
আঁধারে মায়ার খেলা (ভূতনাথের ডায়েরি)
অনীশ দেব
প্রিয়নাথ বসবার ঘরে ঢুকতেই ভদ্রলোক-ভদ্রমহিলা সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন।
সৌজন্য দেখিয়ে হাতজোড় করে প্রিয়নাথ বললেন, ‘সরি, আপনাদের অনেকক্ষণ বসে থাকতে হল। আসলে এ-সময়টা আমি পুজো করি।’
‘না, না—তাতে কী আছে!’ ভদ্রলোক হেসে বললেন, ‘আমরাই আধঘণ্টা আগে চলে এসেছি।’
ওঁরা সোফায় বসে পড়লেন আবার। প্রিয়নাথও বসলেন।
ভদ্রমহিলা খানিকটা কৌতূহল নিয়ে জানতে চাইলেন, ‘আপনি…আপনি ঠাকুর মানেন?’
হাসলেন ভূতনাথ। পকেট থেকে সিগারেট আর লাইটার বের করে বেশ সময় নিয়ে সিগারেট ধরালেন। তারপর লাইটার পকেটে রেখে জড়ানো গলায় বললেন, ‘দুটোতেই বিশ্বাস করি, ম্যাডাম।’
‘দুটো মানে?’ এবার ভদ্রলোক জানতে চাইলেন।
‘বুঝে নিন—।’ রহস্যময় হাসলেন ভূতনাথ।
আজ সকালে ওঁরা—মানে এই ভদ্রলোক—প্রিয়নাথকে ফোন করেছিলেন। ওঁদের বাচ্চা মেয়েকে নিয়ে সমস্যা হচ্ছে, তাই ভূতনাথের পরামর্শ চান। রেফারেন্স হিসেবে ভদ্রলোক এ-পাড়ার শান্তি কমিটির সেক্রেটারি বিজন সরকারের নাম করেছিলেন।
প্রিয়নাথ ওঁকে সন্ধে সাতটায় আসতে বলেছিলেন। কিন্তু ওঁরা সাড়ে ছ’টা নাগাদ এসে পড়েছেন। প্রিয়নাথ তখন পুজো করছিলেন। রোজ সকাল-সন্ধে ঠাকুরের আসনের সামনে বসে পুজো করা ওঁর বহু বছরের অভ্যেস।
দরজা খুলে ওঁদের বসতে বলে প্রিয়নাথ আবার অসমাপ্ত পুজোয় ফিরে গিয়েছিলেন। তারপর পাজামার ওপরে একটা শার্ট চাপিয়ে ওঁদের সামনে এসেছেন।
ভদ্রলোক-ভদ্রমহিলা নিজেদের পরিচয় দিলেন।
ভদ্রলোকের নাম প্রমথেশ নাহা, সঙ্গে ওঁর স্ত্রী মাধুরী। ওঁরা দমদম স্টেশনের কাছে ঘুঘুডাঙায় থাকেন।
কিছুদিন ধরে ওঁরা ওঁদের এক বছরের মেয়েকে নিয়ে অদ্ভুত এক সমস্যায় পড়েছেন।
প্রিয়নাথ ওঁদের দেখছিলেন।
পঞ্চাশের কাছাকাছি বয়েসি প্রমথেশের মাথায় কোঁকড়ানো চুল। তাতে কোথাও-কোথাও পাক ধরেছে। চোখে মেটাল ফ্রেমের চশমা। ফরসা কপালে-দু-তিনটে ভাঁজ। গোঁফ কলপ করা। পোশাক-আশাকে উচ্চবিত্তের ছাপ। জামার বুকপকেট থেকে মোবাইল ফোন উঁকি মারছে।
মাধুরী দেখতে সাধারণ হলেও রুচিসম্মত পোশাক পরেছেন। সাজগোজ চড়া মাপের নয়। বাঁ-হাতের কড়ে আঙুলে চকোলেট রঙের নেলপালিশের ছোঁয়া। কপালে-সিঁথিতে প্রথাগত সিঁদুর—যা আজকাল খুব কম চোখে পড়ে।
