Home
বাঙালির যৌনচর্চা : বটতলা থেকে হলুদ বই – অর্ণব সাহা

বাঙালির যৌনচর্চা : বটতলা থেকে ...

অর্ণব সাহা

বাঙালির যৌনচর্চা : বটতলা থেকে হলুদ বই – অর্ণব সাহা

অর্ণব সাহা
history

Change color

‘ডিসিপ্লিন অ্যান্ড পানিশ’ এবং ‘হিস্ট্রি অব সেক্সুয়ালিটি’র প্রথম খণ্ড পর্যন্ত ফুকোর অনুসন্ধানের বিষয়বস্তু ছিল ‘আধুনিক’ ইউরোপীয় সমাজে কীভাবে বিভিন্ন ধরনের ডিসকার্সিভ প্র্যাকটিস এবং ক্ষমতাসম্পর্কের মধ্য দিয়ে ‘বিষয়ী’কে নির্মাণ করা হয়েছে (যেমন, কীভাবে ‘উন্মাদ’, ‘অপরাধী’, ‘যৌনবিকারগ্রস্ত’—প্রভৃতি নির্দিষ্ট ব্যক্তিপরিচয়গুলি গড়ে ওঠে) ৷ অন্যান্য ‘আকরণবাদী’ তাত্বিকের মতোই ফুকোও মনে করতেন ‘স্বাধীন, সার্বভৌম ও স্বয়ংক্রিয় বিষয়ী’র অস্তিত্ব আদপেই সম্ভব নয় (অনেকেরই মনে পড়বে আলথুসারের সেই বিখ্যাত উক্তি—…’there are no ‘subjects’, that the ‘subject’ can be ‘deleted’ from Philosophical thinking’) ৷১ এমনকী The Order of Things-এর অন্তিম অংশে পৌঁছে যখন ফুকো তাঁর চরম বিতর্কিত সিদ্ধান্তটি ঘোষণা করেন—‘মানুষ’ হল একধরনের ‘আবিষ্কার’, ‘আধুনিকতা’র সমাপ্তির সঙ্গে সঙ্গেই এর ‘মৃত্যু’ও অবশ্যম্ভাবী, তখনও ‘বিষয়ী’র স্বাধীন সত্তাকে যেন খানিকটা অস্বীকারই করেন তিনি ৷ ‘যৌনতার ইতিহাস’-এর প্রথম খণ্ডে তিনি অসামান্য দক্ষতায় তুলে ধরেন—কীভাবে বৈজ্ঞানিক জ্ঞানকাঠামোর হাতে এই বিষয়ী-উৎপাদনের প্রক্রিয়াটি রূপ পায়, কীভাবে ‘আধুনিক’ পাশ্চাত্য সমাজে ‘ব্যক্তি’-র যাবতীয় কার্যকলাপ, অবচেতন, ‘ব্যক্তি’-সম্পর্কিত ‘সত্য’ উৎপাদনের প্রক্রিয়াটি ঘুরপাক খেয়েছে ‘ব্যক্তি’-র যৌনতার ডিসকোর্সের সাপেক্ষে, যাকে পল র্যাবিনো তাঁর একটি লেখায় বলেছিলেন : “genealogy of the modern individual as ‘object’ ৷২ কিন্তু ফুকো তাঁর গবেষণার প্রথম দিক থেকেই সচেতন ছিলেন এই ব্যাপারে, যে, ‘ব্যক্তি’-কে সামাজিক ক্ষমতাকাঠামোর নিছক ক্রীড়নক হিসেবে ধরে নেওয়াটা হবে নেহাতই আংশিক সত্য ৷ বরং এর উল্টোটাও বহু ক্ষেত্রেই সম্ভব ৷ বিষয়ী তাঁর নিজের সম্পর্কে কী ভাবছে, কী বলতে চাইছে এবং তার এই আপেক্ষিক স্বাধীনতার অবস্থান থেকে কোনো ‘পাল্টা বাচন’ গড়ে ওঠা সম্ভব কিনা—এ সম্পর্কেও ফুকো ছিলে সচেতন ৷ ‘ব্যক্তি’-র প্রাতিস্বিক সত্তারও যে একটি স্বতন্ত্র নিজস্ব অবস্থান ও বাস্তবতা সম্ভব, সে সম্পর্কে বলতে গিয়েই ‘ডিসিপ্লিন অ্যান্ড পানিশ’-এ বলেছিলেন : ‘it exists, if has a reality’, it is produced permanently around, on within the body by the functioning of a power’ ৷৩ অর্থাৎ ‘ক্ষমতাকাঠামো’র আগ্রাসী কৃৎকৌশলের ভিতরেই ব্যক্তি তার নিজস্ব উচ্চারণ বজায় রাখে ৷ পিয়ের রিভিয়ের এবং হারকিউলিন বারবিন-এর দুটি কেস স্টাডির মধ্য দিয়ে ফুকো-র এই স্বতন্ত্র বিষয়ী-সংক্রান্ত গবেষণা নতুন দিকে মোড় নিচ্ছিল ৷ প্রথমোক্তজন উনিশ শতকের একজন কুখ্যাত অপরাধী, যে তার মা-বোন-ভাইকে হত্যা করেছিল, দ্বিতীয়োক্ত জন উনিশ শতকের এক ফরাসি ‘হারমাফ্রোডাইট’ ৷ প্রথম জনকে অপরাধবিজ্ঞানের কোন ক্যাটেগরিতে ফেলা হবে সে সম্পর্কে সামাজিক উদ্বেগ-উৎকণ্ঠা-দ্বিধা এবং দ্বিতীয়জনের উভলিঙ্গ যৌনপরিচয় ও তজ্জনিত চিকিৎসাবিজ্ঞানের সংকট-কে বিশ্লেষণ করতে গিয়ে ফুকো দেখাচ্ছেন কীভাবে আত্মকথনের মধ্য দিয়ে ওই দুজন সামাজিক ‘অপর’ ব্যক্ত করেছেন তাদের আত্মসত্তার নিজস্বতাকে ৷৪ অর্থাৎ ফুকো-র উত্তরজীবনের চিন্তাভাবনায় ক্রমশই বেশি গুরুত্ব পাচ্ছিল বিষয়ী-র নিজস্ব চৈতন্যের স্বাতন্ত্র্য-সংক্রান্ত ভাবনা ৷

