Home
শার্লকহোমসের প্রথম মামলা

শার্লকহোমসের প্রথম মামলা

আর্থার কোনান ডয়েল

শার্লকহোমসের প্রথম মামলা

আর্থার কোনান ডয়েল
detective

Posted byকাব্য রচিত31-Oct-2025

Change color

শীতকালের রাত্তির। ঘরের চুল্লিতে গনগন করে আগুন জ্বলছে। আমরা দু’জন চুল্লির দু’ধারে দুটো চেয়ারে আরাম করে বসেছিলাম।

হোমস বলল, “আমার কাছে কিছু কাগজপত্র আছে। আমার মনে হয় সেগুলো তোমার দেখা দরকার। গ্লোরিয়া স্কটের নাম শুনেছ তো? এই কাগজে গ্লোরিয়া স্কটের অদ্ভুত কাণ্ডর হদিশ আছে। আর এই চিঠিটা পড়েই জাস্টিস অভ দি পিস ট্রেভর এমন ভয় পান যে, তিনি সাংঘাতিক রকম অসুস্থ হয়ে পড়েন। সেই অসুখেই তার মৃত্যু হয়।”

হোমস একটা ড্রয়ার খুলে তার থেকে একটা নলের মতো কী বের করল। নলটার রং চটে গেছে, গায়ে দড়ি বাঁধা। হোমস দড়িটা খুলে নলটা আমার দিকে এগিয়ে দিল। সেটা একটা গাঢ় স্লেট রঙের পাকানো কাগজ। তাতে কয়েক লাইনের ছোট্ট একটা লেখা।

লেখাটা এই রকম:

The supply of game for London is going steadily up. Headkeeper Hudson, we believe, has been now told to receive all orders for fly paper and for preservation of your hen pheasants life.

আমি দু’-তিন বার পড়েও লেখাটার মাথামুন্ডু কিছুই বুঝতে পারলাম না। হোমসের দিকে তাকাতে দেখি সে খুকখুক করে হাসছে। “তোমার মুখ দেখে মনে হচ্ছে যে, বেশ ঘাবড়ে গেছ।” হোমস বলল।

“এই লেখাটা পড়ে ভয় পাবার কী কারণ থাকতে পারে, তা তো বুঝছি না। আমার তো এটা উন্মাদের প্রলাপ বলে মনে হচ্ছে।”

“ঠিকই বলেছ। তবে ব্যাপারটা হচ্ছে এই যে, একজন সুস্থ সবল প্রাপ্তবয়স্ক ভদ্রলোক এইটি পড়েই এমন ভাবে মূর্ছা যান, যেন কেউ পিছন থেকে তাঁর মাথায় রিভলভারের বাঁট দিয়ে ঘা মেরেছে।”

আমি বললাম, “তোমার কথা শুনে আমার কৌতুহল বেড়ে যাচ্ছে। তবে এ ব্যাপারটা আমার বিশেষ করে জানা দরকার, এ কথাটা কেন বললে তা বুঝতে পারলাম না।”

“বললাম এই জন্যে যে, এই সমস্যার সমাধান করতে আমার প্রথম ডাক পড়েছিল। বলতে পারো, এইটেই আমার প্রথম গোয়েন্দাগিরি।”

আমি এর আগে বহু বার আমার বন্ধু শার্লক হোমসের কাছে জানতে চেয়েছি, কেন কবে এবং কী ভাবে সে গোয়েন্দাগিরিকে পেশা হিসেবে বেছে নিল। হোমস কখনওই ঠিকমতো উত্তর দেয়নি। বুঝলাম, যে-কোনও কারণেই হোক, আজ হোমস খুব খোশমেজাজে আছে। হোমস তার প্রিয় আরামচেয়ারে জুত করে বসে কাগজপত্রগুলো তার কোলের উপর রাখল। তারপর পাইপটা ধরিয়ে চুপ করে পাইপ টানতে টানতে কাগজগুলো ওলটাতে লাগল।

