Home
মুখোশের অবয়ব

মুখোশের অবয়ব

আব্দুল্লাহ আল মামুন

মুখোশের অবয়ব

আব্দুল্লাহ আল মামুন
detective

Change color

[১] শ্রাবণ মাসের শুরুর দিকে,সময়টাতে এত পরিমান বৃষ্টি হয় যে মনে হয় কেউ কাটা-চামচ দিয়ে আকাশ ফুটো করে দিয়েছে। মুশলধারার বৃষ্টিতে মিরপুর থানার বিল্ডিংটাকে মনে হচ্ছিল ভূতেদের নিকাশঘর। সিলিংয়ে ঝুলে থাকা পুরনো সিলিং ফ্যানটা ক্যাঁচক্যাঁচ শব্দ তুলে ঘুরছে। টেবিলের ওপরে রাখা একটা টিনের কৌটো,ওটাকেই সবাই এস্ট্রে হিসেবে ব্যবহার করে,সদ্য ফেলে দেওয়া একটা সিগেরেটের ধোঁয়া বাতাসে আঁকাবাঁকা সাপের মতো কুণ্ডলী পাকিয়ে একটু উপরে উঠেই মিলিয়ে যাচ্ছে। মাঝরাত;তখন একটা বেজে সতেরো মিনিট। মেহেদী হাসান একটা বেঞ্চের ওপর জড়সড় হয়ে বসে আছে। রাত জাগতে জাগতে দু-চোখের নিচে কালি জমে গেছে, গালে কয়েক দিনের না কামানো খোচাখোচা দাড়ি। তার ছোট ভাই রাফি;বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে ঢাকায় এসেছিল। মিরপুরের একটা কোচিং-এ ভর্তি হয়েছিল,উঠেছিল পাশেই একটা মেসে। আজ উনিশ দিন ধরে রাফির কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। দু-দিন কোন খোঁজ না পেয়ে মেহেদী থানায় সাধারন-ডায়েরি করে। থানা থেকে মেসের ছেলেদের জেরা করা হয়েছে, সিসিটিভি ফুটেজে আঁতিপাঁতি করে খোঁজা হয়েছে। তবুও কোন খোঁজ মেলেনি রাফির৷ তদন্ত কর্মকর্তা সাব-ইনস্পেক্টর নাসির উদ্দিন চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কপালে জমে থাকা ঘাম মুছলেন। -“ মেহেদী সাহেব, ঢাকার শহরে মানুষ হারানোটা এখন রোজকার ব্যাপার। আমরা পুলিশ, আমাদের আশ্বাসেরও তো একটা সীমা আছে। উনিশ দিন তো আর কম সময় নয়।” মেহেদী উঠে গিয়ে আবার বেঞ্চে বসে পরলো। হতাশার ধূলিঝড় চারদিক থেকে এসে সব চিন্তাভাবনা ভেঙেচুরে দিয়ে যাচ্ছে। মনের মধ্যে অসহযোগ তোলপাড় নিয়েই মেহেদীর ঝিমুনির মতো চলে আসছে। পকেটে রাখা মোবাইল ফোনের ভাইব্রেশনে,ঝিমুনি চলে গেলো তার। হোয়াটসঅ্যাপে আন্তর্জাতিক নম্বর থেকে একটি ২১ সেকেন্ডের ভিডিও মেসেজ এসেছে। ভিডিওতে রাফিকে দেখা যাচ্ছে । একটা দেয়ালের সামনে কাঠের চেয়ারে বসে আছে সে। চোখ দুটো নিষ্প্রাণ হয়ে তাকিয়ে আছে, চেহারা চরম ক্লান্তির রেশ । ভিডিওতে রাফি অস্পষ্ট গলায় বলছে,“ভাইয়া, আমি ভালো আছি। তুমি বেশি চিন্তা কইরো না। সময় হলে আমি নিজেই বাসায় ফিরে আসবো ।” ভিডিওটি শেষ হতেই মেহেদীর বুকের ভেতর আটকে থাকা নিঃশ্বাসটা এক লহমায় বেরিয়ে এল। তবে সেই স্বস্তি দশ সেকেন্ড-এর বেশি স্থায়ী হলো না। একটু পরেই এল দ্বিতীয় আরেকটি মেসেজ, -" আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে চার লাখ টাকা প্রস্তুত রাখুন। পুলিশকে জানালে রাফির লাশও খুঁজে