Home
কে তুমি? – শৈলজানন্দ মুখোপাধ্যায়

কে তুমি? – শৈলজানন্দ মুখোপাধ্যায়

রঞ্জিত চট্টোপাধ্যায়

কে তুমি? – শৈলজানন্দ মুখোপাধ্যায়

রঞ্জিত চট্টোপাধ্যায়
horror

Change color

গ্রাম আমি কখনও দেখিনি। শহরেই জন্ম, শহরেই বড় হয়েছি। শহরেই কেটেছে এই পঁচিশটি বসন্ত।

আমার এক বন্ধু জুটেছে চাকরি করতে গিয়ে। বন্ধুর নাম সুজিত। বীরভূম জেলায় কোন একটি গ্রামে তার বাড়ি। বাড়ির অবস্থা মন্দ নয়। হঠাৎ একদিন সুজিত আমাকে বললে, যাবি আমাদের বাড়ি? গ্রাম কখনও দেখিসনি বলছিস, দেখে আসবি।

সামনে চারদিন ছুটি। বললাম, যাব।

সুজিতদের গ্রামে এসেছি। রেল-স্টেশন থেকে বহুদূরে—কতক গরুর গাড়িতে, কতক বা পায়ে হেঁটে যেতে হয়। দুই বন্ধুতে বেড়াতে বেড়াতে তাই গেলাম।


গ্রামখানি চমৎকার। ঢেউ-খেলানো মাটি, চারিদিকে ধানের মাঠ। দক্ষিণে একটি জঙ্গল। শাল তাল তমাল গাছের সারি। মনে হয় প্রতিটি গাছ যেন যত্ন করে পোঁতা। একে এরা জঙ্গল কেন বলে বুঝতে পারি না। পরিষ্কার পরিচ্ছন্ন মাটির ওপর শ্রেণীবদ্ধ গাছের ছায়ানিবিড় তপোবনের মত স্নিগ্ধ শ্যাম জায়গাটি আমার এত ভাল লাগল যে সহজে সেখান থেকে আসতে মন চাইল না।


সুজিতের বাড়িখানা পুরোন। আগেকার দিনের তৈরি দোতলা বাড়ি—কিছু ভেঙেছে, কিছু বা মেরামত করা হয়েছে।


দোতলার একটি ঘরে আমার শোবার ব্যবস্থা করে দিয়েছে। দক্ষিণ দিকের জানলাটি খুললে দেখা যায়—পাশেই একখানি মাটির বাড়ি! পোড়া বাড়ি বলেই মনে হয়। লোকজন কেউ বাস করে না। উঠোনে একটি আমের গাছ। গাছে তখন অজস্র মুকুল ধরেছিল। আমের মুকুলের গন্ধে আমার ঘরখানা যেন ভরে আছে।


রাত্রি তখন কত ঠিক মনে নেই। সেদিন কার ডাকে যেন ঘুম ভেঙে গেল: শুনছেন? শুনছেন?


স্ত্রীলোকের কণ্ঠস্বর।


জানলার পথে তাকিয়ে দেখলাম, সেই পোড়ো বাড়িটার উঠোনে আম গাছটির তলায় তন্বী এক তরুণী দাঁড়িয়ে। জ্যোৎস্নার আলো গাছের ফাঁকে ফাঁকে এসে পড়েছিল মেয়েটির সঙ্গে। মেয়েটি সুন্দরী বলেই মনে হল। জিজ্ঞাসা করলাম, কি বলছেন?


মেয়েটি বললে, আমার মা কোথায় বলতে পারেন?


বললাম, আমি নতুন এসেছি এ-গ্রামে। আমি কিছু জানি না।


আর কিছু বললে না মেয়েটি।


মনে হল যেন, সে চলে গেল। আলোছায়া ঘেরা সেই গাছের তলায় তাকে আর দেখতে পেলাম। কোন্ দিক দিয়ে কোথায় গেল বুঝতে পারলাম না।


ঘটনাটা আমি ভুলতে পারছিলাম না। পরের দিন সকালে বললাম সুজিতকে।


সুজিত বললে, ও জানলাটা আর খুলো না। বন্ধ করে দিয়ো।


কেন বল দেখি? মেয়েটা কি—


সুজিত বললে, না, না, সে-রকম কিছু নয়। কাজ কি বাবা পরের মেয়ের সঙ্গে…..দুদিনের জন্যে এসেছিস্—


বুঝলাম। সেই ভাল।


সেদিন রাত্রে জানলাটা বন্ধ করেই আমি শুয়েছিলাম।


কিন্তু সেদিন আবার। আবার সেই কণ্ঠস্বর। আবার সেই ডাক: শুনছেন? শুনছেন?