হালকা পারফিউমের গন্ধ প্রিয়নাথের নাকে আসছিল। কিন্তু সেটা প্রমথেশ না মাধুরীর শরীর থেকে—সেটা ঠিক বোঝা যাচ্ছিল না।
প্রিয়নাথ বুঝতে পারছিলেন, বাইরে ওঁরা শান্ত ভাব বজায় রাখার চেষ্টা করলেও ভেতরে-ভেতরে বেশ উদ্বিগ্ন। হয়তো মেয়েকে নিয়েই।
সিগারেটে টান দিয়ে প্রিয়নাথ বললেন, ‘আপনাদের কথা শুনছি। আগে দোকানে একটু চা বলে আসি—’ উঠে দাঁড়ালেন, হেসে যোগ করলেন, ‘আমার চা-পাতা ফুরিয়ে গেছে।’
প্রমথেশ হাত নেড়ে ভূতনাথকে বাধা দিলেন : ‘কোনও প্রয়োজন নেই, মিস্টার জোয়ারদার। আমরা চা খেয়েই এসেছি। আপনি নিশ্চিন্তে বসুন। বসে আমাদের প্রবলেমটা কাইন্ডলি শুনুন।’
মাধুরীর চোখ ঘরের চারদিকে ঘুরে বেড়াচ্ছিল। সর্বত্র ছন্নছাড়া ছাপ। বোঝাই যায়, এ-আস্তানার মহিলার ছোঁয়া পড়ে না। সোফা-টেবিল-চেয়ার সবই বেহাল। একপাশে দেওয়াল-তাকে গাদা-গাদা বই। সেই বইয়ের ঢল বর্ষার জলের মতো এলোমেলোভাবে নেমে এসেছে টেবিলে, সেখান থেকে গড়িয়ে মেঝেতে। তারপর এদিক-ওদিক ছড়িয়ে গেছে। বইগুলোকে বাঁচাতে মেঝেতে অবশ্য একটা পুরোনো বেডশিট ভাঁজ করে পাতা আছে।
মাধুরী অবাক চোখে মাঝবয়েসি প্রিয়নাথকে দেখছিলেন। এই সাধারণ মানুষটা কি ওঁদের অসাধারণ সমস্যা থেকে বাঁচাতে পারবে?
হঠাৎ কী মনে হওয়াতে প্রিয়নাথ প্রমথেশবাবুকে সিগারেট অফার করতে গেলেন। কিন্তু স্মিত হেসে প্রমথেশ বললেন, ‘ব্যস্ত হবেন না। আমার কাছে আছে—তবে আমি আজকাল একটু কম স্মোক করছি। মাস আস্টেক আগে আমার একটা ছোট্ট স্ট্রোক মতন হয়ে গেছে।
‘যাকগে, এবার কাজের কথায় আসি। আমার কম্পিউটারের ব্যবসা আছে। ”এন-কম্পিউটার” নামে একটা ব্র্যান্ডও চালু করেছি। ক্যামাক স্ট্রিটে আমার অফিস। আর ফ্যাক্টরি দমদমে—বাড়ির কাছাকাছি। রিসেন্টলি আমি সফটওয়্যার ডেভেলাপমেন্টেও হাত দিয়েছি। আমার কোম্পানিতে সাতজন বি. ই., বি. টেক., এনজিনিয়ার কাজ করে।
‘এতসব কথা বলার কারণ—আমি টেকনোলজির লোক, ভূত-প্রেতে এক ইঞ্চিও বিশ্বাস আমার নেই। যে-জিনিসের অস্তিত্বই নেই তার ওপর বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্নটাই তো হাস্যকর। কিন্তু…’ প্রমথেশের কপালে চিন্তার ভাঁজ পড়ল। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, ‘কিন্তু গত একমাস ধরে আমার ধারণাটা চিড় খেয়ে গেছে। আমি পাজলড হয়ে গেছি।’
