Home
আসল নকল – প্রণব রায়

আসল নকল – প্রণব রায়

রঞ্জিত চট্টোপাধ্যায়

আসল নকল – প্রণব রায়

রঞ্জিত চট্টোপাধ্যায়
horror

Change color

মহকুমা জেলের এক নিভৃত সেলে বসে এই কাহিনী শুনেছিলাম। বলেছিল একজন দ্বীপান্তরের আসামী। তারই জীবন কথা। লোকটার বয়স হবে বছর পঁয়ত্রিশ। শুকনো দোহারা দেহ, বেশ লম্বা, কি এক অদৃশ্য বোঝার ভারে একটু ঝুঁকে পড়া। গাঢ় তামাটে রঙের মুখের রেখায় রেখায় ঠেকে-যাওয়া আর ঠকে-যাওয়া জীবনের প্রচুর ইতিহাস লেখা।

আমি ফৌজদারী আদালতের আইনজীবি। ক্রিমিনাল কেসে নাম আছে অল্পবিস্তর। লোকটা তার জানা একজনকে দিয়ে আমাকে ডেকে পাঠিয়েছিল। মামলার আগে নয়, রায় বেরোবার পর। তার মামলার বিশদ খবর আমি রাখিনি, তবে শুনেছিলাম এমন বিচিত্র কেস এ মহকুমায় আর একটিও আসেনি।


মনে মনে একটু কৌতূহল ছিল, তাই জেলের মধ্যে গিয়ে দেখা করলাম। লোকটা এ তল্লাটের নয়, কি জাত তাও জানিনে। পরনে জীর্ণ কালো রঙের চুড়িদার পায়জামা আর কালো ওয়েস্ট কোট, মাথায় মুখে রুখু ঝাঁকড়া চুল আর গোঁফ-দাড়ি। হাত-পায়ের পেশীগুলো গোটা গোটা, শক্ত। সবচেয়ে অদ্ভুত তার চোখ দুটো। থেকে থেকে মশালের মত দপ করে জ্বলে উঠে নিভে যায়। আর সেই চোখে মাঝে মাঝে স্থির দৃষ্টিতে চেয়ে থাকে, কিন্তু কিছুই দেখে না যেন। অথবা অশরীরী কিছু লক্ষ্য করে। সেই সময় লোকটার দিকে তাকালে গা ছমছম করে ওঠে।


তার সেলের সামনে গিয়ে যখন দাঁড়ালাম, হতে পায়ে ডাণ্ডাবেড়ির ঝমঝম আওয়াজ করতে করতে সে তখন ছোট্ট সেলটার মধ্যেই অশান্তভাবে ঘুরে বেড়াচ্ছে। জেলার বললে, তোমার ব্যারিস্টারবাবু এসেছেন।


লোকটা মশাল-জ্বালা চোখে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর হেসে সহজ ভাবে বললে, ভেতরে আসুন কত্তা।


জেলার সেল খুলে দিল। ভেতরে গেলাম। লোকটা সোজাসুজি বললে, আপীল করতে চাই, ব্যালিস্টারবাবু।


আমিও সোজাসুজি জবাব দিলাম, খুনের চার্জ তোমার বিরুদ্ধে, সাজা মুকুব হবে বলে মনে হয়।


লোকটা একটু হেসে বললে, সাজা বদল তো হতে পারে।


মানে?


লোকটা ব্যগ্র গলায় বললে, কালাপানির বদলে ফাঁসি তো হতে পারে। আপনি আমার ফাঁসির জন্যে আপীল করে দিন ব্যালিস্টারবাবু।


কিছুক্ষণ থ হয়ে রইলাম। এ কেমনতর মানুষ, যেচে ফাঁসির দড়ি গলায় পরতে চাইছে? কয়েদী মাত্রই একটু অপ্রকৃতিস্থ হয়ে থাকে, কিন্তু এ লোকটা আগাগোড়াই অপ্রকৃতিস্থ নাকি? না জীবনের প্রতি সম্পূর্ণ বীতস্পৃহ?


