Home
কনে দেখা আলোয়

কনে দেখা আলোয়

অনীশ দেব

কনে দেখা আলোয়

অনীশ দেব
horror

Posted byকাব্য রচিত31-Oct-2025

Change color

‘সব মেয়েকেই ভালো দেখায়।’ ছোট হয়ে-আসা বিড়িতে জোরালো টান দিয়ে মন্তব্য করলেন জগৎ শ্রীমানী।

‘কনে-দেখা আলো কাকে বলে জানতে পারি কি?’ বরেন মল্লিক পান চিবোচ্ছিলেন—একটু খোঁচা দিয়েই প্রশ্নটা ছুড়ে দিলেন জগৎ শ্রীমানীর দিকে।

আলোচনাটা শুরু হয়েছিল পাড়ার রবিশঙ্করবাবুর মেয়ের বিয়ে নিয়ে। গতকাল বিয়ের ব্যাপারটা মিটে গেছে। পাত্রের চেহারা একেবারে কার্তিকের মতো। অথচ মেয়ের চেহারা মোটেই মানানসই নয়। কালো-কোলো এই মেয়েটির পাত্রস্থ হওয়া নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তা ছিল অবশ্যই, তবে পাড়ার লোকেদের দুশ্চিন্তা ছিল যেন তার শতগুণ। তাই হঠাৎ করে সেই মেয়েটির বিয়ের নেমন্তন্ন পেয়ে অনেকেই বেশ অবাক হয়ে গিয়েছিলেন।

সুপ্রকাশ পালিত, জগৎ শ্রীমানী, বরেন মল্লিক, বিজন সরকার, আর প্রিয়নাথ জোয়ারদার—সকলেরই সেই বিয়েতে নেমন্তন্ন ছিল। তবে প্রিয়নাথের এক আত্মীয়ের বিয়ে ছিল গতকালই। ওঁকে সেখানে যেতে হয়েছিল—পাড়ার নেমন্তন্নে যেতে পারেননি।

বৈঠকখানায় বসে বেশ কিছুক্ষণ এই বিয়ে নিয়ে আলোচনার পর সুপ্রকাশ হঠাৎই বলেছিলেন, ‘খোঁজ নিয়ে দেখুন, রবিশঙ্করবাবু হয়তো কনে-দেখা আলোয় মেয়েকে দেখিয়েছেন। তাই পাত্রপক্ষের পছন্দ হয়ে গেছে…।’

তাঁর উত্তরে জগৎ শ্রীমানী মন্তব্য করেছেন এবং বরেন মল্লিক পালটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন।

বিড়ির শেষ টুকরোটা তক্তপোশে রাখা অ্যাশট্রেতে গুঁজে দিলেন জগৎ শ্রীমানী। তারপর ভুরু উঁচিয়ে গোল-গোল চোখে বরেন মল্লিকের দিকে তাকিয়ে ভাঙা ফ্যাঁসফেঁসে গলায় বললেন, ‘বরেন, তুমি কি সত্যিই জানতে চাইছ, না আমি জানি কি না সেটা টেস্ট করছ?’

বরেন মল্লিক ইতস্তত করে চোখ সরিয়ে নিলেন। বোঝা গেল, জগৎ শ্রীমানীর শেষের কথাটাই ঠিক।

প্রিয়নাথ গলাখাঁকারি দিয়ে অ্যাশট্রেতে সিগারেটের ছাই ঝাড়লেন, বললেন, ‘কনে-দেখা আলো কাকে বলে সবাই জানে। সূর্য ডুবে যাওয়ার ঠিক পরে—মানে, গোধূলির সময়—যে-আলোটা থাকে সেটাই কনে-দেখা আলো…।’ হাসলেন ভূতনাথ : ‘কিন্তু এটা কেউ বলতে পারেন, সেই আলোতে কেন কনেকে বা কাউকে ভালো দেখায়?’