প্রিয়নাথ আগ্রহ নিয়ে শুনছিলেন। পাশের ঘরের ঠাকুরের আসন থেকে ধূপের গন্ধ ভেসে আসছিল। ঠুনঠুন ঘন্টি বাজিয়ে সামনের রাস্তা দিয়ে একটা টানা-রিকশা চলে গেল। তারপরই মালাইবরফওয়ালার সুরেলা হাঁক শোনা গেল।
‘ব্যবসা দাঁড় করাতে গিয়ে আমি বিয়ে করার ব্যাপারে বেশ লেট করে ফেলেছি, মিস্টার জোয়ারদার। তাই এ-বয়েসে পৌঁছেও আমাদের একটিমাত্র ইস্যু—মাত্র এক বছরের একটি মেয়ে। নাম প্রথমা। তবে আমরা মাম্পি বলে ডাকি।
‘আমাদের প্রবলেমটা মাম্পিকে নিয়েই…।’ ঘরের সিলিংয়ের দিকে উদাস চোখে তাকিয়ে শেষ কথাটা বললেন প্রমথেশ। তারপর : ‘আমাদের নিজের বাড়ি। বাবা প্রায় ন’বছর আগে এক্সপায়ার করেছেন। আর মা মারা গেছেন মাত্র মাসতিনেক আগে। বাড়িতে এখন আমরা তিনজন—আর আমার একমাত্র বোন সাবিত্রী আমাদের কাছে থাকে। সাবিত্রী উইডো। ওর হাজব্যান্ড আর্মিতে ছিল—এনকাউন্টারে বছর চারেক আগে মারা গেছে।
‘আমি বিজনেসের কাজে সারাদিন ব্যস্ত থাকি। মাধুরী আর সাবিত্রীই সবকিছু দেখাশোনা করে। মাম্পি ওদের দু-চোখের মণি। মাধুরী মা—ওর তো টান থাকবেই। তবে সাবিত্রীর টান বোধহয় তার চেয়েও বেশি—’ আড়চোখে স্ত্রীর দিকে তাকালেন প্রমথেশ।
প্রিয়নাথের মনে হল না স্বামীর কথায় মাধুরী অসন্তুষ্ট হয়েছেন।
একটু থেমে প্রমথেশ আবার বললেন, ‘মাম্পিকে সারাটা দিন ওরা দুজনে আগলে-আগলে রাখে। কিন্তু এত আগলে রেখেও শেষ রক্ষা হয়নি। মাম্পি মনে হয় কোনও বিপদে জড়িয়ে গেছে। আর সেই সঙ্গে আমাদের প্রত্যেককেও জড়িয়ে ফেলেছে।’
‘এইটুকু মেয়ে আবার বিপদে জড়াবে কেমন করে!’ অবাক হয়ে বললেন ভূতনাথ।
চোখ নামালেন প্রমথেশ। কয়েক সেকেন্ড সময় নিয়ে তারপর স্ত্রীর দিকে তাকালেন : ‘এবারে তুমি বলো—আমি একটু আনইজি ফিল করছি…।’
মাধুরী একটু কেশে নিলেন, প্রিয়নাথ এবং স্বামীকে একপলক করে দেখলেন, তারপর বেশ নীচু গলায় বলতে শুরু করলেন, ‘আমাদের মেজর প্রবলেম হল মাম্পি হঠাৎ কথা বলতে শুরু করেছে। আপনি তো জানেন, এক বছর বয়েসের বাচ্চার পক্ষে কথা বলাটা কীরকম অস্বাভাবিক! মাসখানেক আগে একদিন হঠাৎ মাম্পি কথা বলতে শুরু করে। তখন প্রায় মাঝরাত্তির। আচমকা এক অস্বস্তিতে আমার ঘুম ভেঙে গিয়েছিল, আর তখনই শুনি মাম্পি কথা বলছে।’
‘কার সঙ্গে?’