জানলার কপাটটা ঠেলছে বলে মনে হল।


বাধ্য হয়ে জানলাটা খুলে ফেললাম।


কিন্তু এ-কী? সেই সুন্দর মুখখানি জানলার শিকগুলোর ঠিক পেছনে। মেয়েটি মনে হল যেন। জানলার শিক ধরে দাঁড়িয়ে রয়েছে।


কিন্তু কেমন করে তা সম্ভব? জানলার পেছনে তো কিছুই নেই! মেয়েটি তাহলে দাঁড়িয়ে আছে কিসের উপর?


এই কথা ভাবতেই টপ করে মাথাটা আমার ঘুরে গেল।


বললাম, আমি জানি না—কাল তো বলেছি আপনাকে!


আমার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। আমি কাঁপছি ঠক্‌ঠক্ করে। জানলাটা বন্ধও করতে পারছি না, চিৎকার করে ডাকতেও পারছি না সুজিতকে।


আমার অবস্থা দেখেই বোধ হয় খিলখিল করে হেসে উঠল মেয়েটি! সুন্দর সাজান দাঁতের সারি। উজ্জ্বল দুটি টানা টানা চোখ।


মেয়েটি বললে, আমি তো কোন কথাই আপনাকে জিজ্ঞেস করিনি! আমি জানি আপনি নতুন এসেছেন। ক’দিন থাকবেন?


খুব খানিকটা সাহস সঞ্চয় করে জানলাটা বন্ধ করবার জন্যে হাত বাড়িয়ে ছিলাম বোধহয়। কিন্তু জানলাটা বন্ধ করবার অবসর আমি পেলাম না। তার আগেই মেয়েটি এসে দাঁড়াল একেবারে আমার সুমুখে—ঘরের ভিতর।


আবার তার সেই হাসি!


তারপর কি হয়েছে আমার আর কিছু মনে নেই।


জ্ঞান যখন ফিরে এল—দেখি, আমি শুয়ে আছি সুজিতের ঘরে। সুজিতের ছোট বোন দাঁড়িয়ে আমার মাথায় হাওয়া করছে। মাথার চুলগুলো ভিজে। মাথায় বোধকরি জল ঢালা হয়েছে।


সুজিত দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে।


জিজ্ঞাসা করলাম, হাসছিস যে? কী হয়েছিল রে?


সুজিত বললে, কিরকম ভীতু রে তুই। ও-রকম করে চেঁচিয়ে উঠেছিলি কেন?


কেন তা আমি কেমন করে বলি! বললাম, তারপর?


সুজিত বললে, তোর চিৎকার শুনে ছুটে গেলাম। ভাগ্যিস দোরে খিল বন্ধ করিসনি। নইলে কি যে হত কে জানে।


খুব হয়েছে আমার গ্রাম দেখা।


পরের দিনই বললাম, আমি কলকাতায় যাব।


সুজিতকেও আসতে হল আমার সঙ্গে।


গ্রামে থাকতে সুজিত আমাকে কোন কথাই বলেনি। কোন রহস্যই ভাঙেনি।


ট্রেনে আসতে আসতে সুজিত বললে, বেচারা সুবী! ওকে আমরা দেখেছি সবাই। কিন্তু আমাদের গা-সওয়া হয়ে গেছে। আমরা গ্রাহ্য করি নে।


মেয়েটা আসে। তার মার খবর জানতে চায়। বলে, তার মা কোথায় তোমরা বল।


আমি কিন্তু বুঝতে পারছি না। খুলে বল্ সব কথা।


সুজিত বলল, তাহলে শোন্!


সংসারে দুটি মাত্র মানুষ। মা আর মেয়ে।


মার বয়স হয়েছে। মেয়ের বয়স এই সবে আঠারো-উনিশ, কিন্তু দুজনেই বিধবা।


ঝগড়া-ঝাঁটি তাদের চব্বিশ ঘন্টা লেগেই থাকে! মেয়েটাই দিবারাত্রি খিটিমিটি করে; মার সঙ্গে ঝগড়া করবার ছুতো খুঁজে বেড়ায়। আবার অবাক কাণ্ড—খুব খানিকটা ঝগড়া করে নিজেই শেষে পা ছড়িয়ে কাঁদতে বসে।


মা বলে, তুই একটা কিছু না করে আর ছাড়বিনে দেখছি! মাথার একপিঠ চুল এলিয়ে এই ভর্তি দুপুরবেলা কাঁদতে বসলি যে? আয়, চুলগুলো বেঁধে দিই।