“আমি বোধহয় ভিক্টর ট্রেভরের কথা তোমাকে কখনও বলিনি,” হোমস আমাকে জিজ্ঞেস করল। তারপর আমি উত্তর দেবার আগেই বলতে লাগল, “কলেজে দু’বছর পড়ার সময় একমাত্র তার সঙ্গেই আমার বন্ধুত্ব হয়েছিল। ওয়াটসন, আমি কখনওই খুব মিশুকে ধরনের ছিলাম না। বেশির ভাগ সময়েই নিজের ঘরে বসে আমার নিজস্ব বিচার-বিশ্লেষণ পদ্ধতির কী ভাবে আরও উন্নতি করা যায়, তাই নিয়ে চিন্তা করতাম। সেই জন্যে আমার সঙ্গে যারা পড়ত, তাদের সঙ্গে আমার বন্ধুত্ব হয়নি। তলোয়ার খেলা আর বক্সিং ছাড়া অন্য কোনও খেলাধুলোয় আমার ঝোঁক ছিল না। তা ছাড়া, আমি একেবারে আলাদা বিষয় নিয়ে পড়াশুনো করতাম। সেই কারণেও আমার সহপাঠীদের সঙ্গে আমার কোনও যোগাযোগ ছিল না। সহপাঠীদের মধ্যে একমাত্র ট্রেভরকেই আমি চিনতাম। তার সঙ্গে আলাপও হয়। অদ্ভুত ভাবে। একদিন আমি যখন চ্যাপেলের দিকে যাচ্ছিলাম, তখন ট্রেভরের বুলটেরিয়ারটা আমার গোড়ালিতে কামড়ে দেয়।

“কারও সঙ্গে বন্ধুত্ব পাতাবার পক্ষে এটা মোটেই ভাল উপায় নয়। তবে আমার বেলায় এটা যাকে বলে বেশ কাজের হয়েছিল। আমাকে পাক্কা দশটি দিন ঘরবন্দি হয়ে থাকতে হয়েছিল। ট্রেভর রোজ আমার খবর নিতে আসত। গোড়ায় গোড়ায় সে দু’-এক মিনিট কথাবার্তা বলেই চলে যেত। তারপরে আস্তে আস্তে সে অনেকক্ষণ ধরে গল্প করত। কিছু দিনের মধ্যেই আমাদের বন্ধুত্ব বেশ গভীর হয়ে উঠল। ট্রেভর বেশ মিশুকে ফুর্তিবাজ ছটফটে ছেলে। সত্যি কথা বলতে কী, ওর স্বভাব ঠিক আমার উলটো। তবে কিছু ব্যাপারে আমাদের মধ্যে মিল ছিল। আমাদের বন্ধুত্বের ভিত আরও পাকা হল, যখন জানতে পারলাম যে, ওরও কোনও বন্ধু নেই। শেষকালে একদিন ট্রেভর আমাকে তাদের দেশের বাড়িতে নেমন্তন্ন করল। ওর বাবা নরফোকের ডনিথ্রপে বাড়ি করেছিলেন। আমি রাজি হলাম। ঠিক হল যে, গ্রীষ্মের লম্বা ছুটিতে আমি এক মাস ওখানে কাটিয়ে আসব।

“মিঃ ট্রেভর বেশ পয়সাওয়ালা আর প্রভাবশালী লোক। তিনি একজন জে.পি.। তার জমিজমাও অনেক। ব্রডস জেলার ল্যাংমেআর শহরের উত্তরে ডনিথ্রপ একটা ছোট্ট গ্রাম। উনি যে-বাড়িটায় থাকেন, সেটা বেশ পুরনো ধরনের। খোলামেলা বাড়ি। বাড়িটার কড়িবরগাগুলো সব ওক কাঠের। বড় রাস্তা থেকে বাড়ির দরজায় যাবার পথটার দু’ধারে লেবুগাছের সারি। বাড়িটার কাছে একটা বিল। সেখানে প্রচুর বুনোহাঁস আর মাছ। যত খুশি শিকার করো। আর সবচেয়ে যেটা আমার ভাল লেগেছিল, সেটা হল, বাড়ির বিরাট লাইব্রেরিটা। এই লাইব্রেরিটা মিঃ ট্রেভর বাড়ির মালিকের কাছ থেকে কিনে নিয়েছিলেন। ওদের যে রাঁধুনি, সে রান্নাবান্না ভালই করত। তাই খুঁত-ধরা বাতিক না থাকলে যে-কোনও লোকের পক্ষেই ওই বাড়িতে মাসখানেক থাকাটা খুবই আনন্দের।

