
মণিমুকুট (শার্লক হোমস)
আর্থার কোনান ডয়েল
একদিন সকালবেলায় আমি আমাদের দোতলার বসবার ঘরের জানলার কাছে দাড়িয়ে রাস্তার দিকে দেখছিলাম।
“হোমস, দেখে যাও একজন পাগল রাস্তা দিয়ে কী রকম ভাবে এদিকে আসছে। আমি বুঝতে পারছি না যে কোন আক্কেলে এর আত্মীয়স্বজন একে একলা রাস্তায় বেরোতে দিয়েছে।”
আমার কথা শুনে হোমস গড়িমসি করে তার নিজের আরামকেদারা ছেড়ে উঠে দাঁড়াল। তারপর ড্রেসিং গাউনের পকেটে হাত ঢুকিয়ে দিয়ে আমার পেছন থেকে উঁকি মেরে দেখতে লাগল। ফেব্রুয়ারি মাসের ভারী সুন্দর ঝকঝকে সকাল। গতকাল রাত্রে তুষারপাত হয়েছিল। আজ সকালে সেই জমাট বরফের ওপর রোদ পড়ে চকচক করছে। বেকার স্ট্রিটের মাঝ বরাবর ক্রমাগত গাড়ি যাতায়াত করায় বরফের রং ঘোলাটে কাদা কাদা হয়ে গেছে। কিন্তু ফুটপাতের দু’ধারে জমে-থাকা বরফ ধপধপে সাদা, যাকে বলে দুগ্ধফেননিভ। ফুটপাতের ওপরের বরফ অবশ্য ঘষে ঘষে তুলে ফেলা হয়েছে। আর সেইজন্যে ফুটপাত এখন সাংঘাতিক রকমের পিছল হয়ে রয়েছে। তাই রাস্তায় লোকজনও বেশি চোখে পড়ছে না। মেট্রোপলিটান স্টেশনের দিক দিয়ে বেকার স্ট্রিট ধরে একটি লোকই আসছিল। আর তার খ্যাপাটে হাবভাব দেখে আমি ওই কথাগুলো বলে ফেলেছিলাম।
দেখে মনে হল লোকটির বয়স গোটা-পঞ্চাশেক তো হবেই। বেশ মোটাসোটা লম্বা চেহারা। শরীরের তুলনায় ভদ্রলোকের মুখটা খুবই বড়। দেখলে বেশ সমীহ হয়। ভদ্রলোকের জামাকাপড় বেশ দামি। আর একটু বেশি রকম কেতাদুরস্ত। ভদ্রলোক কালো ফ্ৰককোট আর সাদাটে ছাই রঙের ট্রাউজার্স পরেছিলেন। মাথার টুপিও বেশ চকচকে। তবে ভারিক্কি চেহারা আর দামি পোশাকের সঙ্গে তাঁর হাবভাব ও চলন কোনওটাই খাপ খাচ্ছিল না। তিনি রীতিমতো জোরেই দৌড়োচ্ছিলেন আর থেকে থেকে ছোটখাটো লাফ দিয়ে উঠছিলেন। ছুটতে ছুটতে তিনি কখনও হাত দুটো শূন্যে ছুড়ছিলেন, কখনও বা মাথা নাড়ছিলেন আর কখনও কখনও নানা রকম মুখভঙ্গি করছিলেন।
“এ লোকটির কী ব্যাপার বলো তো?” আমি হোমসকে জিজ্ঞেস করলাম। “মনে হচ্ছে। ও কোনও বাড়ির নম্বর খুঁজছে।”
হাতের তেলোদুটো ঘষতে ঘষতে হোমস বলল, “আমার মনে হচ্ছে ভদ্রলোক এখানেই আসছেন।”
“এখানে? মানে আমাদের কাছে?”