‘প্রথমটা মনে হয়েছিল বোধহয় আপনমনে কথা বলছে। আমি বেশ অবাক হয়ে গিয়ে ধাক্কা দিয়ে ওর ঘুম ভাঙাই—’ ইশারায় স্বামীর দিকে দেখালেন মাধুরী : ‘তারপর অন্ধকারে চুপটি করে আমরা মাম্পির কথা শুনতে থাকি। কিছুক্ষণ শোনার পর বুঝতে পারি, ও আপনমনে কথা বলছে না—কারও সঙ্গে কথা বলছে।
‘একটু পরে আমি ভয় পেয়ে গিয়ে ঘরের আলো জ্বেলে দিই। আলো জ্বালতেই দেখি মাম্পি চোখ বুজে আঘোরে ঘুমোচ্ছে। সেই অবস্থাতেই ওর ঠোঁট নড়ে উঠল। ও বলল, ”আলো নিভিয়ে দে—অসুবিধে হচ্ছে।” তক্ষুনি আমি আলো নিভিয়ে দিই। তার মিনিটকয়েক পর মাম্পির কথা বন্ধ হয়ে যায়। আর পরদিন সকাল থেকেই ও আবার স্বাভাবিক। সেই দু-একটা আধো-আধো কথা : মা…বা…পিচি…এইরকম। তারপর…।’
হঠাৎই পাখির ডাকের শব্দে প্রমথেশের মোবাইল ফোন বেজে উঠল।
প্রমথেশ পকেট থেকে ফোন বের করে কথা বললেন। ব্যবসার কাজের ফোন। সংক্ষেপে কথা শেষ করে প্রমথেশ বললেন, ‘এখন আমাকে ফোন করে ডিসটার্ব কোরো না। একজন ভদ্রলোকের সঙ্গে জরুরি কথা বলছি।’
প্রিয়নাথের দিকে তাকিয়ে আলতো গলায় ‘সরি’ বলে সেলফোনটা বুকপকেটে ঢুকিয়ে রাখলেন।
আগের কথার খেই ধরে মাধুরী আবার বলতে শুরু করলেন।
‘তারপর—দু-চারদিন সবে কেটেছে—মাম্পি আবার ওইরকম কথা বলল। সেদিকের কথায় স্পষ্ট বোঝা গেল ও কারও সঙ্গে কথা বলছে। আর মাঝে-মধ্যেই প্রথমদিনের মতো তুই-তোকারি করে মন্তব্য করতে লাগল। তখনও আমরা বুঝতে পারিনি মাম্পি ঠিক কাকে তুই-তোকারি করছে—ওকে, না আমাকে। সেটা বোঝা গেল আরও কিছুদিন পর।
‘একদিন রাতে ওইরকম কথা বলতে-বলতে হঠাৎই ও বলল, ”পিনু যে লুকিয়ে নন্দা নামে ইস্কুলের ওই দিদিমণির সঙ্গে প্রেম করে সে আমি বহু আগেই টের পেয়েছি।” এ-কথা শুনে ও একেবারে চমকে উঠল—’ প্রমথেশের দিকে ইশারা করলেন মাধুরী। তারপর মাথা সামান্য হেঁট করে বললেন, ‘পিনু আমার হাজব্যান্ডের ডাক নাম।’
প্রিয়নাথ সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলেন। কয়েকবার ঘন-ঘন টান দিয়ে সিগারেটটা শেষ করে ফেললেন। সিগারেটের টুকরোটা টেবিলে রাখা অ্যাশট্রেতে গুঁজে দিয়ে ভুরু কুঁচকে জিগ্যেস করলেন, ‘মাম্পি কি তা হলে ওই ঘোরলাগা অবস্থায় আপনার শাশুড়ির সঙ্গে কথা বলে?’
উত্তরে শব্দ করে একটা দীর্ঘশ্বাস ফেললেন প্রমথেশ। বেশ হতাশ
ভঙ্গিতে বললেন, ‘হ্যাঁ—ঠিকই ধরেছেন। কারণ, বয়েসকালে নন্দা নামে একটি মেয়ের সঙ্গে আমার ইয়ে—মানে, একটা অ্যাফেয়ার ছিল। মেয়েটি পাড়ার করপোরেশন স্কুলে পড়াত। একেবারেই ছেলেমানুষি ব্যাপার।’ বিষণ্ণ হাসলেন প্রমথেশ : ‘কী বলব বলুন! মাম্পি এই টাইপের আরও সব এমন-এমন কথা বলছে যে, মাধুরীর সঙ্গে আমার রিলেশানটাই বিষিয়ে যাচ্ছে। আপনিই বলুন, এইসব পুরোনো ইস্যুর জের টেনে অশান্তি করার কোনও মানে হয়! নিজেকে আমার ভীষণ অকওয়ার্ড লাগছে। একে তো বিজনেসের টেনশান—তার ওপরে এই বাড়তি অশান্তি। বলুন তো কার ভালো লাগে!’