“মিঃ ট্রেভর বিপত্নীক। আমার বন্ধু তার একমাত্র সন্তান। ওঁর একটি মেয়ে ছিল। সে বার্মিংহামে বেড়াতে গিয়ে ডিপথিরিয়া হয়ে মারা যায়। মিঃ ট্রেভরকে দেখেই আমার খুব কৌতুহল হয়েছিল। ভদ্রলোক বেশি লেখাপড়া জানতেন না। কিন্তু খুব বুদ্ধিমান। আর তার স্বাস্থ্যটিও ছিল খুব ভাল। তিনি ভাল বইটই বিশেষ পড়েননি। তবে শুধু ঘুরেছেন প্রচুর, দেখেছেন অনেক কিছু। আর সেই দেখা-শোনার অভিজ্ঞতা তিনি মনেই রাখেননি, তার থেকে শিখেছেন অনেক অনেক জিনিস। বেশ গাঁট্টাগোট্টা গড়ন। মাথা-ভরতি কাঁচাপাকা চুল। মুখের রং পোড়া তামাটে। দেখলে বোঝা যায়, অনেক ঝড়ঝাপটা সহ্য করতে হয়েছে। চোখের তারাগুলি নীল। তাঁর দৃষ্টি এত ঝকঝকে যে, চোখের দিকে তাকাতে ভয় করে। কিন্তু পাড়াপ্রতিবেশীরা তো বটেই, ওই অঞ্চলের সব লোক একবাক্যে স্বীকার করে যে, ওঁর মতো ভালমানুষ হয় না। সকলকেই উনি সাহায্য করেন। জাস্টিস অভ দি পিস হিসেবে যতটা কড়া হওয়া উচিত, তাও তিনি হতে পারতেন না।

“আমি ডনিথ্রপে যাবার কয়েক দিন পরে রাত্তিরের খাওয়াদাওয়া সেরে আমরা কফি খেতে খেতে গল্প করছিলাম। হঠাৎ আমার বন্ধু আমার বিচার-বিশ্লেষণ, সব দেখবার ক্ষমতা, কী ভাবে আমি আমার এই ক্ষমতাকে একটা পদ্ধতি হিসেবে গড়ে তুলেছি, সেই সব কথা সাতকাহন করে বলতে লাগল। সত্যি কথা বলতে কী, এইটেই যে আমার জীবনে পেশা আর নেশা হয়ে যাবে, তা আমি তখন জানতাম না। আমি বুঝতে পারছিলাম যে, মিঃ ট্রেভর তার ছেলের কথায় বিশেষ কান দিচ্ছেন না। তিনি ভাবছিলেন যে, আমার বন্ধু তিলকে ফাঁপিয়ে ফুলিয়ে তাল করে তুলছে।

“মিঃ ট্রেভর মজা করে হাসতে হাসতে বললেন, ‘হোমস, আমাকে দেখে তুমি কী অনুমান করতে পারছ বলো তো শুনি।’

“আমি বললাম, ‘না, খুব বেশি কিছু বলতে পারব বলে মনে হচ্ছে না। তবে গত বছর থেকে আপনি খুব ভয়ে ভয়ে আছেন। আপনার ধারণা হয়েছে, কে বা কারা আপনাকে মেরে ফেলতে পারে।’

“বিশ্বাস করো ওয়াটসন, আমার কথায় ভদ্রলোকের মুখের হাসি মিলিয়ে গেল। তিনি ভ্যাবাচ্যাকা খেয়ে আমার দিকে তাকিয়ে রইলেন।