লোকটা ঝমঝমিয়ে একেবারে আমার সামনে এসে বললে, আমি জানি কত্তা, হাকিমরা আপনার কথা শোনে। আপনি আমার হয়ে আপীল করে দিলে ঠিক ফাঁসি হয়ে যাবে।


বললাম, কালাপানি গিয়েও কত লোকে আবার ফিরে আসে। তুমি ফাঁসি চাইছ কেন?


কেমন অসহিষ্ণু গলায় লোকটা বলে উঠল, সে তো ঢের দেরি কত্তা। সে যাবার সময় বলেছিলাম, আমিও জলদি যাচ্ছি। আমার কথার খেলাপ হয়ে যাচ্ছে হুজুর। সে ভাবছে রূপলালটা বেইমান!


তার মশাল-চোখ দপ করে জ্বলে উঠল, আর দেখতে দেখতে নিভে গেল। তারপর সেই বর্ণহীন চোখের স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল দেয়ালের দিকে। যেন অশরীরী কাউকে দেখছে।


গা’টা আমার ছমছম করে উঠল। তবু বললাম, কে তোমায় বেইমান ভাবছে? কার কথা বলছ?


আস্তে আস্তে সহজ হয়ে এল সে। তারপর বললে, গোড়া থেকেই বলি তবে শুনুন।


সেদিন সেই অদ্ভুত কয়েদীর মুখে আরো অদ্ভুত যে কাহিনী শুনেছিলাম, সেটা অপ্রাকৃত কি অলৌকিক, না একান্তই আজগুবি, তা আপনারাই বিচার করুন। আমি শুধু রূপলালের সেই আশ্চর্য কাহিনী শুনিয়ে যাচ্ছি।


পছিয়ার মাঠে ছোট ছোট তাঁবু পড়েছে। প্রতি বছর শীতের শুরুতে নানা জায়গা থেকে বেদের দল এ গাঁয়ে এসে আস্তানা পাতে। পছিয়ার মাঠই হল তাদের ডেরা। মেলা বসে, বেদের দল বাজীর খেলা দেখায়, লোকের হাতের রেখা বিচার করে, আর বেদেনীরা রঙিন পুঁতির মালা আর কুলো-ডালা বিক্রি করে। তারপর বসন্তকাল পড়লেই মরশুমী পাখির মত সব উধাও।


পছিয়ার মাঠে এ বছর এসেছে এক আজব দল। পায়ে হেঁটে নয়, সাতটা মোষের গাড়ি বোঝাই করে। এরা সার্কাস দেখায়, তিনটে ক্লাউন মজার চেহারা নিয়ে অনবরত তামাসা করে, বাঁদর কুকুর ছাগল সাইকেল চালায়, টিয়াপাখি কথা বলে, আরো কত কি! এ দলের প্রধান আকর্ষণ যে, সে হল ‘কালা যাদুগর’। অন্ধকার তাঁবুর মধ্যে শুধু একটা মোমবাতির আলোয় মুখ দেখে সে মানুষের ভবিষ্যৎ ঠিক-ঠিক বলে দিতে পারে।


ছোট ছোট তাঁবুগুলো থেকে একটু তফাতে ওই যে বড় তাঁবুটা, ওটাই সার্কাসের আসর। বেলা দুপুর গড়িয়েছে, সূর্য মাথার ওপর হেলেছে। বড় তাঁবুর সামনেটা লোকের ভিড় ক্রমশ বাড়ছে। আশপাশের পাঁচখানা গাঁ থেকে লোক আসছে। পায়ে পায়ে ধুলো উড়ছে যেন দিনের কুয়াশা। তাঁবুর দরজার সামনে একটা উঁচু প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে, একজন ক্লাউন মাথায় ঠোঙার মত রঙিন টুপি পরে ঝাঁঝর-করতাল হাতে চিৎকার করে ছড়া কাটছে:


এসো ভাই, দেখে যাও,


হাজার মজা লুটে নাও।


দু’ আনাতে দেখবে খাসা


কেয়া মজাদার রঙ-তামাসা!