পাবেন না।" রাতের তুলনায় সকালে বৃষ্টির বেগ আরও বেড়ে গেছে । নাসির উদ্দিনের কেবিনের দরজায় ঝুলতে থাকা আধময়লা পর্দার ফাঁক দিয়ে ভেতরে ঢুকলেন একজন মানুষ। বয়স চল্লিশ ছুয়নি এখনো। দেখতে সাদামাটা গড়নের,পরনে সাধারণ সুতির সাদা পাঞ্জাবি আর পায়জামা টাইপের পোশাক, ঠোঁটের ওপরে হালকা ছাঁটা ছাঁটা গোঁফ। হাতের চামড়ার ব্রিফকেস দেখলো মনে হয় কোন গুপ্তধন সাথে নিয়ে ঘুরছে। চোখের দৃষ্টি দেখলে মনে হবে মস্তিষ্ক ভেদী;তাকালেই যেন পড়ে ফেলবে । ওনার নাম আরিফ মাহমুদ। নতুনবাজারের পুরনো গোয়েন্দার নথিপত্রে ওনার নাম মিলবে না, কিন্তু গোয়েন্দা পুলিশ বা সাইবার অপরাধ দমন শাখার উর্ধতন কর্মকর্তারা তাকে চেনেন। কোন এজেন্সি নেই,কোন অফিসরুম নেই তবে জটিল থেকে জটিলতর মানসিক রহস্যের জট খুলতে প্রায়ই ডাক পরে পুলিশ পাড়ায়। আমি পেছনে দাঁড়িয়ে আছি। ও আমার পরিচয় দেওয়া হয়নি। আমি সোমনাথ, আরিফদার ছায়াসঙ্গী। বলতে পারেন তার উন্মোচন করা রহস্যের বিবরণী লেখক। রহস্য বিক্রি করে দু-পয়সা আয় রোজগার করি। আরিফদাদার এসিস্ট্যান্ট-ও বলতে পারেন,যেকোন রহস্যের গন্ধ পেলেই দাদা আমাকে ডেকে নেন। অনুমতি না নিয়ে প্রবেশ করায় নাসির উদ্দিন সাহেব একটু বিরক্ত চোখে তাকালেন। যদিও বাইরে থেকে কয়েকবার নক করার পর কোন সাড়াশব্দ না পেয়ে ভেতরে ঢুকি আমরা। ভেতরে ঢুকে দেখি উনি কাগজের টুকরো পাকিয়ে চিকন করে ওটা দিয়ে কানে সুরসুরি দিচ্ছেন। কান চুলকানোর মজায় ছিলেন বলেই হয়তো তিনি কড়া কথা না শুনিয়ে জিজ্ঞাসু চোখে তাকিয়ে বললেন, -“আপনি?” আরিফদা ব্রিফকেসটা টেবিলের ওপর রেখে ডেস্কের সামনে রাখা একটা চেয়ারে বসে পরলেন। সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে অনুমতি চাওয়ার দৃষ্টিতে এস.আই এর দিকে চাইলেন, তবে অনুমতির জন্য অপেক্ষা করলেন না। পকেট থেকে একটা পিস্তলের মত লাইটার বের করে সিগারেট ধরিয়ে লম্বা একটা টান দিলেন। ধোঁয়া ছেড়ে শান্ত গলায় বললেন, -“নাসির সাহেব,আপনার থানায় রহস্যের দাওয়াতে আসলাম। আপনারা ২১ সেকেন্ডের যে ভিডিও নিয়ে রাত থেকে দলাই-মলাই করতেছেন, সেটা দেখতেই আসা।” নাসির সাহেব ভিডিও প্লে করে ল্যাপটপের স্ক্রিন আরিফদার দিকে ঘুরিয়ে দিলেন। আরিফদা প্রথমবার চুপচাপ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলেন। পরেরবার দেখার সময় তিনি চোখ বন্ধ করে কেবল ভিডিওর সাথে চলা অডিওটা শুনলেন। এরপরে আরও কয়েকবার দেখলেন,শেষেরবারে স্ক্রিনের খুব কাছে গিয়ে কী যেন দেখার চেষ্টা করলেন। -“নাসির সাহেব, আপনার কাছে দেশলাই আছে?” আরিফদা হঠাৎ প্রশ্ন করলেন। নাসির অবাক হয়ে বললেন, “না, মানে লাইটার আছে। কিন্তু ভিডিওতে কী পাইলেন?” আরিফদা এস্ট্রে স্বরুপ ড্যানো টিনের কৌটায় ছাই