এই বলে চুলগুলো বেঁধে দেবার জন্যেই মা হয়তো তার কাছে এগিয়ে যায়, কিন্তু মেয়ে তখন রেগে একেবারে টং। চুলে হাত দিতে সে কিছুতেই দেবে না। বলে, যাও, যাও, খুব হয়েছে। তোমাকে আ—


মার চোখ দুটি তখন জলে ভরে আসে।


আঁচলে চোখ মুছে বলে, থাক তবে, কাঁদ ওইখানে বসে! বলে ধীরে ধীরে সে ঘর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে এর বাড়ি খানিকক্ষণ বসে, ওর বাড়ি খানিকক্ষণ বসে, কথা কইবার মত কাউকে যদি কাছে পায় তো বলে, ওই বয়েস আর ওই রূপ নিয়ে বিধবা হল মা, মেয়েটার মুখের পানে আর তাকাতে পারছিনে।


প্রতিবেশিনী হয়তো আশ্বাস দেয়। বলে, ভেব না মা, গা-সওয়া হয়ে যাবে।


মা কিন্তু তার নিজের কথাই বলতে থাকে। বলে—আমার কি মনে হয় জানিস বাছা, মনে হয়—এই নিয়ে সুবী হয়তো দিবারাত্রি ভাবে। ভেবে আর যখন কূল-কিনারা পায় না, তখন হয়তো ও অমনি করে হয় কাঁদতে বসে, নয়তো ঝগড়া করবার জন্যে খুনসুড়ি করে বেড়ায়।


প্রতিবেশিনী মেয়েটি এবার নীরবে শুধু ঘাড় নেড়ে কথাটা সমর্থন করে। সুবীর মা তার মুখের পানে তাকিয়ে বলে, বুঝতে সবই পারি বাছা, কিন্তু মা হয়ে আমি যে আর—


বলতে বলতে ঠোঁট দুটি তার থরথর করে কাঁপতে থাকে, চোখ দিয়ে দরদর করে জল গড়িয়ে আসে।


সে চোখের জল আর কিছুতেই থামতে চায় না। আঁচল দিয়ে মোছে আর তৎক্ষণাৎ কানায়-কানায় ভরে ওঠে।


মার সে কান্না বুঝি বিধাতারও সহ্য হল না। তাই সে কান্নার পালা হঠাৎ একদিন চুকে গেল। বিধাতা চুকিয়ে দিলেন, কি সুবী নিজেই চোকালে কে জানে!


সেদিন দুপুরে মা ও মেয়ে দুজনেই খেতে বসেছে। ভাত চিবোতে গিয়ে কটাং করে সুবী তার দাঁতে একটা কাঁকর চিবিয়ে ফেললে। হাতের গ্রাসটা তৎক্ষণাৎ সে থালার ওপর ছিটকে ফেলে দিয়ে বলে উঠল—না, আর পারি নে বাবা! কেন, চালগুলো বেছে নিতে পারোনি?


মা বললে, চাল আর কত বাছব বাছা! ভাতে কাঁক পাথর দু-একটা অমন থাকে। তাই বলে তোর মতন এমন বিটকেল কেউ করে না—খা।


মেয়ে আর না খেয়ে হাত গুটিয়ে বসে রইল দেখে মার মনে মনে সত্যিই এবার একটুখানি রাগ হল। বললে, এমন তিরিক্ষে মেজাজ তোর কেন হল সুবী? কই, আগে তো এমন ছিল না!


সুবীর মুখখানা ভারী হয়ে উঠল।


তাই না দেখে মা আবার বললে, এতই যদি লবাবের মেয়ে হয়ে থাকিস তো চালগুলো কাল থেকে তুই নিজের হাতে বেছে দিস।


তাই দেব। বলে থালাটাকে হাত দিয়ে সরিয়ে দিয়ে সুবী উঠে দাঁড়াল।


সর্বনাশ! বিধবা মেয়ে, একবারের বেশি খেতে নেই! মা চট করে বাঁ-হাত বাড়িয়ে আঁচলটা চেপে ধরে বলে উঠল, বোস্, চারটি খেয়ে নে! কেউ দেখেনি, তাতে দোষ নেই, নে বোস!


ঝাঁকুনি দিয়ে সুবী আঁচলটা ছাড়িয়ে নিলে। বললে, না, আর খাব না।


সারাদিন খেতে যে আর পাবি নে হতভাগী, উপোস দিয়ে মরবি?


মরণ হলে তো বাঁচি! মরণ যে হয় না ছাই!