আর দু’ আনা ফেললে পরে


কালা যাদুগরের ঘরে।


যাদুতে ভাই জানতে পাবে


রাজা হবে না ফকির হবে॥


ছড়ার শেষে ঝমর ঝমর করতালের আওয়াজ।


ক্লাউনের ডান পাশে বসে আছে থলথলে চেহারার একজন আধ্যবয়সী লোক। সামনে ডালার ওপর ফুটো-করা একটা বাক্স। তার কাজ শুধু দর্শকদের হাত থেকে পয়সা নিয়ে সেই ফুটোর মধ্যে ফেলে দেওয়া। আর বাঁ পাশে দাঁড়িয়ে আছে কালা যাদুগর। কালো সাটিনের চুড়িদার পায়জামা পরনে, গায়ে কোমর পর্যন্ত খাটো কালো ওয়েস্ট কোট, মাথায় কালো সাটিনের রুমাল বাঁধা, আর চোখে জলদস্যুদের মত চশমা-প্যাটার্ন মুখোশ। কালো পোশাকে মোড়া লম্বা দেহটা তার স্থির হয়ে আছে।


ওই আমাদের রূপলাল। পাঁচ বছর আগেকার রূপলাল। তখন তিরিশ বছরের জোয়ান। উৎসুক দৃষ্টিতে রূপলাল তাকিয়ে আছে ভিড়ের দিকে। গাঁয়ের দেহাতী লোকদের ভিড়, তাঁবুতে আগে ঢোকার জন্যে ঠেলাঠেলি করছে।


রূপলালের উৎসুক চঞ্চল দৃষ্টি স্থির হয়ে গেল এক জায়গায়। হ্যাঁ, আজও এসেছে ওরা! বুড়োর হাত ধরে সেই মেয়েটি। ভিড়ের পিছনে দাঁড়িয়ে আছে। আজ নিয়ে ওরা তিনদিন এল। অথচ তাঁবুর ভেতরে পা দেয়নি একদিনও। বুড়োকে দেখলে গরীব চাষী বলেই মনে হয়। মাথার চুলগুলো একেবারে সাদা। কিন্তু মেয়েটা যেন টাটকা মৌসুমী ফুল! বছর সতেরো আঠারোর বেশি বয়স হবে না। নতুন কচি পাতার মত শ্যামলা রঙ, ঢলঢলে মুখ, চুল বাঁধেনি, মেঠো হাওয়ায় বারবার মুখে এসে পড়ছে।


বুড়োটা তো তাকিয়ে আছে রূপলালের দিকেই, কিন্তু মেয়েটা কেন তাকাচ্ছে না? কেন সে অপলক চোখে একটা নিষ্পত্র বাদাম গাছের দিকে তাকিয়ে রয়েছে?


ভিড় আস্তে আস্তে পাতলা হয়ে এল। বড় তাঁবুর ভেতরটা প্রায় ভর্তি, খেলা এখুনি শুরু হবে। আসর জমানোর জন্যে ক্লাউন ভেতরে চলে গেছে, চলে গেছে বাক্স নিয়ে সেই থলথলে চেহারার লোকটিও। প্ল্যাটফর্মের ওপর একা রূপলাল। রূপলালের খেলা শেষের দিকে।


মেয়েটার হাত ধরে এগিয়ে এল বুড়ো। রূপলাল আজ যেচেই বললে, খেলা দেখবে নাকি?


বুড়ো ঘাড় নেড়ে বললে, না।


মেয়েটার দিকে তাকিয়ে রূপলাল বললে, পয়সা লাগবে না, দেখো গে যাও!