চোখে দুষ্টুমির ঝিলিক তুলে একে-একে তিনজনের মুখের দিকে তাকালেন ভূতনাথ।

সবাই চুপচাপ। মাথার ওপরে ব্রিটিশ আমলের কাঠের ব্লেডওয়ালা পাখা ঘুরছে, ক্যাঁচক্যাঁচ শব্দ হচ্ছে।

হঠাৎই অ্যানসনিয়া পেন্ডুলাম ঘড়িতে ঢং-ঢং করে ঘণ্টা বাজতে শুরু করল। সকলে যেন ঘণ্টার শব্দ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন।

ঘণ্টার শব্দ শেষ হলে জগৎ শ্রীমানী বললেন, ‘ওই আলোটা খুব নরম। মানে, মোলায়েমভাবে মুখের ওপরে ছড়িয়ে পড়ে!’

বরেন মল্লিকের মুখ দেখে মনে হল, ব্যাখ্যাটায় তাঁর সায় আছে।

কিন্তু সুপ্রকাশ পালিত উসখুস করছিলেন, বারবার ভূতনাথের দিকে তাকাচ্ছিলেন।

ভূতনাথ সিগারেটে মেজাজি টান দিয়ে জগৎ শ্রীমানীকে বললেন, ‘আপনি ঠিকই বলেছেন—তবে ওটা ঠিক সায়েন্টিফিক এক্সপ্লানেশন হল না। আমি একটু ধার করা বিদ্যে জাহির করি। কারণ, বিজ্ঞান যেখানে শেষ সেখান থেকে আমার বিদ্যে শুরু। এটা আমি শুনেছিলাম এক সায়েন্টিস্ট বন্ধুর মুখে।

‘কনে-দেখা আলোর মোদ্দা ব্যাপারটা হল, ওই আলোয় কোনও ছায়া পড়ে না। যাকে বলে ডিফিউজড লাইট। মানে, ঘষা কাচের মধ্যে দিয়ে আলো যেভাবে ছড়িয়ে পড়ে। সেইজন্যেই মুখের ওপর আলোটা নরম মোলায়েম বলে মনে হয়।’

কিছুক্ষণ কেউই কোনও কথা বললেন না। বোধহয় প্রিয়নাথের ব্যাখ্যাটা মনে-মনে বুঝতে চেষ্টা করছিলেন।

হঠাৎই সবাইকে অবাক করে দিয়ে প্রিয়নাথ বললেন, ‘রাতের কনে-দেখা আলোর কথা আপনারা কেউ কখনও শুনেছেন কি?’

‘তার মানে!’ হাই পাওয়ার চশমার কাচের পিছনে সুপ্রকাশ পালিতের চোখ দুটো অস্বাভাবিকরকম বড় দেখাল।

প্রিয়নাথ ম্লান হাসলেন। মাথা ঝুঁকিয়ে সিগারেটের ছাই ঝাড়তে-ঝাড়তে বললেন, ‘আমার তো বেশিরভাগ কাজ-কারবারই রাত নিয়ে। তবে এই ঘটনার শুরু হয়েছিল কনে-দেখা আলো দিয়ে। আর শেষও হয়েছে, বলতে পারেন কনে-দেখা আলো দিয়ে। তফাতের মধ্যে শুধু এই—প্রথমটা দিনের কনে-দেখা আলো, আর শেষেরটা রাতের।’

‘রাতের কনে-দেখা আলো!’ অস্ফুটে বললেন বরেন মল্লিক।

‘হ্যাঁ, রাতের—’ ভূতনাথ বললেন, ‘ধরে নেওয়া যাক, ছেলেটির নাম সুজন—বয়েস আর কত হবে?—এই ছাব্বিশ-সাতাশ। আমার গল্পটা—মানে, সত্যি ঘটনাটা—ওকে নিয়েই। ও তখন ভালো চাকরি করে। মা-বাবা ওর জন্যে মেয়ে দেখে বেড়াচ্ছেন। একমাত্র ছেলেকে এবার সংসারী করে দেবেন ঠিক এইরকম একটা সময়ে ঘটনার শুরু…।’

ধানবাদ থেকে ট্রেনে ফিরছিল সুজন। সঙ্গে মা আর বাপি। মাসিমণির মেয়ের বিয়েতে ওরা চারদিনের জন্য ধানবাদ গিয়েছিল। মায়ের আরও ক’দিন থাকার ইচ্ছে ছিল, কিন্তু সুজন থাকতে চায়নি। কারণ, অফিস থেকে ও মাত্র চারদিনেরই ছুটি পেয়েছে। অফিসে জয়েন করেই ওকে আবার চেন্নাই ছুটতে হবে—অফিসের একটা নতুন প্রজেক্টের মিটিং আছে সেখানে।