এই ভাবনা ক্রমশ পরিণত রূপ পেল ‘হিস্ট্রি অব সেক্সুয়ালিটি’র দ্বিতীয় এবং তৃতীয় খণ্ডে, (যথাক্রমে “The Use of Pleasure’ এবং ‘The Care of the Self’) ৷ এই দুটি খণ্ডের আধার প্রাচীন গ্রিক এবং রোমান সভ্যতায় যৌনতার ইতিহাস ৷ আরও স্পষ্ট করে বলতে গেলে প্রাচীন পেগান সমাজে যৌনতার এক ভিন্ন নৈতিকতার অনুসন্ধানই ছিল ফুকোর উদ্দেশ্য ৷ ফুকো দেখাতে চাইলেন :

ক. ‘আধুনিক’ জ্ঞান-যুক্তি আলোকায়নের ‘বৈজ্ঞানিক’ প্রক্রিয়ার দ্বারা ‘বিষয়ী’র যৌনসত্তা নির্মাণের কৃৎকৌশল থেকে সম্পূর্ণ স্বতন্ত্র একধরনের যৌননৈতিকতার হদিশ কীভাবে পাওয়া যায় প্রাচীন গ্রিক ও রোমান সমাজে ৷

খ. ‘আধুনিক যুগে বাহ্যিক সামাজিক নিয়ন্ত্রণের চেয়ে সম্পূর্ণ পৃথক এক প্রক্রিয়ায় কীভাবে ‘বিষয়ী’-র যৌনতা নিয়ন্ত্রিত হত প্রাচীন গ্রিক সমাজে, কীভাবে ‘বিষয়ী’ নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করত সামাজিক ক্ষমতার অপেক্ষা না করে, ভিন্ন এক নৈতিকতার আধারে ৷ বস্তুত, এক্ষেত্রে ‘আধুনিক’ পাশ্চাত্য সমাজের মতো কোনো বাহ্যিক সামাজিক কর্তৃত্বের অস্তিত্বই ছিল না প্রাচীন গ্রিক সমাজে ৷