“হ্যাঁ। মনে হচ্ছে লোকটি কোনও ব্যাপারে আমার সঙ্গে পরামর্শ করতে আসছে। বন্ধু, এসব লক্ষণ আমি দেখলেই চিনতে পারি। কী হে, আমি বলিনি।”
হোমস যখন আমাকে এই কথাগুলো বলছিল তখনই ভদ্রলোকটি হাঁফাতে হাঁফাতে আমাদের বাড়ির দরজার সামনে এসে এত জোরে দরজার ঘণ্টাটা বাজালেন যে, মনে হল, সমস্ত বাড়িটাই যেন ঝনঝন করে উঠল।
আর একটু পরেই সেই রকম পাগলের মতো হাত নাড়তে নাড়তে আর হাঁফাতে হাঁফাতে ভদ্রলোক আমাদের ঘরে ঢুকলেন। দূর থেকে ভদ্রলোকের রকমসকম দেখে আমাদের হাসি পাচ্ছিল। কিন্তু তাঁর চোখেমুখে এমন একটা কষ্টের আর হতাশার কালো ছোপ পড়েছিল যে, তা দেখে আমাদের মুখের হাসি মুখেই মিলিয়ে গেল। ভদ্রলোকের জন্যে দুঃখ হতে লাগল। বেশ খানিকক্ষণ তিনি কোনও কথাই বললেন না। শুধু অসহায়ের মতো নিজের চুলের মধ্যে হাত চালাতে লাগলেন, আর মাঝে মাঝে মুঠো করে চুল টানতে লাগলেন। দেখে মনে হচ্ছিল যে, ভদ্রলোক যেন তাঁর দুঃখ-কষ্টের চাপ আর সহ্য করতে পারছেন না। হঠাৎ এক সময় ভদ্রলোক চেয়ার থেকে লাফ দিয়ে উঠে ছুটে গিয়ে দেওয়ালে সজোরে মাথা ঠুকতে লাগলেন। আমরা তাড়াতাড়ি তাকে ধরে ফেলে জোর করে দেওয়ালের কাছ থেকে টেনে সরিয়ে আনলাম। হোমস তাঁকে জোর করে একটা আরামকেদারায় বসিয়ে দিল। তারপর তাঁর কাছে বসে তাঁর হাতে হাত রেখে অনেক দিনের পুরনো বন্ধুর মতো খুব অন্তরঙ্গ ভাবে ঘরোয়া কথা বলতে লাগল। হোমসের এ এক অদ্ভুত ক্ষমতা। সে যে-কোনও লোককে নিজের করে নিতে পারে।
“আপনার সব কথা আমাকে বলবেন বলেই তো আপনি আমার কাছে এসেছেন, ঠিক কিনা?” হোমস ভদ্রলোককে বলল। “তাড়াহুড়ো করে এসে আপনি বেশ ক্লান্ত হয়ে পড়েছেন। আগে খানিক বিশ্রাম করে চাঙ্গা হয়ে নিন। তারপর আপনার সব কথা আমি শুনব।”
ভদ্রলোক মাথা হেঁট করে বসে রইলেন। তিনি যে রকম জোরে জোরে আর ঘন ঘন নিশ্বাস ফেলছিলেন তার থেকে বোঝা যাচ্ছিল যে, তাঁর মনের মধ্যে একটা বেশ বড় রকমের টানাপোড়েন চলছে। এক সময় পকেট থেকে রুমাল বের করে বেশ ভাল করে ঘাড়-মুখ মুছে তিনি আমাদের দিকে তাকালেন।
“আপনারা আমাকে নিশ্চয়ই পাগল ভাবছেন।” তিনি বললেন।
হোমস তাঁকে সান্ত্বনা দিয়ে বলল, “বুঝতে পারছি যে বেশ বড় রকমের ঝড়ঝাপটা আপনার ওপর দিয়ে গেছে।”
“একমাত্র ভগবানই জানেন যে আমার কী হচ্ছে। কোথাও কিছু নেই, বিনা মেঘে বজ্রপাতের মতো এই সাংঘাতিক বিপদ আমার মাথা একদম খারাপ করে দেবার জোগাড় করেছে। বাইরে আজ পর্যন্ত আমার নামে কেউ কোনও বদনাম দিতে পারেনি। তবে সে রকম বদনামও আমি হয়তো সহ্য করতে পারি। জীবনে দুঃখকষ্ট তো অনেক লোকই পায়। কিন্তু ঘরে-বাইরে এই রকম মনের কষ্ট আর বদনামের ভয় আমাকে একেবারে শেষ করে দিয়েছে। আর এ তো আমার একার বদনাম নয়। এর সঙ্গে আমাদের দেশের খুব শ্রদ্ধার খুব সম্মানের এক পাত্রের সুনাম জড়িয়ে আছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করতেই হবে।”