কিন্তু এত বড় প্রলোভনেও মেয়েটা চঞ্চল হল না। একটু বিষণ্ণ হাসি হেসে বুড়ো বললে, না যাদুগর, খেলা দেখবার লেগে আসি নাই। আমার দরকার তোমার সাথে—একটু নিরিবিলি চাই।


রূপলাল একটু অবাক হয়ে বললে, নিরিবিলি চাই! তাহলে সন্ধের পর আমার তাঁবুতে এসো।


মেয়েটা কেমন যেন ভয় পেয়ে বুড়োর হাত চেপে ধরে বললে, না, রেতের বেলা পছিয়ার মাঠে দানোরা আসে!


রূপলাল হেসে ফেললে। বললে, আচ্ছা, তবে থাক, আমিই যাব। ঘর কোথায় তোমার?


উত্তর দিলে বুড়ো, উই শালতলীতে। খুশিদের ঘর বললে দেখিয়ে দিবে।


খুশি কে?


একটু হেসে বুড়ো বললে, এই যে—আমার মেয়ে। ঠিক যাবে তো কত্তা?


যাব।


চলে গেল মেয়েকে নিয়ে বুড়ো। আশ্চর্য, এতক্ষণ তাকিয়ে রইল মেয়েটা রূপলালের দিকে, কিন্তু কোন ভাবেরই ছায়া পড়ল না তার চোখে।


মেয়েটির দেহে যৌবন এসেছে, কিন্তু মনের বয়স কি হয়নি?


যাবে বলে পুরোদস্তুর বেদে, রূপলাল হল তাই। বাপ-মা কে, কোথাকার লোক, জানে না। জ্ঞান হওয়া থেকে ঘুরছে বেদের দলের সঙ্গে, বড় হয়ে উঠেছে তাদেরই আওতায়। এ-দল থেকে ও-দল, এ-গ্রাম ছেড়ে ও-গ্রামে।


ছোটবেলায় দড়ির ব্যালান্স শিখেছিল। সরু দড়ির ওপর দাঁড়িয়ে কসরৎ দেখাতো মেলায়। আঠারো বছর বয়স অবধি। তারপর ভিড়ে গেল এক নেপালী বৌদ্ধ তান্ত্রিকের সঙ্গে—পাক্কা ছ’বছর। এই ছ’টা বছর রূপলালের জীবনে সবচেয়ে বিচিত্র অধ্যায়। তার জীবনের মোড় ঘুরে গেল এই ছ’ বছরে।


নেপালী তান্ত্রিক ছিল জ্যোতির্বিদ আর জ্যোতিষবিদ্যায় পারদর্শী। শুধু মুখ আর কপালের গঠন দেখে লোকের ভূত-ভবিষ্যৎ আশ্চর্যভাবে গণনা করতে পারত। আর কথা কইত মৃত আত্মাদের সঙ্গে। বিশেষ করে যাদের মৃত্যু হয়েছে অপঘাতে, সেই সব নিম্নস্তরের প্রেতাত্মাদের সঙ্গে। এ হেন তান্ত্রিকের অনুগত চেলা হয়ে রূপলাল গুরুর সঙ্গে চলে গেল তিব্বতের মঠে। সাড়ে পাঁচ বছর বাদে যখন আবার ফিরে এল বেদের দলে, তখন সেই দুর্লভ বিদ্যা তার সম্পূর্ণ আয়ত্ত হয়ে গেছে। সে শিখেছে প্রেতাত্মাদের আবাহন করতে আর তাদের সাহায্যে জীবিত মানুষের ভবিষ্যৎ জেনে নিতে। এখন থেকে রূপলালের রূপ হল অন্য, পেশা হল ভিন্ন। মিশমিশে কালো সাটিনের আঁটোসাঁটো পোশাকে সেজে সে যখন অন্ধকার স্টেজে এসে দাঁড়ায়, হলদে মোমের আলোয় তাকে দেখে দর্শকের গায়ে কাঁটা দিয়ে ওঠে।