বাপিরও অবশ্য বেশিদিন থাকার ইচ্ছে ছিল না। কলকাতায় ব্যবসার কাজ ছেড়ে কোথাও ওঁর মন বসে না। তাই সুজনের মায়ের মন খারাপ হওয়াটা খুব স্বাভাবিক।

ট্রেনে ওঠার পর থেকেই সান্ত্বনা দিচ্ছিল সুজন। বলছিল, ক’মাস পরেই ও ছুটি নিয়ে মাকে ধানবাদ ঘুরিয়ে নিয়ে যাবে। এবারে আর চারদিন নয়—কমপক্ষে দশদিন।

মা তবুও মুখ ভার করে বসেছিল।

বাপি কোনও কথা বলেননি। লম্বা সিটের এক কোণে বসে আপনমনে সিগারেট খাচ্ছিলেন, আর আড়চোখে সুজনদের দেখছিলেন।

সুজনের অনেক কথা গোমড়া মুখে শোনার পর শেষে মা বলল, ‘তোর জন্যেই আরও দু-দিন থাকতে চেয়েছিলাম—আমার জন্যে নয়।’

‘কেন, আমার জন্যে কেন?’ সুজন অবাক হয়ে জানতে চাইল।

‘রুবিকে তোর জন্যে মেয়ে দেখতে বলেছিলাম। ও একটা মেয়ের খবর দিয়েছিল। দেখতে নাকি দারুণ। কাল বিকেলে ও রুবিদের বাড়িতে আসবে কথা ছিল। তোরা এমন করলি, মেয়েটাকে দেখার আর সময় পেলাম না।’

রুবি সুজনের মাসিমণির নাম। বিয়ের সম্বন্ধ করার ব্যাপারে মাসিমণির উৎসাহ অফুরন্ত। প্রায়ই অহঙ্কার করে বলেন, ‘এ পর্যন্ত চোদ্দোটা বিয়ের সম্বন্ধ করেছি।’

সুজন মায়ের কাছেই শুনেছে, মাসিমণির টার্গেট নাকি পঁচিশটা সম্বন্ধ। তারপর তিনি এই গুরুদায়িত্বের কাজ থেকে রিটায়ার করবেন। তখন ভারতে বিয়ের হার নির্ঘাত গোত্তা খেয়ে নীচে নেমে যাবে।

সুজন জানে, ওর বিয়ের জন্য মা একেবারে আদা-জল খেয়ে লেগে পড়েছে। এ পর্যন্ত বেশ কয়েকটি মেয়ের ফটো দেখেছে ও—কিন্তু ওর পছন্দ হয়নি। কোনও-কোনও সময় মাকে ও মিনমিন করে বলেছে, ‘এত তাড়াহুড়োর কী আছে। আগে চাকরিতে একটু দাঁড়িয়ে নিই…।’

কিন্তু মা সেসবে আমল দেয়নি। অনুসন্ধান পুরোদমে চলেছে মায়ের আক্ষেপটা শোনার পর সুজন মাথা নেড়ে বলল, ‘উফ, তোমাদের কিছু এনথু আছে বটে!’

‘কী বললি?’ ছেলের কথাটা ঠিক ধরতে না পেরে মা প্রশ্ন করল।

সুজন বলল, ‘না—কিছু না।’

তারপর জানলা দিয়ে বাইরের ছবি দেখতে লাগল।

গাছপালা, মাঠ-প্রান্তর, দিঘি, হাঁস, ফিঙে ঘুঘু—সব একে-একে ছুটে চলেছে উলটো দিকে। শুধু পশ্চিমে হেলে পড়া সূর্যটা জানলার ফ্রেমে নাছোড়বান্দার মতো আটকে রয়েছে।

কী অপূর্ব ছবি! এ-ছবি কেবল একজনই আঁকতে পারেন।

সুজন মুগ্ধ হয়ে গিয়েছিল, আনমনা হয়ে গিয়েছিল। তাই খেয়াল করেনি, ট্রেন কখন যেন আসানসোল স্টেশনে এসে দাঁড়িয়েছে। চা আর শিঙারাওয়ালাদের চেঁচামেচি শোনা যাচ্ছে।