“‘হ্যাঁ। ঠিক বলেছ।’ তারপর তার ছেলের দিকে ফিরে বললেন, ‘ভিক্টর, জানো, গত বছর আমরা যে চোরাগোপ্তা শিকারির দলটাকে ধরিয়ে দিয়েছিলাম, তারা আমাদের ছোরা মারবে বলে শাসিয়ে বেড়াচ্ছে। এমনকী, সার এডোয়ার্ড হবিকে ওরা একদিন আক্রমণ করেছিল। তারপর থেকে আমি সব সময়ে হুঁশিয়ার হয়ে থাকি। কিন্তু এ কথা তুমি জানলে কী করে হোমস?”

“আমি বললাম, ‘আপনার ছড়িটা খুব সুন্দর। লাঠিটার গায়ের লেখা থেকে দেখতে পাচ্ছি এটা এক বছরও কেনা হয়নি। অথচ দেখছি হাতলটা কুরে গর্ত করে নিয়ে তাতে লোহা ঢেলে দেওয়া হয়েছে। তার ফলে এটা লাঠিকে লাঠি, আবার হাতিয়ারকে হাতিয়ার। তার থেকে সিদ্ধান্ত করলাম, আপনার ওপরে হামলা হতে পারে আশঙ্কা করেই এই ব্যবস্থা আপনি নিয়েছেন।’

“‘এ ছাড়া আর কিছু বলতে পারো?’ তিনি হেসে বললেন।

“‘অল্প বয়সে আপনি খুব বক্সিং করতেন।’

“‘আবার ঠিক বলেছ। এটা কী ভাবে জানলে? আমার নাক কি একটু বেঁকা?’

“‘না,’ আমি বললাম, ‘নাক নয়, আপনার কানদুটো সামান্য চ্যাপটা আর পুরু। যারা বক্সিং লড়ে তাদের এই রকমই হয়।’

“‘আর কিছু?’

“‘আপনার গায়ের চামড়া যেরকম খসখসে আর পুরু, তার থেকে মনে হয় আপনি এক সময়ে খুব খোঁড়াখুঁড়ি করতেন।’

“‘হ্যাঁ। সোনার খনিতে কাজ করেই আমি দু’ পয়সা উপার্জন করেছি।’

“‘আপনি নিউজিল্যান্ডে ছিলেন?’

“‘ঠিক বলেছ।’

“আপনি জাপানও ঘুরে এসেছেন?’

“‘হ্যাঁ। তাও ঠিক।’

“‘এক সময়ে আপনার এমন একজনের সঙ্গে খুবই ঘনিষ্ঠতা ছিল, যার নামের আদ্যক্ষর হচ্ছে জে. এ.। আর এখন আপনি তার কথা একদম ভুলে যেতে চান।’

“‘আমার কথা শুনে মিঃ ট্রেভর চেয়ার থেকে আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। তিনি আমার দিকে তাকিয়েছিলেন। তাঁর চোখের দৃষ্টিতে একটা অদ্ভুত বিস্ময়ের ভাব। তার পরই তিনি সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে গেলেন।

“ওয়াটসন, হঠাৎ এই কাণ্ড ঘটায় আমি আর আমার বন্ধু দুজনেই বেশ ঘাবড়ে গেলাম। যাই হোক, তাঁর এই ভাবটা বেশিক্ষণ রইল না। আমরা তার জামাটামা আলগা করে চোখে-মুখে জলের ছিটে দিতেই তিনি সুস্থ হয়ে উঠলেন।

“খানিকটা জোর করে হাসবার চেষ্টা করে মিঃ ট্রেভর বললেন, ‘তোমাদের বোধহয় ভয় পাইয়ে দিয়েছিলাম। আমার চেহারাটা বড়সড় হলেও আমার হার্টের অবস্থা ভাল নয়। একটু উত্তেজনা হলেই এই রকম অজ্ঞান হয়ে পড়ি। আমি জানি না কী ভাবে তুমি এই কথাগুলো বললে। তবে এ কথা জোর গলায় বলতে পারি যে, পুলিশ ডিপার্টমেন্টের যে-সব গোয়েন্দার কথা বা উপন্যাসের যে-সব কাল্পনিক গোয়েন্দার কথা আমরা পড়েছি, তোমার তুলনায় তারা একেবারে শিশু। এইটেই তোমার পথ। আমি জীবনে অনেক দেখেছি শুনেছি। আমার অভিজ্ঞতা থেকেই এ কথা বলছি।’