হোমস বলল, “আগে আপনি শান্ত হোন। তারপর আপনার পরিচয় দিয়ে আপনার সমস্যাটা কী আমাকে বলুন।”
আমাদের অতিথি বললেন, “আমার নাম আপনারা হয়তো শুনে থাকতে পারেন।… আমার নাম আলেকজান্ডার হোলডার। থ্রেডনিডল স্ট্রিটে ‘হোলডার অ্যান্ড স্টিভেনস’ নামে যে-ব্যাঙ্ক আছে আমি সেই ব্যাঙ্কের একজন অংশীদার।”
আলেকজান্ডার হোলডারের নাম আমাদের শোনা ছিল। লন্ডন শহরে যে-ক’টা বেসরকারি ব্যাঙ্ক আছে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় আর নামকরা ব্যাঙ্ক হল এই হোলডার অ্যান্ড স্টিভেনস ব্যাঙ্ক। আর এই ব্যাঙ্কের প্রধান অংশীদার হচ্ছেন মিঃ আলেকজান্ডার হোলডার। কিন্তু এমন কী ঘটতে পারে যে, যার জন্যে লন্ডনের এত বিরাট এক ধনী আর মানী লোকের এই রকম অবস্থা? আমাদের মনে খুব কৌতূহল হল। তিনি কী বলেন তা শোনবার জন্যে আমরা অধীর আগ্রহে বসে রইলাম। কিছুক্ষণ পরে ভদ্রলোক তার নিজের মনের সংকোচ কাটিয়ে উঠে কথা বলতে শুরু করলেন।
ভদ্রলোক বললেন, “বুঝতে পারছি যে নষ্ট করবার মতো এক মুহূর্ত সময়ও আর আমার নেই। সেই জন্যে পুলিশের ইন্সপেক্টর যখনই আমাকে আপনার সঙ্গে পরামর্শ করতে বললেন, আমি একটুও দেরি না করে সোজা এখানে চলে এলাম। আমি আন্ডারগ্রাউন্ডে বেকার স্ট্রিট পর্যন্ত এসে তারপর হেঁটেই আপনাদের এখানে চলে এলাম। রাস্তায় যে রকম বরফ পড়ছে, তাতে গাড়ি করে আপনার কাছে এলে অনেক বেশি সময় লাগত। আর এই পথটুকু হেঁটেই আমি হাঁফিয়ে পড়েছি। সত্যি কথা বলতে কী, হাঁটাহাঁটির অভ্যেস আমার একদম নেই। যাক, এখন অবশ্য অনেক ভাল বোধ করছি। তাই সব ব্যাপারটা যতটা পারি গুছিয়ে আর সংক্ষেপে আপনাদের বলতে চেষ্টা করছি।
“আপনারা নিশ্চয় জানেন যে, ব্যাঙ্কের ব্যবসায় বেশ নাম করতে গেলে দুটো জিনিসের খুব দরকার। এক নম্বর হল এমন ভাবে টাকা লগ্নি করতে হবে যাতে প্রচুর লাভ হয়। আর দু’নম্বর হল যে, যত বেশি আমানতকারী জোগাড় করতে পারা যায় তার চেষ্টা করা আর তাদের সঙ্গে বেশ ভাল সম্পর্ক গড়ে তোলা। ব্যাঙ্কের লাভ করবার একটা খুব ভাল রাস্তা হল বন্ধক রেখে টাকা ধার দেওয়া। গত কয়েক বছর ধরে আমরা এই বন্ধকি কারবার করে আসছি। অনেক অভিজাত বংশের নামী লোক তাঁদের লাইব্রেরি, ছবি বা ওই ধরনের শিল্পবস্তু বা দামি জিনিস আমাদের কাছে বন্ধক রেখে টাকা নিয়েছেন।