আজ রবিবার। তাই ট্রেন বেশ ফাঁকা। সুজনদের উলটোদিকের সিটে জানলার পাশ ঘেঁষে একজন মাত্র যাত্রী বসে আছেন। চোখে হাই পাওয়ার চশমা। থলথলে চেহারা। ধানবাদ থেকে ওঠার পরই একটা হিন্দি ম্যাগাজিন খুলে বসেছেন।

ট্রেন ছাড়ার হুইসল দিল। তারপর নড়ে উঠল। ঠিক তখনই সুজন দেখল তিনজনের একটি পরিবার ওদের কিউবিকল-এর কাছে এসে দাঁড়িয়েছে। তিনজনেরই চোখের নজর পছন্দসই সিট খুঁজছে।

লম্বা সিটটা প্রায় খালি দেখে পরিবারের কর্তা তাঁর স্ত্রী ও মেয়ের দিকে তাকিয়ে বললেন, ‘এই, এখানে এসো—।’

সুজনদের উলটোদিকে ওরা তিনজন বসে পড়ল।

ভদ্রলোক প্রৌঢ়। তার স্ত্রীর বয়েসও মানানসই। আর ওঁদের মেয়ের বয়েস কত হবে? বড়জোর কুড়ি-বাইশ।

মেয়েটির বোধহয় জানলার কাছে বসার ইচ্ছে ছিল। কারণ, সুজন লক্ষ করল, খানিকক্ষণ উশখুশ করার পর ও হিন্দি-ম্যাগাজিন-পড়া ভদ্রলোককে নীচু গলায় কিছু একটা অনুরোধ করল।

ভদ্রলোক চমকে উঠে মেয়েটির দিকে তাকালেন। তারপর সৌজন্য দেখিয়ে বললেন, ‘হাঁ, হাঁ, কিঁউ নহি—।’ এবং কষ্ট করে উঠে সিটের একেবারে এ-প্রান্তে এসে বসলেন—যাতে ওরা তিনজন পাশাপাশি বসতে পারে।

সুজন মেয়েটিকে একটু খুঁটিয়ে দেখছিল—অনেকটা যেন পাত্রী দেখার চোখে। হলুদ-কালোয় ছাপা চুড়িদার। গলায় সরু চেন। কানে চকচকে পাথরকুচি বসানো দুল। বাঁ-হাতে ঘড়ি। কপালে সরষের দানার মতো টিপ।

গায়ের রং ময়লা। মুখটা সামান্য লম্বাটে। নাক—স্পষ্ট। তার ডান পাশে একটা বড় জরুল। ঠোঁট কালচে গোলাপি। চিবুকে ছোট্ট টোল রয়েছে।

মেয়েটির চোখ দুটি অতি সাধারণ। তবে চোখের পালক বেশ ঘন এবং লম্বা। মাথায়ও অনেক চুল। আলগা বেণীর বেশ খানিকটা সিটের ওপরে সাপের মতো এঁকেবেঁকে পড়ে আছে।

মেয়েটি মোটেই সুন্দরী নয়। তবে সুশ্রী বলা যায় অনায়াসেই। আচ্ছা, সুজন যদি পাত্রী দেখতে যেত তা হলে এই মেয়েটিকে কি ও সত্যি পছন্দ করত? বোধহয় না।

সুজনের এখন এই এক মুশকিল হয়েছে। অবিবাহিতা কোনও তরুণী দেখলেই ওর মন পাত্রী দেখার মাপকাঠিতে তার সৌন্দর্য মাপতে চায়। এ এক অদ্ভুত খেলা। মনকে হাজার বারণ করেও সুজন বাগ মানাতে পারেনি। এ জন্য নিজের ওপরে ওর মাঝে-মাঝে ভীষণ রাগ হয়।

নিজের এই পাগলামিতে সুজন আপনমনেই হেসে ফেলল। ওর খেয়াল ছিল না, তখন ও আনমনাভাবে তাকিয়ে ছিল মেয়েটিরই দিকে।

‘হাসছেন কেন?’