এ-ধরনের কথায় প্রিয়নাথ অস্বস্তির মধ্যে পড়ে যাচ্ছিলেন। তাই লৌকিক ব্যাপার থেকে অলৌকিক প্রসঙ্গ ফিরিয়ে নিয়ে এলেন।
‘তার মানে আপনার মায়ের প্রেতাত্মা আপনার মেয়েকে ডিসটার্ব করছে?’ প্রমথেশকে সরাসরি প্রশ্ন করলেন প্রিয়নাথ।
‘এ ছাড়া আর কী বলব বলুন! অস্বীকার করার তো কোনও পথ নেই…।’
‘আপনার মা মাম্পিকে খুব ভালোবাসতেন?’
উত্তর দিলেন মাধুরী : ‘প্রাণ দিয়ে ভালোবাসতেন। বলতেন, ”মাধুরী, ও তোমারও মেয়ে, আমারও মেয়ে। ভাগ্যচক্রে আমার নাতনি হয়ে জন্মেছে।” মাম্পিকে ছেড়ে মা একটা মিনিটও থাকতে পারতেন না। প্রায়ই বলতেন, ”মায়ার টান বড় সাঙ্ঘাতিক। কিছুতেই ছেড়ে যেতে দেয় না।” শেষ দিকটায় মা বিছানা ছেড়ে উঠতে পারতেন না। উনি বুঝতে পেরেছিলেন, সময় ফুরিয়ে এসেছে। তাই এ-কথাটা আরও বেশি করে বলতেন। আর…আর মারা যাওয়ার ঠিক আগে মা বলেছিলেন…।’
মাধুরী কথা শেষ না-করে চুপ করে গেলেন।
‘কী বলেছিলেন?’ প্রিয়নাথ আগ্রহ চেপে রাখতে পারছিলেন না। শিকারের গন্ধ-পাওয়া চিতাবাঘের মতো ভেতরে ভেতরে ছটফটিয়ে উঠছিলেন।
মাধুরী আড়চোখে স্বামীর দিকে তাকালেন। নীরব প্রশ্ন ছুড়ে দিলেন
যেন : বলব, নাকি বলব না?
প্রমথেশ আবার একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ক্লান্ত গলায় বললেন, ‘তুমি বলো—আমি কিছুই মাইন্ড করব না। বাচ্চাটাকে তো যে-করে-হোক বাঁচাতে হবে!’
শাড়ির আঁচলটা সামান্য ঠিক করে নিয়ে মাধুরী বললেন, ‘মারা যাওয়ার ঠিক আগে মা বলেছিলেন, ”মাম্পিকে ছেড়ে যেতে বড় কষ্ট হচ্ছে। দেখো, মাধুরী, এই মায়ার টান আমাকে কিছুতেই তোমাদের ছেড়ে যেতে দেবে না। আবার আমাকে ফিরিয়ে আনবে…মায়ার টান আবার আমাকে ফিরিয়ে আনবে…তোমরা দেখো…।” ‘
মাধুরী হঠাৎই ফুঁপিয়ে কাঁদতে শুরু করলেন।
প্রমথেশ ব্যস্ত হয়ে উঠেছিলেন, মাধুরী ছোট্ট একটা রঙিন রুমাল চোখে চেপে ধরে হাত তুলে স্বামীকে ব্যস্ত না-হতে ইশারা করলেন।
প্রিয়নাথ আর প্রমথেশ অপেক্ষা করতে লাগলেন।
কয়েক মিনিটের মধ্যেই মাধুরী চোখ মুছে সহজ হলেন। দু-একবার নাক টেনে তারপর সামান্য ধরা গলায় অনুনয় করে বললেন, ‘আমাদের বাচ্চা মেয়েটাকে আপনি বাঁচান, প্রিয়নাথবাবু। অনেক আশা নিয়ে আমরা আপনার কাছে এসেছি।’
প্রিয়নাথ গম্ভীর হয়ে খানিকক্ষণ কী ভাবলেন। তারপর বললেন, ‘দেখি চেষ্টা করে। আচ্ছা, আপনারা কি মাম্পির কথাবার্তা টেপ করেছেন?’
‘হ্যাঁ, করেছি—’ উত্তর দিলেন প্রমথেশ, ‘ঘটনাটা শুরু হওয়ার