“গতকাল সকালে আমি ব্যাঙ্কে আমার আপিসঘরে বসে কাজ করছি, এমন সময় আমার সেক্রেটারি একটা কার্ড আমাকে এনে দিল। কার্ডে নামটি দেখে আমি তো হতবাক। যার-তার নাম নয়, এ যে স্বয়ং..না, আপনি আমাকে ক্ষমা করবেন, সে নাম আপনাকে বলাও আমার পক্ষে উচিত হবে না। তবে এটুকু বললেই বোধহয় যথেষ্ট হবে যে, এঁর নাম শোনেনি এমন লোকের সংখ্যা পৃথিবীতে খুব কম। ইংল্যান্ডের সবচেয়ে মানী, সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে অভিজাত একটি বংশের কর্তার নাম। ইনি যে কোনও দিন আমাদের ব্যাঙ্কে পা দেবেন তা আমার কল্পনারও বাইরে। এ যে আমাদের কত বড় সৌভাগ্য, তা বলে বোঝাতে পারব না। উনি আমার ঘরে পা দেওয়ামাত্র আমি চেয়ার ছেড়ে দাড়িয়ে উঠে নমস্কার করে তাঁকে এই কথাগুলোই বলবার চেষ্টা করছিলাম। কিন্তু আমাকে বিশেষ কিছু বলতে না দিয়ে তিনি সোজাসুজি কাজের কথা পাড়লেন। তাঁর হাবভাব দেখে আমার মনে হল যে, তিনি নিজের ইচ্ছের বিরুদ্ধে একটা অত্যন্ত বাজে কাজের সঙ্গে জড়িয়ে পড়েছেন। এখন যেমন-তেমন করে কাজটা সাঙ্গ করতে পারলেই বেঁচে যান।
“তিনি আমাকে বললেন, ‘মিঃ হোলডার, আমি শুনেছি যে আপনারা টাকা ধার দিয়ে থাকেন।
“আমি বললাম, “হ্যাঁ। উপযুক্ত সিকিউরিটি পেলে আমাদের কোম্পানি টাকা ধার দেয়।’
‘“আমার এখনই পঞ্চাশ হাজার পাউন্ড চাই,’ উনি আমাকে বললেন। ‘এত সামান্য টাকা আমি আমার যে-কোনও বন্ধুবান্ধবের কাছ থেকেই পেতে পারতাম। কিন্তু তাদের কাছ থেকে আমি টাকা নিতে চাই না। তা ছাড়া এই টাকা নেওয়ার ব্যাপারে যা কিছু করবার তা আমি নিজেই করতে চাই। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে, আমার পক্ষে কোনও বন্ধুর অনুগ্রহ চাওয়া ঠিক নয়।’
‘“কত দিনের জন্যে টাকাটা আপনার চাই?’ আমি জিজ্ঞেস করলাম।
‘“আসছে সোমবার আমার কিছু টাকা পাবার কথা। সেটা পেলেই আমি আপনার টাকা আর যা সুদ হয় সব শোধ করে দেব। তবে টাকাটা আমার এক্ষুনি চাই।’
‘“দেখুন, সম্ভব হলে আমি ওই টাকাটা আপনাকে নিজের অ্যাকাউন্ট থেকেই দিতাম। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। যদি কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকাটা আপনাকে দিতে হয় তবে আমার অংশীদারের কথা মনে রেখে আমাকে আইন অনুযায়ী কাজ করতে হবে। আপনি যদি কোনও কিছু গচ্ছিত রাখেন তো তার বদলে টাকাটা আপনাকে দিতে পারি।’
‘“হ্যাঁ, আমিও সেই ভাবেই টাকা নিতে চাই,’ বলেই তিনি তার চেয়ারের পাশ থেকে কালো মরক্কো চামড়ার একটা চৌকো বাক্স তুলে নিলেন। তারপর আমাকে প্রশ্ন করলেন, ‘আপনি বেরিল করোনেটের নাম শুনেছেন নিশ্চয়ই?’