“ওঁর এই কথা, বিশেষ করে আমার বিচার-বিশ্লেষণ পদ্ধতির এতই প্রশংসা উনি করতে লাগলেন যে, সেই তখনই আমার প্রথম মনে হল, আমার এই নিছক খামখেয়ালি নেশাকে পেশা হিসেবে নেওয়া যেতে পারে। বিশ্বাস করো ওয়াটসন, আমি যে কোনও দিন গোয়েন্দাগিরি করব এটা আমার মাথায় এর আগে আসেনি। তবে ঠিক সেই মুহূর্তে এসব কথা ভাবার সময় ছিল না। আমি মিঃ ট্রেভরকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলাম।

“আমি বিব্রত হয়ে বললাম, ‘আশা করি আমার কথায় আপনি মনে কোনও কষ্ট পাননি।’

“না। তবে তুমি আমার মনের একটা দুর্বল জায়গায় ঘা দিয়েছ। আচ্ছা, সত্যি কথা বলো তো। এ কথা তুমি জানলে কেমন করে আর এ ছাড়া আরও কী তুমি জানো?’ মিঃ ট্রেভর যদিও হাসতে হাসতে কথাগুলো বললেন, তবু তাঁর চোখের দিকে তাকিয়ে আমি বুঝলাম যে, ভদ্রলোক বেশ ভয় পেয়েছেন।

“আমি বললাম, ‘ব্যাপারটা খুবই সোজা। সে দিন মাছ ধরার সময় আপনি যখন মাছটাকে জল থেকে টেনে নৌকোর ওপর তুললেন, তখন আপনার জামার আস্তিন গুটোনো ছিল। তখনই আমি আপনার কনুইয়ের ভাজের কাছে উলকিটা লক্ষ করি, আর জে. এ. হরফ দুটোও পড়তে পারি। হরফদুটো পড়া যায় বটে, তবে খুঁটিয়ে দেখলে বোঝা যায়, ওটাকে মুছে ফেলবার জন্যেও খুব চেষ্টা করা হয়েছে। তা হলে বোঝা যায় যে, জে. এ. একসময়ে আপনার খুবই আপনজন ছিল। পরে অবশ্য যে-কোনও কারণেই হোক, আপনি এই লোকটিকে ভুলে যেতে চেয়েছেন।’

“স্বস্তির একটা দীর্ঘনিশ্বাস ছেড়ে মিঃ ট্রেভর বললেন, ‘নাহ্ স্বীকার করতেই হবে যে, তোমার দেখবার চোখ আছে। তুমি যা বলেছ, তা সত্যি কথাই বটে! তবে সেসব কথা এখন আলোচনা করতে চাই না। সব ভূতের চেয়ে আমাদের ভালবাসার লোকেদের ভূতেরাই বেশি গোলমেলে। চলো, একটু বিলিয়ার্ড-রুমে গিয়ে বিশ্রাম করা যাক।’

“সে দিনের ঘটনার পর থেকে আমার মনে হতে লাগল যে, মিঃ ট্রেভর আমাকে সন্দেহের চোখে দেখতে শুরু করেছেন। অবশ্য তাঁর কথাবার্তা বা হাবভাব আগেকার মতো ছিল। আমার বন্ধুর চোখেও এ ব্যাপারটা ধরা পড়েছিল। একদিন সে আমাকে বলল, “তুমি তো বাবাকে বেজায় ঘাবড়ে দিয়েছ। তুমি যে কী জানো আর কী জানো না, সেটাই উ

**********
No Review
Related Books
Loading books…