‘হিস্ট্রি অব সেক্সুয়ালিটি’-র এই দুটি খণ্ডে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের গ্রিক সভ্যতা থেকে খ্রিস্টীয় দ্বিতীয় শতকের প্রাক খ্রিস্টীয় গ্রিস ও রোমের সমাজে যৌনতার ইতিহাস বিবৃত ৷ ফুকোর মতে খ্রিস্টপূর্ব পেগান সমাজে যৌননৈতিকতার ধারণাটি বিকশিত হয়েছিল চারটি পৃথক বিষয়কে কেন্দ্র করে ৷ প্রথমত, শারীরিক ‘সুস্থতা’ ও ‘স্বাস্থ্য’ ৷ নীরোগ শরীরের সঙ্গে যৌন পারঙ্গমতার ধারণাটি এক্ষেত্রে যুক্ত ৷ ‘পারিবারিকতা’ (ব্যক্তির যৌনতার সঙ্গে পরিবারের অন্যান্য সদস্য যথা, স্ত্রী, সন্তান, ভৃত্য বা দাস—এদের ভূমিকা বা সম্পর্ক,) ‘প্রণয়সম্পর্ক’ (মূলত, বালক ও কিশোরদের সঙ্গে পূর্ণবয়স্ক ব্যক্তির সমকামী সম্পর্ক), এবং ‘সত্য’ (দার্শনিক জ্ঞানকাঠামোর উৎস হিসেবে যৌনতার গুরুত্ব) ৷ কয়েকটি প্রাচীন গ্রিক গ্রন্থে ‘স্বাস্থ্য’ ও যৌনতার সম্পর্ককে সূত্রবদ্ধ করা হয়েছে মূলত প্রজননশক্তির হীনতা বা অপচয়ের সাপেক্ষে ৷ প্রজননে অক্ষমতাকে ব্যক্তি এবং সমাজ—উভয়ের পক্ষে ক্ষতিকর বলে মনে করা হত ৷ পারিবারিক জীবন এবং দাম্পত্যের ক্ষেত্রে বিবাহিত দুই সঙ্গীর ভিতর পারস্পরিক বিশ্বাসের আদর্শকে দেওয়া হত সর্বোচ্চ মর্যাদা ৷ স্ত্রী-র প্রতি বিশ্বস্ত ব্যক্তি সমাজে ‘সম্মাননীয়’ বলে গণ্য হতেন ৷ কিন্তু এই পারস্পরিক বিশ্বাসের ধারণাটি কোনো আইনি বিধিবদ্ধতার দ্বারা নিয়ন্ত্রিত হত না, এবং ‘ব্যক্তি’র আত্মনিয়ন্ত্রণের শক্তিই এক্ষেত্রে ছিল মূল বিবেচ্য ৷ প্রাচীন গ্রিসে পূর্ণবয়স্ক পুরুষ এবং বালকদের ভিতর সমকামী সম্পর্ক চালু ছিল, তবে কঠোরভাবে নজর রাখা হত এর দ্বারা পুরুষসঙ্গীটি যেন নপুংসক, নির্বীর্য-য় পরিণত না হয় ৷ আর যৌনতার মধ্য দিয়ে ‘সত্যে’র সন্ধান প্রসঙ্গে বলা যায়, গ্রিক সমাজ যৌনসংযম ও কৌমার্যরক্ষাকে দার্শনিক মাত্রায় ভূষিত করত ৷ আধুনিক ইউরোপীয় সমাজে, বিশেষত খ্রিস্ট্রীয় যৌননৈতিকতায় যেভাবে স্বাস্থ্যহানির প্রতিষেধক হিসেবে হস্তমৈথুনের উপর নিষেধাজ্ঞা, দাম্পত্যসম্পর্কের উপর ধর্মীয় প্রাধান্য আরোপ, পায়ুকাম ও নপুংসকত্ব-র ভিতর সম্পর্কস্থাপন, যৌনসংযম ও কৌমার্যরক্ষার প্রয়োজনীয়তাকে কঠোর ডিসিপ্লিনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলেছে, গ্রিক পেগান যৌননৈতিকতার ধারণার সঙ্গে তার আপাতদৃষ্টিতে মিল থাকলেও এক্ষেত্রে কোনো সরাসরি যোগাযোগ ও ধারাবাহিকতা অনুসন্ধান করা ভুল ৷ ফুকো দেখাচ্ছেন, পেগান এবং প্রাক-খ্রিস্টীয় যুগেই বেশ কিছু যৌননিয়ন্ত্রণের ধারণা গড়ে উঠলেও, সেগুলো ছিল ‘আধুনিক’ যুগ থেকে সম্পূর্ণ পৃথক এক জটিল নৈতিকতার বর্গে বিন্যস্ত ৷

একটি সংক্ষিপ্ত বাক্যবন্ধে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের গ্রিক যৌনন

**********
No Review
Related Books
Loading books…