সেই থেকে তার নাম হল ‘কালা যাদুগর’।


সন্ধের পর নিজের তাঁবুতে বসে একটু জিরিয়ে রূপলাল বেরিয়ে পড়ল শালতলীর উদ্দেশে। জায়গাটা পছিয়ার মাঠ থেকে মাইলটাকের মধ্যে। খুশিদের বাড়িটা জিজ্ঞেস করতেই পাওয়া গেল। বাড়ি বলতে খানদুয়েক মেটে ঘর আর উঠোন। রূপলাল তার কালো পোশাক পরে আসেনি, তাই বুড়ো প্রথমে চিনতে পারলে না। তারপর ডেকে বসালো ঘরের মধ্যে। ডেকে আনলো খুশিকে পাশের ঘর থেকে। বললে, এই এর লেগেই তোমারে কষ্ট দেওয়া যাদুগর। মেয়েটার কপালে কি লেখা আছে, ভাল করে দেখে বলে দাও।


রূপলাল একটু হেসে বললে, এই ব্যাপার! তা কাল তোমার মেয়েকে তাঁবুর মধ্যে নিয়ে গেলেই তো পারতে।


সাদা মাথা নেড়ে বুড়ো বললে, না যাদুগর, ওভেনে ভয়ে খুশি ভড়কে যেতো। তুমি ঘরেই দেখে দাও, তোমার পাওনা আমি ডবল দেব।


ঘরের কোণে কাঠের পিলসুজে একটা প্রদীপ জ্বলছিল। পকেট থেকে হলদে মোমবাতি বের করে প্রদীপ থেকে জ্বলে নিলে রূপলাল, আর ফুঁ দিয়ে নিভিয়ে দিলে প্রদীপটা। তারপর এসে বসল খুশির মুখোমুখি। হলদে মোমের আলো খুশির মুখের ওপর ফেলতেই চমকে উঠল রূপলাল। ডাগর ডাগর দুই চোখের তারায় মণি নেই। আলোহীন ভাষাহীন বোবা দুই চোখ।


খুশি তাহলে অন্ধ! এতক্ষণে বুঝল রূপলাল, সার্কাসের তাঁবুর সামনে তার দিকে তাকিয়েও ওই দুটি চোখ কেন তার সঙ্গে কথা বলেনি!


রূপলাল প্রশ্ন করলে, খুশির চোখ এমন হয়েছে কদ্দিন থেকে মোড়ল?


একটা নিশ্বাস ফেলে বুড়ো বললে, জন্ম থেকেই। তাই তো পোড়াকপালীর কপালের লেখনটা জানতে চাইছি কত্তা। হাতখান দেখা খুশি।


রুপোর চুড়ি পরা একখানা হাত অসঙ্কোচে এগিয়ে এল রূপলালের দিকে। আর রূপলালেরও একখানা হাত আপনা থেকেই তুলে নিল একমুঠো তুলোর মত সেই নরম হাতখানাকে।


কয়েক মুহূর্ত। তারপরেই খুশির হাতখানা ছেড়ে দিয়ে বলল, আমি হাত দেখি না, মুখ দেখে বলি।


মশাল-জ্বালা দুই চোখের দৃষ্টি খুশির মুখের ওপর কেন্দ্রীভূত করে রূপলাল চেয়ে রইল আর অস্পষ্ট দুর্বোধ্য ভাষায় তন্ত্রের মন্ত্র আওড়াতে লাগল। মাঝে মাঝে কাঁপতে লাগল হলদে মোমের শিখা।


বাইরে ঝিঁঝিঁ-ডাকা রাত। মুহূর্তের পর মুহূর্ত চলে যাচ্ছে। দুর

**********
No Review
Related Books
Loading books…