আমার বন্ধু শার্লক হোমসের স্বভাবের একটা দিক আমি কিছুতেই বুঝতে পারি না। তার ভাবনাচিন্তায় কোথাও এতটুকু অস্পষ্টতা বা গোলমাল নেই। তার মতো নিখুঁত গাণিতিক মন আর দ্বিতীয় কোনও মানুষের আছে বলে আমার বিশ্বাস হয় না। জামাকাপড়ে তার কোনও বাবুয়ানা নেই বটে, তবে সে ছিমছাম পোশাক পরতেই ভালবাসে। কিন্তু উলটো দিকে সে অত্যন্ত এলোমেলো অগোছালো স্বভাবের মানুষ। তার সঙ্গে এক ঘরে যে বাস করবে, তার মাথা খারাপ হয়ে যাওয...