ফেলে বললেন,“রাফি ছেলেটি বামহাতি ছিলো নাকি ?” পাশ থেকে মেহেদী বলে উঠল,“ না না , ও ডানহাতিই ছিল; সব কাজ-কর্ম ডানহাতেই করতো ।” রাফির ভাই আমাদের কথার ফাঁকে কখন জানি আমার পাশে এসে দাড়িয়েছে। ছোট ভাই নিখোঁজের পরে থেকে ছেলেটা প্রায় সারাক্ষণই থানায় থাকছে। শোকে-শোকে চেহারা অর্ধেক হয়ে গেছে। “তাহলে ও ডান হাতে ঘড়ি পরেছে কেন?”, আরিফদা আঙুল দিয়ে স্ক্রিনটা দেখালেন। তিনি আবার বললেন,“ বাঙালি ছেলেরা সাধারণত বাঁ-হাতে ঘড়ি পড়ে। তবে আসল রহস্য হাত ঘড়িতে না, ছেলেটির চোখে খেয়াল করেন-চোখের মণি আর ঘাড়ের মাংসপেশির সূক্ষ্ম কম্পনটা।” নাসির উদ্দিন ভ্রু কুঁচকে এগোলেন। -“আপনি কী বলতে চাইছেন আরিফবাবু?” -“আমি বলতে চাইছি..!!" আরিফদা একবার মেহেদী সাহেবের দিকে তাকালেন এরপর আবার বলা শুরু করলেন," ভিডিও টা কোন জিবিত মানুষের নয়।” আরিফদার গলা এক মুহূর্তে বরফের মতো ঠাণ্ডা হয়ে গেল। আরিফদা একটু সময় নিয়ে আবার বলা শুরু করলেন, "নাসির সাহেব ভিডিওতে যাকে দেখছেন,সে কিন্তু রক্তমাংসের রাফি নয়। এটাকে সাইকোলজির ভাষায় ‘আনক্যানি ভ্যালি’ ইফেক্ট বলে, আর বিজ্ঞানের ভাষায় বলে 'ডিপফেক'। রাফির পুরোনো ভিডিও এবং কণ্ঠস্বর সংগ্রহ করে অ্যালগরিদম এর সাহায্যে প্রসেস করে এই ২১ সেকেন্ডের মায়াজাল বোনা হয়েছে। নাসির সাহেব একটু খেয়াল করুন, ২১ সেকেন্ড এর ভিডিওতে ছেলেটি চোখের পলক ফেলেছে মাত্র একবার। যেখানে কথা বলার সময়ে একজন মানুষের চোখের পলক পরে ১৫ থেকে ২০ বারের মত। আর একটা বিষয় খেয়াল করেন নাসির সাহেব ভিডিওতে থাকা অডিও-এর সাথে ঠোঁটের নড়াচড়ার অমিল । তাছাড়া রাফির পেছনের দেয়ালে ঝুলতে থাকা এনালগ ঘড়িটার দিকে একটু মনোযোগ দিন ।” আমরা সবাই ল্যাপটপের স্ক্রিনে ঝুঁকলাম। দেয়ালঘড়ির কাঁটা স্থির হয়ে আছে। ঘড়ির কাটা ১১:৪২ এর ঘরে আটকে আছে । “১১:৪২?” নাসির বিড়বিড় করলেন। “ব্যাটারি নষ্ট হয়তো।” “না নাসির সাহেব,” আরিফদা মৃদু হাসলেন। “কৃত্রিম বুদ্ধমত্তা যখন কোনো ব্যাকগ্রাউন্ড জেনারেট করে, তখন আশেপাশে থাকা বস্তুগুলোকে সে নিজের মতো করে আটকে রাখে। কিন্তু প্রশ্ন হলো, যে বা যারা এই অ্যালগরিদমে ঘড়ির ছবিটা ইনপুট দিয়েছিল, তারা ১১:৪২ সময়টাকেই কেন বেছে নিল? নাকি তখন সময়ই ১১:৪২ ছিল? মেহেদী ততক্ষনে ফ্লোরে বসে পরেছে। সে হাঁটুতে মুখ গুঁজে দিয়ে কেঁদে উঠল। “ আমার ভাই তাহলে বেঁচে নেই?” আরিফদা মেহেদীর কাঁধে হাত রাখলেন। তার কন্ঠে গভীর সহানুভূতি । -“ মেহেদী,এতে কিন্তু এটা প্রমাণ হয় না যে সে মৃত। তবে,এটুকু নিশ্চিত যে অপরাধী অত্যন্ত চতুর এবং সে চায় আমরা যেন রাফিকে জীবিত ভেবে ভুল পথে যাই । সে আমাদের সাথে মগজের যুদ্ধে নেমেছে।" - চলবে..........
No Review
Related Books
Loading books…