‘“হ্যাঁ শুনেছি। আমাদের সাম্রাজ্যের সব চাইতে দামি আর গর্বের জিনিস।’
‘“ঠিক বলেছেন।’ উনি চামড়ার বাক্সটা খুললেন। বাক্সের মধ্যে গোলাপি ভেলভেটের নরম আর পুরু আস্তরণের ওপরে বেরিল করোনেট রাখা আছে। ‘এতে উনচল্লিশটা বেরিল আছে। যে-সোনার পাতে পাথরগুলো বসানো আছে সেটার দামও কম নয়। খুব কম করে ধরলেও এই মুকুটটার দাম আমি যে-টাকা চেয়েছি তার দ্বিগুণ হবে। আমার সিকিউরিটি হিসেবে আমি এটাকে জমা রাখতে রাজি।’
“আমি বাক্সটা তুলে নিলাম। তারপর বোকার মতো আমার বহুমান্য অতিথির দিকে তাকিয়ে রইলাম।”
ঘটনার কথা বলতে বলতে মিঃ হোলডার একটু থেমে গিয়েছিলেন। সম্ভবত তিনি ভাবছিলেন যে, কথাগুলো ঠিকমতো গুছিয়ে বলতে পারছেন কিনা। হোমস বলল, “তারপর কী হল?”
মিঃ হোলডার বললেন, “ও হ্যাঁ, বেরিল করোনেটের দামের কথা আমি ভাবছি কিনা, ভদ্রলোক আমাকে এই কথা জিজ্ঞেস করতে আমি বললাম, ‘না, না, তা নয়। আমি শুধু ভাবছিলাম যে…’
‘“এটা এ ভাবে বাঁধা রাখা ঠিক হবে কিনা? এ ব্যাপারে আপনি বিন্দুমাত্র ভাববেন না। চার দিনের মধ্যেই টাকা দিয়ে এটা ছাড়িয়ে নিতে পারব, এ ব্যাপারে নিশ্চিত না হলে এ কাজ আমি করতাম না। এটা নিছক ব্যবসার খাতিরে বাঁধা রাখা। এখন বলুন এটা কি উপযুক্ত বিবেচনা করছেন?’
‘“যথেষ্ট।’
‘“দেখুন মিঃ হোলডার, লোকের মুখে আপনার কথা শুনে আপনার ওপর আমি বিশ্বাস করেছি। আমি আশা করি আপনি আমার এই বিশ্বাসের মর্যাদা রাখবেন। এ ব্যাপারে কারও সঙ্গে কোনও রকম গালগল্প বা আলোচনা আপনি করবেন না। সবচেয়ে বড় কথা, জিনিসটা খুব সাবধানে যত্ন করে রাখবেন। কেন না এটার কোনও রকম ক্ষতি হলে রাজ্যময় সাংঘাতিক কেলেঙ্কারি হয়ে যাবে। এর একটু খুঁত হওয়া মানেই সমস্তটা বরবাদ হয়ে যাবে। এর সঙ্গে খাপ খাবে এমন বেরিল পৃথিবীতে আর একটিও নেই। যাই হোক, আমার এ বিশ্বাস আছে যে আপনার হেফাজতে থাকার সময়ে এর কোনও ক্ষতি হবে না। সোমবার দিন সকালে আমি নিজে টাকা নিয়ে এসে এটা ছাড়িয়ে নিয়ে যাব।’
“ভদ্রলোকের যাবার তাড়া ছিল দেখে আমি আর কোনও কথা বললাম না। আমাদের ক্যাশিয়ারকে ডেকে ওঁকে পঞ্চাশ হাজার পাউন্ড দিতে বল