, উজ্জ্বল জ্যোৎস্নালোকে তার সেই মূর্তির সম্মুখে আমি ক্রমে অভিভূত হয়ে পড়লাম। আমার ইচ্ছাশক্তি মনের মাঝে মিলিয়ে গেল। বোধ হতে লাগল, আমি তার আজ্ঞাবহ ভৃত্য। আমার মাথা আপনা হতেই তার সম্মুখে নত হয়ে পড়ল।


সে বললে, ‘কেবল ওইটুকু প্রতিজ্ঞাই যথেষ্ট নয়। এই আমরা দুজনে আমেনের জীর্ণ, ভগ্ন মন্দিরতলে দাঁড়িয়ে আছি। এখানে নতজানু হয়ে বসে আকাশের দিকে তোমার দক্ষিণ হাত তুলে সকলের যিনি ঈশ্বর, তাঁকে সাক্ষ্য করে শপথ কর যে তোমার কথা তুমি পালন করবে!’


তার অনুজ্ঞা উপেক্ষা করবার শক্তি আমার তখন ছিল না; আমি যথাযথ তা পালন করলাম। তারপর আমি উঠে দাঁড়াতেই সে আমার হাতে রাজকুমারীর ছিন্ন হাতখানি ধীরে রেখে দিলে।


অতঃপর দুজনে পূর্বের পথ ধরে আস্তানায় ফিরে এলাম। আমার মন এক অভূতপূর্ব ভাবে ভরে গেল।


দেখলাম, আমার সঙ্গী তখনও তেমনি ব্যস্ত আছেন। আমি যে কাপড়ে জড়ানো একটা কিছু নিয়ে কুটীরে ঢুকলাম, সেদিকে তাঁর খেয়ালই হল না। আমিও তাঁকে হাতখানির বিষয় কোন কথা বলা আবশ্যক বলে মনে করলাম না। হাতখানিকে আর-একখানা কাপড়ে ভাল করে জড়িয়ে আমার বালিশের নিচে রেখে তাতে মাথা দিয়ে শুয়ে পড়লাম।


কিন্তু অন্য দিনের মত আমায় সে রাতে কিছুক্ষণ জেগে থাকতে হল না। শোবার প্রায় সঙ্গে সঙ্গেই আমার চোখে তন্দ্রা নেমে এল। আমি ঘুমিয়ে পড়লাম।


পরদিন যথাসময়ে আমরা জিনিসপত্র নিয়ে আস্তানা ছেড়ে চলে এলাম। আমাদের বৃদ্ধ অনুচরটিও স্টিমারঘাট অবধি আমাদের সঙ্গে এল।


আমি যখন স্টিমারে উঠছি, তখন সে একবার তীক্ষ্ণ চোখে আমার চোখের দিকে তাকাল। আমার মনে হল, সেই দৃষ্টির অর্থ, ‘তোমার শপথ পালন করো।’


যাই হোক আমাদের স্টিমার যথাসময়ে থিবিস ছেড়ে নাইল দিয়ে সুদূর উত্তরে সমুদ্রের দিকে চলতে আরম্ভ করলে।


সেই সময়ে ফিরে দেখলাম, আমাদের বৃদ্ধ অনুচরটি ঘাটের একধারে স্থির হয়ে আমাদের দিকে

**********
No Review
Related Books
Loading books…