তাই মর তুই! আমারও হাড়টা জুড়ায় তাহলে।


বিড়বিড় করে কি যেন বলতে বলতে সুবী আঁচাতে চলে গেল।


মা-ই বা আর কেমন করে খায়! থালাটা সরিয়ে দিয়ে মা-ও উঠে দাঁড়াল।


খিড়কির পুকুর থেকে হাত-মুখ ধুয়ে এসে সুবী দেখলে, এঁটো থালা তেমনি পড়ে আছে, আর ঘটির জলে উঠোনে হাত ধুয়ে মা তার ঘর থেকে বেরিয়ে গেছে।


মা তার সেদিন যেখানে সেখানে কেঁদে কেঁদে সারা হল। না মা, রইল ওই দস্যি মেয়ে আমার বাড়িতে, আমায় দেখছি অন্য কোন দেশে গিয়ে পালাতে হল।


প্রতিবেশিনী মেয়েরা কেউ বা সান্ত্বনা দেয়, আবার কেউ বা বলে, কি জানি মা, তোমাদের ঝগড়ার কিছু বুঝি নে আমরা!


মায়ের চোখ দিয়ে জল আসে। বলে, বুঝতে কী ছাই আমিই পারি বাছা! ও যে কেন অমন করছে মা, তা কে জানে!


মা আবার সে-বাড়ি থেকে উঠে আর এক বাড়িতে গিয়ে বসে। সেখানেও সেই কান্না আর ওই এক কথা।—আজ আর আমি বাড়ি ঢুকছি নে। দেখি ও আমায় খুঁজতে আসে কিনা!


এমনি করে এ-বাড়ি সে-বাড়ি করতে করতে সূর্য ডুবল। রোজ ঠিক এমনি সময় পুকুর থেকে এক-কলসী করে খাবার জল তাকে আনতে হয়। পাড়ার মেয়েরা সব কলসী কাঁখে নিয়ে পুকুরে যাচ্ছিল, করালীর মা বললে, চল, না হয় আমার একটা কলসী নিয়েই চল আজকে।


সুবীর মা বললে, না বাছা, থাক, আজ আর যাব না। মজাটা একবার বুঝুক।


মজা বোঝাবার জন্যে সে রইল বটে, কিন্তু দেখতে দেখতে চারদিক আঁধার করে এল, ঘরে ঘরে প্রদীপ জ্বলল, তবু সুবী তাকে ডাকতে এল না।


মার মন ঘর ছেড়ে এমন করে কতক্ষণই বা বাইরে থাকে। তুলসীতলায় এখনও হয়তো সন্ধে পড়ল না—এতক্ষণ হয়তো সে তার নিজের লণ্ঠনটি জ্বেলে নিয়ে রামায়ণ পড়তে বসে গেছে—মা তার মরল না বাঁচল বয়ে গেছে তার দেখতে!


সরু একটা গলির অপর প্রান্তে একেবারে একটেরে তাদের সেই ছোট মাটির ঘরখানি—চারিদিকে মাটির প্রাচীর দিয়ে ঘেরা। সদর দরজা পেরিয়েই বাঁ-হাতে উঠোনের এক পাশে বহুদিনের প্রাচীন একটা আমের গাছ—অজস্র ডালপালা বিস্তার করে জায়গাটাকে অন্ধকার করে রেখেছে। তাহলেও ঘরে যদি আলো জ্বলে তো বাইরে থেকেই টের পাওয়া যায়। কিন্তু আলো জ্বলা দূরে থাক, সুবীর মা সদর দরজা ঠেলে ঘরে ঢুকতে গিয়ে দেখে, দরজাটা ভেতর থেকে বন্ধ।


হেঁকে বললে, সুবী দরজা খোল্!—কাজ দ্যাখ দেখি মেয়ের! ঘরে ঢুকতে না দেবার মতলব!


ভেতর থেকে সুবী সাড়া আর কিছুতেই দেয় না, দরজাও খোল না।


কাছেই তারাপদদের বাড়ি। তারাপদ তখন সবেমাত্র গোয়ালে গাই-গরুগুলিকে খেতে দিয়ে ঘরে এসে বসেছে, এমন সময় সুবীর মা এসে বললে, আয় তো বাবা, সুবীকে একবার আচ্ছা করে ধমক দিবি! সদর দরজায় খিল দিয়ে বসে আছে, আমায় ঢুকতে দেবে না।


তারাপদ হেসে বললে, ঝগড়া হয়েছে বুঝি? বলেই লণ্ঠনটি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এল।

**********
No Review
Related Books
Loading books…