সুজন একেবারে হকচকিয়ে গেল। কী বলবে ভেবে পেল না।

কারণ, মেয়েটিই সামান্য বিরক্ত গলায় প্রশ্নটা ছুড়ে দিয়েছে। ওর ভুরু কুঁচকে গেছে। চোখে সন্দেহের ছায়া।

দুজনেরই মা-বাবা পাশে বসা। সুজন খুব বিব্রত হয়ে পড়ল। ওর মুখ লাল হয়ে গেল। কানে উত্তাপ টের পেল।

কোনওরকমে ও বলল, ‘আপনি মনে হয় ভুল বুঝেছেন। আমি আনমনা হয়ে স্কুল লাইফের কথা ভাবছিলাম। তখনকার একটা মজার ব্যাপার হঠাৎ মনে পড়ে যাওয়ায় হাসি পেয়ে গেছে…।’

মেয়েটি এই উত্তরে তেমন খুশি হল বলে মনে হল না। তাই সুজন সাততাড়াতাড়ি স্মৃতি হাতড়ে একটা স্কুলের গল্প শুনিয়ে দিল।

গল্পটা সত্যিই মজার ছিল। তাই মেয়েটিও হেসে ফেলল।

দুই পরিবারের গল্প শুরু হয়ে গিয়েছিল খানিক আগেই। কথায়-কথায় জানা গেল মেয়েটির নাম চন্দ্রা। ওদের ‘দেশ’ আসানসোল। সেখানে এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে ওরা এসেছিল। এখন কলকাতায় ফিরছে। ধানবাদেও ওদের দু-চারজন আত্মীয় আছে। কখনও-কখনও ধানবাদেও ওরা বেড়াতে যায়।

টুকরো-টুকরো কথা হচ্ছিল, চা খাওয়া হচ্ছিল। তারই মধ্যে সুজন লক্ষ করল, মা বারবার ওর দিকে দেখছে। মনে হল যে ইশারায় কিছু একটা জানতে চাইছে। সুজন মুখ ফিরিয়ে নিয়ে জানলা দিয়ে বাইরে তাকাল।

চন্দ্রা তখন ওর জানলার তাকে বাঁ হাত রেখে ঝুঁকে পড়ে ওর হাতের পিঠের ওপরে চিবুক রেখেছে। দু-চোখ মেলে দেখছে বাইরের দিকে। ওর কয়েক গোছা চুল হাওয়ার উড়ছে—কখনও কপালে পড়ছে, কখনও চোখের ওপর।

বাইরে তখন সুর্য ডুবে গেছে। কিন্তু তার দীপ্তির আভা থেকে গেছে আকাশময়। এ সময়ে মেঘের যা কাজ তাই করেছে। সূর্যের ভালোবাসায় কুটিকুটি হয়ে রামধনুর নানান রং মেখে পশ্চিম দিগন্তে ছড়িয়ে পড়েছে। অপরূপ এক আলো সবাইকে তখন সুন্দর করে তুলেছে। গাছপালা, ধানখেত, পুকুর, ইলেকট্রিক-তারে বসে থাকা পাখি—সবই কেমন যেন অন্যরকম দেখাচ্ছে।

চন্দ্রাকেও তখন অন্যরকম দেখাচ্ছিল।

এই অসামান্য আলোয় ওকে দেখে সুজন মুগ্ধ হয়ে গেল। ওর বুকের ভেতরে এক অদ্ভুত অনুভূতি মুচড়ে উঠল। কিশোর বয়েসের প্রথম প্রেমের মতো ওর মনে হল, চন্দ্রাকে না পেলে বাঁচবে না।

কলকাতায় ফিরেও এই অনুভবটা ওর একটুও পালটাল না। অফিসে জয়েন করে, চেন্নাইয়ে মিটিং-এ গিয়ে, আবার বাড়িতে ফিরে—সবসময় ওর নিজেকে ভীষণ নিঃসঙ্গ মনে হতে লাগল।

এর নাম যদি প্রেম হয় তা হলে মানতেই হবে এ বড় অদ্ভুত প্রেম!

ঠিকানা আদান-প্রদান ট্রেনেই হয়েছিল। সুতরাং বেশ কিছুদিন উদাসভাবে ছটফট করে কাটানোর পর সুজন একদিন চ

**********
No Review
Related Books
Loading books…